আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে নতুন করে একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত থেকে বাংলাদেশে পুশ ইন হয়ে আসা সখিনা বেগমকে জামিন দিয়েছে ঢাকার একটি আদালত। ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা একমাস বাড়ানো হয়েছে। দিনের ঘটনাপ্রবাহ জানতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো-

    • বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে নতুন করে একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
    • নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনের সময় সারাদেশকে লাল, হলুদ ও সবুজ—এই তিন জোনে ভাগ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।
    • আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
    • বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    • ভারত থেকে বাংলাদেশে পুশ ইন হয়ে আসা সখিনা বেগমকে জামিন দিয়েছে ঢাকার একটি আদালত।
    • শনিবার সকাল থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজন মারা গেছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৮ জন ডেঙ্গুরোগী।
    • ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে আটক বাউল শিল্পী আবুল সরকারের সমর্থক ও স্থানীয় ‘তৌহিদী জনতাদের’ মধ্যে রোববার ধাওয়া পাল্টা ও সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছে।
    • অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরো এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। নিয়ম অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩০শে নভেম্বর।
    • ভূমিকম্প ঝুঁকির কথা চিন্তা করে দেশের তেল ও গ্যাস কূপগুলোতে খনন কাজ ৪৮ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। তবে এ সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।
    • ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ক্লাস-পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

    স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাতে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইং।

    খালেদা জিয়ার চিকিৎসকরা গণমাধ্যমকে জানিয়েছেন, তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনগুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।

    বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিবিসি বাংলাকে জানিয়েছেন, এক মাস আগে গত ১৫ই অক্টোবর বিএনপি চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য।

  3. শান্তিচুক্তি ইস্যুতে ইউক্রেনকে 'অকৃতজ্ঞ' বললেন ট্রাম্প

    রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের চেষ্টা চালালেও ইউক্রেন তার প্রতি নূন্যতম সম্মান দেখাচ্ছে না।

    এর কিছুক্ষণ আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ইউক্রেনের জাতীয় স্বার্থ বিবেচনায় নেওয়ার বিষয়ে একটি সমঝোতা তৈরি হয়েছে।

    একই সময় জেনেভায় যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় মিত্র দেশগুলোর প্রতিনিধি দলের মধ্যে আলোচনা চলছে।

    প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের পর মার্কিন প্রতিনিধিদল অনেকটা চুপচাপ রয়েছে। জেনেভা থেকে বিবিসির সংবাদদাতার বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যে ক্ষীণ আশা তৈরি হয়েছিল তাও যেন ভেস্তে যাচ্ছে বলেই মনে হচ্ছে।

    এর আগে যুদ্ধ অবসানে যে ২৮ দফার প্রস্তাবনা করা হয়েছে সেটির সমালোচনা করেছেন ইউরোপীয় নেতারা। তাদের মতে এই চুক্তিগুলো রাশিয়াকে বাড়তি সুবিধা দেবে বলে অনেকে মনে করছে।

    যে কারণে শুরু থেকেই ইউক্রেন এ নিয়ে ব্যাপক হতাশা প্রকাশ করেছে।

    রোববার ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তাদের সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

    যুদ্ধ বন্ধে ২৮ দফা চুক্তি মানতে ইউক্রেনকে ২৭শে নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্প।

  4. শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

    বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে নতুন করে একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    উপদেষ্টা মি. হোসেনের বরাত দিয়ে রোববার এই তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন সংক্ষেপে বলেছেন, “দিন দুয়েক আগে (শুক্রবার) চিঠিটি পাঠানো হয়েছে”।

    উপদেষ্টা এর চেয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বাসসকে জানিয়েছে, নোট অব ভার্বালটি নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাঠানো হয়েছে।

    গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন অভিযুক্তের বিরুদ্ধে রায় ঘোষণা করে। শেখ হাসিনা এবং তার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপরদিকে রাষ্ট্রপক্ষের স্বপক্ষে সাক্ষ্য দেওয়া সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

    রায় ঘোষণার দিনই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঘোষণা করেন যে, ঢাকা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ আবেদন পাঠাবে। তিনি বলেন, ‘চিঠিটি আজ রাতে বা কালকের মধ্যেই যাবে- এটা নিশ্চিত।’

    তিনি আরও জানান, বাংলাদেশ আগেও শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য আবেদন করেছিল, কিন্তু দিল্লি সাড়া দেয়নি।

