আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট

বাংলাদেশের সংবিধান সংশোধনের লক্ষ্যে সুপারিশ তৈরির জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এর বিরোধিতা করে ওয়াকআউট করেছে সংসদের বিরোধী দল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ পুনর্বহাল করবে। এদিকে বাংলাদেশের সব অঞ্চলেই মাঝারী, ভারী কিংবা অতিভারী বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো:

    • বাংলাদেশের সংবিধান সংশোধনের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন করে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি গঠনের বিরোধিতা করে সংসদ থেকে বিরোধী দলের সদস্যরা বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে ওয়াক আউট করেছে।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ পুনর্বহাল করবে। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন: "হরমুজ প্রণালি খোলা আছে এবং ইরান রাজি হোক অথবা না হোক, এটি খোলাই থাকবে। আমরা 'ইরানীয় অবরোধ' পুনর্বহাল করছি। ওদিকে ইরানের শীর্ষ সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া বলেছে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।
    • যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ঘোষণা করেছেন যে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি-কে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তালিকাভুক্ত করা হবে। মাহমুদ নতুন সরকারি ক্ষমতা ব্যবহার করে এই গোষ্ঠীটির প্রতি সমর্থন নিষিদ্ধ করবেন। সংগঠনটির যুক্তরাজ্যে প্রাণনাশের হুমকি, হামলা এবং ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে।
    • বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি দেশি-বিদেশি মুদ্রা পাচার ও সংঘবদ্ধ অপরাধের অভিযোগ এনে গাইবান্ধার হরিদাস চন্দ্র তরনীদাসের বিরুদ্ধে মামলা করেছে। তার বিরুদ্ধে ৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থপাচারের মামলা করেছে সিআইডি। তাকে গত ১২ই জুলাই গাইবান্ধার পলাশবাড়ী থেকে গ্রেপ্তার করে সিআইডি। বিজ্ঞপ্তিতে সিআইডি দাবি করেছে, মি. তরনীদাস ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে তৌহিদ ইসলাম নাম ধারণ করেছিলেন। এর আগে তিনি ভারতে গিয়ে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেন বলে সিআইডি দাবি করেছে।
    • বাংলাদেশের সব অঞ্চলেই মাঝারী, ভারী কিংবা অতিভারী বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়ে আবহাওয়া বিভাগ বলেছে, ভারী বর্ষণের কারণে রাজধানী ঢাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়ে সংস্থাটি বলেছে, আজ দুপুর থেকে আগামী ২৪ ঘণ্টায় দেশের ছয়টি বিভাগের কোথাও ভারী, আবার কোথাও অতিভারী বর্ষণ হতে পারে।
    • জুরাসিক পার্ক সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা স্যাম নেইল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “গভীর শোকের সঙ্গে স্যাম নীলের বর্ধিত পরিবার জানাচ্ছে যে, তিনি সোমবার, ১৩ই জুলাই, অস্ট্রেলিয়ার সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন”।
    • সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি ইরানি বিমানের অবতরণ ঠেকাতে তারা সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালিয়েছে। ইরান-সমর্থিত এবং সানা আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ন্ত্রণকারী হুথি গোষ্ঠীর একজন মুখপাত্র এই হামলার জন্য সৌদি আরবকে অভিযুক্ত করেছেন। তারা এর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  2. সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট

    বাংলাদেশের সংবিধান সংশোধনের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন করে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

    এ কমিটি গঠনের বিরোধিতা করে সংসদ থেকে বিরোধী দলের সদস্যরা বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে ওয়াকআউট করেছে।

    এর আগে কমিটির গঠনের প্রস্তাবটি উত্থাপন করেন চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম।

    তিনি বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর এবং সে অনুযায়ী সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও জোটের সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন তারা।

    তিনি বলেন, বিরোধী দলের নেতাদের সাথে যোগাযোগ করে এ অধিবেশনে নাম পাঠানোর আশ্বাসের প্রেক্ষিতে এই কমিটি গঠন বিলম্বিত হয়েছে।

    “ইতোমধ্যে কয়েকদফায় তাদের সাথে কথা হয়েছে। কিন্তু তারা নাম দেননি। আমি বিরোধী দলের জন্য ৫টি পদ শূন্য রেখে ১২ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করছি,” সংসদে বলেছেন তিনি।

