ইরানের পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংসপ্রাপ্ত’ বলে দাবি যুক্তরাষ্ট্রের, ইরানজুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে আবার হামলা ইসরায়েলের

ইরানে হামলার পরে পেন্টাগন দাবি করেছে, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংসপ্রাপ্ত’ হয়েছে। অন্যদিকে ওয়াশিংটনকে অনুশোচনা করার মতো পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানে ফের বিমান হামলা চালানোর তথ্য জানিয়েছে ইসরায়েল।

সরাসরি কভারেজ

  1. “সন্ত্রাস ও আশার মধ্যে সিদ্ধান্তমূলক মুহূর্ত” বলেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, “সন্ত্রাস ও আশার মধ্যে সিদ্ধান্তমূলক মুহূর্ত” বলেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট

    ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে তার সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

    তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেছেন, “মানব ইতিহাসের পাতায়, এটি এমন একটি মুহূর্ত যখন স্বাধীনতা, দায়িত্ব এবং নিরাপত্তার নীতিগুলো জয় লাভ করেছে। এটি সন্ত্রাস ও অশুভ শক্তির বিপরীতে আশার পক্ষের মধ্যে একটি সুস্পষ্ট মুহূর্ত।”

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীও ট্রাম্প এবং নেতানিয়াহুকে রাতারাতি এ ‘ঐতিহাসিক’ হামলার জন্য প্রশংসা করেছেন।

    ইসরায়েল কাৎজ “ ইসরায়েলি অভিযান চালিয়ে যাওয়ার জন্য” এবং ইরানের কাছে যাতে পারমাণবিক অস্ত্র না থাকতে পারে সেটি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন।

    তিনি বলেছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জোট আগের চেয়েও শক্তিশালী।

  2. ইরান পাল্টা হামলা করলে ‘বহুগুণ বেশি শক্তিতে’ প্রতিহত করার হুমকি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরান পাল্টা হামলা করলে ‘বহুগুণ বেশি শক্তিতে’ প্রতিহত করার হুমকি ট্রাম্পের

    ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দ্বিতীয় দফায় হুমকি দিয়েছেন ইরানকে।

    ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি উল্লেখ করেছেন যে, ইরান এই হামলার জবাবে পাল্টা হামলা করলে ‘আরো তীব্র মাত্রার’ হামলা করবে যুক্তরাষ্ট্র।

    ট্রাম্প তার পোস্টে লিখেছেন: “ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ধরনের পাল্টা হামলা করলে তার জবাব এর চেয়ে বহুগুণ বেশি শক্তি দিয়ে দেওয়া হবে।”

  3. ট্রাম্পের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে: ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ট্রাম্পের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে: ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

    ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা করার সিদ্ধান্তকে 'সাহসী সিদ্ধান্ত' হিসেবে অভিহিত করেছেন।

    তিনি বলেছেন, "ট্রাম্প তার সাহসী সিদ্ধান্তের জন্য ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লিখে রেখেছেন।"

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তিনি আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে "ঐতিহাসিক পদক্ষেপ" নেওয়া হয়েছে।

  4. যুক্তরাষ্ট্রের ‘নির্লজ্জ আগ্রাসন’ এর নিন্দা জানিয়েছে হামাস

    ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে হামাস ‘নির্লজ্জ আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে।

    এক বিবৃতিতে হামাস বলেছে যে, এই হামলা ‘আন্তর্জাতিক আইনের ঘোর বিরোধী ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।’

    ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলসহ বেশ কিছু দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে।

  5. যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মিশ্র প্রতিক্রিয়া

    ইরানে ট্রাম্পের হামলার সিদ্ধান্তের পর এর পক্ষে-বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। কয়েকজন সিনেটর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ছেন, তেমনি কেউ কেউ এটিকে অসাংবিধানিক বলে সমালোচনাও করেছেন।