    ''এখন পরিস্থিতি ভিন্ন, বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারা দোষী সাব্যস্ত হয়েছেন,'' বলেন তৌহিদ হোসেন।

    বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির অধীনেই বাংলাদেশ তার অনুরোধ জানাবে বলে উপদেষ্টা জানান।

  5. শাহজাহান চৌধুরীর বক্তব্যের পর তার বিরুদ্ধে অভ্যন্তরীণ ব্যবস্থা নেওয়ার ঘোষণা জামায়াতের

    বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরী বক্তব্যের পর তার বিরুদ্ধে অভ্যন্তরীণ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দলটি।

    রোববার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মাদ শাজহাজান এক বিবৃতিতে বলেছে, ‘বক্তব্যটি (শাহজাহান চৌধুরীর) আমরা দেখেছি। এটা একান্তই উনার বক্তব্য। এটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন। তার এই বক্তব্য জামায়াত সমর্থন করে না। আমরা তাৎক্ষণিকভাবে তার দৃষ্টি আকর্ষণ করেছি। এ ঘটনায় আমরা অভ্যন্তরীণভাবেও আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি’।

    তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, প্রশাসন পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন। এখানে আমাদের হস্তক্ষেপের কিছু নেই। অতীতে প্রশাসনের যারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেননি, তারা দেশের ক্ষতি করেছেন”।

    এর আগে গত শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে জামায়াত নেতা মি. চৌধুরী আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র ঢুকবে বলে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।’

    মি. চৌধুরীর এই বক্তব্যে এ নিয়ে নানা সমালোচনা তৈরি হয়। সমালোচনার পরই এ নিয়ে জামায়াত নিজেদের অবস্থান স্পষ্ট করে বক্তব্য দিয়েছে।

  6. ভোটের সময় লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে: ইসি সচিব

    নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনের সময় সারাদেশকে লাল, হলুদ ও সবুজ—এই তিন জোনে ভাগ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।

    বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস জানিয়েছে, রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ের সাক্ষাৎ শেষে ইসি সচিব সাংবাদিকদের এই তথ্য জানান।

    তিনি বলেন, “তিনি (কমনওয়েলথ মহাসচিব) আমাদের কাছে দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা তাদের জানিয়েছি, সারাদেশকে লাল, হলুদ ও সবুজ—এই তিন জোনে ভাগ করা হচ্ছে এবং সে অনুযায়ী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে”।

    ইসি সচিবের বরাত দিয়ে বাসসের খবরে বলা হয়েছে, কমনওয়েলথ মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি, অগ্রগতি এবং বিভিন্ন কারিগরি বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা প্রবাসী বাংলাদেশিদের প্রথমবারের মতো ভোট অন্তর্ভুক্তির উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখেছেন।

  7. নারী নির্যাতন মামলায় মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

    নারী নির্যাতন মামলায় গ্রেফতার আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ কাসেমীকে গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার মনিরুল হক।

    পুলিশ জানিয়েছে, গত শুক্রবার মি. কাসেমীর স্ত্রী কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছিলেন। সেই মামলায় আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    তাকে গ্রেফতারের পর রোববার বিকেলেই তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে কেরানীগঞ্জের ওসি মি. হক।

  8. এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    তিনি জানান, সেই লক্ষ্যে সারাদেশের ৩০০ প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শিগগিরই এই তালিকা প্রকাশ করবে এনসিপি।

    রোববার কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মি. ইসলাম। আহ্বায়ক মি. ইসলামের নেতৃত্বে এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

    আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কী-না এমন এক প্রশ্নের জবাবে মি. ইসলাম বলেন, “আমরা মনে করি যদি সকল রাজনৈতিক শক্তি এবং সকল সামাজিক শক্তিগুলো তারা যদি সবাই ঐক্যবদ্ধ থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব”।

    তিনি বলেন, “নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তাহলে সকল রাজনৈতিক দলের আস্থার জায়গাটা নিশ্চিত করে তারপর নির্বাচনে গলে সেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে, সুষ্ঠু হবে”।

    এনসিপি নেতা বলেন, “নির্বাচন কমিশনের কিছু ত্রুটি সম্পর্কে প্রথম থেকে আমরা বলে আসছি। ফলে নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আরো ঘনিষ্ঠতা প্রয়োজন। বার বার সংলাপে বসার প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর কথা শোনা প্রয়োজন। তাহলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব”।

  9. কিছুক্ষণের মধ্যে হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে।

    এই তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

    তিনি জানান, সন্ধ্যায় সাতটার পরে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেবেন।

    খালেদা জিয়ার প্রেস উইং জানিয়েছে, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য নিজ বাসভবন এভারকেয়ার হাসপাতালে রওনা দেবেন তিনি।

    বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়া’র ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।

    গত কয়েক বছর ধরে লিভারসহ বেশ কিছু দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিয়মিত পরীক্ষা–নিরীক্ষা করিয়ে থাকেন।

  10. ভারত থেকে পুশ ইনের শিকার সেই সখিনা বেগমের জামিন

    ভারত থেকে বাংলাদেশে পুশ ইন হয়ে আসা সখিনা বেগমকে জামিন দিয়েছে ঢাকার একটি আদালত।

    রোববার সকাল ৯টায় মিজ বেগমকে আদালতের হাজতখানায় আনা হয়। পরে দুপুর পৌনে ২টায় শুনানির জন্য তাকে তোলা হয় আদালতে।

    আদালতে মিজ বেগমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন সখিনা বেগমের আইনজীবী অ্যাডভোকেট রহমাতুল্যাহ সিদ্দিক।

    পরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিকেলে অ্যাডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন তার জামিন মঞ্জুর করেন।

    এর আগে গত ১০ই ঢাকার সিএমএম আদালতে জামিন আবেদন করলেও ওইদিন তার জামিন আবেদন মঞ্জুর হয় নি। পরে তাকে থাকতে হয় জেলখানায়।

    সখিনা বেগমকে সাড়ে পাঁচ মাস আগে গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে আটক করেছিল ভারতের আসাম পুলিশ। তখন তাকে আসামের নলবাড়ি জেলার বরকুড়া গ্রামের বাসা থেকে পুলিশ নিয়ে যায়।

    এরপর তাকে হস্তান্তর করা হয় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে। কিন্তু পরিবারকে কিছুই জানানো হয়নি।

    গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সখিনা বেগমকে বাংলাদেশের ঢাকার মিরপুরে খুঁজে পায় বিবিসি। আটষট্টি বছরের এই বৃদ্ধা তখন জানিয়েছিলেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে সীমান্তের এপারে বাংলাদেশে ঠেলে দিয়েছে।

    তার দেওয়া ঠিকানা অনুযায়ী ভারতে বিবিসি বাংলার সংবাদদাতা অমিতাভ ভট্টশালী আসামে গিয়ে সখিনা বেগমের পরিবারকে খুঁজে পান।

  11. গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৮ জন

    শনিবার সকাল থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজন মারা গেছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৮ জন ডেঙ্গুরোগী।

    রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২১ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮১ জন, খুলনা বিভাগে ১১২ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে ৭ জন ভর্তি হয়েছেন।

    ২৪ ঘণ্টায় এক হাজার ১১১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৮৭ হাজার ৪৪২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

    চলতি বছরের ২৩শে নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯০ হাজার ২৬৪ জন। এর মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী রয়েছেন।

  12. ভূমিকম্পের সময় ৮টি করণীয় সম্পর্কে জানাল ফায়ার সার্ভিস

    গত দুই দিনে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্পসহ কয়েকটি ছোট ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে। এ নিয়ে ঢাকা নগরীসহ আশপাশের বিভিন্ন জেলায় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে পড়েছে।

    এমত অবস্থায় দেশের সবাইকে ভূমিকম্পের সময় আটটি করণীয় পালনে সবাইকে অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ।

    ভূমিকম্পের সময় করণীয়

    ১. ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত না হয়ে শান্ত ও স্থির থাকতে হবে। ভবনের নিচ তলায় থাকলে দ্রুত বাইরে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে।

    ২. বহুতল ভবনে থাকলে ড্রপ কভার হোল্ড পদ্ধতি অনুসরণ করতে হবে। নিচু হয়ে শক্ত টেবিল/ডেস্কের নিচে ঢুকে খুঁটি শক্ত করে ধরতে হবে। অথবা কলামের পাশে, বিমের নিচে আশ্রয় নিতে হবে। সম্ভব হলে বালিশ, কুশন বা এ জাতীয় বস্তু দিয়ে মাথা ঢেকে রাখতে হবে।

    ৩. ভূমিকম্প চলাকালীন লিফট ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ভূমিকম্প থামার সাথে সাথে বৈদ্যুতিক ও গ্যাস সংযোগ দ্রুত বন্ধ করতে হবে।

    ৪. বারান্দা, ব্যালকনি, জানালা, বুকশেলফ, আলমিরা, কাঠের আসবাবপত্র বা কোন ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকতে হবে। হাতের কাছে টর্চ, হেলমেট, জরুরি ওষুধ এবং বাঁশি সংরক্ষণ করতে হবে যাতে প্রয়োজন হলে ব্যবহার করা যায়।

    ৫. ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিতে হবে।

    ৬. গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামাতে হবে। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকতে হবে।

    ৭. একটি ভূমিকম্পের পর আবারও ভূকম্পন হতে পারে। ক্ষতিগ্রস্ত ভবন, ব্রিজ ও বিভিন্ন অবকাঠামো থেকে দূরে থাকতে হবে।

    ৮. সকলের সম্মিলিত চেষ্টা ও সচেতনতায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব। জরুরি সেবার প্রয়োজনে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হটলাইন নম্বর ১০২ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে ।

  13. মানিকগঞ্জে 'তৌহিদী জনতা'র হামলায় তিন বাউলভক্তসহ চারজন আহত

    ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে আটক বাউল শিল্পী আবুল সরকারের সমর্থক ও স্থানীয় ‘তৌহিদী জনতাদের’ মধ্যে রোববার ধাওয়া পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    এসময় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন।

    পুলিশ জানায়, ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মি. সরকারকে পুলিশ গ্রেফতারের পর তার মুক্তি ও শাস্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সকালে।

    রোববার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদী জনতা ও আলেম-ওলামারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলে একই সময়ে আবুল সরকারের ভক্তরা মানববন্ধনের আয়োজন করে।

    উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই বাউল ভক্তদের উপর হামলা চালায় ‘তৌহিদী জনতার’ একটি অংশ। এই হামলায় তিনজন বাউল ভক্ত ও অপরপক্ষের একজন আহত হয় বলেও জানায় পুলিশ। আহতরা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    তবে, সংঘর্ষের পর বিকেলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মানিকগঞ্জ সদর থানার ওসি মি. হোসেন।

    আটক বাউল শিল্পী মি. সরকার বর্তমানে আদালতের নির্দেশে জেলহাজতে রয়েছেন।

  14. আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

    অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরো এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। নিয়ম অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩০শে নভেম্বর।

    তবে রোববার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে।

    এনবিআর জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড রোববার এক বিশেষ আদেশের মাধ্যমে ২০২৫-২৬ অর্থ বছরের কর কোম্পানি ব্যতীত ব্যক্তি শ্রেণির করদাতাগণের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি করে আগামী ৩১শে ডিসেম্বর ২০২৫ তারিখ নির্ধারণ করেছে।

    এতে আরো বলা হয়েছে, ‘ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অসমর্থ হলে ১৫ই ডিসেম্বর, ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করা যাবে মর্মে আরো একটি আদেশ জারী করা হয়েছে’।

    এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকগণ ব্যতীত সকল ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

  15. ভূমিকম্প ঝুঁকি: মঙ্গলবার পর্যন্ত গ্যাস কূপ খনন কার্যক্রম বন্ধ

    ভূমিকম্প ঝুঁকির কথা চিন্তা করে দেশের তেল ও গ্যাস কূপগুলোতে খনন কাজ ৪৮ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। তবে এ সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।

    রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই নির্দেশনা দেন।

    রোববার জ্বালানি মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের ডিজিএম তরিকুল ইসলাম।

    তিনি জানান, সারা দেশের বিভিন্ন স্থানে যেসব গ্যাস ক্ষেত্র রয়েছে, সেগুলোর গ্যাসকূপে আগামী মঙ্গলবার অর্থাৎ ২৫শে নভেম্বর পর্যন্ত খনন কাজ ও সাইসমিক সার্ভে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

    বাংলাদেশে এখন ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে।

    রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্সের একটি সূত্র জানিয়েছে, এই মুহূর্তে খনন কাজ চলমান রয়েছে তিনটি গ্যাসক্ষেত্রের গ্যাসকূপে। ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবেই খনন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

    যেসব গ্যাসকূপের খনন কাজ বন্ধের কথা জানা গিয়েছে সেগুলো হলো কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবস্থিত শ্রীকাইল গ্যাসফিল্ড, হবিগঞ্জ গ্যাসফিল্ড এবং সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন কৈলাশটিলা গ্যাসকূপ।

  16. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে