সংসদ নির্বাচনে সারা দেশে মনোনয়নপত্র জমা আড়াই হাজারের বেশি প্রার্থীর

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষদিনে সারা দেশে দাখিল করেছেন দুই হাজার ৫৮২ জন প্রার্থী। নির্বাচনে অংশ নেবেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আরেক সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন, তিনিও নির্বাচনে অংশ নেবেন না। দেশ-বিদেশের আরও খবর-বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো:

    • ইউক্রেনকে আগামী ১৫ বছর নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেন, এ বিষয়ে একটি চুক্তি প্রায় "৯৫ শতাংশ সম্পন্ন"। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ১৫ বছর না, আগামী ৫০ বছর পর্যন্ত নিরাপত্তা নিশ্চয়তা চান।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মনোনয়ন দাখিল হয়েছে দুই হাজার ৫৮২টি। তবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিন হাজার ৪০৭টি।
    • জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ঢাকার বিভিন্ন আসন থেকে নির্বাচনে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা। ঢাকা-১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
    • দেড় যুগ পরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে দুপুর থেকেই বিএনপি কার্যালয়ের আশেপাশে ভীড় করেছেন নেতাকর্মীরা।
    • ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলে ঘন কুয়াশার কারণে আজ সোমবার সূর্যের দেখা মেলেনি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ১০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এটি ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
    • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ তিনি বিবিসি বাংলাকে এটি নিশ্চিত করেছেন। পরবর্তীতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পাতায় আরও ঘোষণা দেন, তিনি এক নতুন রাজনৈতিক যাত্রা শুরু করবেন।
    • ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামীদের গ্রেফতারের দাবিতে আজ চতুর্থ দিনের মতো ইনকিলাব মঞ্চের কর্মী-সমর্থকরা শাহবাগ মোড় অবরোধ করেছেন।
    • অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপিতে যোগ দিয়েছেন। তাকে দলের মুখপাত্রের ও এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
    • এনসিপি থেকে ৪৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। তবে তাদের আসন সমঝোতা এখনও হয়নি।
    • নির্বাচনী পরিবেশ সৃষ্টি না হওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বিরত থাকার ঘোষণা দিয়েছে।
    • আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবে না জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে দিলীপ বড়ুয়া নেতৃত্বাধীন সাম্যবাদী দলও।
    • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
    • এনসিপি-জামায়াত জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা জামায়াতের কাছ থেকে কোনো ধরনের সাংগঠনিক বা আর্থিক সহায়তা গ্রহণ করা নৈতিকভাবে গ্রহণযোগ্য মনে না হওয়ার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তবে তিনি এও জানান, নির্বাচন না করলেও তিনি আপাতত এনসিপি থেকে পদত্যাগ করছেন না।
    • ঢাকার কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের আয়োজিত মানবন্ধনে হামলার অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা গণমাধ্যমে অভিযোগ করেছেন, তেজগাঁও থানা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব আবদুর রহমান দীর্ঘদিন ধরেই কারওয়ান বাজারে চাঁদাবাজি করে আসছেন এবং তার-ই লোকজন আজ এই হামলা চালিয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. ইউক্রেনকে ১৫ বছরের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

    ইউক্রেনকে আগামী ১৫ বছর নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রোববার ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 'রিভাইসড পিস প্ল্যান' বা সংশোধিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার সময় এই প্রস্তাব দেওয়া হয়।

    ডোনাল্ড ট্রাম্প বলেন, এ বিষয়ে একটি চুক্তি প্রায় "৯৫ শতাংশ সম্পন্ন"। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ১৫ বছর না, আগামী ৫০ বছর পর্যন্ত নিরাপত্তা নিশ্চয়তা চান।

    ভলোদিমির জেলেনস্কি বলেন যে, ভূখণ্ড এবং রাশিয়ার দখলে থাকা জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, এই দু'টো বিষয় এখনও অমীমাংসিত রয়েছে। ইউক্রেনের ডনবাস অঞ্চল নিয়েও খুব একটা আলোচনা হয়নি।

    রাশিয়া আগে সংশোধিত শান্তি পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশগুলো প্রত্যাখ্যান করেছিল।

    তবে সোমবার ক্রেমলিনের একজন মুখপাত্র ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের সাথে একমত হন যে শান্তি খুব সন্নিকটে। রাশিয়ার সংবাদ সংস্থা তাস এ খবর জানিয়েছে।

