আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইরানের পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংসপ্রাপ্ত’ বলে দাবি যুক্তরাষ্ট্রের, ইরানজুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে আবার হামলা ইসরায়েলের

ইরানে হামলার পরে পেন্টাগন দাবি করেছে, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংসপ্রাপ্ত’ হয়েছে। অন্যদিকে ওয়াশিংটনকে অনুশোচনা করার মতো পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানে ফের বিমান হামলা চালানোর তথ্য জানিয়েছে ইসরায়েল।

সরাসরি কভারেজ

  1. যুক্তরাষ্ট্রের হামলা ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’- বিবিসিকে যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত

    যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইয়েদ আলী মৌসাভি বিবিসিকে বলেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানে রাতভর যে হামলা চালিয়েছে, তা জাতিসংঘ সনদের প্রতি অসম্মান’ এবং এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

    বিবিসির লরা কুয়েনসবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে মৌসাভি বলেন, এ হামলা ইরানের ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন।

    তবে এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে প্রশ্ন করা হলেও এড়িয়ে গেছেন তিনি।

    লরা কুয়েনসবার্গ জিজ্ঞাসা করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আবার আক্রমণ করলে ইরান কি তার পারমাণবিক আকাঙ্ক্ষা ত্যাগ করবে এবং ইসরায়েলের সাথে তার সংঘাতের অবসান ঘটাবে?

    মৌসাভি বলেন, ইরান ও আমেরিকা পারমাণবিক আলোচনার মাঝামাঝি অবস্থানে রয়েছে। একই সাথে তিনি বলেন, ‘ইসরায়েলি শাসকগোষ্ঠী আমাদের উপর আক্রমণ করেছে’।

    গত সপ্তাহে উভয় পক্ষের বেসামরিক ক্ষয়ক্ষতি নিয়ে কুয়েনসবার্গ তাকে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন- ‘আমরা আত্নরক্ষা করছি”।

    ইরান ইসরায়েল নিয়ে আরো পড়তে পারেন:

  2. ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর সোমবার জরুরি বৈঠক ডেকেছে আইএইএ

    ইরানে মার্কিন হামলার পর সোমবার জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ।

    ইরানে সৃষ্ট জরুরি পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে বলে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান এ তথ্য জানিয়েছেন।

    এদিকে, ইরানের পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাম আইএইএ-কে চিঠি লিখে জানিয়েছেন যে, তেহরান চায় যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে তদন্ত হোক। এবং একই সাথে তারা আইএইএ-র কাছে যুক্তরাষ্ট্রের এই হামলার নিন্দা জানানোরও দাবি জানানো হয় বলেও ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

    এর আগে, আইএইএ এ নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির’ কোনো তথ্য পাওয়া যায়নি।

  3. সামনের দিনগুলো স্পর্শকাতর এবং চ্যালেঞ্জিং হতে পারে: ইসরায়েলি প্রেসিডেন্ট

    ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলাকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।

    একটি বিবৃতিতে মি. হারজোগ বলেন, “ ট্রাম্পের কথাগুলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে ‘গভীর এবং সাহসী জোট’ এর প্রদর্শন করে।”

    কিন্তু তিনি সতর্ক করে বলেন, “সামনের দিনগুলো সংবেদনশীল, জটিল এবং চ্যালেঞ্জিং হতে পারে।”

    ইসরায়েলি কর্মকর্তাদের জীবন রক্ষাকারী নির্দেশ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

  4. ইসরায়েলে আজ সকালে ইরানের হামলার পর ক্ষয়ক্ষতির কিছু ছবি

    ইরান ও ইসরায়েল সংঘাত শুরুর পর ইরানের আজকের হামলাকে বিবিসির সংবাদদাতারা "সবচেয়ে গুরুতর হামলা" বলে বর্ণণা করেছেন।

    ইসরায়েলে আজ সকালে ইরানের হামলার পর ক্ষয়ক্ষতির কিছু ছবি দেয়া হলো।

  5. “শিগগিরই শান্তি না এলে” আরও হামলার হুমকি ট্রাম্পের

    ইরানকে সতর্ক করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “ হয় শান্তি আসবে, নতুবা ইরানের জন্য গত আট দিনে আমরা যা দেখেছি তার চেয়েও বড় ট্র্যাজেডি হবে।”

    “মনে রাখবেন, অনেক টার্গেট এখনো বাকি আছে। এর মধ্যে সবচেয়ে কঠিন ছিল আজ রাত এবং সম্ভবত সবচেয়ে মারাত্মক।”

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “কিন্তু যদি শান্তি দ্রুত না আসে, তবে আমরা নির্ভুলভাবে, দ্রুততা এবং দক্ষতার সাথে অন্যান্য টার্গেটে যাব।”

    ইরানকে “এখনই শান্তি স্থাপন করতে হবে” বলে মন্তব্য করেছেন তিনি।

    “যদি তারা তা না করে, তাহলে ভবিষ্যতের হামলা অনেক বড় এবং অনেক সহজ হবে” বলেন তিনি।

  6. 'ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘একটি দল’ হিসেবে কাজ করেছে'

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাবেক সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি হাজার হাজার মানুষকে হত্যা করেছে।

    “আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমি এটা হতে দেব না। এটা আর চলবে না” বলেন ট্রাম্প।

    তিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়ে বলেন, “এই ভয়াবহ হুমকি মুছে ফেলার জন্য তারা একটি দল হিসেবে” কাজ করছেন।

    প্রায় চার মিনিট ধরে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেছেন।

  7. তেল আভিভে ধ্বংসস্তুপে আটকে পড়াদের খুঁজছে ইসরায়েলি পুলিশ

    ইরানের হামলার পর তেল আভিভের একটি ক্ষতিগ্রস্ত ভবন থেকে সামান্য আহত ছয়জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

    পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে আটকে পড়াদের খুঁজে বের করার জন্য এখনও অনুসন্ধান চলছে।

  8. ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাজ্য সম্পৃক্ত নয়

    ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাজ্য কোনোভাবে জড়িত ছিল না এবং প্রধানমন্ত্রীকে আগে থেকেই জানানো হয়েছিল এটি ঘটছে।

    বিবিসি এ বিষয়টি বুঝতে পেরেছে।

  9. ইরানি হামলায় ১৬ জন আহত: ইসরায়েলি জরুরি সেবা

    ইরানের সর্বশেষ হামলায় আহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি জরুরি সেবা।

    জরুরি সেবা জানিয়েছে, ইরানের হামলার খবর পাওয়ার পর এখন ১৬ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    এর আগে, ম্যাগান ডেভিড অ্যাডম বলেছিলেন, ভোরের হামলায় ১১ জন আহত হয়েছেন।

    আহতদের মধ্যে একজন মাঝামাঝি অবস্থায় আছেন। যিনি ৩০ বছর বয়সী। এই ব্যক্তির শরীরের উপরের অংশে গুলিবিদ্ধ হয়ে তীক্ষ আঘাতের চিহ্ন রয়েছে। বাকি ১০ জনের হালকা আঘাতের সাথে ক্ষতের চিহ্ন রয়েছে।

  10. ইরানের আলোচনার টেবিলে ফিরে আসা উচিত: কিয়ের স্টারমার

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এইমাত্র বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির ‘গুরুতর হুমকি’ ‘প্রশমন’ করার জন্য পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।

    এক বিবৃতিতে তিনি বলেছেন, “ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না এবং যুক্তরাষ্ট্র সেই হুমকি দূর করার জন্য পদক্ষেপ নিয়েছে।”

    “মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থিতিশীল এবং এই অঞ্চলে স্থিতিশীলতা একটি অগ্রাধিকার। আমরা ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে এবং এই সংকটের অবসান ঘটাতে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানাই।”

  11. ইসরায়েলের বেন গুরিয়ন বিমান বন্দর লক্ষ্য করে ইরানি হামলা: রাষ্ট্রীয় গণমাধ্যম

    ইসরায়েলের বেন গুরিয়ন বিমান বন্দরসহ বেশ কিছু স্থানকে টার্গেট করে ইরান হামলা চালিয়েছে।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

    অন্যান্য রিপোর্টে বলা হয়েছে, সেনাবাহিনীর সহযোগী ঘাঁটি, কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার এবং একটি জৈবিক গবেষণা কেন্দ্রকে টার্গেট করা হয়েছে।

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে ঘোষণা করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর।

  12. মার্কিন কংগ্রেসের সম্মতি ছাড়াই ইরানে হামলার নিন্দা জানালেন ডেমোক্রেটরা

    যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট আইন প্রণেতাদের অনেকে ইরানে হামলার নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, কংগ্রেসের সম্মতি ছাড়াই এ হামলা চালানো হয়েছে।

    কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বলেছেন, এটি সংবিধান এবং কংগ্রেসের যুদ্ধ ক্ষমতার ‘গুরুতর লঙ্ঘন।’

    তিনি এটিকে “সম্পূর্ণ এবং স্পষ্টভাবে অভিসংশনের ভিত্তি” বলে অভিহিত করেছেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে তিনি বলেছেন, “তিনি আবেগপ্রবণভাবে এমন একটি যুদ্ধ শুরু করার ঝুঁকি নিয়েছেন, যা আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে ফাঁদে পড়তে পারে।”

    কংগ্রেসের আরেক সদস্য রাশিদা তালাইব এটিকে যুক্তরাষ্ট্রের সংবিধানের ‘স্পষ্ট লঙ্ঘন’ অভিহিত করে নিন্দা জানিয়েছেন। একইসাথে কংগ্রেসকে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তিনি।

    “মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে চলা যুদ্ধ আমাদের কোথায় নিয়ে যায়, তা আমরা দেখেছি। সবকিছুই হচ্ছে মিথ্যার উপর ভিত্তি করে ‘গণবিধ্বংসী অস্ত্রে’র ব্যবহারে ।” বলেন তিনি।

    কংগ্রেস সদস্য জিম ম্যাকগভর্ন ইতিমধ্যে এ পরিস্থিতিকে “উন্মাদ” বলে অভিহিত করেছেন।

    তিনি বলেন, “কংগ্রেসের অনুমোদন ছাড়াই ট্রাম্প ইরানে বোমা হামলা চালিয়েছেন, অবৈধভাবে মধ্যপ্রাচ্যে আমাদের যুদ্ধে টেনে নিয়ে গেছেন। আমরা কি আমাদের শিক্ষা গ্রহণ করিনি?”

