অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরো উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরো উপদেষ্টা, শুক্রবার তাদের শপথ হতে পারে। ১৫ই অগাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে সারাদিন ধানমন্ডিতে ছিল উত্তেজনাকর পরিস্থিতি। সাবেক ডেপুটি স্পিকার টুকু, সাবেক প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকতকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সার সংক্ষেপ

  • অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরো উপদেষ্টা, শুক্রবার শপথ
  • সাত দেশের রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার নির্দেশ
  • সাবেক ডেপুটি স্পিকার টুকু, সাবেক প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকত ১০ দিনের রিমান্ডে
  • রবিবার থেকে খুলছে সকল শিক্ষা প্রতিষ্ঠান, এইচএসসি ১১ সেপ্টেম্বর থেকে
  • বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ
  • রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে লাঠিসোঁটা হাতে পাহারা, মোবাইল তল্লাশি, কয়েকজনকে মারধর

সরাসরি কভারেজ

  1. শেখ মুজিবের বাড়িতে যেতে দেয়া হচ্ছে না কাউকে

    রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত শেখ মুজিবুর রহমানের জাদুঘরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। বাড়িটির আশপাশের এলাকায় অনেক মানুষ লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন।

    ঘটনাস্থল থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছেন, সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা ব্যক্তিরা কেউ এলেই থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে। পরিচয়পত্রও দেখতে দেখা গেছে অনেকের।

    শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহন তল্লাশি করছে। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

    কয়েকজনকে ধাওয়া দিতে ও মারধর করতেও দেখা গেছে। ৩২ নম্বর সড়কের মোড়ে কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

    সাধারণত এই দিনে আওয়ামী লীগ ভোজের আয়োজন করতো, দুঃস্থ মানুষদেরকে সহায়তা করতো, দিনভর মাইকে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ চালাতো। এমনকি, আগের দিন রাত থেকেই রাস্তা আটকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে যেত।

  2. শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী

    বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট তাকে সপরিবারে হত্যা করা হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রীয়ভাবে এ দিনটি শোক দিবস হিসেবে পালিত হতো। তবে, মঙ্গলবার এক সভা থেকে ১৫ অগাস্টের সরকারি ছুটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

    বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন শেষে ফেরার পথে অভিনেত্রী রোকেয়া প্রাচীসহ কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটে।

    এর আগে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার মায়ের পক্ষ থেকে গত মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে যথাযথ মর্যাদার সঙ্গে ভাবগম্ভীর পরিবেশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের আহ্বান জানান।