স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর, এ বছর নির্বাচন আয়োজন কঠিন হবে-নাহিদ
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনিত করলেও তা না নেওয়ার ঘোষণা দিয়েছেন লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর। এদিকে বর্তমানে আইনশৃঙ্খলা ও পুলিশের যে অবস্থা তার কারণে এ বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
সরাসরি কভারেজ
ঢাকায় বিআরপি বস্তিতে আগুন নিয়ন্ত্রণে
ছবির উৎস, Getty Images
ঢাকার ভাষানটেক এলাকায় বিআরপি বস্তিতে
আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার বেলা
১১টার দিকে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে বেলা ১১টা ১৩
মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের
ডিউটি অফিসার লিমা খানম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ
জানা যায়নি।
ফায়ার সার্ভিস সেখানে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
চারদিন সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার
বঙ্গোপসাগরে চারদিন ধরে ভাসতে থাকা ১৩ জন জেলেকে উদ্ধার
করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
ইঞ্জিন বিকল হয়ে পড়ার কারণে সুন্দরবনের দুবলার চর এলাকায়
আটকা পড়া একটি মাছ ধরার ট্রলার থেকে বৃহস্পতিবার সকালে
তাদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বৃহস্পতিবার সকালে এক
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দুপুর ২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানানো হয় যে, ১৩ জন জেলেসহ ‘এমভি মা-বাবার দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার
গত চার দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় বঙ্গোপসাগরে ভাসছে।
ট্রলারটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০
নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে বলে টেলিফোনে জানানো হয়।
এই তথ্য পাওয়ার পর কোস্টগার্ডের চার সদস্যবিশিষ্ট
একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিক উদ্ধার অভিযানে যায়।
ওই এলাকায় তল্লাশি চালানোর পর দ্রুত উদ্ধারকারী দল বোটের
অবস্থান শনাক্ত করে এবং সফলভাবে বিকল ট্রলারটিতে ১৩ জন জেলের সবাইকে বৃহস্পতিবার
সকালে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারকারী দল ট্রলারসহ
জেলেদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসে।
জানা গেছে, বরগুনার পাথরঘাটা থেকে মাছ ধরতে ১২ দিন আগে সমুদ্রে যাত্রা করেছিল এই ট্রলারটি।
ছবির উৎস, Coast Guard
অর্থপাচার মামলায় খালাস তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন
ছবির উৎস, Tarique Rahman Facebook page
অর্থ
পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড থেকে খালাস
দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের
বেঞ্চ এ রায় দেন।গত বছরের ১০ই ডিসেম্বর এ মামলায় গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে আপিলের অনুমতি চেয়ে আবেদন করা হলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অনুমিত দেয়।
২০০৯ সালের ২৬শে অক্টোবর ঢাকার
ক্যান্টনমেন্ট থানায় মানি লন্ডারিং আইনে মামলাটি দায়ের করেছিল দুর্নীতি
দমন কমিশন (দুদক)। এরপর ২০১০ সালের ৬ই জুলাই তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনকে
অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। ২০১১ সালের ৮ই অগাস্ট এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
মামলায়
অভিযোগ করা হয়, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট
বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার জন্য নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি
লিমিটেডের চেয়ারম্যান খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াস উদ্দিন আল মামুন ২০ কোটি ৪১
লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন।
সিঙ্গাপুরে এ টাকা লেনদেন হয়। এরপর মামুন ওই অর্থ
সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাংক এনএতে তার নামের ব্যাংক হিসাবে জমা
করেন। এ টাকার মধ্যে তারেক রহমান তিন কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন।
গিয়াস উদ্দিন আল মামুনের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ তার পাশাপাশি তারেক রহমানকেও খালাস দেয়।
তারেক রহমান ১৭ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। দেশে ফিরে আত্নসমর্থন না করায় তিনি আপিল করতে পারেননি।