    যেমন সাউথ ক্যারোলাইনার সেনেটর লিন্ডসে গ্রাহাম হামলার জন্য ট্রাম্পকে অভিবাদন জানিয়েছেন। তিনি মন্তব্য করেছেন যে, ট্রাম্প ‘সঠিক সিদ্ধান্ত’ নিয়েছেন। একই ধরনের মন্তব্য করেছেন রিপাবলিকান সেনেটর রজার উইকারও, যিনি তার পোস্টে উল্লেখ করেছেন, ইরানের ‘হুমকি’ অপসারণ করার লক্ষ্যে ট্রাম্পের এই সিদ্ধান্ত ‘সঠিক’ ছিল।

    তবে রিপাবলিকান সেনেটরদের কেউ কেউ এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। যেমন কেন্টাকির সেনেটর টমাস ম্যাসি হামলার সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ বলে উল্লেখ করেছেন।

    ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক প্রতিনিধি সারা জ্যাকবস পোস্ট করেছেন যে, এই হামলা ‘যুক্তরাষ্ট্রকে আরেকটি ভয়াবহ ও দীর্ঘ’ যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে হামলা সংক্রান্ত ট্রাম্পের পোস্ট শেয়ার করলেও এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

  6. সিচুয়েশন রুমের ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউজ

    হামলার সময় সিচুয়েশন রুমে ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, The White House

    হোয়াইট হাউজ থেকে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে ইরানে মার্কিন বোমারু বিমানের হামলার দৃশ্য সিচুয়েশন রুমে বসে দেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    এ সময় তার সাথে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্যরা উপস্থিত ছিলেন।

    ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা জানিয়েছেন ট্রাম্প

    ছবির উৎস, The White House

    সিচুয়েশন রুমে বসে হামলার দৃশ্য দেখেছেন ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফাহানের হামলার কথা স্বীকার করেছে ইরান

    ছবির উৎস, The White House

    যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, এ হামলায় বি-টু বোমারু বিমান জড়িত

    ছবির উৎস, The White House

  7. হামলায় ব্যবহার করা হয়েছে বি-টু স্পিরিট বম্বার

    ইরানের হামলায় ব্যবহার করা হয়েছে বি-২ স্পিরিট বম্বার

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের হামলায় ব্যবহার করা হয়েছে বি-টু স্পিরিট বম্বার

    ইরানে হওয়া হামলায় যুক্তরাষ্ট্রের বি-টু স্পিরিট বম্বার বিমান ছিল বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা।

    মাটির নিচে ৬০ মিটার গভীরতায় অবস্থিত স্থাপনায় আঘাত করতে সক্ষম ৩০ হাজার পাউন্ডের বোমা জিবিইউ ৫৭ শুধুমাত্র এই বিমানই নিক্ষেপ করতে পারে।

    কিছুদিন আগে যুক্তরাষ্ট্র ইরানের চার হাজার কিলোমিটারের মধ্যে থাকা একটি বিমানঘাঁটিতে এই ধরনের কয়েকটি বিমান নিয়ে রেখেছিল।

    তবে দুদিন আগে এই ধরনের কয়েকটি বিমান ইরান থেকে প্রায় সাড়ে নয় হাজার কিলোমিটার দূরের বিমান ঘাঁটিতে নিয়ে রাখা হয়।

  8. যুক্তরাষ্ট্রের হামলায় সংঘাতের তীব্রতা ‘ভয়াবহ বৃদ্ধি’ ঘটাতে পারে: জাতিসংঘের মহাসচিব

    জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

    ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় প্রতিক্রিয়া প্রকাশ করেছে জাতিসংঘ।

    জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এই হামলাকে চলমান সংঘাতের তীব্রতার ‘ভয়াবহ বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করেছেন।

    তিনি মন্তব্য করেছেন যে এখন ‘সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বড় ধরনের ঝুঁকি’ তৈরি হয়েছে।

    এর ফলে ‘বেসামরিক নাগরিক, মধ্যপ্রাচ্য ও বিশ্বের’ জন্য ভয়াবহ বিপর্যয়মূলক পরিস্থিতি তৈরি হতে পারে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

    তার পোস্টে তিনি আরো লেখেন যে এই মুহুর্তে ‘শুধুমাত্র কূটনীতির মাধ্যমে’ এই সমস্যার সমাধান করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

  9. ইরানে হামলার পর ট্রাম্পের ভাষণ, ‘হয় শান্তি আসবে, নাহলে ইরানে আরো বড় হামলা হবে’

    ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার কিছুক্ষণ পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার কিছুক্ষণ পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন

    ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভাষণ দেন।

    তার বক্তব্য যুক্তরাষ্ট্রেরটেলিভিশনে সরাসরি প্রচার করা হয়।

    ইরান শান্তি অলোচনায় না বসলে তাদের ওপর আরো হামলা চালানো হবে বলে মন্তব্য করেনন মি. ট্রাম্প।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার ভাষণে বলেন, “হয় শান্তি প্রতিষ্ঠা হবে, নাহলে ইরানের ওপর আরো অনেক বড় হামলা করা হবে যা গত আটদিনে তারা দেখেনি।”

    ইরান ইসরায়েল নিয়ে আরো পড়তে পারেন:

  10. রোববার সকাল পর্যন্ত যা যা ঘটলো

    • স্থানীয় সময় শনিবার রাতে ইরানের ফোর্দো, নাতাঞ্জ আর ইসফাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা করেছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • এদিকে, ইরানের কর্মকর্তারা বলেছেন, হামলা চালানো স্থাপনাগুলো থেকে আগেই পারমাণবিক সরঞ্জামাদি সরিয়ে নেয়া হয়েছিল।
    • ইরানি গণমাধ্যম স্বীকার করেছে যে দেশটিতে ইসরায়েলি হামলায় আরও একজন পরমাণু বিজ্ঞানী মারা গেছেন। এ নিয়ে সরকারিভাবে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
    • ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এক ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বাআইডিএফ।
    • সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী ইরানে হামলা চালালে লোহিত সাগরে ভাসমান আমেরিকান জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
    • ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনার ইসরায়েল হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ।
    • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছ থেকে ফোন কল পাওয়ার কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ। ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না বলে দাবি করেছেন তিনি।
    • তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান বলেছেন, নেতানিয়াহু সরকার প্রমাণ করছে যে তারা "এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা"। এদিকে ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ এই অঞ্চলকে "সম্পূর্ণ বিপর্যয়ের" দিকে ঠেলে দিচ্ছে।
    • ঢাকা মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।
    • গত ১৩ই জুন ইসরায়েলি হামলা শুরুর পর ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত এবং তিন হাজার ৫০০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় নূর সংবাদ সংস্থা। আর ইসরায়েল জানিয়েছে, সংঘাত শুরুর পর সেখানে ২৫ জন নিহত এবং দুই হাজার ৫১৭ জন আহত হয়েছেন।
    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, "আমাদের জনগণের ওপর যখন বোমা হামলা করা হচ্ছে তখন আমরা আলোচনায় যেতে পারি না।"
    • ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়ে ইরানের এক শীর্ষ কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যা করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ শনিবার এ কথা জানিয়েছেন।
    • ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা ইরানের ওপর হামলার জন্য "বছরখানেক আগে থেকেই" প্রস্তুতি নিচ্ছিল।
    • যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসি তুলসি গ্যাবার্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে যা থেকে ধারণা করা যায় যে ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে।
    • মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, “আমরা জানি না কীভাবে তাদের (আমেরিকানদের) বিশ্বাস করবো। তারা যা করেছে, তা আসলে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

    ইরান-ইসরায়েল সংঘাতসহ বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

  11. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়। রিপোর্ট করছেন জান্নাতুল তানভী।

    বিবিসি বাংলায় আরো খবর পেতে ক্লিক করুন এখানে