বগুড়ায় এনসিপির সভার কাছে হাতবোমা বিস্ফোরণকে 'দেশব্যাপী নাশকতার' অংশ বলছেন সারজিস

বগুড়ায় এনসিপির সভাস্থলের কাছে হাতবোমা বিস্ফোরণ 'পরিকল্পিতভাবেই' ঘটানো হয়েছে বলে মনে করেন সারজিস আলম। এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা বাদে জুলাই গণঅভ্যুত্থানকালে হত্যার অভিযোগে দায়ের করা মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা ঘটেছে:

    • বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) সভাকে লক্ষ্য করে দু'টি হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকা অন্য বোমাটি উদ্ধার করে নিষ্ক্রীয় করেছে পুলিশ। এই বোমা বিস্ফোরণকে 'দেশব্যাপী নাশকতার' অংশ হিসেবেই দেখছেন এনসিপি নেতা সারজিস আলম।
    • জুলাই গণঅভ্যুত্থানকালে হত্যার অভিযোগে দায়ের করা মামলার (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ব্যতীত) বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এছাড়া হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলার প্রসিকিউশনের কার্যক্রম ‘সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে’ কাজ করবে একটি বিশেষ কমিটি।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে আট দিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঠে রাখার প্রস্তাব পেয়েছে নির্বাচন কমিশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সশস্ত্র বাহিনীর ৯০ হাজার থেকে এক লাখ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচনে ড্রোনব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
    • আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার যে অভিযোগ বিএনপি নেতাকর্মীরা তুলেছেন, সেটির কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন ব্যবসায়ী নেতা এ কে আজাদ। তিনি এখন 'আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন' বলেও জানিয়েছেন দলটির সাবেক এই নেতা।
    • জনতা ব্যাংকের ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
    • 'জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না,' এনসিপির উদ্দেশে বলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনে সংখ্যালঘু হিন্দু ধর্মের ভোটাররা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দেবেন বলে মন্তব্য করেছেন তিনি।
    • বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শহীদ মিনারে যে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন, সেখানে কেউ মারা গেলে সেটার জন্য শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার দায়ী থাকবেন বলে মন্তব্য করেছেন আন্দোলনকারীদের নেতারা।
    • প্রায় তিন দশক আগে বাংলাদেশের সিনেমার অভিনেতা সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে হত্যা মামলা দায়েরের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। মামলাটি তদন্ত করার জন্য ঢাকার রমনা থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
    • ইসরায়েলের রোববারের হামলায় গাজায় কমপক্ষে ৫৭ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সেখানকার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে গাজা যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ২১৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তারা। এ পর্যন্ত আহত হয়েছেন এক লাখ ৭০ হাজার ৩৬১ জন।
    • ইসরায়েল ও হামাসের পাল্টা-পাল্টি অভিযোগের পরও গাজায় যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, গাজায় যুদ্ধবিরতি 'বহাল ও কার্যকর রাখতে' সোমবার ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও আগামীকাল তাদের সঙ্গে সশরীরে যোগ দিতে পারেন বলে ইসরায়েলের গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে।
    • অ্যামাজনের ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার ফলে এক হাজারেরও বেশি অ্যাপ বন্ধ হয়ে যায়। এসব অ্যাপ ব্যবহার করতে না পারা নিয়ে বিশ্বব্যাপী ৬৫ লাখেরও বেশি অভিযোগ জমা পড়ে বলে জানায় বিভিন্ন প্ল্যাটফর্মের সেবা বিভ্রাট নজরদারি সংস্থা ডাউনডিটেকটর। অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) জানিয়েছে, তারা বিভ্রাট অনেকটাই দূর করতে পেরেছে এবং এখনো অভিযোগগুলো নিয়ে কাজ হচ্ছে।

    বিবিসি বাংলার লাইভ পাতার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

    দেশ-বিদেশের আরও খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. 'জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না,' এনসিপির উদ্দেশে জামায়াত নেতা পরওয়ার

    জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার (ফাইল ছবি)

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম রোববার জামায়াতে ইসলামীকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে যে পোস্ট দিয়েছেন, তার সমালোচনা করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    শিক্ষার্থীদের নতুন দলটিকে জামায়াতের সঙ্গে "পাল্টা" না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

