নেপালে বন্যায় ১৪৮ জনের মৃত্যু, 'ছাদ থেকে ছাদে লাফিয়ে' চলছেন মানুষ
নেপালে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৪৮ জনের মৃত্যু এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে।
পুলিশ জানিয়েছে, কাঠমান্ডুর কাছে পৃথ্বী হাইওয়েতে ভূমিধসের নিচে চাপা পড়ে থাকা যানবাহন থেকে অন্তত ৩৫টি লাশ উদ্ধার করা হয়।
তারা বলছে, রাজধানী কাঠমান্ডুর আশেপাশের উপত্যকা প্লাবিত হওয়ায় দুই দিনের তীব্র বৃষ্টিতে রোববার ৫০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হন।
দুর্গত এলাকা থেকে এ পর্যন্ত প্রায় তিন হাজার ৬০০ জনকে উদ্ধার করা হয়েছে।
বাসিন্দারা বলছেন প্রতিনিয়ত পানি বাড়তে থাকায় তারা প্রাণ বাঁচাতে "এক ছাদ থেকে অন্য ছাদে লাফ দিয়েছেন"।
এবারের বন্যায় নেপালে প্লাবিত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। দুর্গতদের উদ্ধারে হেলিকপ্টার এবং ইনফ্ল্যাটেবল নৌকাগুলো মোতায়েন করা হয়েছে।
কাঠমান্ডুর সাথে দেশের অন্যান্য অঞ্চলের সংযোগকারী বেশিরভাগ মহাসড়ক ভূমিধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে।
আশেপাশের বাসিন্দা তাদের কাদামাখা বাড়িতে ফিরতে পারলেও, বেশিরভাগ এখনও শহর এবং গ্রামের মধ্যে প্রধান রাস্তাগুলি বন্ধ হয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।