ইরানের পারমাণবিক ক্ষমতা ক্ষতিগ্রস্ত করার দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রীর, পাল্টাপাল্টি হামলা অব্যাহত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ইসফাহানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রচেষ্টাকে "বেশখানিকটা" ক্ষতিগ্রস্ত করেছে। তবে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, হামলা না থামালে ইসরায়েলকে "আরও কঠোর জবাব" দেওয়া হবে। এদিকে, পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে 'শিগগিরই' শান্তি প্রতিষ্ঠা হবে।

সরাসরি কভারেজ

  1. ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় রোববার সারা দিন যা যা ঘটেছে:

    • ইসরায়েলি হামলায় ইরানের বিচার মন্ত্রণালয় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
    • শনিবার রাতভর ইরানের হামলায় ইসরায়েলে অন্তত দশ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ইসরায়েলি হামলায় ৩০ জন সেনা সদস্যসহ মোট ৩১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
    • হামলা না থামালে ইসরায়েলকে "আরও কঠোর জবাব" দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট। অন্যদিকে, ইরানের হামলায় ইসরায়েলে বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় ইরানকে 'চড়া মূল্য' দিতে হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
    • ইরান ও ইসরায়েলের মধ্যে 'শিগগিরই' শান্তি প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের।
    • ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরান।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 'পুরোপুরি সমন্বিতভাবে' কাজ করছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে তিনি, আমেরিকানদের সমর্থন চেয়েছিলেন।
    • ইসফাহানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল ইতোমধ্যেই ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রচেষ্টাকে "বেশখানিকটা" ক্ষতিগ্রস্ত করেছে বলেও দাবি করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
    • জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সোমবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
    • ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে কোনো পারমাণবিক আলোচনা হবে না, বলেছেন ইরানের প্রেসিডেন্ট।
    • 'সরকার পরিবর্তনের জন্য এটি একটি সুযোগ', বলেছেন ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো। সোমবার নতুন খবর নিয়ে পুনরায় পাতাটি চালু হবে।

    ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।

    অন্যান্য খবর পড়তে মূল পাতায় ক্লিক করুন।

  2. ট্রাম্পের সঙ্গে 'পুরোপুরি সমন্বিতভাবে' কাজ করছেন বলে জানালেন নেতানিয়াহু

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (২০২০ সালের ছবি)

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (২০২০ সালের ছবি)

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 'পুরোপুরি সমন্বিতভাবে' কাজ করছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেছেন যে, ইসফাহানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল ইতোমধ্যেই ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রচেষ্টাকে "বেশখানিকটা" ক্ষতিগ্রস্ত করেছে।

    "আমি মনে করি, আমরা তাদেরকে বেশখানিকটা পিছিয়ে দিয়েছি," ফক্স নিউজকে বলেন নেতানিয়াহু।

  3. ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে যা বলছে তুরস্ক, ফ্রান্স, জার্মানি ও ইরাক

    ইরান-ইসরায়েল সংঘাত

    ছবির উৎস, Getty Images

    তুরস্ক: রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন যে, কেবল কূটনীতিই ইরান ও ইসরায়েলের মধ্যকার "উদ্বেগজনক" সংঘাত থামাতে পারে। তুরস্কের সরকারি সূত্রের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ কথা বলা হয়েছে।

    ফ্রান্স: ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েল ও ইউরোপের নিরাপত্তার জন্য "হুমকি" বলে মন্তব্য করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ নোয়েল ব্যারোট।

    জার্মানি: জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস বলেছেন যে, তেহরানের উচিত অবিলম্বে "ইসরায়েলের বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা" বন্ধ করা। তিনি আরও বলেছেন, ইরানের "অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি কর্মসূচি বন্ধ করতে হবে"।

    ইরাক: ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বাগদাদে অবস্থানরত ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে বলেছেন যে, ইরানের ওপর ইসরায়েলের হামলা "ইরাক এবং তার আশেপাশের অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি"।

  4. তেহরানে আবারও ইসরায়েলি হামলা, বিচার মন্ত্রণালয় ভবন ক্ষতিগ্রস্ত

    হামলার পর ইরানের বিচার মন্ত্রণালয় ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যাচ্ছে
    ছবির ক্যাপশান, হামলার পর ইরানের বিচার মন্ত্রণালয় ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যাচ্ছে