    "তিনি (নাহিদ ইসলাম) বলেছেন জামায়াতে ইসলামী নাকি সংস্কার চায় না, জামায়াতে ইসলামী সংস্কার ও নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখেনি। অথচ ঐকমত্য কমিশনে লিখিতভাবে ছয়টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি। তারা চাচ্ছেন আমরা যেন তাদের সমালোচনা করি, কিন্তু কেউ তো তাদের নামই নিচ্ছে না," সোমবার সাতক্ষীরার তালা উপজেলায় এক সমাবেশে বলেন মিয়া গোলাম পরওয়ার।

    "তোমরা ছাত্রদের নতুন দল। জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না," বলেন মি. পরওয়ার।

  3. এবার হিন্দুরা দেখাবে, হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লা: জামায়াত নেতা পরওয়ার

    মিয়া গোলাম পরওয়ার

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, মিয়া গোলাম পরওয়ার

    বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনে সংখ্যালঘু হিন্দু ধর্মের ভোটাররা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দেবেন বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    সোমবার বিকেলে সাতক্ষীরায় এক সভায় ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা করেন।

    "হিন্দুদের একটা দোষ সবাই বলে যে, হিন্দু মানে আওয়ামী লীগ, হিন্দু মানে নৌকা। আমি বলি না। এবার হিন্দুরা দেখাবে, হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লা," বলেন মি. পরওয়ার।

    জামায়াতে ইসলামীকে ভোট দিলে হিন্দুরা 'সবচেয়ে নিরাপদে' থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

    "তালা-কলারোয়ার হিন্দুরা, আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিলে অতীতের সকল শাসনের চেয়ে, সবচেয়ে নিরাপদে থাকবেন," বলেন মি. পরওয়ার।

  4. অনশনে মৃত্যু হলে শিক্ষা উপদেষ্টাকে দায় নিতে হবে, আন্দোলনরত শিক্ষকদের হুঁশিয়ারি

    নতুন কর্মসূচি ঘোষণা

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন

    বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শহীদ মিনারে যে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন, সেখানে কেউ মারা গেলে সেটার জন্য শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার দায়ী থাকবেন বলে মন্তব্য করেছেন আন্দোলনকারীদের নেতারা।

    কর্মসূচি চলাকালে ইতোমধ্যেই বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

    "এ আমরণ অনশনের মাধ্যমে যদি কোনো প্রাণহানি ঘটে, এর দায় দায়িত্ব শিক্ষা উপদেষ্টাকে নিতে হবে," সোমবার সাংবাদিকদের বলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

    নবম দিনের মতো কর্মসূচি পালন শেষে এদিন নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

    "মঙ্গলবার দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান নেবো। বিক্ষোভ করে চলে আসবো। এটা একটা মিছিল হবে, আমরা ওখানে বেশিক্ষণ স্টে করবো না। আমরা জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখবো," সন্ধ্যায় কর্মসূচি ঘোষণা করে বলেন মি. আজিজী।

    মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া প্রদান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ নির্ধারণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে গত ১২ই অক্টোবর থেকে লাগাতার আন্দোলন করছেন প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা।

    গত গত পাঁচই অক্টোবর সরকার তাদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দিলে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। পরে ১৯শে অক্টোবর সেটি পুনরায় বাড়িয়ে মূল বেতনের পাঁচ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা নির্ধারণ করা হয়।

    এরপরও নিজেদের দাবিতে অনড় অবস্থানে দেখা যাচ্ছে আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীদের।

    তাদের আন্দোলনের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও একাত্মতা প্রকাশ করেছেন।

  5. ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ২১৬ জন: হামাস

    মাথায় হিজাব পরা চার জন নারী, তাদের একজন কাঁদছেন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, রোববারের হামলায় গাজায় কমপক্ষে ৫৭ জন প্রাণ হারিয়েছেন

    ইসরায়েলের রোববারের হামলায় গাজায় কমপক্ষে ৫৭ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সেখানকার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

    এ নিয়ে গাজা যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ২১৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তারা। এ পর্যন্ত আহত হয়েছেন এক লাখ ৭০ হাজার ৩৬১ জন।

    রোববারের হামলার জন্য আইডিএফের পক্ষ থেকে হামাসকে দায়ী করা হয়েছে।

    তারা দাবি করেছে, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রোববার রাফায় একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি গুলি চালিয়েছে হামাস।