  13. ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল: দেশটির সামরিক বাহিনী

    ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী পশ্চিম ইরানে ‘সামরিক লক্ষ্যবস্তুর’ বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে।

    ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, আইডিএফ এমন সতর্কতা জারি করার পর এই হামলা শুরু হয়েছে।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারীর বিরুদ্ধে হামলা চালিয়েছে।

  14. ইরানি হামলায় ১১ জন আহত: ইসরায়েলি জরুরি সেবা

    ইরানের সর্বশেষ হামলার পর ১১ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।

    এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের জরুরি সেবার মেগান ডেভিড অ্যাডম।

    আহতদের মধ্যে একজন মাঝামাঝি অবস্থায় আছেন। যিনি ৩০ বছর বয়সী। এই ব্যক্তির শরীরের উপরের অংশে গুলিবিদ্ধ হয়ে তীক্ষ আঘাতের চিহ্ন রয়েছে। বাকি ১০ জনের হালকা আঘাতের সাথে ক্ষতের চিহ্ন রয়েছে।

  15. ইরানের পারমাণবিক স্থাপনায় তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি: পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা

    ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর স্থাপনার বাইরের অংশে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি।

    জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) একটি বিবৃতি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, “ আরও তথ্য পাওয়া গেলে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা ইরানের পরিস্থিতি সম্পর্কে আরও মূল্যায়ন দেবে।”

  16. আত্মরক্ষার জন্য ইরান ‘সব বিকল্প’ সংরক্ষণ করে রেখেছে: দেশটির পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের এ হামলাকে ‘গর্হিত’ বলে নিন্দা জানিয়েছেন।

    তিনি বলেছেন, “ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ করছে।”

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তিনি লিখেছেন, “ আজ সকালের ঘটনাগুলো ভয়াবহ এবং এর পরিণতি চিরস্থায়ী হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপদজনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে।”

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের ‘গুরুতর লঙ্ঘন’ করেছে বলেও যোগ করেছেন আরাঘচি।

  17. জর্ডানে সাইরেনের শব্দ

    জর্ডানের আম্মানে আজ সকালে শহর জুড়ে দুইবার সাইরেন বেজে উঠেছে, যেটা ইঙ্গিত দেয় ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে অগ্রসর হচ্ছে।

    আম্মান থেকে বিবিসির সংবাদদাতা টম বেনেট এ তথ্য জানিয়েছেন। এর আগে জেরুজালেম থেকে বিবিসির সংবাদদাতা একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

    এই ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানকে টার্গেট করে নয়। তবে জর্ডানের বিমান বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো তাদের ভূখণ্ডে অবতরণ করতে পারে মনে করে এগুলোকে প্রতিহত করেছে।

    ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দেওয়া বা প্রতিহত করার ফলে আকাশ থেকে ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ার ঝুঁকি তৈরি হয়।

    এই অঞ্চল জুড়ে বাতিল হওয়া ফ্লাইটের ঢেউয়ের পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্যকে এই সংঘাত কিভাবে প্রভাবিত করছে এটি তার আরেকটি লক্ষণ।

  18. জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে

    ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, এমন সতর্কবার্তার পরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার ফলে জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    বিবিসির মধ্যপ্রাচ্য সংবাদদাতা হুগো বাছেগা জেরুজালেম থেকে এ তথ্য জানিয়েছেন।

  19. ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান: আইডিএফ

    ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র কিছুক্ষণ আগে শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

    এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইডিএফ।

    হুমকি মোকাবেলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানানো হয়েছে এই বিবৃতিতে।

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে সুরক্ষিত একটি স্থানে থাকার আহ্বান জানিয়েছে আইডিএফ।

    ইরান ইসরায়েল নিয়ে আরো পড়তে পারেন:

  20. যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা

    তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের 'বর্বর হামলার' তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা।

    এক বিবৃতিতে সংস্থাটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার 'উদাসীনতা এবং এমনকি সহাবস্থানের' অভিযোগেরও সমালোচনা করেছে।

    বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি 'এই হামলাগুলোর নিন্দা এবং ইরানের ন্যায্য অবস্থানকে সমর্থন জানানোর' আহ্বান জানিয়েছে ইরানের পরমানু শক্তি সংস্থা।

    সংস্থাটি বলেছে, 'শত্রুদের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা থাকলেও' ইরানের বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা দেশের পরমাণু শিল্পকে 'বিরামহীনভাবে এগিয়ে নিয়ে যাবেন'।

    সংস্থাটি ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ গ্রহণ করবে যার মধ্যে ‘আইনি ব্যবস্থা’ অন্তর্ভুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।