আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নিলেন উপদেষ্টারা

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হলো অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন উপদেষ্টারা। এদিনই দুপুরে ফ্রান্স থেকে দেশে ফিরেন ড. ইউনূস। আইনশৃঙ্খলা ফেরানো প্রথম কাজ বলে জানিয়েছেন তিনি। এদিকে, আন্দোলন ঘিরে পুলিশের ভূমিকার জন্য দুঃখপ্রকাশ করে নতুন আইজিপি সব পুলিশ সদস্যকে বৃহস্পতিবারের মধ্যে নিজ কর্মস্থলে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন। দিনের নানা আপডেট জানতে বিবিসি বাংলার লাইভ পাতা অনুসরণ করুন...

সার সংক্ষেপ

  • ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হলো অন্তর্বর্তী সরকার।
  • বঙ্গভবনে উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি।
  • আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা হবে প্রথম কাজ, দেশে ফিরে ড. ইউনূস।
  • নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান।
  • দেশের দুই কারাগার থেকে পালিয়েছে তিন শতাধিক বন্দি।
  • গাজীপুর জেলা কারাগারে সংঘাতে আহত ১৬।

সরাসরি কভারেজ

  1. বাংলাদেশে ভারত এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কার্যক্রম বন্ধ

    বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টার এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন।

    এরমধ্যে যারা ভারতীয় ভিসা আবেদনের জন্য পাসপোর্ট জমা দিয়েছেন, তাদেরকে পাসপোর্ট ফেরত পেতে visahelp.dhaka@ mea.gov.in অথবা visahelp@ivacbd.com এই দুটি ইমেইল অ্যাড্রেসে আবেদন করতে বলা হয়েছে।

    বাংলাদেশের অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। নতুন আবেদনপত্র কবে থেকে জমা নেয়া হতে পারে সেটা দূতাবাসের কার্যক্রম শুরু হওয়ার পর এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    গত চৌঠা অগাস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সতর্কতা জারি করেছিল, যেখানে বর্তমান পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের বাংলাদেশ ভ্রমনে এবং বাংলাদেশে থাকা ভারতীয়দের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

    এদিকে, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সব কার্যক্রম ছয়ই অগাস্ট থেকে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সেখানকার একজন কর্মকর্তা।

    এর মধ্যে গতকাল বুধবার বাংলাদেশে কর্মরত মার্কিন নাগরিকদের জন্য এক সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    ওই সতর্কতায় ঝুঁকির মাত্রা লেভেল ফোর বলে উল্লেখ করা হয়েছে।

    এই মাত্রার সতর্কতার মাধ্যমে বাংলাদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়, এবং দূতাবাসে জরুরি নন এমন কর্মকর্তাদের দেশে ফেরত পাঠানো হয়।

    বাংলাদেশে চলমান অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসের কারণে দেশটিতে কর্মরত মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার জন্য বলা হয়েছে।

  2. ঢাকাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি আতঙ্ক

    দেশের চলমান অস্থির পরিস্থিতির মধ্যে ঢাকাসহ বেশকিছু এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে গেছে বলে জানা যাচ্ছে।

    কোথাও কোথাও গণডাকাতির খবরও পাওয়া গেছে।

    মোহাম্মদপুরের বসিলা এলাকায় গত দুইদিনে অন্তত দুইবার গণডাকাতির চেষ্টা হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।

    ওই এলাকার একজন নৈশপ্রহরী মোজাম্মেল হোসেন বলছিলেন, “আন্ধার হইলেই অস্ত্রপাতি নিয়া হেরা মাঠে নাইম্মা যায়। গেল দিন বাড়ির সামনের থন মোর ফোনডা নিয়া গ্যাছেগা।”

    “আর্মি নেই, পুলিশ নেই। তাহলে আমাদের নিরাপত্তা দিবে কে?,” প্রশ্ন করেন ফাহমিদা আক্তার নামের একজন বাসিন্দা।

    এমন অবস্থায় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পালাক্রমে এখন প্রতিরাতে পালা করে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

    ঢাকার বাইরে কুমিল্লা, গাজীপুর, সিরাগঞ্জসহ বিভিন্ন এলাকায় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটের ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে।

  3. অন্তর্বর্তী সরকারের শপথ হতে পারে আজ

    বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের তিন দিন পর বৃহস্পতিবার শপথ নিতে পারে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার।

    এদিকে, শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার রাত আটটায় বঙ্গভবনে শপথ গ্রহণ করতে পারে বলে জানানো হয়েছে।

    শপথ অনুষ্ঠানে অংশ নিতে বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মি. ইউনূস। দুপুরে তিনি দেশে পৌঁছাতে পারেন।

    অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা ১৫ জনের মতো হতে পারে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    এর আগে ড. মুহাম্মদ ইউনূস বুধবার দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।