সংসদ নির্বাচনে সারা দেশে মনোনয়নপত্র জমা আড়াই হাজারের বেশি প্রার্থীর

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষদিনে সারা দেশে দাখিল করেছেন দুই হাজার ৫৮২ জন প্রার্থী। নির্বাচনে অংশ নেবেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আরেক সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন, তিনিও নির্বাচনে অংশ নেবেন না। দেশ-বিদেশের আরও খবর-বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

    ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি নেতা আব্দুস সালাম
    ছবির ক্যাপশান, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি নেতা আব্দুস সালাম

    জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। তাই, ঢাকার অন্যান্য আসন থেকে নির্বাচনে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের বিভিন্ন নেতারা।

    ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

    সোমবার ঢাকার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি নেতা আব্দুস সালাম। ঢাকা-১৭ আসন ছাড়াও বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে লড়বেন তারেক রহমান।

    এছাড়াও, ঢাকা-১৪ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মীর আহমেদ বিন কাশেম এবং ইসলামী আন্দোলনের নেতা আবু ইউসুফ।

    ঢাকা-১২ আসন থেকে নির্বাচনে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, লেবার পার্টির নেতা মোস্তাফিজুর রহমান ইরান, বিএনএফ নেতা আবুল কালাম আজাদ।তবে আজ সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে এখনও কোনও মনোনয়নপত্র জমা পড়েনি নির্বাচন কমিশনে।

  2. রোববারের কিছু প্রধান খবর:

    • অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শুরু থেকেই নাগরিক কমিটি ও এনসিপি গঠনে তিনি সম্পৃক্ত থাকলেও তিনি এ এনসিপির অংশ হচ্ছেন না।
    • বাংলাদেশ জামায়াতে ইসলামির নেতৃত্বাধীন আট দলীয় জোটে যোগ দিয়েছে এনসিপি ও এলডিপি। রোববার একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এর ফলে এই জোটের মোট দলের সংখ্যা হয়েছে দশটি।
    • বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে 'উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য' উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।
    • বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
    • আয়কর রিটার্ন দাখিলের সময় আরো এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
    • ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান দুই আসামী ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ।
    • অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রায় পাঁচ বছর পর মিয়ানমারের সামরিক সরকার পর্যায়ক্রমে দেশটিতে নির্বাচন আয়োজন করেছে।
    • জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে এবার পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। আগেরদিন আরেক কেন্দ্রীয় নেতা তাসনিম জারা পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।
  3. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলার অন্যান্য খবর পড়তে ভিজিট করুন মূূলপাতা