রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। তার জানাজায় অংশ নিয়েছেন অসংখ্য মানুষ। তার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোকের পাশাপাশি বুধবার পালিত হয় সাধারণ ছুটি। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত, ভুটানের পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

সরাসরি কভারেজ

  1. পতাকায় মোড়ানো গাড়িতে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে খালেদা জিয়ার মরদেহ

    বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ
    ছবির ক্যাপশান, বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ

    গুলশানে তারেক রহমানের বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি বের হয়েছে।

    বাংলাদেশের পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়িটি আজ বেলা ১১টার দিকে বের হয়।

    ধারণা করা হচ্ছে, সেটি এখন মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যাচ্ছে। সেখানেই খালেদা জিয়ার জানাজা হবে। দেশ-বিদেশের শীর্ষ নেতা ও কূটনীতিকদের বাইরে সর্বস্তুরের মানুষজন সেখানে খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাবেন।

    আজ সকাল ৯টার দিকে গাড়িটি এভারকেয়ার হাসপাতাল থেকে তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়েছিলো। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান স্বজন ও বিএনপি'র নেতা কর্মীরা।

  2. ছেলের বাসায় শেষবারের মতো খালেদা জিয়া

    ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে বুধবার সকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়।

    সেখানেই দলের নেতাকর্মী ও স্বজনরা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।

    মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করেন তারেক রহমান
    খালেদা জিয়ার জন্য দোয়া করছেন তার স্বজন ও নেতা-কর্মীরা

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, খালেদা জিয়ার জন্য দোয়া করছেন তার স্বজন ও নেতা-কর্মীরা
    ছবিতে তারেক রহমানকে দেখা যাচ্ছে। সাথে তার মেয়ে জাইমা রহমানও রয়েছেন।

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, ছবিতে তারেক রহমানকে দেখা যাচ্ছে। সাথে তার মেয়ে জাইমা রহমানও রয়েছেন।
    খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আগতদের সাথে কথা বলছেন তারেক রহমান।

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আগতদের সাথে কথা বলছেন তারেক রহমান।
    বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ গুলশানে নেওয়া হয়েছে

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ গুলশানে নেওয়া হয়েছিল
  3. প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

    অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান

    ছবির উৎস, Md Sayedur Rahman

    ছবির ক্যাপশান, ছবিতে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। ছবিটি তার ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া।

    অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন।

    তিনি আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

    "আজ আমার চাকুরীজীবনের শেষ দিন। অবসর গ্রহণের নিমিত্তে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে প্রদত্ত আমার পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে," বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

    বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আগের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান গত নভেম্বর থেকে বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন।

  4. খালেদা জিয়ার মরদেহ গুলশানে তারেক রহমানের বাসায়

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ এখন তার ছেলে তারেক রহমানের বাসায়।

    প্রাথমিকভাবে কথা ছিল, তার মরদেহ প্রথমে গুলশানে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হবে।

    কিন্তু পরে তার মরদেহবাহী গাড়িটি তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়।

    এখানেই দলের নেতাকর্মী ও স্বজনরা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন।

    আজ বুধবার সকাল নয়টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশ্যে বের করা হয় তার মরদেহ।

  5. খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে গুলশানে

    বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়ি

    ছবির উৎস, bbc

    ছবির ক্যাপশান, বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে শেষ বারের মতো খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে তার গুলশানের বাসভবন 'ফিরোজায়'

    আজ বুধবার সকাল নয়টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়।

    সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন খালেদা জিয়ার স্বজন ও বিএনপি'র নেতা কর্মীরা।

    পরে তাকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে।

    জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

    ভোর থেকেই এভারকেয়ার হাসপাতালের আশেপাশে কড়া নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা যায়।

    খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি বহরের সামনে পেছনেও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরা রয়েছে।

  6. ভোর হতে না হতেই খালেদা জিয়ার জানাজা স্থলে মানুষের ঢল

    সাধারণ মানুষ
    ছবির ক্যাপশান, খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন তার দলের কর্মী সমর্থকরা

    আজ বুধবার দুপুরে সংসদ ভবন এলাকায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তার জানাজায় অংশগ্রহণ করার জন্য এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সাধারণ মানুষ।

    ঘটনাস্থল থেকে বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংসহ অনেক জেলা থেকে মানুষ আসছে। অনেকে সেই ভোর চারটায় এসে পৌঁছেছেন। এদের অনেকেই কালো ব্যাজ পরে এসেছেন।

    খালেদা জিয়ার জানাজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় খালেদা জিয়ার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের আশেপাশে কোনও সাধারণ মানুষকে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

    খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার ঘোষণা এসেছে সরকার থেকে।

    বিবিসি সংবাদদাতা আবুল কালাম আজাদ জানিয়েছেন, গার্ড অব অনারের জন্য পুষ্পস্তবক আনা হয়েছে ইতোমধ্যে।

    জিয়া উদ্যানে খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের পাশেই সমাহিত হবেন খালেদা জিয়া
    ছবির ক্যাপশান, জিয়া উদ্যানে খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের পাশেই সমাহিত হবেন খালেদা জিয়া
    জিয়া উদ্যানে নিরাপত্তা জোরদার করছে আইন শৃঙ্খলা বাহিনী
    ছবির ক্যাপশান, জিয়াউর রহমানের সমাধিস্থলের আশেপাশে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এখন
  7. খালেদা জিয়ার জানাজা দুপুরে, দাফন হবে স্বামীর কবরের পাশে

    সংসদ ভবন এলাকায় দুপুরে খালেদা জিয়ার জানাজা হবে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সংসদ ভবন এলাকায় দুপুরে খালেদা জিয়ার জানাজা হবে

    আজ বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকা জুড়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

    খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

    জানাজা শেষে বেলা সাড়ে তিনটা নাগাদ খালেদা জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছে বিএনপি।

    খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণের জন্য সরকার থেকে বিশেষ ব্যবস্থা রাখা হবে।

    খালেদা জিয়া'র মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে এক্সপ্রেসওয়ে ও কুড়িল ফ্লাইওভার হয়ে নৌ সদর দপ্তর হয়ে তার গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছাবে।

    সেখান থেকে গুলশান-২ ও কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে এয়ারপোর্ট রোড দিয়ে মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় পৌঁছাবে।

    ডিএমপি জানিয়েছে, খালেদা জিয়াকে বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

    প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে, সর্বস্তরের মানুষ যেন তাকে সম্মান জানাতে এবং জানাজায় অংশ নিতে পারেন, সেজন্য সরকারের সকল দপ্তর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে। দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্নের জন্য সেখানে নির্ধারিত ব্যক্তি ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফনকাজ শেষ না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত করা হবে।

    খালেদা জিয়ার জনাজা উপলক্ষে আজ বুধবার একদিনের সাধারণ ছুটি এবং বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্যদিকে, তার মৃত্যুতে তার দল বিএনপি সাতদিনের শোকপালনের ঘোষণা দিয়েছে।

    খালেদা জিয়ার জানাজায় ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা শোক বইয়ে স্বাক্ষর করেছেন। শোক বইয়ে স্বাক্ষর করেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলও।

    খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে জামায়াত, জাতীয় পার্টি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। শোক জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগও।

    জানাজায় অংশ নিতে বুধবার সকালে ঢাকায় আসছেন ভারত ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকারসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

    রাষ্ট্রীয় শোক পালনের সময় ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, শোভাযাত্রা নিষিদ্ধসহ তিনটি নির্দেশনা জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি।

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া, ফেনী ও দিনাজপুরের তিনটি আসনে প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া। সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে খালেদা জিয়ার পক্ষ থেকে তার দলের নেতাকর্মীরা ওই আসনগুলোতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

  8. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে