রোববার সারাদিন যা যা ঘটেছে:
- পিআর বা আনুপাতিক নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামীর আন্দোলনকে সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজের ফেসবুক একাউন্টে একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন।
- নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিবিসি বাংলাকে বলেছেন, “কোনও রাজনৈতিক দলের ব্যাপারে অন্য কোনও দলের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা উচিত”।
- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে বাড়ানো হলেও তা প্রত্যাখ্যান করেছে শিক্ষকরা।
- গাজার রাফা ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলার ঘটনা ঘটেছে। এই হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তুলেছে।
- জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও পিআর পদ্ধতির দাবিতে সোমবার থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা রাজনৈতিক দলগুলো।
- ফ্রান্সের প্যারিসের বিখ্যাত ল্যুভ জাদুঘরে চুরির পর বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ফরাসি সংস্কৃতি মন্ত্রী।
- ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন ২৭ ঘণ্টা পর রোববার বিকেল ৪টা ৫৫ মিনিটে পরিপূর্ণভাবে নিভেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
- শাপলা প্রতীক নিয়ে নিজেদের অনড় অবস্থানের কথা আবারো নির্বাচন কমিশনকে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দুপুরে এনসিপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবের সাথে সাক্ষাৎ করে আবারো তাদের দলীয় প্রতীক শাপলা বরাদ্দের জন্য নির্বাচন কমিশনের কাছে চিঠি দেয়।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...