    তিনি জানান, সংসদের এই বিশেষ কমিটিতে বিএনপি থেকে ৭ জন, বাংলাদেশ জাতীয় পার্টির, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র থেকে ১ জন করে এবং বিরোধী দল থেকে ৫ জন সদস্য থাকবেন।

    চিফ হুইপ সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের জন্য সুপারিশ প্রণয়ণ করে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য ১২ সদস্যের যে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন তাতে সালাহউদ্দিন আহমদকে সভাপতি করা হয়েছে।

    কমিটির অন্য সদস্যরা হলেন- নুরুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান, জয়নাল আবেদীন, জুনায়েদ আব্দুর রহিম সাকী, আন্দালিব রহমান, নূরুল হক, মীর হেলাল উদ্দীন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল ও মোহাম্মদ অলিউল্লাহ।

    চিফ হুইপ কমিটি গঠনের প্রস্তাব দেওয়ার পর ফ্লোর নেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান।

    তিনি বলেন, “এটি সত্যি স্বরাষ্ট্রমন্ত্রী ও চিফ হুইপ কয়েক দফায় আমাদের সাথে বসেছেন। আমরা বলিনি যে আমরা নাম দিবো। আমরা ধারণাগত দিক থেকে এটা গ্রহণ করিনি। আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। আমরা এই কমিটিতে অংশ নিবো না। জনগণের রায়কে সম্মান না জানানোর প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি”।

    বিরোধী দলের ওয়াকআউটের পর ফ্লোর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ''গণভোটের গণরায়কে সম্মান দিতে হলে সংবিধান সংশোধন করতে হবে। তারপর সবাই রাজি হলে সংবিধান সংস্কার পরিষদ হতে পারে। কিন্তু সেটিও তাদের সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটিতে এসে বলতে হবে''।

    “বাংলাদেশ ও মানুষের প্রত্যাশায় পঞ্চদশ সংশোধনী বাতিল করতে চাই। এখানে বাতিল না করলে সংশোধন বাতিল না করে সে সংশোধনীর ওপর ভিত্তি করে চলতে হবে। সূতরাং সংবিধান সংশিাধন ছাড়া জাতিকে এগিয়ে নেওয়া যাবে না,” বলেছেন মি.আহমদ।

    স্বরাষ্ট্রমন্ত্রী একটি শক্তিশালী সংবিধান সংশোধন বিল যাতে সংসদে আনা যায় সেজন্য বিরোধী দলের সহযোগিতা কামনা করে বলেন, বিশেষজ্ঞসহ সবার সাথে আলোচনা করেই সংবিধান সংশোধন বিল তৈরি করে সংসদে আনা হবে।

    পরে কন্ঠভোটে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব পাস হয়।

  3. ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ পুনর্বহাল করবেন ট্রাম্প, চলাচলকারী জাহাজগুলোকে দিতে হবে ২০ শতাংশ শুল্ক

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ পুনর্বহাল করবে।

    ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন: "হরমুজ প্রণালি খোলা আছে এবং ইরান রাজি হোক অথবা না হোক, এটি খোলাই থাকবে। আমরা 'ইরানীয় অবরোধ' পুনর্বহাল করছি। এটির এই নাম কারণ এটি কেবল ইরানের জাহাজ বা ইরানের সঙ্গে বাণিজ্যকারী গ্রাহকদের আসা যাওয়া বন্ধ করছে। অন্য সব দেশ ন্যায্য ও উন্মুক্তভাবে এই প্রণালি ব্যবহার করতে পারবে''।

    ট্রাম্প আরো লিখেছেন, ''এখন থেকে যুক্তরাষ্ট্র 'হরমুজ প্রণালির অভিভাবক' হিসেবে পরিচিত হবে। তবে ন্যায্যতার স্বার্থে, এই অত্যন্ত অস্থিতিশীল অঞ্চলে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য এই প্রণালি দিয়ে পরিবাহিত সব পণ্যের ওপর ২০ শতাংশ হারে অর্থ নেওয়া হবে। এই প্রক্রিয়া ও এর কাঠামো গঠনের কাজ অবিলম্বে শুরু হবে।"

    ওদিকে ইরানের শীর্ষ সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া বলেছে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।

    ইরানের বার্তা সংস্থা তাসনিম কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী বলেছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বারবার ‘উসকানিমূলক কর্মকাণ্ড’ এই অঞ্চলের নিরাপত্তাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলেছে।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, "আমরা যুক্তরাষ্ট্রকে এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিতে দেব না এবং কখনোই দেব না।"

    পাশাপাশি দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের ‘দস্যু বাহিনী’ থেকে আসা যেকোনো ধরনের উস্কানি বা অস্থিতিশীলতা মোকাবিলা করছে ইরানের সশস্ত্র বাহিনী।

    এছাড়া ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে কোনো দেশের সহযোগিতাকে ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে ‘যুদ্ধের শামিল’ হিসেবে বিবেচনা করা হবে।

    বিবৃতির শেষ দিকে আরও বলা হয়েছে, সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে, তাহলে যুদ্ধের আগুন পুরো অঞ্চলের দেশগুলোকে গ্রাস করবে।

  4. ‘সবাই দৌঁড়াচ্ছিল, একে অপরের গায়ে ঠাসাঠাসি করছিল’, ব্যাংককে পানশালায় আগুনের ঘটনায় প্রত্যক্ষদর্শীর বর্ণনা

    ব্যাংককের একটি জনাকীর্ণ বারে পারফর্ম করছিল থাই ইন্ডি ব্যান্ড থোৎসাকান। সে সময় মঞ্চের পাশেই বসে থাকা ব্যান্ডটির ম্যানেজার আইস আথিপাত উইজার্ন দেখতে পান, কিবোর্ড বাদকের পেছন দিক থেকে ধোঁয়া বের হচ্ছে।

    কিবোর্ড বাদক কোয়াং সঙ্গে সঙ্গে সবাইকে দ্রুত বেরিয়ে যেতে চিৎকার করেন। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যাংককের প্রাণচঞ্চল চাতুচাক এলাকার রং বিয়ার না লাট ফ্রাও বারে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।

    আইস জানান, ধোঁয়ায় আচ্ছন্ন কক্ষ থেকে বেরিয়ে আসার চেষ্টা করার সময় তিনি দরজা খুলতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন।

    থাই টক শো হোনে-ক্রাসে-কে তিনি বলেন, “সবাই দৌঁড়াচ্ছিল, একে অপরের গায়ে গিয়ে ঠাসাঠাসি করছিল।”

    তিনি হামাগুড়ি দিয়ে বের হওয়ার পথের দিকে এগোচ্ছিলেন। ঠিক তখনই একটি বিস্ফোরণ ঘটে, যার ধাক্কায় তিনি বারের বাইরে ছিটকে পড়েন।

    “আমার প্রেমিকার মরদেহ বাইরে নিয়ে যাওয়ার দৃশ্য, আগুনে দগ্ধ আমার বন্ধুকে দেখার মুহূর্ত এবং যা কিছু ঘটেছে—সবকিছু এখনও আমার চোখের সামনে ভাসছে,” বার্তা সংস্থা এএফপিকে বলেছেন তিনি।

    কর্তৃপক্ষ সোমবার নিশ্চিত করেছে, এই অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন।

    ব্যান্ড সদস্য পাচারা সংফাটকেও -এর ফেসবুক পোস্ট অনুযায়ী, কোয়াং, থোৎসাকানের নারী কণ্ঠশিল্পী ব্রিজ এবং ড্রামার বিউ গুরুতর দগ্ধ হয়ে পরে মারা যান।

    ব্যান্ডের পঞ্চম সদস্য দিন-কে প্রথমে নিখোঁজ বলা হলেও সোমবার সন্ধ্যায় তাকে খুঁজে পাওয়া যায় বলে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

    থাই গণমাধ্যমের খবরে বলা হয়, আগুন লাগার ঠিক আগে শৌচাগারে যাওয়ায় থোৎসাকানের প্রধান কণ্ঠশিল্পী টিক চাইচানা অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান।

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জ্বলন্ত বার থেকে বেরিয়ে আসার সময় তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন।

    ফেসবুকে টিক লিখেছেন, “আমি নিরাপদে আছি। সবার উদ্বেগ ও খোঁজখবর নেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু আমার ফোন এবং সব ব্যক্তিগত জিনিসপত্র আগুনে পুড়ে গেছে... মানসিকভাবে আমি এখন একেবারেই ভালো নেই”।

  5. 'আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছি', বললেন ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ‘সম্ভবত’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে। তার দাবি, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি চুক্তি ‘ভঙ্গ করেছে’।

    ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছি। তাদের কিছুই নেই। তাদের হাতে কিছুই নেই।”

    তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘গত রাতে খুব কঠোর আঘাত হেনেছে’। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম পরিচালিত রাতভর হামলার কথা উল্লেখ করেন, যেখানে ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

    ট্রাম্প আরও বলেন, “আমরা তাদের নিয়ন্ত্রণে নিয়েছি। তারা পিছু হটছে। তাদের বেশিরভাগ সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়ে গেছে”।

    এর আগে সোমবার যুক্তরাজ্যে ইরানের দূতাবাস জানিয়েছিল, হরমুজ প্রণালিতে তারা একটি অস্থায়ী নিরাপদ সামুদ্রিক করিডোর চালু করেছে, যেখানে ‘প্রযুক্তিগত ও সামরিক কোনো বাধা নেই’।

    তবে দূতাবাসের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কারণে এই জলপথ এখন একটি ‘উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল’-এ পরিণত হয়েছে।

  6. ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডকে সমর্থন নিষিদ্ধ করছে যুক্তরাজ্য

    যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ঘোষণা করেছেন যে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি-কে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তালিকাভুক্ত করা হবে।

    মাহমুদ নতুন সরকারি ক্ষমতা ব্যবহার করে এই গোষ্ঠীটির প্রতি সমর্থন নিষিদ্ধ করবেন। সংগঠনটির যুক্তরাজ্যে প্রাণনাশের হুমকি, হামলা এবং ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে।

    পার্লামেন্টে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি জানান, আইআরজিসির প্রতি সমর্থন এখন থেকে অপরাধ হিসেবে গণ্য হবে, যার জন্য সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তি হতে পারে। এর মধ্যে সংগঠনটির পক্ষে ইতিবাচক মত প্রকাশ করা থেকে শুরু করে তাদের সহায়তা করাও অন্তর্ভুক্ত হবে।

    আরও দুটি গোষ্ঠীকেও নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হচ্ছে। এগুলো হলো ইসলামিক মুভমেন্ট অব কম্প্যানিয়নস অব দ্য রাইট (আইএমসিআর) ও রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর স্বেচ্ছাসেবী বাহিনী।

    এই গোষ্ঠীগুলোর গুপ্তচরবৃত্তি, বিদেশে হস্তক্ষেপ, নাশকতা এবং শারীরিক হামলা মোকাবিলার জন্য যুক্তরাজ্যের পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে নতুন ক্ষমতা দেওয়া হবে।

    ধারণা করা হয়, ইরানের আইআরজিসি যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে ইহুদি ও ইসরায়েলিদের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে সাতটি হামলার নির্দেশ দিয়েছে। এর মধ্যে ২৩শে মার্চ গোল্ডার্স গ্রিনে চারটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনাও রয়েছে, যেটির দায় প্রকাশ্যে আইএমসিআর স্বীকার করেছিল।

    প্রধানমন্ত্রী চলতি বছরের এপ্রিল মাসে ন্যাশনাল সিকিউরিটি (স্টেট ফ্রেটস) অ্যাক্টস দ্রুত কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন নিষিদ্ধ ঘোষণার জন্য প্রয়োজনীয় খসড়া বিধিমালা সংসদে উপস্থাপন করা যাবে।

    স্যার কিয়ার স্টারমার বলেছেন, “যেসব রাষ্ট্র আমাদের রাস্তায় ভয়, বিভাজন এবং সহিংসতা ছড়াতে চায়, তাদের জন্য আমরা কখনোই ব্রিটেনকে একটি খেলার মাঠ হতে দেব না”।

  7. ইরানি বিমান ঠেকাতে ইয়েমেনের সানা বিমানবন্দরে হামলা

    সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি ইরানি বিমানের অবতরণ ঠেকাতে তারা সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালিয়েছে।

    ইরান-সমর্থিত এবং সানা আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ন্ত্রণকারী হুথি গোষ্ঠীর একজন মুখপাত্র এই হামলার জন্য সৌদি আরবকে অভিযুক্ত করেছেন। তারা এর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।

    মাহান এয়ারের একটি বিমান গত ১৩ই জুলাই সানার উদ্দেশ্যে রওনা হয় এবং কয়েক ঘণ্টা পর তেহরানে ফিরে আসে। প্রতিবেদন অনুযায়ী, বিমানটি ওমানের আকাশসীমা ব্যবহার করে সানার দিকে যাচ্ছিল।

    ইয়েমেনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং ইরানের মাহান এয়ারের মধ্যে একটি বিমান পরিবহন চুক্তি” স্বাক্ষরিত হওয়ার খবর প্রকাশের পর এ ঘটনা ঘটে।

    খবরে বলা হয়েছিল যে, “চুক্তি অনুযায়ী ইরান ও ইয়েমেনের মধ্যে প্রতি সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করা যেতে পারে।”

    হুথি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ওই দিন এক বিবৃতিতে বলেন, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে দুই শতাধিক অসুস্থ, আহত ও আটকে পড়া নাগরিক বহনকারী একটি বেসামরিক বিমানকে অবতরণে বাধা দিতে সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করেছে।

    তারা সৌদি আরবকে সতর্ক করে বলেছে, “যদি দেশটি আমাদের আকাশসীমা লঙ্ঘন করে তাহলে তারা স্থল ও সমুদ্রপথে, বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে জবাব দেবে”।

    ইয়েমেনের হুথিরা, যারা নিজেদেরকে আনসার আল্লাহ নামে পরিচয় দেয়, তারা ইয়েমেনের পশ্চিমাঞ্চলের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা নিয়ন্ত্রণ করে। তবে উপসাগরীয় উপকূল এবং এডেন বন্দর সাবেক ইয়েমেন সরকারের বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

    হুথিরা রাজধানী সানা, গুরুত্বপূর্ণ হোদেইদাহ বন্দর এবং লোহিত সাগরের উপকূলের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে।

    সৌদি সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই ফ্লাইট সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে সৌদি নেতৃত্বাধীন জোটের কমান্ডার-ইন-চিফ এক বিবৃতিতে বলেছেন যে, তারা এই পদক্ষেপের জবাব “অভূতপূর্ব শক্তি ও দৃঢ়তার সঙ্গে” দেবে।

  8. জুরাসিক পার্ক খ্যাত অভিনেতা স্যাম নেইলের মৃত্যু

    জুরাসিক পার্ক সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা স্যাম নেইল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

    তার পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “গভীর শোকের সঙ্গে স্যাম নীলের বর্ধিত পরিবার জানাচ্ছে যে, তিনি সোমবার, ১৩ই জুলাই, অস্ট্রেলিয়ার সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন”।

    “স্যাম তাঁর পরিবারের সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন এবং জীবনের মতোই মৃত্যুকেও তিনি সেই মর্যাদা ও সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন। তাঁর মৃত্যু ছিল আকস্মিক ও অপ্রত্যাশিত। তবে পরিবার কৃতজ্ঞ যে তিনি শেষ পর্যন্ত ক্যান্সারমুক্ত ছিলেন”।

    বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে সেন্ট ভিনসেন্ট প্রাইভেট হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সকল কর্মীর প্রতি তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

    বিবৃতিতে জানানো হয় যে, এ বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য জানানো হবে। তবে এই মুহূর্তে পরিবারের পক্ষ থেকে এই অপূরণীয় শোকের সময় পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করা হয়েছে।

    এর আগে ২০২৩ সালের মার্চ মাসে স্যাম নেইল প্রকাশ করেন যে, তাঁর ক্যান্সার ধরা পড়েছে। তিনি এটিকে ‘অত্যন্ত ভয়ংকর ও আক্রমণাত্মক ধরনের’ নন-হজকিন লিম্ফোমা বলে বর্ণনা করেছিলেন।

    তবে চলতি বছরের এপ্রিল মাসে তিনি গণমাধ্যমকে জানান যে, থেরাপি নেওয়ার পর তিনি সম্পূর্ণ ক্যান্সারমুক্ত হয়েছেন।

    অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সেভেন নিউজকে তিনি বলেছিলেন, “এইমাত্র আমার একটি স্ক্যান হয়েছে এবং আমার শরীরে এখন আর কোনো ক্যান্সার নেই। এটা সত্যিই অসাধারণ একটি বিষয়।”

    অভিনেতার পরিবারের প্রকাশিত বিবৃতিতেও নিশ্চিত করা হয়েছে যে, মৃত্যুর আগ পর্যন্ত নীল ‘ক্যান্সারমুক্ত ছিলেন’। সেখানে তাঁর মৃত্যুকে ‘আকস্মিক ও অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করা হয়েছে।

  9. চট্টগ্রামে সাপে কেটেছে ৯৫ জনকে, মন্ত্রী বললেন পর্যাপ্ত অ্যান্টি ভেনম আছে

    স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, বন্যার কারণে সাপের কামড়ে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়লেও এখন পর্যন্ত সাপে কাটা কোনো রোগী মারা যায়নি।

    “এলাকাগুলোতে মাইকিং করা হয়েছে। বন্যার কারণে জঙ্গল থেকে সাপ আসে। নদী থেকে বিষাক্ত সাপ আসে। বৃহস্পতিবার থেকে সিভিল সার্জনদের প্রস্তুত করা হয়েছে। যাতে সাপে কাটা রোগীকে দ্রুত হাসপাতালে আনা যায়। প্রথম রাতে পাঁচ জনকে সাপে কেটেছিল। চিকিৎসা দেওয়া হয়েছে,” ঢাকায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।

    মন্ত্রী জানান, কেন্দ্রীয়ভাবে এক হাজার ভাওয়েল অ্যান্টি ভেনম মজুত রাখার পাশাপাশি মাঠপর্যায়ে একুশ হাজার ভাওয়েল অ্যান্টি ভেনম রাখা হয়েছে। “এছাড়া আগামী পনের দিনে আরও ২৫ হাজার ভাওয়েল অ্যান্টি ভেনম আসবে”।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, মোট এগারটি জেলা এখন বন্যা কবলিত। এগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী , লক্ষীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া। এর মধ্যে চট্টগ্রামে মোট ৯৫ জনকে সাপে কেটেছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

    মন্ত্রী জানান, বন্যা কবলিত জেলাগুলোতে পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইন মজুত রাখা হয়েছে। এছাড়া ১১ জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে।

  10. একতরফা চুক্তির দিন শেষ, বললেন ইরানের স্পিকার

    ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রোববার বলেছেন, “একতরফা চুক্তির যুগ শেষ হয়ে গেছে”।

    তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তার দেশের প্রধান আলোচকের দায়িত্ব পালন করছেন।

    তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন: "আমরা আগেই বলেছিলাম: হয় তোমরা তোমাদের প্রতিশ্রুতি রক্ষা করবে, নয়তো এর মূল্য দিতে হবে। বাস্তবতা এখন দরজায় কড়া নাড়ছে”।

    এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হরমুজ প্রণালিতে ‘অস্থিতিশীলতা ফিরে আসার’ জন্য যুক্তরাষ্ট্রই দায়ী বলে অভিযোগ করেছে।

    অন্যদিকে রোববার রয়টার্স-কে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে বলেন: “আমরা তাদের কঠিনভাবে মোকাবিলা করছি”।

  11. গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যােক্তা হরিদাস মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার

    বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি দেশি-বিদেশি মুদ্রা পাচার ও সংঘবদ্ধ অপরাধের অভিযোগ এনে গাইবান্ধার হরিদাস চন্দ্র তরনীদাসের বিরুদ্ধে মামলা করেছে। তার বিরুদ্ধে ৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থপাচারের মামলা করেছে সিআইডি।

    “প্রাথমিক অনুসন্ধানে দেশি-বিদেশি মুদ্রা পাচার ও সংঘবদ্ধ অপরাধ প্রমাণিত হওয়ায় উত্তরা পশ্চিম থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তার বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসাবে সন্দেহজনক লেনদেনের বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে,” ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    তাকে গত ১২ই জুলাই গাইবান্ধার পলাশবাড়ী থেকে গ্রেপ্তার করে সিআইডি।

    বিজ্ঞপ্তিতে সিআইডি দাবি করেছে, মি. তরনীদাস ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে তৌহিদ ইসলাম নাম ধারণ করেছিলেন। এর আগে তিনি ভারতে গিয়ে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেন বলে সিআইডি দাবি করেছে।

    বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, কিছুদিন আগে তিনি গাইবান্ধার পলাশবাড়ীতে ফিরে স্থানীয় একটি মন্দির কমিটির সাথে সম্পৃক্ত হন। সেখানে একটি উঁচু রাম মূর্তি বানানোর উদ্যোগ নিয়ে স্থানীয়ভাবে আলোচনায় আসেন। এ নিয়ে স্থানীয় ইমাম ওলামা পরিষদ আন্দোলন শুরু করলে ওই প্রকল্প স্থগিত হয়ে যায়।

    গত শুক্রবার গাইবান্ধার পলাশবাড়ীতে জুমার নামাজের পর স্থানীয় মুসল্লিরা ওই বিগ্রহ অপসারণের দাবিতে মানববন্ধনও করে।

    “তার বৈধ কোন আয়ের উৎস না থাকা সত্ত্বেও তার বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসাবে ৯ দশমিক ৩৫ কোটি টাকা জমা হয়েছে এবং তিনি প্রায় সমপরিমাণ টাকা উত্তোলন করেছেন যা সন্দেহজনক,” সিআইডির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসসের ২০২২ সালের আটই নভেম্বরের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে এনএসআই ও র‍্যাবের একটি দল মানিলন্ডারিং ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে হরিদাস চন্দ্র তরনী দাস ওরফে তৌহিদ ইসলাম এবং ইমরান মেহেদী হাসান নামে দুইজনকে গ্রেপ্তার করেছিল।

  12. হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ, রাতভর পাল্টাপাল্টি হামলা

    জাহাজ-ট্র্যাকিং ওয়েবসাইটকে উদ্ধৃত করে বিবিসি ভেরিফাই জানিয়েছে, গতকাল সন্ধ্যার পর থেকে নিজেদের লাইভ লোকেশন দেখিয়ে কোনো বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেনি। তবে অন্য কিছু জাহাজ তাদের ট্রান্সমিটার বন্ধ রেখে প্রণালিটি অতিক্রম করে থাকতে পারে।

    রোববার ইরান সরকারের পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ জানিয়েছিল যে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘অবৈধ চলাচলের’ কারণে বর্তমানে এই জলপথ দিয়ে চলাচল ‘সম্ভব নয়’।

    সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান কেপলার-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার তেলবাহী জাহাজ (ট্যাঙ্কার), বাল্ক ক্যারিয়ার এবং কার্গো জাহাজসহ মোট আটটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এর আগে শনিবার এই সংখ্যা ছিল ২১টি এবং শুক্রবার ছিল ১৪টি।

    রবিবার প্রণালী অতিক্রম করা ওই আটটি জাহাজের মধ্যে মাত্র দুটি তাদের লাইভ লোকেশন দেখিয়েছিল। তবে এই দুটি জাহাজই ইরানি কর্তৃপক্ষের ঘোষণার আগেই প্রণালিটি অতিক্রম করেছিল।

    কেপলারের নথিভুক্ত বাকি ছয়টি জাহাজ ‘ডার্ক’ মোডে চলাচল করেছে অর্থাৎ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় তারা নিজেদের অবস্থান সরাসরি দেখায়নি।

  13. আরও ভারী বৃষ্টির পূর্বাভাস ও উত্তরাঞ্চলের বন্যার অবনতির শঙ্কা

    বাংলাদেশের সব অঞ্চলেই মাঝারী, ভারী কিংবা অতিভারী বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়ে আবহাওয়া বিভাগ বলেছে, ভারী বর্ষণের কারণে রাজধানী ঢাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে।

    ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়ে সংস্থাটি বলেছে, আজ দুপুর থেকে আগামী ২৪ ঘণ্টায় দেশের ছয়টি বিভাগের কোথাও ভারী, আবার কোথাও অতিভারী বর্ষণ হতে পারে।

    “সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে,” ওই সতর্কতায় বলা হয়েছে।

    সাধারণত ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে সেটিকে ভারী বর্ষণ, আর ৮৮ মিলিমিটারের বেশি হলে সেটিকে অতি ভারী বর্ষণ বলা হয়।

    এদিকে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র বলছে, মৌসুমি বায়ু ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত আছে।

    “এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজমান আছে,” কেন্দ্র জানিয়েছে।

    অন্যদিকে বন্যা তথ্য কেন্দ্র বলছে, দেশের তিনটি নদীর তিনটি জেলার চারটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    আগামী দুই দিন উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলায় নদীসংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

    এছাড়া আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় উত্তরাঞ্চলে তিস্তা ও দুধকুমার নদীর পানি কিছু জায়গায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে কোথায় কোথায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

    তবে এই সময়ে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সাবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী নদীর পানি হ্রাস পেতে পারে এবং ওই অঞ্চলের বন্যার পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।

    প্রসঙ্গত, বাংলাদেশে গত কয়েকদিন ধরে কমবেশি টানা বৃষ্টি হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বৃষ্টিপাত প্রথমে পার্বত্য চট্টগ্রামে বন্যা, ভূমিধস ও মৃত্যুর কারন হলেও এখন তা ঢাকাসহ প্রায় বেশিরভাগ জেলাতেই জনজীবন বিপর্যন্ত করে তুলেছে।

    অতিবৃষ্টি, পাহাড়ী ঢল ও পাহাড়ধসে ক্ষয়ক্ষতি ও ত্রাণ সামগ্রী বরাদ্দ ও বিতরণ সংক্রান্ত এক প্রতিবেদনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা আক্রান্ত জেলা সাতটি।

    সপ্তাহের বেশি সময় ধরে চলা এ দুর্যোগে বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় এপর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। আহত হয়েছেন ৩৯ জন।

  14. রোববার ঘটেছিল উল্লেখযোগ্য যে সব ঘটনা:

    • শান্তি প্রচেষ্টায় ব্যাঘাত ঘটানোর জন্য ইরানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গত শনিবার তারা ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি ছিলেন। এমন সময় ইরান হঠাৎ একটি জাহাজে ড্রোন হামলা চালিয়ে সেটি ভেস্তে দেয় বলে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকার বলেছেন ট্রাম্প।
    • হরমুজ প্রণালিতে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় ইরান। এই ঘোষণার কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, তারা জলপথটি খুলে দিয়েছে। মার্কিন বাহিনী সেখানে নৌ-যান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।
    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে এক টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যুক্তরাষ্ট্রের সাথে 'উত্তেজনা হ্রাস' এবং 'যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের সাথে জড়িত সব পক্ষকে সংযম প্রদর্শনের' আহ্বান জানিয়েছেন।
    • চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া বাংলাদেশের বাকি শিক্ষা বোর্ডগুলোতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আর জলাবদ্ধতা ও পাহাড়ধসের কারণে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন ১৩, ১৫ এবং ১৬ জুলাইয়ের স্থগিত পরীক্ষাগুলো পরবর্তীতে নেওয়া হবে।
    • বাংলাদেশের নয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে প্রায় এক লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা হয়েছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
    • বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে মুজিব বর্ষ উদযাপনে প্রায় নয়শ' ৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা খরচ করা হয় বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
    • মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরা মাত্রই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
    • ভারী বর্ষণের ফলে দেশের যেসব এলাকায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেখানে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • দু'দফায় জানাজা শেষে বাংলাদেশের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের দাফন সম্পন্ন হয়েছে সংসদ প্রাঙ্গণে। দ্বিতীয় জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • কাতারের সরকার জানিয়েছে, দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
    • কয়েক ঘণ্টার টানা বর্ষণে ঢাকা ও চট্টগ্রামের অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘরেও পানি উঠেছে কোথাও কোথাও। এতে ভোগান্তিতে পড়েন শহর দু’টির বাসিন্দারা।
    • চীনের পূর্বাঞ্চলে শক্তিশালী টাইফুন 'বাভি'র হাত থেকে বাঁচাতে উপকূলীয় এলাকাগুলো থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে চীন।
  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন মূল পাতায়...