    এ ঘটনায় তাদের দু'জন সৈন্য নিহত হয়েছেন বলেও দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তারা।

    অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে হামাস দাবি করেছে, তারা কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করেনি, বরং যুদ্ধবিরতির বাস্তবায়নে এখনো প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল বরং চুক্তি লঙ্ঘন করেছে বলে উল্টো অভিযোগ তাদের।

  6. তিন দশক পর সালমান শাহ'র মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ

    বাংলাদেশের পত্র-পত্রিকায় প্রয়াত নায়ক সালমান শাহকে স্মরণ

    প্রায় তিন দশক আগে বাংলাদেশের সিনেমার অভিনেতা সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে হত্যা মামলা দায়েরের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। মামলাটি তদন্ত করার জন্য ঢাকার রমনা থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

    মি. শাহ'র মৃত্যুর ২৯ বছর পর তার মা নীলা চৌধুরীর করা রিভিশন আবেদন মঞ্জুর করে সোমবার এই নির্দেশ দিয়েছেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক।

    ১৯৯৬ সালের ছয়ই সেপ্টেম্বর ঢাকার ইস্কাটন এলাকার ভাড়া বাসায় থেকে চিত্রনায়ক সালমান শাহ'র মরদেহ উদ্ধার করা হয়।

    এ ঘটনার পর তার বাবা কমর উদ্দিন বাদী হয়ে ঢাকার রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। পরের বছর তিনি মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করলেও সেটি আর আমলে নেওয়া হয়নি।

    ১৯৯৭ সালের তেসরা নভেম্বর দাখিল করা সিআইডি'র তদন্ত প্রতিবেদনে সালমান শাহ'র মৃত্যুকে 'আত্মহত্যা' বলে উল্লেখ করা হয়।

  7. জনতা ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় আতিউর-বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট

    ড. আতিউর রহমান এবং অধ্যাপক ড. আবুল বারকাত

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, ড. আতিউর রহমান এবং অধ্যাপক ড. আবুল বারকাত

    জনতা ব্যাংকের ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    সোমবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

    চার্জশিটভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন- জনতা ব্যাংকের সাবেক পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ, নাগিবুল ইসলাম দীপু, ড. আর এম দেবনাথ, আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুছ ছালাম আজাদ।

    এছাড়া জালিয়াতি করে ঋণ নেওয়া ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স সুপ্রভ স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেনও মামলার চার্জশিটে আসামি করা হয়েছে।

    তবে তদন্তকালে অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রতিষ্ঠানটির পরিচালক মো. আবু তালহা, জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোছাম্মৎ ইসমত আরা বেগমকে দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান মি. হোসেন।

    উল্লেখ্য যে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকালে নামে-বেনামে প্রায় ৫৪ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি ও আর্থ আত্মসাত করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।

    এর মধ্যে মেসার্স সুপ্রভ স্পিনিং লিমিটেডের নামে ২৯৭ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার আত্মসাতের অভিযোগ রয়েছে। যেসব এই ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটে, তখন জনতা ব্যাংকের চেয়ারম্যান পদে ছিলেন অধ্যাপক ড. আবুল বারকাত এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ড. আতিউর রহমান।

    ফলে ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় তাদেরকেও আসামি করা হয়েছে।

  8. বগুড়ায় এনসিপির সভার কাছে হাতবোমা বিস্ফোরণকে 'দেশব্যাপী নাশকতার অংশ' বলছেন সারজিস

    হামলার পরে ঘটনাস্থলে পুলিশের সদস্যরা

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, হামলার পরে ঘটনাস্থলে পুলিশের সদস্যরা

    বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) সভাকে লক্ষ্য করে দু'টি হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকা অন্য বোমাটি উদ্ধার করে নিষ্ক্রীয় করেছে পুলিশ।

    সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে। তবে বোমা হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন এনসিপি নেতারা।

    "সভাস্থলে আমাদের গাড়ি যেখানে রাখা ছিল, সেটার কাছেই বোমাগুলো নিক্ষেপ করা হয়েছে," বিবিসি বাংলাকে বলছিলেন এনসিপি'র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

    হামলার এই ঘটনাটি 'পরিকল্পিতভাবেই' ঘটানো হয়েছে বলে মনে করেন তিনি।

    "গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমরা একের পর এক যে নাশকতার ঘটনা দেখছি, এই হামলাটিও সেটারই ধারাবাহিকতা বলে আমি মনে করি," বলেন মি. আলম।

