ইরানের পারমাণবিক ক্ষমতা ক্ষতিগ্রস্ত করার দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রীর, পাল্টাপাল্টি হামলা অব্যাহত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ইসফাহানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রচেষ্টাকে "বেশখানিকটা" ক্ষতিগ্রস্ত করেছে। তবে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, হামলা না থামালে ইসরায়েলকে "আরও কঠোর জবাব" দেওয়া হবে। এদিকে, পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে 'শিগগিরই' শান্তি প্রতিষ্ঠা হবে।

সরাসরি কভারেজ

  1. আমেরিকানদের সমর্থন চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আমেরিকানদের সমর্থন চাইলেন নেতানিয়াহু

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকানদের সমর্থন চেয়েছেন।

    এক ভিডিওতে আমেরিকানদের উদ্দেশ্যে ইংরেজিতে দেওয়া বক্তব্যে তিনি এই সমর্থন চান।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ২৫০ বছর ধরে ‘স্বাধীনতা রক্ষা’ করা যুক্তরাষ্ট্রের সেনা ও নারীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

    মি. নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনাবাহিনী মধ্যপ্রাচ্যের ‘স্বাধীনতা রক্ষা’ করছে। ইরানি শাসনকে তিনি ‘অত্যাচারী’ বলে উল্লেখ করেন।

    “ আমাদের শত্রু, আপনাদের শত্রু। আমরা যা করছি, তা করে আমরা এমন কিছুর মুখোমুখি হচ্ছি- যা আজ হোক বা কাল হোক আমাদের সকলের জন্য হুমকিস্বরূপ” বলেন মি. নেতানিয়াহু।

    প্রমাণ উল্লেখ না করে তিনি বলেন, ইসরায়েল পদক্ষেপ না নিলে ইরান তাদের প্রক্সি হিজবুল্লাহ ও হামাসকে পারমানবিক অস্ত্রে সজ্জিত করতো।

    “ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাদের জনগণ এবং বিশ্বের আরো অনেকের স্পষ্ট সমর্থনে ইসরায়েল এটি করছে” বলেন তিনি।

  2. ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে কোনো পারমাণবিক আলোচনা হবে না, বললেন ইরানের প্রেসিডেন্ট

    ইরানের রাষ্ট্রপতি

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে কোনও পারমাণবিক আলোচনা হবে না বলেছেন ইরানের রাষ্ট্রপতি

    ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে কথা বলেছেন।

    মি. ম্যাক্রো তাকে “ উত্তেজনা এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের ” আহ্বান জানিয়েছেন। একইসাথে যত তাড়াতাড়ি সম্ভব ইরানকে পারমাণবিক আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

    কিন্তু পেজেশকিয়ান ম্যাক্রোকে বলেছেন, ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে ইরান আলোচনার টেবিলে বসবে না।

    রোববারের নির্ধারিত যুক্তরাষ্ট্র - ইরান পারমাণবিক আলোচনা বাতিল ঘোষণা করার পরে ইরান এই কথা বলেছে।

    ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরো পড়তে পারেন:

  3. উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের

    ইরান ও ইসরায়েলের চলমান পাল্টাপাল্টি হামলা প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের বার্তা পরিষ্কার।

    আর তা হলো “ নিরন্তর বার্তা হলো উত্তেজনা কমানো ” বিবিসিকে বলেছেন তিনি।

    ব্রিটিশ বিমানের ইসরায়েলকে সাহায্য করার সম্ভাবনা উড়িয়েও দিচ্ছেন না তিনি, যেমনটা গত বছরের এপ্রিল এবং অক্টোবরে হয়েছিল।

    নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে আলোচনার জন্য মি. স্টারমার গতকাল রাতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে সাক্ষাৎ করেন।

    তারা উভয়েই পরে জি - ৭ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য কানাডার আলবার্টা প্রদেশে যাবেন। আলোচ্য সূচিতে মধ্যপ্রাচ্যের বিষয়টি শীর্ষস্থানে রয়েছে।

    তিন দিনের আলোচনার জন্য সেখানে জড়ো হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    এদিকে, যুক্তরাজ্য, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে ইরান বলেছে, যদি তারা ইসরায়েলকে সমর্থন করে, তাহলে এই অঞ্চলে তাদের জাহাজ এবং ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।

  4. যুক্তরাষ্ট্র যদি ইরানের হামলার শিকার হয়, তাহলে 'নজিরবিহীন' পাল্টা হামলার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

    যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ‘ইরান ও ইসরায়েলের মধ্যে 'আমরা সহজেই একটি চুক্তি করতে পারি’ প্রেসিডেন্ট ট্রাম্প

    যুক্তরাষ্ট্র যদি ইরানের হামলার শিকার হয়, তাহলে 'নজিরবিহীন' পাল্টা হামলার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের।

    ট্রুথ সোশালে করা এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ যদি ইরান আমাদের ওপর কোনো ভাবে বা আকারে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর পূর্ণ শক্তি তোমাদের উপর এমনভাবে নেমে আসবে যা আগে কখনও দেখা যায়নি”।

    একই সঙ্গে তিনি বলেন, “ তবে আমরা সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি!!!”

    ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে উল্লেখ করেছেন ডোনালড ট্রাম্প ।

    প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ আজ রাতে ইরানের ওপর করা হামলার সাথে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক ছিল না।”

    এদিকে, তেহরানের প্রতিশোধমূলক হামলা বন্ধ করতে ইসরায়েলকে সাহায্য না করার জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সতর্ক করেছে ইরান।

  5. ইরান – ইসরায়েল সম্পর্ক খারাপ থেকে আরো খারাপ হচ্ছে

    ইরানের হামলার ক্ষতিগ্রস্ত একটি ভবন

    ছবির উৎস, Mostafa Alkharouf/Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের হামলার ক্ষতিগ্রস্ত একটি ভবন

    ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা মোটেও আশ্চর্যজনক ছিল না।

    রোববার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন এবং তেহরানের পুনরায় আলোচনা শুরু করার কথা ছিল। কিন্তু এখন এই আলোচনা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী ওমান।

    বছরের পর বছর ধরে এই দুই আঞ্চলিক শক্তি ছায়া যুদ্ধে লিপ্ত রয়েছে। দায়িত্ব স্বীকার না করেই তারা একে অপরের সম্পদের ওপর হামলা করছে।

    তবে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলাগুলো আরও তীব্র হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে এবং অক্টোবরে হামাস নেতা ইয়াহইয়া সিনওয়ারকে হত্যা করেছে ইসরায়েল। সাতই অক্টোবরের হামলার মূল কারিগর বলা হয় তাদের।

    এই দুটি গোষ্ঠী এই অঞ্চলে ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী।

    তেহরান গত অক্টোবরে ইসরায়েলে ১৮০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।

    ইসরায়েল তাদের নিজস্ব বিমান হামলার মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে সামরিক অভিযানগুলো কমে এসেছে।

    ইসরায়েল বারবারই বলেছে ইরান তার অস্তিত্বের জন্য একটি অস্তিত্বগত হুমকি। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলকে ‘ক্যান্সারযুক্ত টিউমার’ এর সাথে তুলনা করেছেন।

    ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টায় চিন্তিত ইসরায়েল। তারা বলছে বর্তমান অভিযানের লক্ষ্য তাদের সামরিক অবকাঠামো। যার মধ্যে পারমাণবিক অবকাঠামো সাইটগুলোও রয়েছে।

    ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করলেও অনেক পশ্চিমা দেশ বিশ্বাস করেনি। বৃহস্পতিবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইরানকে পরমাণু অস্ত্র বিস্তার রোধের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে জানিয়েছে।

  6. ইসরায়েল কেন ইসফাহানকে লক্ষ্যবস্তু করেছে?

    গত কয়েক ঘন্টা ধরে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার খবর পাওয়া যাচ্ছে। তবে এর ঠিক আগে, বিপরীত দিকে অর্থাৎ ইরানের অভ্যন্তরে ছিল ইসরায়েলি হামলা।

    ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইসফাহান।

    অন্যান্য শহরে ছড়িয়ে থাকা খনি এবং প্ল্যান্টের পাশাপাশি মধ্য ইরানের ইসফাহানে ইরানের কনভারসন প্ল্যান্ট বা রূপান্তর কেন্দ্রটি দেশটির বিশাল পারমাণবিক অবকাঠামোর একটি অংশ।

    এছাড়াও কাছাকাছি একটি বড় বিমান ঘাঁটি এবং একটি প্রধান ক্ষেপণাস্ত্র উৎপাদন কমপ্লেক্সসহ উল্লেখযোগ্য ইরানি সামরিক অবকাঠামো রয়েছে।

    ২০২৪ সালের এপ্রিলে, ইসরায়েল ইসফাহানের একটি বিমান বন্দরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষতি করে।

    ইরানের দাবি ইসফাহানের স্থাপনাগুলি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হয়। কিন্তু ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলো সন্দেহ করে আসছে যে দীর্ঘদিন ধরে তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ইসফাহানের এই কনভারসন প্ল্যান্ট ব্যবহার করছে।

  7. ইসরায়েল সাতটি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি আইডিএফের

    গত এক ঘন্টায় ইসরায়েলি ভূখণ্ডের দিকে সাতটি মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

    তারা আরও জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী এবং নৌবাহিনী ড্রোনগুলোকে নিষ্ক্রিয় করেছে।

    আইডিএফের শেয়ার করা ফুটেজে আকাশে একটি বিস্ফোরণ ঘটতে দেখা গেছে। যেটিকে তারা একটি ইউএভি প্রতিরোধ করা বলছে।

  8. ইসরায়েলি বিমান বাহিনী আবারও হামলা চালিয়েছে: আইডিএফ

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গত এক ঘন্টা ধরে পশ্চিম ইরানের “ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনের অবকাঠামোর সাইট এবং গুদামে ” নতুন করে হামলা চালিয়েছে তারা।

    টেলিগ্রামে একটি পোস্টে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

    পোস্টটিতে আইডিএফ হামলার ফুটেজও দিয়েছে। তবে বিবিসি ওই ফুটেজ যাচাই করতে পারেনি।

  9. ইসরায়েলের উপর ইরানের নতুন হামলার কিছু ছবি

    শনিবার সারারাতই ইসরায়েল ও ইরান একে অপরের বিরুদ্ধে হামলা-পাল্টা হামলা চালিয়েছে। রোববার ভোরেও ইরান তেল আভিভ ও হাইফা শহরে ড্রোন হামলা করেছে।

    ইসরায়েলও দাবি করেছে যে রোববার তারা তেহরানের একটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে।

    ইরানের হামলার ছবি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইসরায়েলের ওপর নতুন করে হামলা চালিয়েছে ইরান
    ইরানের হামলার ছবি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের হামলার ছবি
    ইরানের হামলার ছবি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের হামলার ছবি
    ইসরায়েলে হামলার ছবি

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ইসরায়েলে হামলার ছবি
  10. ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে সম্পর্কিত অবকাঠামোতে হামলার দাবি ইসরায়েলের

    হামলার ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েল হামলা অব্যাহত রাখলে ইরান আরও তীব্রভাবে ইসরায়েলের উপর হামলা চালাবে বলে সতর্ক করেছে ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড

    ইসরায়েলের উপর একটি বড় হামলা রোববার শুরু করেছে ইরান। আর ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে সম্পর্কিত অবকাঠামো লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইসরায়েল।

    ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে, তেল আভিভের আকাশে ড্রোন দেখা যাচ্ছে। ইরান ইসরায়েলের উপর একটি বড় ড্রোন হামলা চালিয়েছে।

    একই সাথে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা তেহরানে ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে সম্পর্কিত অবকাঠামোতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

    এই হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর এবং একটি প্রতিরক্ষা-সম্পর্কিত গবেষণা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

    ইসরায়েল আরও বলেছে, তারা এমন কিছু স্থানকে লক্ষ্যবস্তু করেছে যেখানে ইরান তার পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছিল এবং যেখানে পারমাণবিক কর্মসূচির সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হয়েছিল।

    এছাড়াও, শনিবার রাতে ইসরায়েলের উপর হামলার বিষয়ে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড একটি বিবৃতি জারি করেছে।

