ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

ঢাকায় মঙ্গলবার রাতে পাঁচ দশমিক নয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। জামায়াতের জুনিয়র টিম বিএনপি'র বিরুদ্ধে নোংরা ভাষায় কথা বলছে বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাস। বাংলাদেশ পুলিশের বিশেষ বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র‍্যাবের নাম পাল্টে হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো:

    • বাংলাদেশ সময় আজ রাত ৯টা ৩৪ মিনিটের দিকে বাংলাদেশে পাঁচ দশমিক নয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের সিতওয়ে অঞ্চলের কাছাকাছি।
    • বিএনপি ক্ষমতায় গেলে মানুষ বাংলাদেশে নিরাপদে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
    • "জামায়াতে ইসলামীর একটি গ্রুপ, জামায়াতে ইসলামীর জুনিয়র টিম সকাল-দুপুর-সন্ধ্যা বিএনপি'র বিরুদ্ধে অসভ্য-নোংরা ভাষায় কথাবার্তা বলছে," বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।
    • বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আজ নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার একটি অপচেষ্টা চলছে।
    • প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টিনকে ঘিরে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং তার স্ত্রী, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। অন্যদিকে এপস্টিন ফাইলের জের ধরে ব্রিটেনের হাউজ অব লর্ডস থেকে পদত্যাগের কথা জানিয়েছেন লর্ড ম্যান্ডেলসন। ওই ফাইলের বিষয়টি তদন্তের জন্য পুলিশের কাছে পাঠিয়েছে ব্রিটেনের মন্ত্রিপরিষদ বিভাগ।
    • বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার ও শিল্প মন্ত্রণালয় সাবেক সচিব মো. আব্দুল হালিম এবং বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ/বাজেট/সমন্বয়/সুশাসন) মো. সবুর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
    • গত এক সপ্তাহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নামে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও মি. রহমানের উপদেষ্টা মাহ্দী আমিন।
    • "দোয়া করবেন যাতে সংসদে গিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি ও পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি। আর যারা সন্ত্রাসী আছে, তাদের প্রত্যেকটার হাত-পা গুঁড়া করে আইনের মধ্যে নিয়ে জেলে আটকায়ে রাখতে পারি," বলেছেন ঢাকা-৮ আসনের নির্বাচনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
    • পুলিশের বিশেষ বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন – র‍্যাবের নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সন্ত্রাস দমনের জন্য গঠিত এই বাহিনীর নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স – এসআইএফ।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. হাউজ অব লর্ডস থেকে অবসর নিচ্ছেন পিটার ম্যান্ডেলসন

    পিটার ম্যান্ডেলসন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, পিটার ম্যান্ডেলসন

    ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডস থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পিটার ম্যান্ডেলসন।

    আগামীকাল চৌঠা ফেব্রুয়ারি থেকে তার অবসর কার্যকর হবে বলে সংসদীয় কর্মকর্তাদের জানিয়েছেন তিনি।

    এপস্টিন ফাইলে তার নাম আসার পর বিষয়টি তদন্তের জন্য পুলিশের কাছে রেফার করেছিল বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগ।

    এপস্টিন ফাইলে দেখা গেছে, কিরি ২০০৯ সালের দিকে সরকারে গোপন তথ্য এপস্টিনকে সরবরাহ করেছিলেন। পুলিশ এখন সেসব অভিযোগ তদন্ত করে দেখছে।

    পিটার ম্যান্ডেলসন এর আগে উচ্চকক্ষ হাউজ অব লর্ডস থেকে ছুটিতে ছিলেন।

    নতুন লর্ড স্পিকার লর্ড ফোরসাইথ সংসদের কার্যক্রম শুরুর সময় এই ঘোষণা দেন।

    তিনি বলেন, জনস্বার্থ ও হাউজের সুবিধার কথা বিবেচনা করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে।

    লর্ড ফোরসাইথ বলেন, ক্লার্ক অব দ্য পার্লামেন্টস আজ লর্ড ম্যান্ডেলসনের পক্ষ থেকে একটি নোটিশ পেয়েছেন, যেখানে বলা হয়েছে তিনি চৌঠা ফেব্রুয়ারি থেকে হাউজ অব লর্ডস থেকে অবসর নিতে চান।

