আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

দুপুরে সমালোচনা করলেও রাতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির

আগামী জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তার এই বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। এদিকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দায়ের মামলার রায় ঘোষণা হবে ১৭ই নভেম্বর। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোট হবে অনুষ্ঠিত হবে এবং “এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না” বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
    • ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ' জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে।
    • প্রধান উপদেষ্টার ভাষণের পর নিজ বাড়িতে ডাকা এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা “মূল দলিল থেকে বহু দূরে সরে গেছেন”। তবে, নির্বাচনের দিন গণভোটের ঘোষণা করায় রাতে এক সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।
    • জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের ঘোষণায় "জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি" বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
    • আগামী ১৭ই নভেম্বর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পদে নিয়োগ পেলেন সদ্য মেয়াদ শেষ হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
    • রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে হামলার ঘটনা ঘটেছে এবং এসময় বিচারপতির ছোট ছেলে তাওসিফ রহমান নিহত হয়েছেন বলে জানা গেছে।
    • বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 'ঢাকা লকডাউন' কর্মসূচি শুরুর আগের রাতেই রাজধানী ঢাকাসহ দেশের অন্তত পাঁচটি স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরেও ঘটে অগ্নিসংযোগের ঘটনা।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. দুপুরে সমালোচনা করলেও রাতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির

    জাতীয় সংসদ নির্বাচনের এবং গণভোট একই দিনে আয়োজনের ঘোষণা দেওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি।

    বৃহস্পতিবার রাতে গুলশানে দলটির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে, জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেন, “ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পূণর্ব্যাক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয়”।

    উল্লেখ্য, এর আগে প্রধান উপদেষ্টার ভাষণের পর এক প্রতিক্রিয়ায় নিজ বাড়িতে ডাকা এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা “মূল দলিল থেকে বহু দূরে সরে গেছেন”।

    একইসাথে সংবিধান সংস্কার পরিষদ নিয়েও প্রশ্ন তোলে দলটি। তাদের দাবি, সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো এজেন্ডা ঐকমত্য কমিশনে ছিল না। ফলে এ নিয়ে কোনো আলোচনাও হয়নি।

    একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়টি ইতিবাচক হলেও 'নোট অব ডিসেন্ট'-এর বিষয়গুলোর কী হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি বলে দাবি করে দলটি।

  3. প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে অনেকে দ্বিমতও জানাতে পারে: মির্জা ফখরুল

    দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে নির্বাচনই একমাত্র বিকল্প বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।

    দেশে গণতন্ত্র চর্চার সুযোগ নিয়েও কথা বলেন মি. আলমগীর, "আমরা আসলে দুর্ভাগা জাতি। বারবার গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে মানুষ, আমরা লড়েছি এবং সংগ্রাম করেছি। কিন্তু গণতন্ত্র চর্চা করার কোনো সুযোগ পাই নাই”।

    মি. আলমগীর বলেন, “প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটা অনেকের কাছে গ্রহণযোগ্য বলে মনে হতে পারে। আবার অনেকে দ্বিমতও জানাতে পারে, ডিজঅ্যাগ্রিমেন্ট তো থাকবেই। সবাই কি একমত হবে? একমত হবে না”।

    দেশের মানুষ পিআর বিষয়ে কিছু বোঝে না বলেও মন্তব্য করেন তিনি।

  4. ডাবলিন ও বুয়েন্স আয়ার্সে দূতাবাস খুলছে বাংলাদেশ

    আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে দুটি নতুন দূতাবাস খুলছে বাংলাদেশ।

    এই সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

    বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

    প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৮তম বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রস্তাবনাটি অনুমোদন দেওয়া হয়।

  5. ঢাকায় ড্রামে রাখা খণ্ডিত মরদেহ উদ্ধার

    রাজধানীর হাইকোর্টের সামনের সড়ক থেকে দুটি ড্রামে ভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার সন্ধ্যায় হাইকোর্টের মাজার গেট থেকে কদম ফোয়ারাগামী সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর বিবিসি বাংলাকে জানান, “দুটি ড্রাম কে বা কারা রাস্তার পাশে রেখে গিয়েছিল। দীর্ঘক্ষণ ড্রাম দুটি পড়ে থাকতে দেখে থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামগুলো খুলে খণ্ডিত মরদেহ দেখতে পায়”।

    তিনি জানান, মরদেহের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে মরদেহটি একজন পুরুষের এবং তার বয়স ৪৫ বছরের আশপাশে।

