বুধবার সারাদিন যা যা হলো:
- লক্ষ্মীপুরে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য অবৈধ সিল বানানোর অভিযোগে স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাসহ দুজনের নামে মামলা করা হয়েছে।
- জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলম নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির যে অভিযোগ এনেছিলেন, প্রাথমিকভাবে সেই অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
- "মব ভায়োলেন্স বলতে কোনোকিছু নেই। পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করতেছে না," বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
- জুলাই অভ্যুত্থানের পর থেকে গত ১৭ মাসে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ১৯৫ জন এবং মব সহিংসতা ও গণপিটুনীতে ২৫৯ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা এইচআরএসএস নামের একটি মানবাধিকার সংগঠন।
- জামায়াতে ইসলামী "দেশের বাস্তবতা, জনগণের চাহিদা ও আগামীর সম্ভাবনাকে" সামনে রেখে তাদের নির্বাচনী ইশতেহারকে আটটি ভাগে ভাগ করেছে এবং ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে দলটি।
- কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে 'ভোট চাওয়াকে কেন্দ্র করে' আজ বুধবার সকালের দিকে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন যে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা “আগামী কয়েক দিনের মধ্যে” হওয়ার পরিকল্পনা রয়েছে।
- ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহার ঘোষণা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে অনেকগুলো বিষয়ের পাশাপাশি ক্ষমতায় এলে শরিয়া বা ইসলামি আইনের সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা বলেছে তারা।
- নরসিংদীর রায়পুরায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।
- "বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই নতুন জালেমদেরকে মানুষ গুপ্ত হিসেবে চিনে। এই জালেমদের নেতা দুইদিন আগে প্রকাশ্যে বাংলাদেশের নারীদের বিষয়ে অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে," বরিশালে নির্বাচনী জনসভায় জামায়াতকে ইঙ্গিত করে বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
- জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকিংয়ের শিকার হওয়ার দাবি করার পর এবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স হ্যান্ডেল হ্যাকড হয়েছে বলে দাবি করেছে দল।
- শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
দেশ-বিদেশের আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলা'র মূল পাতায়।