    আইআরজিসি জানিয়েছে ইসরায়েলি স্থানগুলোতে যেখানে যুদ্ধ বিমানের জ্বালানি উৎপাদন করা হয় এবং বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয় সেখানে হামলা করা হয়েছে।

    এই বিবৃতিতে আইআরজিসি ইসরায়েলকে সতর্ক করে বলেছে যদি ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়ে যায় তাহলে ইরান আরও দ্রুতবেগে ইসরায়েলে হামলা চালাবে।

    এছাড়াও আইআরজিসি দাবি করেছে, ইরান হামলায় তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১০টি ড্রোন এবং বেশ কয়েকটি ছোট শত্রু ড্রোন ভূপাতিত করেছে।

  11. ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, জানিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি

    হেলিকপ্টার

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

    ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

    তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে বলেন , " রুদ্রপ্রয়াগ জেলায় একটি হেলিকপ্টার দুর্ঘটনার খবর খুবই দুঃখজনক।"

    মি. ধামি বলেন, এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

    তিনি লিখেছেন, " আমি সকল ভ্রমণকারীদের নিরাপত্তার জন্য বাবা কেদারের কাছে প্রার্থনা করি।"

    সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এই হেলিকপ্টারে থাকা লোকজন কেদারনাথ মন্দির দর্শন করে ফিরছিলেন।

  12. ইরানের তেল ডিপো ও হাইফা তেল শোধনাগার টার্গেট, শায়ান সরদারিজাদেহ, পল ব্রাউন ও ঘনচে হাবিবিয়াজাদ-এর প্রতিবেদন

    ইরানের সাধারণ নাগরিকদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও প্রকাশ করেছেন, যেগুলো যাচাই করে নিশ্চিত করেছে বিবিসি ভেরিফাই।

    ভিডিওতে দেখা যায়, রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি তেল ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে।

    ভিডিওতে, দু’জন স্থানীয় মানুষকে দেখা যায়, যারা তেহরানের উত্তর-পশ্চিমে সাইমন বলিভার স্ট্রিট থেকে শাখরান তেল ডিপোর আগুন দেখতে পাচ্ছেন।

    আরেকটি ভিডিও ক্লিপ, সেটিও সাইমন বলিভার স্ট্রিট থেকে ধারণ করা, সেখানে দেখা যায় একটি তেলবাহী ট্যাঙ্কার জ্বলছে এবং এক ব্যক্তি ভিডিও ধারণের সময় স্থান ও সময় নিশ্চিত করছেন।

    মেহর নিউজ এজেন্সিও ঘটনাস্থল থেকে একটি রিপোর্ট করেছে এবং নিশ্চিত করেছে যে, এই জায়গাটি সম্ভবত হামলার টার্গেট ছিল।

    ইরানের তেল মন্ত্রণালয় বলেছে, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে", তবে ইরানি গণমাধ্যম সাধারণ মানুষকে অনুরোধ করেছেন যেন তারা ওই তেল ডিপো থেকে দূরে থাকে।

    একই সময়ে, ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র হামলার পর একটি ভিডিওতে দেখা যায়, হাইফা তেল শোধনাগারের কাছে আগুন জ্বলছে। ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়েছে এবং বিবিসি তা যাচাই করেছে।

    ভিডিওটি দূর থেকে ধারণ করা হলেও, আশপাশের পরিচিত ল্যান্ডমার্কের সঙ্গে মিলিয়ে এবং সঠিক লোকেশন চিহ্নিত করে বোঝা যায় এটি তেল শোধনাগারের কাছ থেকেই ধারণ করা হয়েছে।

    বিবিসি ভেরিফাই এখনো দুই দেশের এই রাতের পাল্টাপাল্টি হামলার পর নানা ভিডিও যাচাই করে দেখছে।

  13. ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বাড়ছে

    ইসরায়েলের জরুরি সেবা জানিয়েছে, মধ্য ইসরায়েলে ইরানের ড্রোন হামলায় অন্তত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