  3. মনোনয়নপত্র জমা পড়েছে দুই হাজার ৫৮২টি

    নির্বাচন কমিশন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মনোনয়ন দাখিল হয়েছে দুই হাজার ৫৮২টি। তবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিলো তিন হাজার ৪০৭টি। নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    জমা পড়া মনোনয়নপত্রের মধ্যে ঢাকা অঞ্চলে ৪১টি সংসদীয় আসনের বিপরীতে ৪৪৪টি, ফরিদপুর অঞ্চলে ১৫টি সংসদীয় আসনের বিপরীতে ১৪২টি, চট্টগ্রাম অঞ্চলে ২৩টি সংসদীয় আসনের বিপরীতে ১৯৪টি, কুমিল্লা অঞ্চলে ৩৫টি সংসদীয় আসনের বিপরীতে ৩৬৫টি, রাজশাহী অঞ্চলে ৩৯টি সংসদীয় আসনের বিপরীতে ২৬০টি, খুলনা অঞ্চলে ৩৬টি সংসদীয় আসনের বিপরীতে ২৭৬টি, বরিশাল অঞ্চলে ২১টি সংসদীয় আসনের বিপরীতে ১৬৬টি, ময়মনসিংহ অঞ্চলে ৩৮টি সংসদীয় আসনের বিপরীতে ৩১১টি, সিলেট অঞ্চলে ১৯টি সংসদীয় আসনের বিপরীতে ১৪৬টি, রংপুর অঞ্চলে ৩৩টি সংসদীয় আসনের বিপরীতে ২৭৮টি মনোনয়নপত্র জমা পড়েছে।

    মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে চলতি বছরের ৩০শে ডিসেম্বর থেকে ২০২৬ সালের চৌঠা জানুয়ারি পর্যন্ত।

  4. ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাসনিম জারা

    তাসনিম জারা

    ছবির উৎস, Tasnim Jara

    ছবির ক্যাপশান, ঢাকা ৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা) আসনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় এই ছবি পোস্ট করেন তাসনিম জারা।

    জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাসনিম জারা আজ সবুজবাগ থানা নির্বাচন কমিশনারের কার্যালয়ে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা) আসনে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি তার পক্ষে এক শতাংশ ভোটারের সমর্থনের নথিপত্র জমা দিয়েছেন।

    প্রাথমিকভাবে কথা ছিল যে তিনি জাতীয় নাগরিক পার্টি থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

    কিন্তু গত ২৭শে ডিসেম্বর জামায়াতে ইসলামীর সাথে এনসিপির জোট গঠনের আলোচনার প্রেক্ষাপটে তিনি দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদ থেকে পদত্যাগ করেন এবং কোনো নির্দিষ্ট দল বা জোট থেকে নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দেন।

    এরপর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা-৯ আসনের চার হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করেন।

    স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাসনিম জারা

    ছবির উৎস, Tasnim Zara Team

    ছবির ক্যাপশান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাসনিম জারা
  5. দুই শতাধিক আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে জাতীয় পার্টি

    আসন্ন সংসদ নির্বাচনে দুই শতাধিক আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে দলটি জানিয়েছে।

    জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বিবিসি বাংলাকে বলেছেন, ''২৪৩ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু সময় স্বল্পতার কারণে অনেকে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তবে দুই শতাধিক আসনে আমাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন''।

  6. আমরা নতুন করে শুরু করবো: মাহফুজ আলম

    অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ঘোষণা দিয়েছেন, তিনি নতুন রাজনৈতিক যাত্রা শুরু করবেন।

    সোমবার একটি ফেসবুক স্ট্যাটাসে মাহফুজ আলম ইংরেজি তার এই ঘোষণা দিয়েছেন।

    সেখানে তিনি বলেছেন, ''আমরা নতুন করে শুরু করবো''।

    ''নতুন চিন্তাভাবনা, লক্ষ্য এবং সততার সাথে আমরা এক নতুুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে এগিয়ে যাবো। আসুন, জুলাইয়ের ত্যাগের সম্মানে, তরুণ প্রজন্মের জন্য এবং বাংলাদেশের জন্য আমরা এক দীর্ঘ পথচলা শুরু করি''।

    ''আমরা কোনো আপস করবো না,''তিনি লিখেছেন।

    রোববার ফেসবুকে দেওয়া একটি ঘোষণায় মাহফুজ আলম বলেছিলেন, শুরু থেকেই নাগরিক কমিটি ও এনসিপি গঠনে তিনি সম্পৃক্ত থাকলেও তিনি এ এনসিপির অংশ হচ্ছেন না।

    নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মাহফুজ আলম বলেছেন, ''ইতিহাসের এ চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে। এ পর্বে কোন পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়''।

    আজ তিনি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন যে, তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন না।

  7. জামায়াতের জোটে যোগ দিচ্ছে এবি পার্টি

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

    আজ সোমবার বিকেলে বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এ কথা জানান।

    তিনি বলেন, ইতোমধ্যে আসন বণ্টন নিয়ে সমঝোতা আলোচনা হয়েছে। আরও কয়েকটি আসন নিয়ে আলোচনা চলছে। মনোনয়নপত্র জমা দেয়ার পর ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করা হবে।

    ফেনী-২, বরিশাল-৩ এবং পটুয়াখালী-১ আসনে জামায়াত তাদের প্রার্থী দেয়নি।

    এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন জামায়াতের ৮ দলীয় নির্বাচনী সমঝোতার সাথে তারা যুক্ত আছেন এবং আলোচনা চলমান আছে।

    রোববার জামায়াত নেতৃত্বাধীন আট দলীয় জোটে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি ও এলডিপি। এবি পার্টি যোগ দিলে এই জোটে মোট দলের সংখ্যা হবে ১১টি।

    এ নিয়ে আরো পড়তে পারেন:

  8. জামায়াতের সাথে জোট গঠন সঠিক মনে করি না, আবার পার্টি থেকে পদত্যাগ করছি না: সামান্তা শারমিন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন
    ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

    এবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

    সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

    তিনি তার পোস্টে বলেন, "যেহেতু আমি এই জোট গঠনের সিদ্ধান্তকে সঠিক মনে করি না, আবার একই সঙ্গে পার্টি থেকেও এই মুহূর্তে আপাতত পদত্যাগ করছি না—তাই এনসিপি–জামায়াত জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা জামায়াতের কাছ থেকে কোনো ধরনের সাংগঠনিক বা আর্থিক সহায়তা গ্রহণ করা আমার কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। সে কারণেই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি না।"

    "পার্টির ঘোষিত অবস্থান অনুযায়ী এটি কোনো আদর্শিক জোট নয়; ফলে আদর্শিকভাবে জামায়াতের রাজনীতির বিরোধিতা করা এনসিপির অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক নয়। জামায়াতের সাথে নির্বাচনী জোট গঠনের বিষয়ে এনসিপির এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড়। এর ফলাফলের সঙ্গে পার্টির ভবিষ্যৎ রাজনীতি অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে গেছে। একই সঙ্গে এনসিপির ভেতরে আমার নিজের রাজনৈতিক ভবিষ্যৎও এই সিদ্ধান্তের পরিণতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত," যোগ করেন তিনি।

    তিনি বলেন, "সাম্প্রতিক সময়ে নির্বাচনী কৌশল, বিশেষত জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট ও আসন সমঝোতার প্রশ্নে পার্টির ভেতরে ভিন্ন ভিন্ন অবস্থান স্পষ্ট হয়েছে। আমি এই বিষয়ে আমার ভিন্নমত প্রকাশ করেছি। প্রত্যেকে নিজ নিজ রাজনৈতিক বোঝাপড়া ও বাস্তবতার মূল্যায়নের ভিত্তিতেই অবস্থান নিয়েছে।"

  9. গণভোট ও নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা জাসদের

    আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবে না জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

    জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।

    জাসদ জানায়, তারা "একপাক্ষিক একতরফা" নির্বাচনে অংশগ্রহণ করবে না।

    বিবৃতিতে বলা হয়, "একটি অনির্বাচিত অসাংবিধানিক সরকারের চেয়ে একটি নির্বাচিত সাংবিধানিক সরকার যে কোনো বিবেচনায় শ্রেয়। সেই বিবেচনা থেকেই জাসদ অতীতে কয়েকটি বিতর্কিত নির্বাচন ছাড়া অতীতে অনুষ্ঠিত সকল নির্বাচনে অংশগ্রহণ করেছে। জাসদ একটি নির্বাচনমুখী দল হয়েও আসন্ন অসাংবিধানিক গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে একপাক্ষিক, একতরফা নির্বাচনে অংশগ্রহন না করার সিদ্ধান্ত গ্রহণ করছে।"

