ছাত্রদের 'জাতীয় নাগরিক কমিটি' ঘোষণা, ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে: ড. ইউনূস

'জাতীয় নাগরিক কমিটি' নামে নতুন একটি প্লাটফর্ম গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এখন থেকে যেকোনও পরিমাণ অর্থ ব্যাংক থেকে নগদে তুলতে পারবেন গ্রাহকরা। সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা।

সরাসরি কভারেজ

  1. পত্রিকা: 'বেগম পাড়ায় ছুটছেন সাহেবরা', রোববারের সংবাদপত্র পর্যালোচনা

    পত্রিকা

    "অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর রীতিমতো কানাডার ‘বেগমপাড়া’ কিংবা সেকেন্ড হোমে দেশ থেকে পালিয়ে যাওয়া রাজনীতিবিদ, আমলা আর ব্যবসায়ীর ভিড় বেড়েছে বলে জানা গেছে।

    বিভিন্ন সূত্র থেকে খোঁজ নিয়ে আরো জানা যায়, মামলা, জেল-জরিমানা আর শাস্তির ভয়ে তাঁরা বিভিন্ন উপায়ে ওই সব উন্নত দেশে পাড়ি জমাচ্ছেন।"

    রোববার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে আরো যেসব খবর প্রাধান্য পেয়েছে, জেনে নিতে পারেন এই লিংকে...

  2. খুলেছে আশুলিয়ার গার্মেন্টস, কিছু কারখানা থেকে বেরিয়ে যাচ্ছে শ্রমিকেরা

    পোশাক কারখানা

    ছবির উৎস, Getty Images

    কয়েকদিনের টানা শ্রমিক বিক্ষোভের পর রোববার ঢাকার অদূরে আশুলিয়ার পোশাক কারখানাগুলো চালু হয়েছে।

    সকাল থেকে সাভার এবং আশুলিয়ায় পোশাক কারখানার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

    বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল বিবিসি বাংলাকে বলেছেন, “সকাল থেকে এখনো (দুপুর পর্যন্ত) কোন গোলযোগের খবর পাওয়া যায়নি, তবে, বিচ্ছিন্নভাবে কারখানা থেকে মানুষজন বের হয়ে যাচ্ছে - এমন খবর পাচ্ছি।”

    "তারা কাজ করবে না, শান্তিপূর্ণভাবে বের হয়ে যাচ্ছে। কিন্তু ভ্যানডালিজমের কোন খবর পাই নি," বলেন তিনি।

    তবে, কারখানাগুলো পুরোপুরি বন্ধ ছিল না বলে দাবি করেছেন তিনি।

    "যেসব প্রতিষ্ঠানে শ্রমিকরা আন্দোলন করেছে সেসব প্রতিষ্ঠানগুলো কাজ চালাতে না পেরে বন্ধ করছিল। গোলযোগের কারণে বেশ কিছু কারখানা কাজ না চালাতে পেরে বন্ধ করে দিয়েছিল," বলেন তিনি।

    "তবে, শুক্রবার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক হয়। তারা নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে। পরে শ্রমিক সংগঠনের নেতাদের সাথেও বৈঠক হয়েছে। তারাও কথা দিয়েছে কাজে যোগ দেবে, কোন জটিলতা হবে না” বলেন মি. রুবেল।

    এছাড়া শুক্রবার আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালানোর পর শনিবার বড় ধরনের বিশৃঙ্খলা হয়নি বলেও জানান তিনি।

    শনিবার আশুলিয়ায় ৩০ টির বেশি কারখানা বন্ধ ছিল।

  3. আজ আত্মপ্রকাশ করবে জাতীয় নাগরিক কমিটি

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে রোববার বিকাল সাড়ে চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করবে।

    শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সহস্রাধিক শহীদ ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার পতন ঘটেছে।

    ছাত্র-জনতার অভ্যুত্থানের এক দফার দ্বিতীয় ধাপ তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জন করতে হবে।’

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থান যে নতুন রাজনৈতিক ভাষা ও জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির করেছে,তা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে।

    ‘গণপরিষদের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের ব্যাপারে সমাজে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগের সঙ্গে মত আদান-প্রদানের মাধ্যমে নতুন ঐতিহাসিক বোঝাপড়ায় উপনীত হওয়া এবং সেই মোতাবেক বাংলাদেশের জনগণকে সংগঠিত করা আমাদের অন্যতম উদ্দেশ্য।’

    পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা শুরু হয়।

  4. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি ইতোমধ্যে কাজে যোগদান করেছেন।

    এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।

    এছাড়া সুপ্রিম কোর্টের আরও চারজন আইনজীবীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

    বাকি চার আইনজীবী হলেন মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ এবং আবদুল্লাহ আল নোমান।

    চীফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া তাজুল ইসলাম একসময় এই ট্রাইব্যুনালেই বিচার হওয়া জামায়াত নেতাদের আইনজীবী ছিলেন।

    এছাড়া তিনি আমার বাংলাদেশ বা এবি পার্টি নামের রাজনৈতিক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমান মর্যাদা ভোগ করবেন।

    একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালে শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়।

    এই ট্রাইব্যুনাল গঠনের পর ৫১টি মামলায় ১৩১ জন আসামীর মধ্যে ৯১ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

    পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলীসহ ট্রাইব্যুনালের ১৩জন প্রসিকিউটর পদত্যাগ করেন।

    পরে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছিলেন পুনর্গঠন করা হবে ট্রাইব্যুনাল।