    তিনি আরও বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে এগুলো ঘটাচ্ছে"।

    বোমা নিক্ষেপকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির।

  9. জুম, ডুয়োলিঙ্গো, স্ন্যাপচ্যাটসহ এক হাজারের বেশি অ্যাপের সেবা বিঘ্নিত

    অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) ওয়েবসাইট

    ছবির উৎস, PA Media

    ছবির ক্যাপশান, অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) জানিয়েছে, তারা বিভ্রাট অনেকটাই দূর করতে পেরেছে

    অ্যামাজনের ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার ফলে এক হাজারেরও বেশি অ্যাপ বন্ধ হয়ে যায়। এসব অ্যাপ ব্যবহার করতে না পারা নিয়ে বিশ্বব্যাপী ৬৫ লাখেরও বেশি অভিযোগ জমা পড়ে বলে জানায় বিভিন্ন প্ল্যাটফর্মের সেবা বিভ্রাট নজরদারি সংস্থা ডাউনডিটেকটর।

    অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) জানিয়েছে, তারা বিভ্রাট অনেকটাই দূর করতে পেরেছে এবং এখনো অভিযোগগুলো নিয়ে কাজ হচ্ছে।

    সোমবার সকালে ক্লাউড কম্পিউটিং জায়ান্ট অ্যামাজন ওয়েব সার্ভিসেসের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিষেবার বিভ্রাটের ফলে বিশ্বব্যাপী শত শত প্ল্যাটফর্ম অফলাইনে চলে যায়।

    স্ন্যাপচ্যাট, জুম, ডুয়োলিঙ্কো, ক্যানভাসহ অনেক ব্যাংকের অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারেও সমস্যা হয়।

    অ্যামাজন বলেছে, তারা উত্তর ভার্জিনিয়ায় তাদের ক্লাউড কম্পিউটিং কার্যক্রমের কেন্দ্রস্থলে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া সমস্যাটির সমাধান করেছে এবং পরিষেবাগুলো পুনরুদ্ধার হচ্ছে।

    যদিও বিভ্রাটের বেশিরভাগ সমাধান হয়েছে বলে মনে হচ্ছে, তবে এই খাতের বিশেষজ্ঞরা বলছেন–– যে মাত্রায় বিভ্রাট হয়েছে এবং এর ফলে যে পরিমাণ প্রভাব পড়েছে, এর মধ্য দিয়ে কোনো একটি নির্দিষ্ট ইন্টারনেট প্রোভাইডারের ওপর নির্ভর করার ঝুঁকির বিষয়টি সামনে এসেছে।

    হাজার হাজার মানুষ ব্যাংক বিভ্রাটের কথা জানিয়েছেন, কেউ কেউ বলেছেন তাদের কার্ড ব্যবহার করা যাচ্ছে না। হ্যালিফ্যাক্স, লয়েডস এবং ব্যাংক অফ স্কটল্যান্ডসহ বিভিন্ন ব্যাংক এই বিভ্রাটের কারণে প্রভাবিত হয়েছে।

    অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডব্লিউএস হলো টেক জায়ান্টটির ক্লাউড কম্পিউটিং বিভাগ। যার ওপর লাখো বড় আকারের কোম্পানির ওয়েবসাইট এবং প্ল্যাটফর্ম নির্ভরশীল।

  10. গাজা যুদ্ধবিরতি 'কার্যকর রাখতে' ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন কর্মকর্তারা

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করছেন স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার, তাদের পাশে আছেন আরো একজন

    ছবির উৎস, Maayan Toaf

    ছবির ক্যাপশান, এর আগেও স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করছেন, গত নয়ই অক্টোবরের ছবি

    গাজায় যুদ্ধবিরতি 'বহাল ও কার্যকর রাখতে' সোমবার ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার।

    মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও আগামীকাল তাদের সঙ্গে সশরীরে যোগ দিতে পারেন বলে ইসরায়েলের গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে।

    এমন একটি সময় মার্কিন কর্মকর্তারা ইসরায়েল সফরে গেলেন, যার একদিন আগেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় পুনরায় হামলা চালিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী।

    এ ঘটনায় কমপক্ষে ৪৪ জন প্রাণ হারিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানতে পেরেছে বিবিসি।