    এতে আরও বলা হয়, "অন্তর্বর্তীকালীন সরকার সুস্পষ্টভাবেই নিরপেক্ষ না। এই সরকার নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচনের বদলে একটি অসাংবিধানিক গণভোট ও একপাক্ষিক, একতরফা সংসদ নির্বাচনের আয়োজন করেছে। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে সরকারের রাজনৈতিক ইচ্ছা বাস্তবায়নে অসাংবিধানিক গণভোট ও একপাক্ষিক একতরফা সংসদ নির্বাচনের প্রহসন করছে।"

    অন্যদিকে দিলীপ বড়ুয়া নেতৃত্বাধীন সাম্যবাদী দলও ঘোষণা দিয়েছে, তারাও এই নির্বাচনে অংশ নেবে না।

  10. এনসিপি থেকে ৪৭টি মনোনয়ন পত্র জমা পড়েছে

    এনসিপি'র সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ (বাঁ থেকে)
    ছবির ক্যাপশান, এনসিপি'র সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ (বাঁ থেকে)

    "আমাদের ৪৭টি (মনোনয়নপত্র) সাবমিট হয়েছে, আমাদের আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। আমরা কিছুটা বাড়িয়ে সাবমিট করেছি। অনেকেরটা বাতিল হতে পারে, ভুলত্রুটি থাকতে পারে। এটা আগামী কয়েকদিনের মাধ্যমে আলাপ-আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয়ে যাবে যে এনসিপি কতটি আসনে প্রার্থী দিচ্ছি।"

    আজ সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম।

    উল্লেখ্য, আজ ২৯শে ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

  11. নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকার ঘোষণা ওয়ার্কার্স পার্টির

    নির্বাচন পরিবেশ সৃষ্টি না হওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বিরত থাকার ঘোষণা দিয়েছে।

    সোমবার একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দলটি।

    আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল ছিল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এই দলের সভাপতি রাশেদ খান মেনন আওয়ামী লীগ সরকারের সময় মন্ত্রীও হয়েছিলেন।

    তবে গণ অভ্যুত্থানের সময় নিউমার্কেটে ব্যবসায়ী হত্যার মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া দলের একাধিক নেতার বিরুদ্ধে মামলা রয়েছে।

    দলটি তাদের বিবৃতিতে বলেছে, ''বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সর্বোচ্চ উদ্যোগ রেখে নির্বাচনে অংশগ্রহণে করার চেষ্টা করলেও উপরিউল্লেখিত পরিস্থিতি নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করে রেখেছে বিধায়, আগামী ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে বিরত থাকার সিদ্ধান্ত নিচ্ছে''।

  12. এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্রের দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ

    এনসিপি'র সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদকে দলের মুখপাত্রের দায়িত্ব  দেওয়ার ঘোষণা করা হয়
    ছবির ক্যাপশান, এনসিপি'র সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদকে দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়ার ঘোষণা করা হয়

    অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপিতে যোগ দিয়েছেন। তাকে দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।

    আজ সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

    নাহিদ ইসলাম জানান, "আসিফ মাহমুদ এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না। বরং, এনসিপি থেকে মনোনীত প্রার্থীরা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে গণ-অভ্যুত্থানের পক্ষে কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন, সেজন্য তিনি কাজ করবেন। এজন্য তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।"

    এনসিপি'র নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে এর আগে দায়িত্ব পালন করে আসছিলেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। কিন্তু যেহেতু তিনি নির্বাচন করবেন, তাই তিনি ওই দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

    এসময় আসিফ মহমুদ বলেন, "আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি, আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আমাদের জুলাই গণ-অভ্যুত্থানের আরও সংখ্য সহযোদ্ধাদের সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না।"

    "আমার সহযোদ্ধাদের নির্বাচিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো," তিনি আরও যোগ করেন।

  13. হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজও শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ

    হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শাহবাগ অবরোধ
    ছবির ক্যাপশান, হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামীদের গ্রেফতারের দাবিতে আজ চতুর্থ দিনের মতো ইনকিলাব মঞ্চের কর্মী-সমর্থকরা শাহবাগ মোড় অবরোধ করেছেন।

    হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ চারদিন ধরে তারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। অবস্থানরতদের মাঝে অনেক নারী-শিশুর উপস্থিতিও রয়েছে। আর এই অবরোধের ফলে আজও ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

    মোট চার দফা দাবিতে এই কর্মসূচি চলছে। দাবিগুলো হলো —

    এক ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামী ও সহযোগী চক্রকে অবিলম্বে গ্রেপ্তার করে ২৫ দিনের মধ্যে বিচারকাজ সমাপ্ত করতে হবে।দুই. নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থার কাঠামোগত সংস্কার করতে হবে এবং সেখানে অবস্থানরত সব ভারতীয় গুপ্তচরকে চিহ্নিত করতে হবে।

    তিন. গণমাধ্যমে লুকিয়ে থাকা দেশবিরোধী ও বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে।

    চার. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট পুনর্মূল্যায়ন করে বাতিল করতে হবে। ভারত যদি তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া আসামীদের ফেরত দিতে অস্বীকৃতি জানায়, তাহলে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে।

  14. মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানো হচ্ছে না

    গত ১১ই ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের প্রজ্ঞাপন অনুযায়ী আজ ২৯শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

    গুঞ্জন ছিল যে মনোনয়ন দাখিলের জন্য সময়সীমা আরও কিছুটা বাড়ানো হতে পারে।

    কিন্তু আজ বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানান, এই সময় আর বাড়ানো হবে না।

    ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  15. এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

    আসিফ মাহমুদ
    ছবির ক্যাপশান, আসিফ মাহমুদ

    ছাত্র প্রতিনিধি হিসাবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে। সোমবার বিকালে এই বিষয়ে ঘোষণা আসতে পারে। দলে তাকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছেন একজন শীর্ষ নেতা।

    আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না বলেই জানা গেছে।

    এনসিপির ওই নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন, আজ সন্ধ্যায় এনসিপি তার দলীয় কার্যালয়ে যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সেটির মূল কারণ আসিফ মাহমুদের দলের যোগদান উপলক্ষে।

    এনসিপির সুত্রটি জানায়, আপাতত নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও তিনি এনসিপির মূখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

    বিকেলেই এনসিপির পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে। এতে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    এর আগে ঢাকা ১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্রও সংগ্রহ করেছিলেন তিনি। একই সাথে তার সমর্থকরা কুমিল্লা ৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন। যদিও সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনটিতেই তার মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য জানা যায়নি।

  16. ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যা দেখলেন বিবিসি সংবাদদাতারা

    আজ সোমবার, ২৯শে ডিসেম্বর ছিল জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এ দিন ঢাকার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত ছিলেন বিবিসির সংবাদদাতারা।

    তারা জানিয়েছেন, এদিন সকাল থেকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভিন্ন দলের নেতাদের উপস্থিতি ছিল। এর মাঝে বিএনপি নেতাদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি।

    এসময় ভেতরের পরিবেশ কেমন ছিল, সে ব্যাপারে বিবিসি সংবাদদাতা মুকিমুল আহসান জানান, যখন বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়ার জন্য আসছিলেন, তখন তাদের কর্মী-সমর্থকরাও ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন। এক জন প্রার্থীর সাথে পাঁচজনের বেশি না আসার নিয়ম থাকলেও কোনও কোনও প্রার্থীর ক্ষেত্রে এই সংখ্যা বেশি ছিল।

    মনোনয়নপত্র জমা দেওয়ার পর অনেক দলের নেতারা গণমাধ্যমে কথা বলেছেন। তাদের কেউ কেউ দাবি করেছে যে নির্বাচনের জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত হয়নি।

    ঢাকায় মোট আসন সংখ্যা ২০টি। এর মাঝে সিটি কর্পোরেশনের মাঝে পড়েছে ১৩টি আসন, বাকি পাঁচটি বাইরে।

    বিএনপি ছাড়াও এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এবি পার্টিসব অনেক দলের প্রার্থীরাও নির্বাচনে লড়াই করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    আজ শেষ দিন হওয়ায় শেষ বিকেলেও অনেককে মনোনয়নপত্র জমা দিতে দেখা গেছে, জানান বিবিসি সংবাদদাতা।

  17. নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম

    মাহফুজ আলম
    ছবির ক্যাপশান, মাহফুজ আলম

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

    সোমবার বিবিসি বাংলাকে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

    লহ্মীপুর-১ আসন থেকে মাহফুজ আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল।

    মাহফুজ আলম বিবিসি বাংলাকে বলেন, ''আমি তো শুরু থেকেই বলে আসছি যে, নির্বাচন করবো না। এই কারণে আমি সরকার থেকে সরে যেতে চাইনি। কিন্তু সরকার মনে করেছে, ছাত্র প্রতিনিধিরা থাকলে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের সময় প্রশ্ন উঠতে পারে। সেই কারণে আমি সরে গেছি। কিন্তু নির্বাচন করবো না, সেটা আমার আগে থেকেই সিদ্ধান্ত ছিল।

    তবে তার ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ওই আসন থেকে আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

    এই প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, ''তিনি এনসিপির নেতা, তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন করবেন। এই বিষয়ে আমার কিছু বলার কিছু নেই''।

    এর আগে সোমবার ফেসবুকে দেওয়া একটি ঘোষণায় মাহফুজ আলম বলেছিলেন, শুরু থেকেই নাগরিক কমিটি ও এনসিপি গঠনে তিনি সম্পৃক্ত থাকলেও তিনি এ এনসিপির অংশ হচ্ছেন না।

    নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মাহফুজ আলম বলেছেন, ''ইতিহাসের এ চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে। এ পর্বে কোন পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়''।

  18. সারাদিন দেখা মেলেনি সূর্যের, মঙ্গলবার শীত আরও বাড়বে

    শীতে আগুন পোহাচ্ছে মানুষ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শীতে আগুন পোহাচ্ছে মানুষ

    ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলে ঘন কুয়াশার কারণে আজ সোমবার সূর্যের দেখা মেলেনি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ১০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এটি ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বিবিসি বাংলাকে বলেন, আগামীকাল তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

    "তবে শীত বাড়লেও কুয়াশা কিছুটা কমতে পারে কাল। সেক্ষেত্রে শেষ বিকেলে সূর্যের দেখা মিললেও মিলতে পারে আগামীকাল। যদি সেটা না হয়, তাহলে হয়তো পরশু সূর্য দেখা যেতে পারে।"

    পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুুয়াশা পড়তে পারে, তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

  19. দেড় যুগ পরে নয়াপল্টনে তারেক রহমান

    দেড় যুগ পরে ঢাকার নয়াপল্টনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

    ছবির উৎস, BNP Media Cell

    ছবির ক্যাপশান, দেড় যুগ পরে ঢাকার নয়াপল্টনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

    দেড় যুগ পরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    আজ সোমবার দুপুরের পর গুলশানের কার্যালয় থেকে তার গাড়িবহর বের হয়।

    বিকাল সাড়ে ৩টার দিকে গাড়ি বহরটি কার্যালয়ের সামনে পৌঁছায়।

    দেড় যুগেরও বেশি সময় পর নেতাকে স্বাগত জানাতে দুপুর থেকেই বিএনপি কার্যালয়ের আশেপাশে ভীড় করেছেন নেতাকর্মীরা।

    কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই ঐ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ভীড়

    ছবির উৎস, BNP Media Cell

    ছবির ক্যাপশান, তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ভীড়
  20. চাঁদাবাজির প্রতিবাদে কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মানবন্ধনে হামলা

    ঢাকার কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের আয়োজিত মানবন্ধনে হামলার অভিযোগ উঠেছে।

    আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

    ব্যবসায়ীরা গণমাধ্যমে অভিযোগ করেছেন, তেজগাঁও থানা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব আবদুর রহমান দীর্ঘদিন ধরেই কারওয়ান বাজারের বিভিন্ন মার্কেটে চাঁদাবাজি করে আসছেন এবং তার-ই লোকজন আজ তাদের ওপর এই হামলা চালিয়েছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটিনায় কয়েকজন আহত হয়েছেন।

    পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম সাংবাদিকদের বলেন, এখানে ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপ রয়েছে। এখানে মানববন্ধনে এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষ দাঁড়িয়েছে। মানববন্ধন চলাকালে একটি পক্ষ এসে তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

    তিনি জানান, এ ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। মানববন্ধন শেষ হয়েছে। যারা আহত হয়েছেন, তাদের থানায় এসে মামলা করতে বলা হয়েছে।