    কে বা কারা মরদেহটি ফেলে গেছে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে তা শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান মি. মনসুর।

  6. কুমিল্লা-৪ সংসদীয় আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।

    বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি।

    আজ ১৩ই নভেম্বর দলটির মনোনয়ন ফর্ম বিক্রি শেষ হচ্ছে বলে জানানো হয়েছিল।

    ফর্ম কেনার সময় মি. আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, তার মনোনয়ন কেনার মাধ্যমে কুমিল্লার দেবীদ্বার আসনটি এনসিপির জন্য নিশ্চিত হয়েছে।

    ইতিমধ্যে এই আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সীকে এই আসন থেকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে দলটি। এখন পর্যন্ত ওই আসন থেকে তিনবার নির্বাচন করে তিনবারই জয়ী হয়েছেন তিনি।

  7. যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ইতি টানতে বিল সই করলেন ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন শেষ করতে ব্যয় সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন।

    বুধবার রাতে প্রতিনিধি পরিষদে ২২২-২০৯ ভোটে বিলটি অনুমোদনের কয়েক ঘণ্টা পর এবং সিনেটে একই প্যাকেজ অল্প ব্যবধানে পাস হওয়ার দুই দিন পর তিনি স্বল্পমেয়াদি বাজেট আইনে স্বাক্ষর করেন।

    ওভাল অফিসে ট্রাম্প বলেন, ৪৩ দিনের শাটডাউনে “মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে” এবং এখন সরকার “স্বাভাবিক কার্যক্রমে ফিরবে”।

    অক্টোবর থেকে বহু সরকারি সেবা স্থগিত ছিল এবং প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারী বেতন ছাড়া ছুটিতে ছিলেন বা বিনা বেতনে কাজ করছিলেন। খাদ্য সহায়তা কার্যক্রমও অনিশ্চয়তায় ছিল এবং পুরোযুক্তরাষ্ট্রে বিমান চলাচল ব্যাহত হয়েছে।

    বিলটি কেবল ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারের কার্যক্রম চালানোর অর্থ বরাদ্দ করছে। এরপর আইনপ্রণেতাদের আবারও অর্থায়নের পথ খুঁজতে হবে।

    আইনে স্বাক্ষরের আগে ট্রাম্প বারবার শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের দোষারোপ করেন। তিনি বলেন, “তারা পুরোপুরি রাজনৈতিক কারণে এটা করেছে”।

    সিনেটে সংখ্যাগরিষ্ঠ না হয়েও ডেমোক্র্যাটরা শাটডাউন ঘটাতে সক্ষম হয়েছিল, কারণ রিপাবলিকানরা অর্থ বিল পাসের জন্য প্রয়োজনীয় ৬০ ভোটের সীমা থেকে সাত ভোট কম ছিল।

    প্রথমে তারা বিলের সমর্থন দিতে অস্বীকৃতি জানায়, দাবি করে যে রিপাবলিকানরা নিম্ন-আয়ের আমেরিকানদের জন্য স্বাস্থ্যবীমা ভর্তুকি বাড়াতে সম্মত হোক, যা বছরের শেষে শেষ হওয়ার কথা।

    রিপাবলিকানরা বলেছিল, স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা সরকার পুনরায় চালু হওয়ার পর হতে পারে।

    তবে রোববার আটজন সিনেট ডেমোক্র্যাট দলীয় অবস্থান থেকে সরে এসে ব্যয় প্যাকেজ পাসে সহায়তা করেন। তারা ডিসেম্বর মাসে স্বাস্থ্যবীমা ভর্তুকি নিয়ে ভোটের প্রতিশ্রুতির বিনিময়ে বিলের পক্ষে ভোট দেন।

  8. আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পদে নিয়োগ পেলেন সদ্য মেয়াদ শেষ হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

    বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক আলী রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

    অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনৈতিক বিজ্ঞানের অধ্যাপক আলী রীয়াজ। এরপর জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

  9. রাজশাহীতে বিচারকের বাসায় হামলাকারী 'পূর্বপরিচিত', বলছে পুলিশ

    রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে হামলার ঘটনা ঘটেছে এবং এসময় বিচারপতির ছোট ছেলে তাওসিফ রহমান নিহত হয়েছেন বলে জানা গেছে।

    বৃহস্পতিবার দুপুরের পর এই হামলার ঘটনা ঘটে। ব্যক্তিগত সমস্যা থেকেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

    পুলিশ বলছে, নগরীর ডাবতলা এলাকায় বিচারক আব্দুর রহমানের বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় ধারালো অস্ত্রের আঘাতে বিচারকের ছেলে ও স্ত্রী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে নবম শ্রেণীর শিক্ষার্থী তাওসিফ রহমান মারা যান। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

    রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান বলছেন, “হামলাকারী লিমন এই পরিবারের সঙ্গে পূর্বপরিচিত। আগে থেকেই কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। হামলাকারীও আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে”।

    তিনি বলেন, অর্থ লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সমস্যা ছিল। এর আগে ওই বিচারক লিমনের বিরুদ্ধে থানায় একটি জিডিও করেছিলেন।

  10. ময়মনসিংহে নারী নৃত্য শিল্পীকে হেনস্তার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের নিন্দা

    ময়মনসিংহের কালীবাড়ি রোড এলাকায় এক নারী শিল্পীকে হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র বা আসক। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

    বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আসক বলছে, ১২ই নভেম্বর স্থানীয় কয়েকজন চিহ্নিত দুর্বৃত্ত এক নারী নৃত্য শিল্পীকে প্রকাশ্যে মারধর করে, তার চুল কেটে দেয় এবং মুখে কালি মেখে হেনস্তা করে।

    ভুক্তভোগী নারীর বরাত দিয়ে আইন ও সালিশ কেন্দ্র বলছে, এ ঘটনার আগে ভুক্তভোগী নারীর সন্তানকে অপহরণ করেছিল একই চক্র। পরবর্তীতে তিনি মামলা করলে আসামিরা জামিনে মুক্তি পেয়ে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে।

    আইন ও সালিশ কেন্দ্র বলছে, জনসম্মুখে একজন নারীর ওপর এমন নিষ্ঠুর নির্যাতন শুধু আইনের অবমাননা নয়, বরং নারীর মর্যাদার প্রতি সরাসরি আঘাত। এ ঘটনায় জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করার দাবিও জানায় সংগঠনটি।

  11. রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪৩ নেতাকর্মী গ্রেফতার: পুলিশ

    রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সাথে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

    পুলিশ বলছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য।

    তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়।

  12. আওয়ামী লীগ সমর্থক সন্দেহে রিকশাচালক ও নারীকে মারধর

    রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক সন্দেহে মোহাম্মদ বাবু নামের একজন রিকশাচালককে গণপিটুনি দিয়েছে একদল বিক্ষোভকারী। তারা নিজেদের 'জুলাইযোদ্ধা' বলে পরিচয় দিয়েছে। এদিকে, ধানমন্ডি ৩২ নাম্বারে 'জয় বাংলা' স্লোগান দেয়ায় আরেক নারীকে মারধরের ঘটনা ঘটে।

    বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে দলটির সমর্থক সন্দেহে কয়েকজন মিলে রিকশাচালক মোহাম্মদ বাবুকে ঘেরাও করে শারীরিকভাবে আক্রমণ করে।

    এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভকারীরা তাকে পাশের একটি মার্কেটে নিয়ে যায় এবং মারধর করে। এক সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

    পরে তাকে সেখান থেকে বের করে পুলিশের গাড়িতে তোলা হলে আবারও মারধর করা হয়। এ সময় পুলিশকে অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে।

    আহত রিকশাচালকের বাড়ি বরিশাল জেলার নেহালগঞ্জে বলে জানা গেছে।

    এদিকে এদিন দুপুরে 'জয় বাংলা' স্লোগান দেয়ার অভিযোগে ধানমন্ডিতে আরেকজন নারীকে মারধর করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমণ্ডি ৩২ এ শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে 'জয় বাংলা' বলে স্লোগান দেয়ায় তাকে পেটানো হয়েছে।

    পরে সেই নারীকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

  13. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, গেজেট প্রকাশ

    ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ' জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে।

    বৃহস্পতিবার এই আদেশ জারি করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন করা হয়।

  14. নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্তে ‘গণআকাঙ্ক্ষা পূরণ হয়নি’, অভিযোগ জামায়াতের

    জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    প্রধান উপদেষ্টার ভাষণের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার বিকেলে এসব কথা বলেছেন তিনি।

    মি. পরওয়ার বলেন, গণভোট প্রসঙ্গে যে ঘোষণা প্রধান উপদেষ্টার দিয়েছেন তাতে গণদাবি উপেক্ষা করা হয়েছে। এই সিদ্ধান্ত ভোটারদের জন্য একটা সংকট তৈরি করলো বলেও মনে করে জামায়াতে ইসলামী।

    তিনি বলেন, "গণভোট জাতীয় নির্বাচনের আগে আয়োজন করা গেলে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। এছাড়া যেসব বিষয়ে ওপর গণভোটের প্রশ্ন নির্ধারণের কথা প্রধান উপদেষ্টা বলেছেন সেটাও বিশ্লেষণ করা জরুরি"।

  15. প্রধান উপদেষ্টা মূল দলিল থেকে বহু দূরে সরে গেছেন: বিএনপি

    জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

    বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতির কাছে প্রেরণের আগে আদেশের সারসংক্ষেপে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    তবে বিএনপি বলছে, সংবিধান অনুসারে রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই, তিনি শুধু অধ্যাদেশ জারি করতে পারেন।

    প্রধান উপদেষ্টার ভাষণের পর নিজ বাড়িতে ডাকা এক সংবাদ সম্মেলনে দলটির নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, এর “আইনি বৈধতা নিয়ে প্রশ্ন আছে। সাধারণ প্রজ্ঞাপন, নোটিফিকেশন হলে এই প্রশ্ন তুলতাম না।”

    একইসাথে সংবিধান সংস্কার পরিষদ নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। তাদের দাবি, সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো এজেন্ডা ঐকমত্য কমিশনে ছিল না।ফলে এ নিয়ে কোনো আলোচনাও হয়নি।

    মি. আহমদ বলেন, প্রধান উপদেষ্টা “মূল দলিল থেকে বহু দূরে সরে গেছেন।”

    এছাড়াও ব্যয়, সময়, আয়োজন সাশ্রয়ী হওয়ায় একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়টি ইতিবাচক হলেও 'নোট অব ডিসেন্ট'-এর বিষয়গুলোর কী হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি বলে দাবি করে দলটি।

  16. নির্বাচনের আগেই গণভোটের সিদ্ধান্তে অনড় জামায়াত, পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত

    জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে, এখনো এই সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিবিসি বাংলাকে একথা বলেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

    তিনি বলেন, “প্রধান উপদেষ্টার ভাষণের কিছু কিছু বিষয়ে আরও ক্লারিফিকেশন দরকার। আমরা নিজেরা বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব”।

    জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে এর গুরুত্ব অনেকটা চাপা পড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

    এর আগে জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের দিনেই জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। চারটি বিষয়ের ওপর করা একটি প্রশ্নেই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন ভোটাররা।

  17. প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন আহমদ

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার ভাষণের মধ্য দিয়ে নিজেই নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পরপরই বিবিসি বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হলে এ কথা বলেন মি. আহমদ।

    তবে জুলাই সনদ লঙ্ঘন কীভাবে হয়েছে- এই বক্তব্যের কোনো ব্যাখ্যা দেননি এই বিএনপি নেতা।

    দলের শীর্ষ নেতাদের সাথে আলাপের পর সন্ধ্যা নাগাদ বিএনপির দলীয় প্রতিক্রিয়া জানা যাবে বলে জানান মি. আহমদ।

    উল্লেখ্য, ধর্মভিত্তিক আটটি দল জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি করলেও, প্রথম থেকেই জাতীয় নির্বাচনের দিন গণভোট চেয়েছে বিএনপি।

  18. সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না: প্রধান উপদেষ্টা

    ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোট হবে অনুষ্ঠিত হবে এবং “এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না” বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

    আজ দুপুর ২টা ৩৬ মিনিটে তার ভাষণ প্রচার শুরু করে রাষ্ট্রীয় টেলিভিষণ বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি ও বাংলাদেশ বেতার।

    ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, "গণভোট আয়োজনের জন্য উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে"।

    জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটের প্রশ্ন নির্ধারণ করা হয়েছে এবং গণভোটের দিন চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে মতামত জানাবে বলে জানান তিনি।

    গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে।

    এই প্রতিনিধিগণ একইসাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

    পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে।

    সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর ৩০ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত।

  19. সংসদ নির্বাচনের দিনই গণভোটের ঘোষণার প্রধান উপদেষ্টার

    আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তবর্তী সরকার।

    বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস একথা বলেন।

  20. জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

    জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

    দুপুর দুইটা ৩৬ মিনিটে এই ভাষণ শুরু হয়। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার সম্প্রচার করছে।