আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

শেখ হাসিনার সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। এদিকে, আজ বিকালে ঢাকা ও এর আশপাশের এলাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
    • শেখ হাসিনার পক্ষে আদালতে আইনি লড়াইয়ের দায়িত্ব গ্রহণ করবেন না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।
    • বাউলদের ওপর যারা হামলা করেছেন তাদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
    • ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
    • বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আজ জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ অনুমোদন করেছে। নতুন অধ্যাদেশে কমিশনকে দেশের বিভিন্ন আটককেন্দ্র ও জেলাখানা পরিদর্শন করে নির্যাতন প্রতিরোধে ‘ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম’ হিসেবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে।
    • ঢাকা ও এর আশপাশের এলাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বিকেল সোয়া চারটার দিকে তিন দশমিক ছয় মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার ঘোড়াশালে।
    • গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ৫৬৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানানো হয়েছে।
    • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনটি ভাগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রভিত্তিক, মোবাইল টিম ও সেন্ট্রাল রিজার্ভ ফোর্স এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক মনিটরিং করা হবে।
    • কেবল ছাত্র উপদেষ্টা নয়, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্ত আরও কেউ কেউ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আলোচনায় রয়েছেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
    • অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় আবেদনকারীরা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় কয়েকটি দেশে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন।
    • ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত জারি করা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র কারণে সমুদ্র বন্দরে সতর্কতা

    ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত জারি করা হয়েছে।

    বৃহস্পতিবার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অদিদপ্তর।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ এ পরিণত হয়েছে।

    যার গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার থেকে দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

    উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে।

  3. শেখ হাসিনার সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবে প্রসিকিউশন।

    বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

    তিনি বলেন, “রায় পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এই দুটি অভিযোগের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে আপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড প্রদান করানোর জন্য।”

    গত ১৭ই নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়ে রায় প্রকাশ করেছিল ট্রাইব্যুনাল।

    শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের এক নম্বর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।

    তবে দ্বিতীয় অভিযোগসহ মোট তিনটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

  4. ইমরান খানকে নিয়ে ‘গুজবের’ বিষয়ে কী বলছে পরিবার ও পাকিস্তানের কর্তৃপক্ষ

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পাটিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরবিরোধী তথ্য ছড়াচ্ছে বুধবার রাত থেকে।

    গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী সন্দেহ প্রকাশ করেন যে ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, কেউ কেউ দাবি করেন যে ইমরান খান কারাগারে মারা গেছেন।

    সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত দুই বছরেরও বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। তিনি ১৯০ মিলিয়ন পাউন্ডের একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে হয়েছিলেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো খবরের প্রতিক্রিয়ায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কর্মকর্তারা বলেন, ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন।

    বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আদিয়ালা কারাগারের কর্মকর্তারা জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন এবং তাকে আদালতের নির্দেশ অনুযায়ী কারাগারের নিয়ম অনুযায়ী সব সুবিধা দেওয়া হচ্ছে।

    অন্যদিকে, ইমরান খানের বোন আলিমা খান তার ভাইয়ের মৃত্যুর খবরসহ অন্যান্য গুজব সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন।

    এটি প্রথমবার নয় যে কারাগারে থাকাকালীন ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়েছে। তবে এবার এই ধরনের খবর ছড়ানোর একটি কারণ হলো, গত তিন সপ্তাহ ধরে পিটিআই প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যদের তাকে দেখার অনুমতি দেওয়া হয়নি, যা আরও গুজবের জন্ম দিয়েছে।

    উল্লেখ্য, এই মাসে ইমরান খানের পরিবার ও দলের নেতাদের তাকে দেখার অনুমতি দেওয়া হয়নি।

    এদিকে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফও দাবি করেছে যে সরকার ইমরান খানের স্বাস্থ্য সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিক এবং এসব গুজব দৃঢ়ভাবে অস্বীকার করুক।

  5. উপদেষ্টা কেউ নির্বাচন করতে পারবেন না এমন বিধিনিষেধ নেই: আসিফ মাহমুদ

    কেবল ছাত্র উপদেষ্টা নয়, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্ত আরও কেউ কেউ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আলোচনায় রয়েছেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

    বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি।

    মি. ভুঁইয়া বলেন, “শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারের সঙ্গে বিভিন্নভাবে জড়িত আছেন কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে।”

    তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কেউ নির্বাচন করতে পারবেন না এমন কোনো আইন বা বিধিনিষেধ নেই। তবে পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত ঘটায় বলেই নির্বাচনে অংশ নেওয়ার আগে সরকার থেকে পদত্যাগ করা প্রয়োজন।

    তবে, নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও কোন আসন থেকে বা কোন দলের হয়ে নির্বাচনে লড়বেন এ নিয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করেননি বলেও জানান ম. ভুঁইয়া।

  6. আটককেন্দ্র ও জেলখানা পরিদর্শন করতে পারবে জাতীয় মানবাধিকার কমিশন

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আজ জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ অনুমোদন করেছে। নতুন অধ্যাদেশে কমিশনকে দেশের বিভিন্ন আটককেন্দ্র ও জেলাখানা পরিদর্শন করে নির্যাতন প্রতিরোধে ‘ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম’ হিসেবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক খবরে বলা হয়েছে।

    বৈঠকের পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, "জাতীয় মানবাধিকার কমিশন এখন দেশের বিভিন্ন আটককেন্দ্র ও জেলখানা পরিদর্শন করে নির্যাতন ও অমানবিক আচরণ প্রতিরোধে কাজ করবে। এটি আন্তর্জাতিক চুক্তির আওতায় বাংলাদেশকে দায়িত্বপূর্ণ রাখার অংশ।"

    তিনি আরও জানান, কমিশন স্বাধীনভাবে পরিদর্শন ও প্রতিবেদন প্রকাশ করতে পারবে এবং প্রয়োজনীয় পরামর্শ দেবে।

    এর আগে, গত ৩০ অক্টোবর উপদেষ্টা পরিষদ নীতিগতভাবে অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দিয়েছিল।

  7. শেখ হাসিনার মামলায় লড়বেন না আইনজীবী জেড আই খান পান্না

    শেখ হাসিনার পক্ষে আদালতে আইনি লড়াইয়ের দায়িত্ব গ্রহণ করবেন না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।

    বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় একথা জানান তিনি।

    মি. পান্না বলেন, “যে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা নেই সেই আদালতে আমি তাকে ডিফেন্ড করতে পারি না।”

    এছাড়া আদালতে নির্বিঘ্নে বিচার প্রক্রিয়ায় অংশ নেওয়ার বিষয়েও নিজের মতামত তুলে ধরেন এই আইনজীবী।

    “আদালতে যদি আমি প্রোপার-ওয়েতে, নির্বিঘ্নে ডিফেন্ড না করতে পারি তা হলে তো সেখানে আইনজীবী হিসেবে নিয়োজিত হয়ে কোনো লাভ নেই,” বলেন তিনি।

    তবে দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজিব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার কথা জানিয়েছেন মি. পান্না।

  8. বাউলদের ওপর হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে: প্রেস সচিব

    বাউলদের ওপর যারা হামলা করেছেন তাদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

    “মানিকগঞ্জের পুলিশ এই নির্দেশনা অনুযায়ী কাজ করছে। একই সঙ্গে অন্য দুই এক জায়গায় যেখানেই অ্যাটাক হয়েছে সেই সব জায়গায় সাড়াশি অভিযান চলছে,” বলেন তিনি।

    সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার হওয়া বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কর্মসূচি করতে গিয়ে মানিকগঞ্জ, ঠাকুরগাঁও ও খুলনায় হামলার শিকার হয়েছেন বাউলরা।

  9. ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত

    ঢাকা ও এর আশপাশের এলাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে।

    আবহাওয়া অফিস জানিয়েছে, বিকেল সোয়া চারটার দিকে তিন দশমিক ছয় মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার ঘোড়াশালে।

    আবহাওয়াবিদ রুবায়েত কবির বিবিসি বাংলাকে বলছেন, “সম্প্রতি যে ভূমিকম্প হয়েছে তারই আফটার শক এটি। এ নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই।”

    সম্প্রতি দুই দিনের ব্যবধানে বাংলাদেশে চার বার ভূ-কম্পন অনুভূত হয়।

    গত শুক্রবার নরসিংদী জেলায় উৎপত্তি হওয়া পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে ঢাকাসহ তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু এবং চার শতাধিক মানুষ আহত হন।

    পরদিন শনিবার সকালে একবার এবং সন্ধ্যায় অল্প সময়ের ব্যবধানে দুই বার ভূমিকম্প অনুভূত হয় ঢাকাসহ আশপাশের এলাকায়।

  10. ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ৫৬৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানানো হয়েছে।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী, এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৭৮৪ জন।

  11. হংকংয়ে বহুতল ভবনে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৫৫

    হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা আরও বেড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৫ জন নিহত হওয়ার খবর জানা গেছে। কয়েকশ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

    জানা গেছে, তাই পো জেলার আটটি টাওয়ার ব্লকের মধ্যে সাতটিতে আগুন লাগে। এর মধ্যে চারটির আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং বাকিগুলোর আগুন শিগগিরই পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ওয়াং ফুক কোর্টের বাসিন্দা প্রায় চার হাজার ৬০০ জন। তবে, আগুন লাগার সময় কতজন ভেতরে ছিলেন তা স্পষ্ট নয়।

  12. নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনে যে সিদ্ধান্ত নিল ইসি

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনটি ভাগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রভিত্তিক, মোবাইল টিম ও সেন্ট্রাল রিজার্ভ ফোর্স এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক মনিটরিং করা হবে।

    বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

    ইসি সচিব জানান, যে সমস্ত অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি সেগুলো উদ্ধারে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

    এছাড়া, স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন কোনো ধরনের আতিথেয়তা গ্রহণ না করেন সেই বিষয়েওে নির্দেশনা দেওয়া হয়েছে।

  13. শেখ হাসিনাসহ সাজা পেলেন মোট ২১ জন

    ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমি বরাদ্দ নেওয়ার তিন মামলায় ২৩ জন আসামির মধ্যে সাজা পেয়েছেন ২১ জন।

    বাকি একজনকে আগেই চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। এ মামলার আরেক আসামি গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে তিন মামলা থেকেই খালাস করে রায় দিয়েছে আদালত।

    রায়ের পরে এক ব্রিফিংয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মইনুল হাসান জানান, শেখ হাসিনা তিন মামলাতেই আসামি। সায়মা ওয়াজেদ পুতুল ও সজীব ওয়াজেদ জয় পৃথক দুই মামলার আসামি। অন্য আসামিরা তিন মামলাতেই রয়েছেন।

    মি. হাসান বলেন, “এভাবে তিন মামলায় ২১ জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। যারা তিন মামলায় কমন আসামি রয়েছেন, তাদের সাজা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে তিন মামলায় সাজা খাটবেন, আলাদা আলাদা সাজা খাটবেন।”

    সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে এক মামলায় ছয় বছর করে মোট ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শহীদ উল্লাহ খন্দকারকে তিন মামলায় মোট ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    তিন মামলায় ১৮ বছরের একই সাজা দেওয়া হয়েছে ওই মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন।

    রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিসুর রহমান মিয়াকে তিন মামলাতেই মোট ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

    রাজউকের সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দিনকে তিন মামলাতে মোট নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আরেক সাবেক কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার তিন মামলার আসামি। এক মামলায় এক বছর করে মোট তিন বছরের কারাদণ্ডের সাজা তাকে দিয়েছে আদালত।

    রাজউকের কর্মকর্তা খুরশিদ আলম তিন মামলারই আসামি। এক বছর করে মোট তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

    এছাড়া, দুই মামলারই আসামি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক প্রিন্সিপ্যাল সেক্রেটারি-১ মোহাম্মদ সালাহ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এক মামলায় ছয় বছর করে দুই মামলায় তার মোট সাজা ১২ বছর।

  14. সাতটি দেশে অনলাইনে ভোটার নিবন্ধন স্থগিত করলো ইসি

    অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় আবেদনকারীরা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় কয়েকটি দেশে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন।

    বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ইসি।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এর প্রবাসী ভোটারদের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে।

    নির্বাচন কমিশন বলছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত হতে ভোটারের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া না হলে ভোটারদের ডাকযোগে ব্যালট পেপার পাঠানো সম্ভব নয়।

  15. আদালত অবাক হয়ে গেছেন একটা দেশের চারবারের প্রধানমন্ত্রী কীভাবে মিথ্যা হলফনামা দেন: আইনজীবী

    ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমি বরাদ্দ নেওয়ার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ঢাকার এক আদালত কারাদণ্ডের রায় দিয়েছেন।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মইনুল হাসান রায়ের পরে এক ব্রিফিংয়ে বলেন, “আদালত বিভিন্ন মেয়াদে বিভিন্ন আসামিদের সাজা প্রদান করেছেন। এই তিনটি মামলায় যারা কমন আসামি আছেন, আমি একত্রে তাদের সাজা জানাচ্ছি।”

    “এই মামলার প্রধান আসামি শেখ হাসিনা। তিন মামলাতেই উনি আসামি হিসেবে আছেন। উনার সাজা হচ্ছে সাত বছর করে ২১ বছর। উনার জরিমানা হচ্ছে এক লাখ করে তিন লাখ টাকা। অনাদায়ে ছয় মাস করে তিন মামলায় ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড।”

    “সায়মা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি তার সাজা পাঁচ বছর। উনি একটি মামলারই আসামি, তাই তার সাজা পাঁচ বছর।”

    সজীব ওয়াজেদ জয় যে মামলার প্রধান আসামি তার সাজার মেয়াদ পাঁচ বছর এবং এক লাখ টাকা জরিমানা, জানান মইনুল হাসান।

    এই আইনজীবী বলেন, “এভাবে তিন মামলায় ২১ জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। যারা তিন মামলায় কমন আসামি রয়েছেন, তাদের সাজা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে তিন মামলায় সাজা খাটবে। আলাদা আলাদা সাজা খাটবেন।”

    মি. হাসান জানান, আদালত রায়ের মধ্যে সংক্ষিপ্ত একটি পর্যবেক্ষণ দিয়েছে।

    “সেই পর্যবেক্ষণে উনি (বিচারক) উল্লেখ করেছেন যে, একজন দেশের প্রধানমন্ত্রী তথ্য গোপন করতে পারেন, মিথ্যা হলফনামা দিতে পারে এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই। তিনি অবাক হয়ে গেছেন। একটা দেশের চারবারের প্রধানমন্ত্রী কীভাবে মিথ্যা হলফনামা ও তথ্য গোপন করে জনগণের সম্পদ মিথ্যাভাবে নিয়ে নিয়েছেন!” বলেনতিনি।

    রাজউক এবং গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়েও তাদের আইন পরিবর্তনের জন্য কিছু অবজারভেশন দিয়েছে আদালত।

    দুদকের আইনজীবী বলেন, “তাদের বিদ্যমান কিছু আইন পরিবর্তন এবং আরো কিছু নতুন আইন অ্যাডাপ্ট করার জন্য পর্যবেক্ষণ দিয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং রাজউকের প্লট বরাদ্দের যে বিধিবিধান তার সাপেক্ষে উন্মুক্ত পদ্ধতিতে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এবং সরাসরি প্রকাশ্য মিডিয়ায় আনয়ন করে প্লট বরাদ্দে লটারি সিস্টেম করার জন্য পর্যবেক্ষণ দিয়েছে।”

    যাবজ্জীবন সাজা না হওয়ায় আপিল করবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, “সাজার বিষয়ে কমিশনের সাথে আলাপ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো।”

    “কেউই আইনের ঊর্ধ্বে নয়, ভবিষ্যতে যারা রাষ্ট্রনায়ক থাকবেন বা উর্ধ্বতন কর্মকর্তা থাকবেন তাদের কাছে এ রায় দৃষ্টান্ত হিসেবে থাকবে,” বলে মন্তব্য করেন আইনজীবী মইনুল হাসান।

  16. একটা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে: বিবিসিকে সজীব ওয়াজেদ জয়

    ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।

    তবে রায় হওয়ার আগেই এই অভিযোগকে 'সাজানো মামলা' হিসেবে উল্লেখ করেছেন সজীব ওয়াজেদ জয়।

    সম্প্রতি দুদকের মামলা ও রায় নিয়ে বিবিসি বাংলাকে সজীব ওয়াজেদ জয় বলেন, “একটা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে, যাতে আমরা নির্বাচন না করতে পারি। এটাই কিন্তু মূল উদ্দেশ্যে। এই রায়গুলোর মূল উদ্দেশ্যই হলো যাতে আমার মা, আমার পরিবারের কেউ নির্বাচন করতে না পারে”।

    অনিয়ম করে এসব প্লট বরাদ্দ নেওয়া হয়েছে – এমন অভিযোগের জবাবে তিনি আরো বলেন, “আমার নিজস্ব কোনো জমি নাই। আমার যে জমি আছে সেটা আমার বাবার ছিল। আমি কোনোদিন ঢাকা শহরে বাংলাদেশে কোনো জমি কিনিনি। আমার যে খালাতো ভাই-বোনেরা তাদের কিন্তু নিজস্ব কোনো জমি নেই। তারা যে পৈত্রিক সম্পত্তি পেয়েছে সেটাই আছে”।

    “আমাদের পাঁচ ভাইবোনের মধ্যে আমাদের পৈত্রিক সম্পত্তি ছাড়া বাংলাদেশে আমাদের কোনো জমি নেই। এই একটা মাত্র জমি আমরা প্রথমবারের মতো নিজেদের অর্থায়নে কিনলাম। এখানে কিন্তু আইন একদম স্পষ্ট। যে যাদের কোনো জমি নাই তারা কিনতে পারে।"

    "এখন আপনারা দেখেন আমার অন্য কোনো জমি আছে কি না বাংলাদেশে। আমার খালাতো ভাই বলেন বোনের অন্য কোনো বাড়ি আছে কি না। আমাদের কোনো জমি নাই,” বলেন তিনি।

  17. প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

    ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

    তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

    একইসঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

    রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, কোনো আবেদনপত্র ছাড়াই এখতিয়ার বহির্ভূতভাবে শেখ হাসিনাসহ তার পরিবারের নামে প্লট বরাদ্দ করা হয়েছিল।

    ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেছেন।

    এ রায়কে ঘিরে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সকাল থেকেই আদালত প্রাঙ্গনে পুলিশ, বিজিবিসহ ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

    মানবতাবিরোধী অপরাধ মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের পর এবার শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলায় দ্বিতীয় রায় হলো।

  18. বুধবার সারাদিন যা যা ঘটেছে

    • মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের সরকার যে চিঠি দিল্লিতে পাঠিয়েছে, ভারত সরকার সেটি পরীক্ষা করে দেখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এদিকে, বুধবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন যে, ভারতের কাছে পাঠানো চিঠির কোনো জবাব এখনো পাননি তারা।
    • জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার প্রকাশিত এই পূর্ণাঙ্গ রায়ের ভিত্তিতে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন সাজাপ্রাপ্ত আসামিরা।
    • বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। রদবদল আনা হচ্ছে জেলা প্রশাসন, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে।
    • বিশ্বের শীর্ষ জনবহুল শহরগুলো নতুন তালিকা প্রকাশ করে জাতিসংঘ। সেটি অনুযায়ী, বাংলাদেশের রাজধানী ঢাকা এখন পৃথিবীর দ্বিতীয় জনবহুল শহর।
    • অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর নামে থাকা দু'টি ভল্ট থেকে যে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে, সেটির মালিক কেবল শেখ হাসিনা একা নন, বরং তার মেয়ে ও বোনও সেটির অংশীদার বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন।
    • বাউল শিল্পীদের ওপর হামলার বিচার ও গ্রেফতার বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে আয়োজিত বাউল সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে শহরের কোর্ট চত্বরের ওই সমাবেশে 'তৌহিদী জনতার' নাম দিয়ে একদল ব্যক্তি লাঠিসোটা হাতে মিছিল নিয়ে হামলা চালায়।
    • বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
    • ধর্ম অবমাননা ও ধর্মীয় বিশ্বাসে আঘাতের অভিযোগে ঢাকার-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে মামলার আবেদন করেছেন হোসাইন মোহাম্মদ আনোয়ার নামের এক ব্যক্তি। এর প্রতিক্রিয়ায় মিজ তুলি বলেছেন, তার বক্তব্যকে 'ভুলভাবে উপস্থাপন' করা হয়েছে।
    • অগ্নিকাণ্ডে ঢাকার কড়াইল বস্তি পুড়ে যাওয়ার পর সরকারি উদ্যোগে সেখানে হাইটেক পার্ক নির্মাণ হতে যাচ্ছে বলে যে গুঞ্জন তৈরি হয়েছে, সেটি সঠিক নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
    • প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের বিরুদ্ধে 'বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত ঘটানোর' অভিযোগ যে নারী তুলেছেন, অধ্যাপক রীয়াজ তাকে চেনেন না বলে দাবি করেছেন। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
    • 'অপরিহার্য' না হলে আগামী সংসদ নির্বাচনের আগে দেশের সকল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে না যাওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
    • হংকংয়ের তাই পো শহরের আবাসিক ভবনে লাগা ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে উদ্ধারকর্মীও রয়েছেন। এছাড়া কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আগুন নেভাতে বর্তমানে ৭০০ জনেরও বেশি দমকলকর্মী কাজ করছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
    • ঢাকার কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
    • অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশে এখন আগের চেয়ে বৈষম্য বেড়েছে বলে মন্তব্য করেছেন বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
    • নিম্ন আদালতের তিনটি পদে দায়িত্বরত ৮২৬ জন বিচারকের একসঙ্গে পদোন্নতি হয়েছে। বুধবার পৃথক পৃথকভাবে তাদের পদোন্নতির প্রজ্ঞাপন প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  19. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাকে স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন: