শুক্রবার সারাদিন যা যা ঘটেছে:
- এনসিপি’র অনুষ্ঠান বর্জনের মধ্যেই জুলাই সনদে বিএনপি-জামায়াতসহ দলগুলোর সই। এছাড়া সই করেনি কমিউনিস্ট পার্টি, বাসদসহ বামপন্থী চারটি দল।
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেকেও তাতে সই করেনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন দল গণফোরাম।
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে দুপুরে সংসদ ভবনের সামনে জড়ো হওয়া 'জুলাই যোদ্ধা' ব্যানারে কয়েকশো বিক্ষোভকারীকে ধাওয়া ও তাদের উপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বিক্ষোভকারীরা সংসদ ভবনের বাইরে অবস্থান নেয়।
- বিক্ষোভের মুখে জুলাই সনদের অঙ্গীকারনামায় সংশোধনী আনে জাতীয় ঐক্যমত্য কমিশন। আগে যেখানে শুধু শহীদদের কথা বলা হয়েছিল, সেখানে আহতদের জন্যও রাষ্ট্রীয় মর্যাদা ও সুযোগ সুবিধার বিষয় যুক্ত করা হয়।
- প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে ২৫ টি দলের নেতারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
- জুলাই সনদ স্বাক্ষরের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, এর মধ্য দিয়ে ‘নতুন বাংলাদেশের সূচনা’ হয়েছে। এই সনদ “পুরো পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে” বলেন তিনি।
- জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির অবস্থান সম্পর্কে বলেন, “বিচক্ষণতার অভাব হয়েছে তাদের, নাহলে তারা অবশ্যই এটা সই করতো আজকে।”
- জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব হলেতা জাতির সঙ্গে গাদ্দারি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
- জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে ‘জাতীয় ঐক্য’ নয় বলে উল্লেখ করেছেন।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...



