  3. ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

    ভূমিকম্প

    ঢাকাসহ সারাদেশে আজ আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।

    মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, বাংলাদেশ সময় আজ রাত ৯টা ৩৪ মিনিটের দিকে পাঁচ দশমিক নয় মাত্রার ভূমিকম্পটি হয়।

    এর উৎপত্তিস্থল মিয়ানমারের সিতওয়ে অঞ্চলের কাছাকাছি।

    আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকেও আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিলো, রিখটার স্কেলে যার মাত্রা ছিল চার দশমিক এক।

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণের জেলা সাতক্ষীরা।

  4. মনিপুরে নতুন মুখ্যমন্ত্রী বিজেপির

    দিল্লিতে বিজেপির সদর দফতরে মনিপুরের বিধায়ক দলনেতা হিসাবে নির্বাচিত হওয়ার পরে ইউনাম খেঁমচাদ সিং-কে (মাঝে) বরণ করে নেওয়া হচ্ছে।

    ছবির উৎস, @BJP4Manipur

    ছবির ক্যাপশান, দিল্লিতে বিজেপির সদর দফতরে মনিপুরের বিধায়ক দলনেতা হিসাবে নির্বাচিত হওয়ার পরে ইউনাম খেঁমচাদ সিং-কে (মাঝে) বরণ করে নেওয়া হচ্ছে।

    ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরে নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপির সিনিয়র নেতা ইউনাম খেমচাঁদ সিং। তিনি মঙ্গলবার বিজেপি বিধায়ক দলনেতা নির্বাচিত হয়েছেন। সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের বিধায়ক দলের নেতারাই ভারতের রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রী হন।

    এন বীরেন সিং পদত্যাগ করার পর থেকে গত প্রায় এক বছর ধরে রাষ্ট্রপতি শাসন চলছে মনিপুরে।

    সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে সম্ভবত উপ-মুখ্যমন্ত্রী হবেন নেমচা কিপগেন।

    মি. খেমচাঁদ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সমাজের আর মি. কিপগেন কুকি গোষ্ঠীর মানুষ। মি. খেমচাঁদ সিং এর আগে রাজ্য বিধানসভার স্পিকার ও ক্যাবিনেট মন্ত্রী ছিলেন।

    সেরাজ্যের সংখ্যাগরিষ্ঠ, প্রধানত হিন্দু ধর্মাবলম্বী মেইতেই আর কুকি-জো উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে ২০২৩ সালের মে মাস থেকে সংঘর্ষ শুরু হয়। তখন থেকেই মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবি উঠছিল। তবে শেষমেষ তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন।

    ওই জাতিগত দাঙ্গায় আড়াইশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, হাজার হাজার মানুষ এখনও ঘরছাড়া। কয়েকটি ধর্ষণের ঘটনাও ঘটেছে।

    নিরাপত্তা বাহিনীগুলি মেইতেই আর কুকি এলাকার মধ্যে ঢাল হিসাবে দাঁড়িয়ে থাকে এবং এক পক্ষ অন্যের এলাকায় সাধারণত প্রবেশ করেন না।

  5. ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ আগুন

    ইরানের রাজধানী তেহরানের একটি বাজারে আগুন। ছবিতে দেখা যাচ্ছে, একটি ফুট ওভার ব্রিজ এবং তার একপাশ পুরোটা ধোয়াঁয় আচ্ছন্ন
    ছবির ক্যাপশান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তেহরানের বাজারে আগুনের ছবি-ভিডিও যাচাই করেছে বিবিসি ভেরিফাই

    ইরানের রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, তেহরানের জান্নাত আবাদ মার্কেটে আগুনের সূত্রপাত হয়। আগুনের কারণ এখনো নিশ্চিতভাবে জানা

    ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে (গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৩০ মিনিট) ওই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, পুরো বাজার এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যাচ্ছে এবং আগুন খুব দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে। কিছু ফুটেজে দেখা যাচ্ছে, আগুনের বিশাল শিখা ভবনের ভেতর দিয়ে ছুটে যাচ্ছে কিংবা, ধোঁয়ার কারণে যান চলাচল ধীর হয়ে আসছে।

    ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই বাজারটি ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় দোকানিদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে মূলত পোশাক-আশাক থেকে শুরু করে নানা ধরনের পণ্য বিক্রি করা হয়।

    তবে, ইরানের ওই বাজারে আগুন লাগার পর মানুষ যেভাবে অতি দ্রুততার সাথে বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেছে, তাতে এটি বোঝা যাচ্ছে যে জানুয়ারিতে ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট বন্ধ থাকার পর ইন্টারনেট সংযোগ পরিস্থিতির এখন কিছুটা উন্নতি হয়েছে।

    তবে ইন্টারনেটের প্রবেশাধিকার কিছুটা বাড়লেও তা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

    ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে বর্তমানে "হোয়াইটলিস্টিং" পদ্ধতি চালু রয়েছে। অর্থাৎ, কেবল অনুমোদিত ব্যবহারকারী বা নির্দিষ্ট কিছু সার্ভিসই ইন্টারনেট ব্যবহার করতে পারছে, অন্য সবার জন্য প্রবেশাধিকার বন্ধ রয়েছে।

  6. বাংলাদেশ-জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষর

    বাংলাদেশ-জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সম্পর্কিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের ছবি

    ছবির উৎস, ispr

    ছবির ক্যাপশান, বাংলাদেশ-জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হয়েছে।

    বাংলাদেশ ও জাপানের মাঝে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

    আজ সেনানিবাসে এই চুক্তি স্বাক্ষর হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর – আইএসপিআর।

    আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং জাপানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইডা শিনিচি।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সাল থেকে উভয় পক্ষের ধারাবাহিক প্রচেষ্টার ফলস্বরূপ এই চুক্তিটি স্বাক্ষর সম্ভব হয়েছে। এই প্রতিরক্ষা চুক্তিটি দুই দেশের মধ্যে গভীর পারস্পরিক আস্থা, সমন্বিত দৃষ্টি, এবং সহযোগিতার প্রতিফলন, যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দূরদর্শী ও কার্যকর কূটনীতির ফলে অর্জন করা সম্ভব হয়েছে।

    এই চুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণ প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে, এমন আশাবাদ ব্যক্ত করে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে জাতিসংঘ সনদের নীতিগুলোর সাথে সম্পূর্ণ সঙ্গতি রেখে চুক্তিটি সম্পাদন করা হয়েছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় উন্নত প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ এবং যৌথ গবেষণা ও উন্নয়নে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করবে।

    পাশাপাশি, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হবে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

    বাংলাদেশ-জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সম্পর্কিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের ছবি

    ছবির উৎস, ispr

    ছবির ক্যাপশান, বাংলাদেশ-জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং জাপানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইডা শিনিচি।
  7. তারা ক্ষমতায় গেলে মানুষ নিরাপদে থাকতে পারবে না, বিএনপিকে ইঙ্গিত জামায়াত আমিরের

    জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান
    ছবির ক্যাপশান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

    "তারা ক্ষমতায় গেলে একটা মানুষ বাংলাদেশে নিরাপদে থাকতে পারবে না। একজন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারবে না। একজন শ্রমিক নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে না। কৃষক শান্তিতে মাঠে ফসল ফলাতে পারবে না। তারা সবার শান্তি নষ্ট করবে," বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

    তিনি কোনো দলের নাম সরাসরি না বললেও বোঝা যাচ্ছে যে তিনি বিএনপিকে ইঙ্গিত করেই আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরের রাজবাড়ী মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় এসব বলছিলেন।

    আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ করা জানিয়ে তিনি আরও বলেন, "আরেকটা দলের নেতৃবৃন্দ বলতেছে, তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বে। ভালো কথা, চ্যারিটি স্টার্টস ফ্রম হোম; ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয়, সেই প্রমাণ আগে দেন।"