    যদিও হামলার ঘটনার জন্য আইডিএফের পক্ষ থেকে হামাসকে দায়ী করা হয়েছে।

    তারা দাবি করেছে, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রোববার রাফায় একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি গুলি চালিয়েছে হামাস। এ ঘটনায় তাদের দু'জন সৈন্য নিহত হয়েছেন বলেও দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তারা।

    অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে হামাস দাবি করেছে, তারা কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করেনি, বরং যুদ্ধবিরতির বাস্তবায়নে এখনো প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল বরং চুক্তি লঙ্ঘন করেছে বলে উল্টো অভিযোগ তাদের।

    দু'পক্ষের এমন পাল্টা-পাল্টি অভিযোগ ও হামলার ঘটনার পরও গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর আছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে রোববার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, "‘হ্যাঁ, এখনো কার্যকর আছে"।

    ইসরায়েলি বাহিনীর ওপর হামাসের হামলার বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, হামাস শীর্ষ নেতৃত্বের কেউ চুক্তি লঙ্ঘনের সঙ্গে জড়িত নয়, বরং "কিছু বিদ্রোহী" এর সঙ্গে জড়িত।

  11. আমি আওয়ামী লীগ করি না, কাজেই তাদের পুনর্বাসনের প্রশ্নই ওঠে না: এ কে আজাদ

    ব্যবসায়ী নেতা এ কে আজাদ

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, ব্যবসায়ী নেতা এ কে আজাদ

    আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার যে অভিযোগ বিএনপি নেতাকর্মীরা তুলেছেন, সেটির কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন ব্যবসায়ী নেতা এ কে আজাদ। তিনি এখন 'আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন' বলেও জানিয়েছেন দলটির সাবেক এই নেতা।

    "আমি আওয়ামী লীগ করি না, কাজেই তাদের পুনর্বাসনের প্রশ্নই ওঠে না," বিবিসি বাংলাকে বলছিলেন ব্যবসায়ী নেতা এ কে আজাদ।

    তবে মি. আজাদ স্বীকার করেছেন যে, বছর দেড়েক আগেও তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

    "অনেক আগেই আমাকে তারা বহিষ্কার করেছে। সেকারণে গত নির্বাচনেও আমি স্বতন্ত্রপ্রার্থী হয়ে ভোট করেছি," বলেন মি. আজাদ।

    উল্লেখ্য যে, ২০২৪ সালের নির্বাচনে ফরিদপুর-৩ আসনে নৌকার মনোনীত প্রার্থীর বিপক্ষে নির্বাচন করা এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভায় অনুপস্থিতি থাকার কারণে মি. আজাদকে দল থেকে বহিষ্কার করার ঘোষণা দেয় ফরিদপুর জেলা আওয়ামী লীগ।

    "ওই ঘটনার পর থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই," বলেন মি. আজাদ।

    তিনি এমন দাবি করলেও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগ তুলে রোববার ফরিদপুরে তার গাড়িবহনে হামলা চালায় বিএনপি'র স্থানীয় নেতাকর্মীরা।

    "তাদের এই দাবির কোনো ভিত্তি নেই। আসলে তারা আমার জনপ্রিয়তায় ভীত হয়ে আমার ওপর হামলা করেছে।"

    "তাদের কাছে যদি প্রমাণ থাকে, তাহলে তারা এটা প্রমাণ করুক যে, আমি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছি," বলেন ব্যবসায়ী নেতা মি. আজাদ।

    গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীতপ্রার্থীকে পরাজিত করে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এ কে আজাদ।

    এবারও তিনি নির্বাচনে অংশ নিতে চান কি-না, এমন প্রশ্নের জবাবে মি. আজাদ বিবিসি বাংলাকে বলেন, "এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। মাঠে ঘুরে জনমত যাচাই করছি। দেখছি বর্তমান প্রশাসনের অধীরে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠান সম্ভব কি-না। এগুলো দেখে পরবর্তীতে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবো।"

    রোববারের হামলার ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন মি. আজাদ।

  12. চুক্তি লঙ্ঘনের পাল্টা-পাল্টি অভিযোগের পরও গাজায় যুদ্ধবিরতি 'বহাল আছে' বললেন ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ইসরায়েল ও হামাসের পাল্টা-পাল্টি অভিযোগের পরও গাজায় যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    তার এমন মন্তব্যের কয়েক ঘণ্টা আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন বলে হাসপাতাল সূত্র জানতে পেরেছে বিবিসি।

    তবে হামাস দাবি করেছে যে, তারা কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করেনি, বরং যুদ্ধবিরতির বাস্তবায়নে এখনো প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল বরং চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তাদের।

    অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের সৈন্যদের লক্ষ্য করে রোববার রাফায় একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও গুলি চালিয়েছে হামাস। এ ঘটনায় তাদের দু'জন সৈন্য নিহত হয়েছেন বলেও দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তারা।

    দু'পক্ষের এমন পাল্টা-পাল্টি অভিযোগ ও হামলার ঘটনার পরও গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর আছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "‘হ্যাঁ, এখনো কার্যকর আছে।"

    ইসরায়েলি বাহিনীর ওপর হামাসের হামলার বিষয়ে তিনি বলেন, হামাস শীর্ষ নেতৃত্বের কেউ চুক্তি লঙ্ঘনের সঙ্গে জড়িত নয়, বরং "কিছু বিদ্রোহী" এর সঙ্গে জড়িত।

    "কিন্তু যেভাবেই হোক, এটি যথাযথ উপায়ে মোকাবিলা করা হবে," বলেন ট্রাম্প।

    এদিকে, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারের আজ সোমবার ইসরায়েল সফরে যাওয়ার কথা রয়েছে। যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকর রাখার জন্য তারা ইসরায়েলে যাচ্ছেন বলে জানা যাচ্ছে।

  13. জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

    একজন পুলিশ সদস্য দুই জন ছাত্রকে লাঠি হাতে ধাওয়া দিচ্ছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জুলাই গণঅভ্যুত্থানের সময় সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক বলপ্রয়োগ করে বলে অভিযোগ রয়েছে

    জুলাই গণঅভ্যুত্থানকালে হত্যার অভিযোগে দায়ের করা মামলার (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ব্যতীত) বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে।

    এছাড়া হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলার প্রসিকিউশনের কার্যক্রম ‘সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে’ কাজ করবে একটি বিশেষ কমিটি।

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    মন্ত্রণালয় জানায়, জুলাই গণঅভ্যুত্থানকালে দেশব্যাপী ‘সরকারের নির্দেশে’ হত্যার অভিযোগে মোট ৮৩৭টি মামলা রেকর্ড হয়েছে এবং এর মধ্যে ৪৫টি মামলার বিচারকাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে।

    এছাড়া দেশের বিভিন্ন ফৌজদারি আদালতে পুলিশ ইতোমধ্যে ১৯টি হত্যা মামলার চার্জশিট দাখিল করেছে। এসব হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০০ এর ১০ ধারার বিধান অনুযায়ী বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    এর বাইরে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটির কাজ সম্পর্কে বলা হয়েছে–– জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যাসহ অপরাপর গুরুতর অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলার পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করবে (মামলার বর্তমান পর্যায় উল্লেখসহ)।

    এর মধ্যে যেসব মামলায় চার্জশিট দাখিল হয়েছে, সেসব মামলায় (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ব্যতীত) প্রসিকিউশনের কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করবে (যদি থাকে) এবং এসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় সুপারিশ সরকারের কাছে পাঠাবে করবে।

    কমিটি তাদের কার্যক্রম বিষয়ে ভুক্তভোগী পরিবার ও দেশবাসীকে সময়ে সময়ে অবহিত করবে বলেও জানানো হয়।

  14. নির্বাচনে আট দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রাখার প্রস্তাব, ভেবে সিদ্ধান্ত নেবে ইসি, সেনাবাহিনীসহ সশস্ত্র বাহিনীর ৯০ হাজার থেকে এক লাখ সদস্য মাঠে দায়িত্ব পালন করবে

    নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, বৈঠক শেষে ব্রিফ করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে আট দিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঠে রাখার প্রস্তাব পেয়েছে নির্বাচন কমিশন।

    সোমবার ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে স্বরাষ্ট্র সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনি প্রস্তুতি বৈঠক শেষে একথা জানিয়েছেন কমিশনের সচিব আখতার আহমেদ।

