বৃহস্পতিবার সারাদিন যা যা হলো
- ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
- শেখ হাসিনার পক্ষে আদালতে আইনি লড়াইয়ের দায়িত্ব গ্রহণ করবেন না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।
- বাউলদের ওপর যারা হামলা করেছেন তাদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
- ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
- বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আজ জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ অনুমোদন করেছে। নতুন অধ্যাদেশে কমিশনকে দেশের বিভিন্ন আটককেন্দ্র ও জেলাখানা পরিদর্শন করে নির্যাতন প্রতিরোধে ‘ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম’ হিসেবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে।
- ঢাকা ও এর আশপাশের এলাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বিকেল সোয়া চারটার দিকে তিন দশমিক ছয় মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার ঘোড়াশালে।
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ৫৬৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানানো হয়েছে।
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনটি ভাগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রভিত্তিক, মোবাইল টিম ও সেন্ট্রাল রিজার্ভ ফোর্স এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক মনিটরিং করা হবে।
- কেবল ছাত্র উপদেষ্টা নয়, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্ত আরও কেউ কেউ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আলোচনায় রয়েছেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
- অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় আবেদনকারীরা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় কয়েকটি দেশে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন।
- ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত জারি করা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

















