আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের
আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি ইতোমধ্যে কাজে যোগদান করেছেন।
এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।
এছাড়া সুপ্রিম কোর্টের আরও চারজন
আইনজীবীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বাকি চার আইনজীবী হলেন মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ এবং আবদুল্লাহ আল নোমান।
চীফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া তাজুল ইসলাম একসময় এই ট্রাইব্যুনালেই
বিচার হওয়া জামায়াত নেতাদের আইনজীবী ছিলেন।
এছাড়া তিনি আমার বাংলাদেশ বা এবি পার্টি নামের রাজনৈতিক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
আইন,
বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর
অনুবিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, চিফ
প্রসিকিউটর তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমান মর্যাদা ভোগ করবেন।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালে শেখ হাসিনার শাসনামলে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়।
এই ট্রাইব্যুনাল গঠনের পর ৫১টি মামলায়
১৩১ জন আসামীর মধ্যে ৯১ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলীসহ ট্রাইব্যুনালের
১৩জন প্রসিকিউটর পদত্যাগ করেন।
পরে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছিলেন পুনর্গঠন
করা হবে ট্রাইব্যুনাল।