    এ বিষয়ে ভেবে-চিন্তে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

    "ইসির এবার ভোটে পাঁচদিন আইনশৃঙ্খলা বাহিনী রাখার পরিকল্পনা ছিল। আজকের বৈঠকে আট দিন রাখার প্রস্তাব এসেছে। এটা পরীক্ষা-নিরীক্ষা করা হবে," সাংবাদিকদের বলেন মি. আহমেদ।

    সবশেষ সংসদ নির্বাচনেও আট দিনের জন্য মাঠে রাখা হয়েছিল সেনাবাহিনী, বিজিবিসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

    তবে নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা কোনো উদ্বেগ প্রকাশ করেননি বলে জানান নির্বাচন কমিশন সচিব।

    তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সশস্ত্র বাহিনীর ৯০ হাজার থেকে এক লাখ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এছাড়া আনসারের পাঁচ লাখ সদস্য মোতায়েন থাকবে।

  15. নির্বাচনে ড্রোন ব্যবহার করতে দেবে না ইসি

    নির্বাচন কমিশন ভবন
    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশন ভবন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ড্রোনব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনেআইনশৃঙ্খলা ও গোপনীয়তা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসির আইনশৃঙ্খলা সংক্রান্ত সভার কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।

    আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভায় তুলে ধরা এক কার্যপত্রে এই তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, ড্রোন একটি আধুনিক প্রযুক্তি হলেও নির্বাচনকালীন সময়ে এর ব্যবহার নানা ধরনের ঝুঁকিও অসুবিধা তৈরি করতে পারে।

    ড্রোন ব্যবহার নিষিদ্ধ করার চারটি প্রধান কারণ হিসেবে এতে উল্লেখ করা হয়–– গোপনীয়তা লঙ্ঘন, নিরাপত্তার ঝুঁকি, আইন ও বিধি লঙ্ঘন এবং ব্যক্তিগত তথ্য চুরি।

    বিষয়টি ব্যাখ্যা করা হয় এভাবে–– ড্রোন ব্যবহার করে ভোটারদের ব্যক্তিগত স্থান, অফিস, কিংবা ভোটকক্ষ পর্যবেক্ষণ করা সম্ভব যা ভোটের গোপনীয়তা রক্ষার অধিকারকে লঙ্ঘন করতে পারে। অননুমোদিত ড্রোন ব্যবহার করে বিপজ্জনক বস্তুবা বিস্ফোরক বহন করা সম্ভব যা ভোটকেন্দ্রের নিরাপত্তা ও জনসমাগমের ওপর হামলার ঝুঁকি তৈরি করে।

    ড্রোন পরিচালনায় কিছু আইনগত নিয়ম রয়েছে, কিন্তু অনেকেই তা অনুসরণ করেনা। ফলে নির্বাচনি এলাকায় অনিয়ন্ত্রিতভাবে ড্রোন উড্ডয়ন আইনশৃঙ্খলার জন্য হুমকি হতে পারে। এছাড়া ড্রোনের মাধ্যমে ভোটদানের ছবি বা ভিডিও ধারণ করে তা অপব্যবহার করার সম্ভাবনা থাকে যা নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পারে।

    কার্যপত্রে আরও বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী তিনটি পর্যায়ে কাজ করে থাকে।

    তফসিল ঘোষণার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যাতে নির্বাচনপূর্ব পরিবেশ শান্তিপূর্ণ থাকে। অপরাধী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, অবৈধ অস্ত্র উদ্ধারএবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আইনপ্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়। তফসিল ঘোষণা থেকে নির্বাচন পর্যন্ত এই সময় আইনশৃঙ্খলা রক্ষাই সর্বাধিক গুরুত্ব পায় যাতে প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারে এবং ভোটাররা নিরাপদে ভোট দিতে পারে।

    ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, আমর্ড পুলিশ ও সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে এবং ভোটগ্রহণ শেষে সহিংসতা বা বিশৃঙ্খলা রোধে পরবর্তী ৪৮ ঘণ্টা মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে বলেও জানানো হয়।

    এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাচনি তদন্ত কমিটি সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করবেন।

    ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যেই অগ্রসর পর্যায়ে রয়েছে। ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ সম্পন্ন হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধন, ভোটারতালিকার সিডি প্রস্তুত, ভোটকেন্দ্র নির্ধারণসহ বিভিন্ন কার্যক্রম চলছে।

    তফসিল ঘোষণার আগে ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং প্রশাসনিক প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছে কমিশন।

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় চার নির্বাচন কমিশনার এবং পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  16. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে