রোববার সারাদিন যা যা হলো-
- বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে নতুন করে একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
- নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনের সময় সারাদেশকে লাল, হলুদ ও সবুজ—এই তিন জোনে ভাগ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।
- আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- ভারত থেকে বাংলাদেশে পুশ ইন হয়ে আসা সখিনা বেগমকে জামিন দিয়েছে ঢাকার একটি আদালত।
- শনিবার সকাল থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজন মারা গেছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৮ জন ডেঙ্গুরোগী।
- ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে আটক বাউল শিল্পী আবুল সরকারের সমর্থক ও স্থানীয় ‘তৌহিদী জনতাদের’ মধ্যে রোববার ধাওয়া পাল্টা ও সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছে।
- অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরো এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। নিয়ম অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩০শে নভেম্বর।
- ভূমিকম্প ঝুঁকির কথা চিন্তা করে দেশের তেল ও গ্যাস কূপগুলোতে খনন কাজ ৪৮ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। তবে এ সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।
- ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ক্লাস-পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...













