সোমবার সারাদিন যা যা হলো:
- ইউক্রেনকে আগামী ১৫ বছর নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেন, এ বিষয়ে একটি চুক্তি প্রায় "৯৫ শতাংশ সম্পন্ন"। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ১৫ বছর না, আগামী ৫০ বছর পর্যন্ত নিরাপত্তা নিশ্চয়তা চান।
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মনোনয়ন দাখিল হয়েছে দুই হাজার ৫৮২টি। তবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিন হাজার ৪০৭টি।
- জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ঢাকার বিভিন্ন আসন থেকে নির্বাচনে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা। ঢাকা-১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
- দেড় যুগ পরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে দুপুর থেকেই বিএনপি কার্যালয়ের আশেপাশে ভীড় করেছেন নেতাকর্মীরা।
- ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলে ঘন কুয়াশার কারণে আজ সোমবার সূর্যের দেখা মেলেনি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ১০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এটি ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ তিনি বিবিসি বাংলাকে এটি নিশ্চিত করেছেন। পরবর্তীতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পাতায় আরও ঘোষণা দেন, তিনি এক নতুন রাজনৈতিক যাত্রা শুরু করবেন।
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামীদের গ্রেফতারের দাবিতে আজ চতুর্থ দিনের মতো ইনকিলাব মঞ্চের কর্মী-সমর্থকরা শাহবাগ মোড় অবরোধ করেছেন।
- অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপিতে যোগ দিয়েছেন। তাকে দলের মুখপাত্রের ও এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
- এনসিপি থেকে ৪৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। তবে তাদের আসন সমঝোতা এখনও হয়নি।
- নির্বাচনী পরিবেশ সৃষ্টি না হওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বিরত থাকার ঘোষণা দিয়েছে।
- আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবে না জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে দিলীপ বড়ুয়া নেতৃত্বাধীন সাম্যবাদী দলও।
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
- এনসিপি-জামায়াত জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা জামায়াতের কাছ থেকে কোনো ধরনের সাংগঠনিক বা আর্থিক সহায়তা গ্রহণ করা নৈতিকভাবে গ্রহণযোগ্য মনে না হওয়ার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তবে তিনি এও জানান, নির্বাচন না করলেও তিনি আপাতত এনসিপি থেকে পদত্যাগ করছেন না।
- ঢাকার কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের আয়োজিত মানবন্ধনে হামলার অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা গণমাধ্যমে অভিযোগ করেছেন, তেজগাঁও থানা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব আবদুর রহমান দীর্ঘদিন ধরেই কারওয়ান বাজারে চাঁদাবাজি করে আসছেন এবং তার-ই লোকজন আজ এই হামলা চালিয়েছে।
বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।