    সংস্থাটি বলছে, যে চারজন মারা গেছে তাদের মধ্যে ৬০ বছর বয়সী ও ৮০ বছর বয়সী দুইজন নারী, ১০ বছর বয়সের এক শিশু ও একজন তরুণী রয়েছেন।

    এর আগে সংস্থাটি জানায়, হামলায় ৯৯ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজন গুরুতর অবস্থায় রয়েছেন।

    এছাড়া ইসরায়েলের বাট ইয়াম অঞ্চলে হামলায় অন্তত তিনজন মারা যাওয়ার খবর জানিয়েছিল ইসরায়েলের জরুরি সেবা বিভাগ।

    অন্যদিকে ইরানে কতজন মারা গিয়েছে, সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানা যায়নি। তবে ইরানের দক্ষিণ-পশ্চিমের ইস্ট আজারবাইজানের গভর্নর ৩০ জন সেনা সদস্যসহ মোট ৩১ জনের মারা যাওয়ার খবর নিশ্চিত করেন। বিবিসির পক্ষ থেকে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

    সংঘাতে নিহতের সংখ্যা বাড়ছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, সংঘাতে নিহতের সংখ্যা বাড়ছে
  14. ছবিতে: ইসরায়েলের তামরার বাসিন্দারা

    ইরানের নতুন করে হামলার সময় মধ্য ও উত্তর ইসরায়েলের কিছু অংশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের উত্তরের একটি জেলার শহর তামরা থেকে পাওয়া সবশেষ ছবিগুলো দেওয়া হলো।

    তামরায় ইরানি হামলার পরের ছবি

    ছবির উৎস, Sinai Koren

    ছবির ক্যাপশান, ইসরায়েলের উত্তরের একটি শহর তামরায় ইরানি হামলার পরের ছবি
    তামরা থেকে আহত বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে

    ছবির উৎস, Sinai Koren

    ছবির ক্যাপশান, ইরানি হামলার পর তামরা থেকে আহত বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে
    ইরানি হামলার পরের ছবি

    ছবির উৎস, Sinai Koren

    ছবির ক্যাপশান, তামরায় ইরানি হামলার পরের ছবি
  15. ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মধ্য ইসরায়েলের কিছু ছবি

    মধ্য ইসরায়েলে ইরানের হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা।

    ইসরায়েলি শহর বাত ইয়াম এবং রেহোভোটে হামলার পরের কিছু ছবি এখানে দেওয়া হলো।

    উদ্ধারকারী ও আহতরা

    ছবির উৎস, Sinai Koren

    ছবির ক্যাপশান, বাত ইয়ামে হামলায় আহত বাসিন্দাদের সাহায্য করছে উদ্ধারকারীরা
    ধ্বংসপ্রাপ্ত একটি ভবন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইসরায়েলের বাত ইয়ামে ইরানি হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি ভবন
    রেহোভোটে ধ্বংসপ্রাপ্ত ভবন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের হামলায় ইসরায়েলের রেহোভোটে ধ্বংসপ্রাপ্ত একটি ভবন
  16. হামলা-পাল্টা হামলা সম্পর্কে সবশেষ যা জানা যাচ্ছে:

    শনিবার সারারাতই ইসরায়েল ও ইরান একে অপরের বিরুদ্ধে হামলা-পাল্টা হামলা চালিয়ে গেছে। রবিবার ভোরেও ইরান তেল আভিভ ও হাইফা শহরে ড্রোন হামলা করেছে। ইসরায়েলও দাবি করেছে যে রবিবার তারা তেহরানের একটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে।

    শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত যা যা ঘটেছে:

    • ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) স্থানীয় সময় রাত ১২টা ৩৯ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৫টা ৩৯) জানায় যে তারা তেহরানে বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় তারা ইরানের পরমাণু কার্যক্রমের সাথে জড়িত একটি ভবন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আঘাত করার দাবি করে।
    • শনিবার রাতে এক দফা মিসাইল ও ড্রোন হামলা চালানোর পর রবিবার ভোরে ইসরায়েলের কয়েকটি শহরে আবারো হামলা করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই দফায় ইরান ‘ব্যাপক ড্রোন হামলা’ চালিয়েছে। মধ্য ইসরায়েলের বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
    • এর আগে ইরানের রাষ্ট্রীয় টিভি তাদের খবরে জানিয়েছিল যে, ইসরায়েলের তেল আভিভ ও হাইফা শহরে ‘একশোর বেশি মিসাইল’ হামলা করা হয়েছে।
    • ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, শাহরান তেল ডিপোতে ইসরায়েল হামলা করেছে।
    • ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের হাইফা শহরের একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্থ হয়েছে।
    • রবিবার ইরানের হামলায় ইসরায়েলে অন্তত ৯ জন মারা গেছে বলে জানা গেছে। অন্যদিকে ইসরায়েলের হামলায় ইরানে কতজন মারা গেছে তা আনুষ্ঠানিকভাবে না জানা গেলেও ইরানের দক্ষিণ-পশ্চিমের ইস্ট আজারবাইজানের গভর্নর ৩০ জন সেনা সদস্যসহ মোট ৩১ জনের মারা যাওয়ার খবর নিশ্চিত করেন। বিবিসির পক্ষ থেকে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
    তেহরানের শাহরান তেল ডিপোতে ইসরায়েলি বিমান হামলা হয়েছে বলে জানানো হয়েছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, তেহরানের শাহরান তেল ডিপোতে ইসরায়েলি বিমান হামলা হয়েছে বলে জানানো হয়েছে
  17. ইসরায়েল অভিযান চালিয়ে গেলে হামলা ‘তীব্র’ হবে, হুমকি ইরানের

    ঘোনচেহ হাবিবিয়াজাদ

    বিবিসি পার্সিয়ান

    শনিবার রাতে ইসরায়েলে হামলা শুরু করার কিছুক্ষণ পর এক বিবৃতি প্রকাশ করে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস, আইআরজিসি।

    আইআরজিসি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, যেসব ইসরায়েলি স্থাপনা ‘ফাইটার জেটের জ্বালানি তৈরি ও সরবরাহের’ সাথে জড়িত, সেসব স্থাপনায় শনিবার রাতে হামলা চালানো হয়েছে।

    আইআরজিসি তাদের বিবৃতিতে আরো জানিয়েছে যে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে ইরান আরো ‘তীব্র’ হামলা করবে।

    ওই বিবৃতিতে আইআরজিসি আরো উল্লেখ করেছে যে, ইরান তিনটি ক্রুজ মিসাইল, ১০টি ড্রোন ও বেশ কিছু মাইক্রো ইউএভি নিষ্ক্রিয় করেছে।

  18. হামলা-পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল

    ইসরায়েলে দ্বিতীয় দিনের মত মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েলও ইরানে বিমান হামলা অব্যাহত রেখেছে।

    ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে রবিবার দুই দফায় ইসরায়েলের একাধিক লক্ষ্যবস্তুতে মিসাইল হামলা চালানো হয়েছে।

    শনিবার স্থানীয় সময় রাত এগারোটার দিকে ইরান প্রথম দফায় মিসাইল হামলা শুরু করে। দ্বিতীয় দফায় রবিবার ভোরে তেল আভিভে ড্রোন হামলা চালানো হয় বলে খবর প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

    রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেয়া হয় যে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অপারেশন ট্রু প্রমিস থ্রি এর দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই ধাপে ড্রোন ও একশোর বেশি মিসাইল দিয়ে আক্রমণ চালানো হচ্ছে ইরানের কয়েকটি শহরে।

    ঐ খবরে জানানো হয়েছে এই পর্যায়ে মূল লক্ষ্য তেল আভিভ ও হাইফা শহর।

    অন্যদিকে ইসরায়েলও ইরানে বিমান হামলা অব্যাহত রেখেছে। তেহরানের একটি পরমাণু কেন্দ্র ছাড়াও শাহরান তেল ডিপো ও দক্ষিণ ইরানের দুটি গ্যাসফিল্ডে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, শনিবার রাতে একশোর বেশি মিসাইল হামলা চালানো হয়েছে ইসরায়েলে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, শনিবার রাতে একশোর বেশি মিসাইল হামলা চালানো হয়েছে ইসরায়েলে