    এরপর তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন যে দলটি ৪৯ জন ঋণখেলাপীকে মনোনয়ন দিয়েছে।

    "আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটি করতে পারেন, তাহলে জনগণ কিছুটা বিশ্বাস করবে যে ওনাদের সদিচ্ছা আছে। ঋণখেলাপীদের বগলের নীচে রাইখা যদি বলে, দুর্নীতিমুক্ত দেশ গড়বো, তাহলে বিষয়টা হবে 'আপনারা যা বলেন, তা করেন না এবং যা করেন, তা বলেন না।'," যোগ করেন তিনি।

  8. জামায়াতের জুনিয়র টিম বিএনপি'র বিরুদ্ধে নোংরা ভাষায় কথা বলছে: মির্জা আব্বাস

    ঢাকার গুলিস্তানের হল মার্কেটের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় মির্জা আব্বাস
    ছবির ক্যাপশান, ঢাকার গুলিস্তানের হল মার্কেটের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় মির্জা আব্বাস

    "জামায়াতে ইসলামীর একটি গ্রুপ, জামায়াতে ইসলামীর জুনিয়র টিম সকাল-দুপুর-সন্ধ্যা বিএনপি'র বিরুদ্ধে অসভ্য-নোংরা ভাষায় কথাবার্তা বলছে," বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।

    আজ মঙ্গলবার ঢাকার গুলিস্তানের হল মার্কেটের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা একটি পোস্টকে ইঙ্গিত করে তিনি বলেন, "জামায়াতের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ মেয়েদের সম্পর্কে অসভ্য শব্দ ব্যবহার করেছে। তাদের (জামায়াতের) বাচ্চারাও একযোগে অপপ্রচার চালাচ্ছে।"

    কারা অপপ্রচার চালাচ্ছে, তাদের নাম ধরে তিনি সরাসরি না বললেই তার কথাবার্তায় বোঝা যাচ্ছে যে তিনি আসন্ন নির্বাচনে জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা এনসিপি'র কথাই বলছেন।

    মির্জা আব্বাসের ভাষ্য, "এই ছেলেপেলেরা যা শুরু করেছে, তারা লাফ দিয়ে হঠাৎ করে নেতা হয়ে গেছে। এখন অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যেরকম করে, এদের অবস্থা তেমন হয়েছে। দিশেহারা হয়ে গেছে।"

    এনসিপি নেতারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সম্বন্ধে, এমনকি তার বিরুদ্ধেও কথা বলা শুরু করেছে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, "তাদের বাপ-চাচা যদি রাজনীতি করতো, আমার সম্পর্কে বলতো, আমি আপত্তি করতাম না। কিন্তু এরা ছোট মুখে বড় কথা বলছে।"

    এরপর তিনি হুঁশিয়ারি দেন, "নির্বাচন চলে গেলে এই সমস্ত কথাবার্তা বলার সুযোগও পাবেন না আপনারা।"

    এরপর তিনি আরও বলেন, "চুলার মুখ থেকে ছাই বের হয়, কখনো সোনা বের হয় না। আর সোনার খনি থেকে কখনোই ছাই বের হয় না। আমরা ভেবেছিলাম, জাতি আশা করেছিলো, আপনারা দেশের জন্য ভালো কিছু করবেন। মুক্তিযুদ্ধের পরে আমরা কখনো বলি নাই, মন্ত্রী হয়ে যাবো। মুক্তিযুদ্ধের পরে বহুদিন অপেক্ষা করেছি। ১৯৭১-এ মুক্তিযুদ্ধ, ১৯৭৭-এ কমিশনার নির্বাচন, ১৯৯১-এ এমপি, তারপর আজকের এই অবস্থানে আছি।"

    "আপনারা দুই দিনেই আজকের এই অবস্থানে চলে যেতে চান। আপনারা ভাবেন, মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই খবরে থাকা যায়। মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই প্রচারণায় থাকা যায়। কিন্তু প্রচারণায় থাকার জন্য বহু রাস্তা আছে। দান করেন, ভালো কথা বলেন, মানুষের মুখে মুখে থাকবেন। কিন্তু এইভাবে গালিগালাজ করে, অসভ্য ভাষায় কথা বলে নিজের পরিচয় জাহির কইরেন না যে আপনি কোত্থেকে এসেছেন।"

  9. নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে: সালাহউদ্দিন আহমদ

    নির্বাচনী পথসভায় কথা বলছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, bss

    ছবির ক্যাপশান, আজ তেসরা ফেব্রুয়ারি কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কোনাখালী ইউনিয়নের জংগলকাটায় নির্বাচনী পথসভায় কথা বলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আজ নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার একটি অপচেষ্টা চলছে।

    তিনি বলেন, "একটি রাজনৈতিক দল, যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করছে। গতকাল দলটির প্রধান বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন। তিনি দাবি করেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি-কর্নেল অলি সাহেব দিয়েছেন।"

    তার মতে, "এই ধরনের বক্তব্য অস্বাভাবিক নয়। কারণ যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ ইতিহাস বিকৃত করবে, এটাই স্বাভাবিক। কিন্তু জনগণ জানে, আজ তারা নতুন রূপে নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার যে চেষ্টা করছে, তা সম্পূর্ণ প্রতারণা ও ভণ্ডামি।

    সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীতে কোনোদিন হয়তো এমনও শুনতে হবে ওই দলটি এদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিলেন।

    আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কোনাখালী ইউনিয়নের জংগলকাটায় নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন, খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

  10. এপস্টিন ইস্যুতে কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি ক্লিনটন দম্পতি

    সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং তার স্ত্রী, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন (ফাইল ছবি)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং তার স্ত্রী, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন (ফাইল ছবি)

    প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টিনকে ঘিরে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং তার স্ত্রী, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

    এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন কয়েকদিনের মধ্যেই তাদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভোট হওয়ার কথা। সেই ভোটেই সিদ্ধান্ত হবে যে কংগ্রেস অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে কি না। কারণ তারা বেশ কয়েক মাস ধরেই হাউজ ওভারসাইট কমিটির সামনে হাজিরা দিয়ে অস্বীকৃতি জানাচ্ছিলেন।

    ওই কমিটির কাজ হলো, সরকারের বিভিন্ন দপ্তরের ও কর্মকর্তাদের কাজে নজরদারি করা। কারও বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার বা অনিয়মের অভিযোগ এলে তারাই খতিয়ে দেখে; এমনকি, সাক্ষ্য দিতেও ডাকে।

    বিল ক্লিনটন জেফরি এপস্টিনের সঙ্গে পরিচিত ছিলেন। তবে তিনি বারবার বলে আসছেন, এপস্টিনের যৌন অপরাধ সম্পর্কে তিনি কোনো কিছুই জানতেন না এবং প্রায় দুই দশক আগে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

    জেফরি এপস্টিন ২০১৯ সালে নিউ ইয়র্কের একটি কারাগারে মারা যান।

    এখন কবে নাগাদ ক্লিনটন দম্পতির জবানবন্দি নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে এটি হলে, ১৯৮৩ সালে জেরাল্ড ফোর্ডের পর এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের কোনো কমিটির সামনে সাক্ষ্য দেবেন।

    এর আগে ক্লিনটন দম্পতি দীর্ঘদিন ধরে কমিটির সামনে হাজির হতে রাজি হয়নি।

    তাদের বক্তব্য, এপস্টিন বিষয়ে তাদের কাছে যতটুকু তথ্য ছিল, তা তারা আগেই লিখিতভাবে জানিয়েছেন।

    এছাড়া, কমিটির জারি করা সমনকে তারা তখন 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে মন্তব্য করেছিলেন।

    তাদের দাবি, তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

    এপস্টিন নথিতে হট টাবে বিল ক্লিনটন

    ছবির উৎস, US Department of Justice

    ছবির ক্যাপশান, এপস্টিন নথিতে হট টাবে বিল ক্লিনটন
  11. সাবেক শিল্প সচিব আব্দুল হালিমসহ দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    ঢাকা মহানগর দায়রা জজ কোর্ট ভবন
    ছবির ক্যাপশান, ঢাকা মহানগর দায়রা জজ কোর্ট

    বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার ও শিল্প মন্ত্রণালয় সাবেক সচিব মো. আব্দুল হালিম এবং বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ/বাজেট/সমন্বয়/সুশাসন) মো. সবুর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

    আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

    ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

    আবেদনে বলা হয়েছে, ‘পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় ৫ লাখ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন ও মিটার যোগাযোগের ব্যবস্থা স্থাপন’ শীর্ষক প্রকল্পের ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিষয়ে অনুসন্ধান সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। বর্তমানে অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারে বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

  12. এক সপ্তাহে তারেক রহমানের নামে ২৯টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে: মাহদী আমিন

    বিএনপি'র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন

    ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP

    ছবির ক্যাপশান, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন

    গত এক সপ্তাহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নামে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও মি. রহমানের উপদেষ্টা মাহ্দী আমিন।

    আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    তিনি জানান, বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে এগুলোর প্রমাণ উঠে এসেছে।

    কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তিনি আরও অভিযোগ করেন, "একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান পুনরায় ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে এবং একই ভাষা ও একই ধরনের স্লোগান ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।"

    তার মতে, গণমানুষের কাছে বিএনপি'র ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণেই "সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ ও অপতথ্য ছড়ানোর নোংরা কৌশল" বেছে নিয়েছে ওই রাজনৈতিক দল।

    মাহদী আমিন আরও জানান, মি. রহমান আগামীকাল নির্বাচনি সফরের অংশ হিসেবে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন।

  13. দোয়া করবেন যাতে সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী

    লিফলেট বিতরণ কর্মসূচিতে ঢাকা-৮ আসনের নির্বাচনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী
    ছবির ক্যাপশান, লিফলেট বিতরণ কর্মসূচিতে ঢাকা-৮ আসনের নির্বাচনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী

    "দোয়া করবেন যাতে সংসদে গিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি ও পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি। আর যারা সন্ত্রাসী আছে, তাদের প্রত্যেকটার হাত-পা গুঁড়া করে আইনের মধ্যে নিয়ে জেলে আটকায়ে রাখতে পারি," বলেন ঢাকা-৮ আসনের নির্বাচনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

    আজ মঙ্গলবার সকালে ঢাকার দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

    এসময় তিনি নাম উল্লেখ না করে ওই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বলেন, "ঢাকা-৮'-এ যে মাদক সিন্ডিকেট রয়েছে এবং মাদক সম্রাট যিনি রয়েছেন, ওনাকে আমরা আহ্বান জানাবো, কর্মীদের হাতে অস্ত্র-মাদক তুলে দিবেন না। সেই কর্মী মাদক খেয়ে পরে আপনার ওপরেই আঘাত করে বসবেন।"

    "নির্বাচনের সময়ে কারও হাতে মাদক দেয়, কারও হাতে অস্ত্র দেয়। আপনারা ১২ তারিখ মাদক-অস্ত্রের বিরুদ্ধে ভোট দিবেন। যথেষ্ট সন্ত্রাসী কার্যক্রম হয়েছে। আমরা আর সহ্য করবো না" জানিয়ে মি. পাটওয়ারী আরও বলেন, "আমরা হুমকি পাচ্ছি, আমাদের নাকি মাইর দেওয়া হবে। এবার আসুন, শক্ত হাতে প্রতিহত করবো।"

    এর আগে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে নির্বাচনী প্রচারণায় যাওয়ার পর তার ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, "হাবিবুল্লাহ বাহারে মাইর খেয়ে আসছি, এবার মাইর দিবো। কারণ বারবার খাইতে পারবো না। তাহলে তো মারা যাবো। এবার কিছু উত্তম-মধ্যম দিবোও।

  14. র‍্যাবের নাম বদলে এসআইএফ

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী
    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

    পুলিশের বিশেষ বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন – র‍্যাবের নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    সন্ত্রাস দমনের জন্য গঠিত এই বাহিনীর নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স – এসআইএফ।

    আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে