বৃহস্পতিবার সারাদিন যা যা হলো
- ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোট হবে অনুষ্ঠিত হবে এবং “এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না” বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
- ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ' জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে।
- প্রধান উপদেষ্টার ভাষণের পর নিজ বাড়িতে ডাকা এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা “মূল দলিল থেকে বহু দূরে সরে গেছেন”। তবে, নির্বাচনের দিন গণভোটের ঘোষণা করায় রাতে এক সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।
- জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের ঘোষণায় "জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি" বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
- আগামী ১৭ই নভেম্বর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
- প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পদে নিয়োগ পেলেন সদ্য মেয়াদ শেষ হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
- রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে হামলার ঘটনা ঘটেছে এবং এসময় বিচারপতির ছোট ছেলে তাওসিফ রহমান নিহত হয়েছেন বলে জানা গেছে।
- বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 'ঢাকা লকডাউন' কর্মসূচি শুরুর আগের রাতেই রাজধানী ঢাকাসহ দেশের অন্তত পাঁচটি স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরেও ঘটে অগ্নিসংযোগের ঘটনা।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।




