    ইরানের রাজধানী তেহরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সেখানকার বিচার মন্ত্রণালয় ভবনসহ বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    রোববার বিকেলে তেহরানের জনবহুল তাজরিশ ও কুদস স্কয়ার, শরিয়তি অ্যাভিনিউ এবং ভালিয়াসর স্কয়ারে হামলার ঘটনা ঘটে।

    এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও যাচাই করেছে বিবিসি।

    এর মধ্যে তাজরিশ স্কয়ারের একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, হামলায় ওই এলাকার পানির পাইপ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    আরেকটি ভিডিওতে বিচার মন্ত্রণালয় ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যাচ্ছে। সেটিও যাচাই করে দেখেছে বিবিসি।

    হামলায় অনেকেই হতাহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

  5. ইসরায়েলি হামলায় নিহত কর্মকর্তাদের শেষ বিদায় অনুষ্ঠান পেছালো ইরান

    শুক্রবার ইসরায়েলের হামলায় ইরানের কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা মারা গেছেন

    ছবির উৎস, AFP/Getty

    ছবির ক্যাপশান, গত শুক্রবার ইসরায়েলের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন

    ইসরায়েলি হামলায় নিহত ইরানি কর্মকর্তাদের শেষ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১৭ই জুন মঙ্গলবার। কিন্তু পরিস্থিতি বিবেচনায় সেটি পেছানোর সিদ্ধান্ত নিয়েছে ইরানের সরকার।

    রোববার তেহরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসে'র (আইআরজিসি) জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

    তবে শেষ বিদায় অনুষ্ঠানটি কবে অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। পরবর্তীতে শেষ বিদায় অনুষ্ঠানের তারিখ ও সময় জানানো হবে বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা।

    শুক্রবার ইসলায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভল্যুশনারি গার্ডের কমান্ডার হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন।

  6. হামলা না থামালে ইসরায়েলকে 'আরও কঠোর জবাব' দেওয়া হবে: ইরানের প্রেসিডেন্ট

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    হামলা না থামালে ইসরায়েলকে "আরও কঠোর জবাব" দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

    ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি একথা বলেন।

    ইসরায়েল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট।

    এক্ষেত্রে ইসলামী দেশগুলোকে "দৃঢ় অবস্থান" নেওয়ার আহ্বান জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান।

    টেলিফোনে আলাপকালে তিনি এটাও উল্লেখ করেছেন যে, ইরান কোনো সংঘাত শুরু করেনি, বরং "দৃঢ়তার সঙ্গে" ইসরায়েলি হামলার জবাব দিয়েছে।

  7. ইরান ও ইসরায়েলের মধ্যে 'শিগগিরই' শান্তি প্রতিষ্ঠা হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ইরান ও ইসরায়েলের মধ্যে 'শিগগিরই' শান্তি প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই সেই শান্তি প্রতিষ্ঠা করবেন বলে জানিয়েছেন।

    রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা একটি পোস্টে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

    "ইরান ও ইসরায়েলের উচিত একটি চুক্তি করা এবং চুক্তিটি হবে," বলেন মি. ট্রাম্প।

    এক্ষেত্রে ভারত-পাকিস্তান সংঘর্ষসহ বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত বন্ধে নিজের সাম্প্রতিক ভূমিকার প্রতি ইঙ্গিত করেছেন তিনি।

    "একইভাবে শিগগিরই ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে!," বলেন ট্রাম্প।

    তিনি আরও বলেন, "এখন অনেক ফোন কল এবং বৈঠক হচ্ছে। আমি অনেক কিছু করি, কিন্তু কখনও কোনো কাজের কৃতিত্ব পাই না। তাতে সমস্যা নেই, জনগণ সব বোঝে।"

    উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘর্ষ থেমেছে।

    এছাড়া ইউক্রেন-রাশিয়া এবং ইসরায়েল-হামাসের মধ্যেও যুদ্ধবিরতির আলোচনায় সহায়তা করছে ট্রাম্প প্রশাসন। যদিও পক্ষগুলো এখনও যুদ্ধবিরতির বিষয়ে পুরোপুরি একমত হতে পারেনি।

    এর মধ্যেই ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টা-পাল্টি হামলা শুরু হয়েছে।

  8. ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

    শনিবার রাতে চালানো ইরানের হামলার ছবি

    ছবির উৎস, Reuters

    ইসরায়েলকে লক্ষ্য করে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

    এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

    একইসঙ্গে, ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র গুলো ধ্বংস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা।

    তবে, নতুন এই হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

    এর আগে, শনিবার রাতভর পাল্টা-পাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান।

    এতে উভয় দেশেই বহু মানুষ হতাহত হয়েছেন।

    আরো পড়তে পারেন:

  9. কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বললো জেরুজালেমের মার্কিন দূতাবাস

    জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস

    ইরান ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখায় কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস।

    এছাড়া কর্মীরা চাইলে তাদের পরিবারের সদস্যদের ইসরায়েলের বাইরে পাঠাতে পারবে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।

    যদিও এই মুহূর্তে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ রয়েছে।

    কাজেই এখন যদি কেউ ইসরায়েল ছাড়তে চান, তাহলে তার হাতে একমাত্র উপায় হল স্থলপথে জর্ডানের মতো প্রতিবেশি দেশে যাওয়া।

    তবে, কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিলেও দূতাবাসের জরুরি পরিষেবা দেওয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরো পড়তে পারেন:

  10. ইরানকে 'চড়া মূল্য' দিতে হবে: ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

    বেনিয়ামিন নেতানিয়াহু

    ছবির উৎস, Avi Ohayon/LPO

    ছবির ক্যাপশান, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত বাত ইয়ামের আবাসিক এলাকা রোববার ঘুরে দেখেন বেনিয়ামিন নেতানিয়াহু

    ইরানের হামলায় ইসরায়েলে বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় ইরানকে 'চড়া মূল্য' দিতে হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত বাত ইয়ামের আবাসিক এলাকা ঘুরে দেখার সময় তিনি এ কথা বলেন।

    ইরানের হামলাকে মি. নেতানিয়াহু "বেসামরিক নাগরিক, নারী ও শিশুদেরকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা" বলেও অভিহিত করেছেন।

    ইরানকে ইসরায়েলের "অস্তিত্বের জন্য হুমকি" বলেও মন্তব্য করেছেন তিনি।

    ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরো পড়তে পারেন:

  11. তেহরানে অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল

    ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ)

    ছবির উৎস, IDF/Avichay Adraee/X

    শনিবার রাত থেকে এখন পর্যন্ত তেহরানে কমপক্ষে ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

    যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, সেগুলো মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, সামরিক বাহিনীর গবেষণা ও উন্নয়ন ইউনিট ছাড়াও ইরানের পারমাণবিক স্থাপনা রয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ)।

    ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের একটি জ্বালানি কেন্দ্রেও হামলা চালানো হয়েছে, যেটি সামরিক ও পারমাণবিক - উভয় কাজে ব্যবহার হতো।

    আইডিএফের দাবি অনুযায়ী, 'অপারেশন রাইজিং লায়ন' শুরু হওয়ার পর গত তিন দিনে তারা ইরানের ১৭০টিরও বেশি লক্ষ্যবস্তু এবং ৭২০টি সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে।

    আরো পড়তে পারেন:

  12. ইসরায়েল ভ্রমণ থেকে বিরত থাকার জন্য নাগরিকদের পরামর্শ যুক্তরাজ্যের

    ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্য ইসরায়েলের একটি আবাসিক এলাকা

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্য ইসরায়েলের একটি আবাসিক এলাকা

    নিজ দেশের নাগরিকদেরকে আপাতত ইসরায়েল ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য।

    ইরান-ইসরায়েল উত্তেজনা বাড়তে থাকায় নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে এই পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।

    এছাড়া ইতোমধ্যেই যেসব ব্রিটিশ নাগরিকরা ইসরায়েল বা অধিকৃত ফিলিস্তিন এলাকায় অবস্থান করছেন, তাদেরকে স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরো পড়তে পারেন:

  13. তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্ফোরণের শব্দ

    তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলে শাহরাক-ই-গারব এবং সাদাত আবাদ এলাকায় বিকট আকারে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

    এদিকে, ইসরায়েলি হামলা প্রতিহত করার জন্য তেহরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।

  14. ইসরায়েলের দুই গুপ্তচরকে গ্রেফতারের দাবি ইরানের

    মোসাদের সঙ্গে যুক্ত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরান

    ছবির উৎস, IRNA

    ছবির ক্যাপশান, মোসাদের সঙ্গে যুক্ত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরান

    ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরান।

    তাদেরকে আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ কাউন্টি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে এক খবরে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি' (আইআরএনএ)।

    খবরে আরও বলা হয়েছে যে, সন্দেহভাজন ওই দুই ব্যক্তি আলবোর্জের একটি সেফ হাউসে থেকে মোসাদের পক্ষে কাজ করতো।

    তারা বিস্ফোরক তৈরি করতো বলেও দাবি করেছেন ইরানের পুলিশ কর্মকর্তারা।

    ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরো পড়তে পারেন:

  15. 'সরকার পরিবর্তনের জন্য এটি একটি সুযোগ', বললেন ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি

    ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি
    ছবির ক্যাপশান, ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি

    ইসরায়েলের হামলার পর ইরানের পরিস্থিতি নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি, যার বাবা শাহ মোহাম্মদ রেজা পাহলভি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেছিলেন।

    বিবিসি'র লরা কুয়েনসবার্গের কাছে ইরানের সাবেক যুবরাজ দাবি করেছেন যে, সাম্প্রতিক হামলায় ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা নিহত হওয়ায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে দেশটির সরকার।

    অন্যদিকে, সরকারের বিরোধিরা আগের চেয়ে বেশি উজ্জীবিত অবস্থায় রয়েছেন।

    "চূড়ান্ত সমাধান হলো শাসনব্যবস্থার পরিবর্তন এবং এখন আমাদের কাছে একটি সুযোগ রয়েছে। কারণ এই শাসনব্যবস্থা তার সবচেয়ে দুর্বলতম স্থানে রয়েছে," বিবিসিকে বলেন ইরানের সাবেক শাহের পুত্র রেজা পাহলভি।

    গণতান্ত্রিক লড়াইয়ে ইরানের সাধারণ মানুষের পাশে থাকার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

    "নিষ্ক্রিয়ভাবে বসে না থেকে স্পষ্টভাবে তাদেরকে দেখাতে হবে যে, নিষেধাজ্ঞা আরোপের বাইরেও গণতন্ত্র ও স্বাধীনতার লড়াইয়ে ইরানি জনগণের প্রতি সমর্থন দেওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ নিতে তারা প্রস্তুত," বলেন মি. পাহলভি।

    উল্লেখ্য যে, শাহের পুত্র রেজা পাহলভি বর্তমানে নির্বাসনে রয়েছেন এবং খোমেনি সরকারের পতন ঘটানোর জন্য পরা শক্তিগুলোকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    সাম্প্রতিক বছরগুলোতে তাকে ইসরায়েলও সফর করতে দেখা গেছে।

  16. ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে জরুরি বৈঠকের ডাক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার

    আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)

    ছবির উৎস, Getty Images

    ইরানের পারমানবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জেরে দু'দেশের মধ্যে উত্তেজমা ক্রমে বাড়তে থাকার মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

    আগামীকাল সোমবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

    ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ'র খবরে বলা হয়েছে যে, দেশটির পারমানবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর দু'দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় জরুরি বৈঠক ডাকার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় রাশিয়া এবং ভেনেজুয়েলা।

    সেই প্রেক্ষিতেই সোমবার জরুরি বৈঠক আহ্বান করেছে সংস্থাটি।

  17. ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে ইসরায়েলের হামলা

    ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েল

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েল

    ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে।

    ইসফাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    তবে, ওই হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি মূল্যায়ন করা হচ্ছে বলে বলেও জানিয়েছেন ডেপুটি গভর্নর মি. সালেহি।

    এর আগে, শনিবার রাতে ইরানি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছিল যে, তেহরানের নোবোনিয়াদ এলাকাতেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।

    ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরো পড়তে পারেন:

  18. ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের আরও কিছু ছবি

    শনিবার রাতে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের কমপক্ষে ১০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

    হামলায় উত্তর ও মধ্য ইসরায়েলের আবাসিক এলাকায় ক্ষয়-ক্ষতির আরও কিছু ছবি এখানে দেওয়া হলো।

    মধ্য ইসরায়েলের রেহোভোটে ক্ষতিগ্রস্ত ভবন

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, মধ্য ইসরায়েলের রেহোভোটে ক্ষতিগ্রস্ত একটি ভবনে উদ্ধার কাজ চালাচ্ছেন ইসরায়েলের উদ্ধারকারী দল
    ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্য ইসরায়েলের একটি আবাসিক এলাকা

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্য ইসরায়েলের একটি আবাসিক এলাকা
    ক্ষতিগ্রস্ত আরেকটি ভবনে উদ্ধারকাজ চালাচ্ছেন ইসরায়েলি উদ্ধারকর্মীরা

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ক্ষতিগ্রস্ত আরেকটি ভবনে উদ্ধারকাজ চালাচ্ছেন ইসরায়েলি উদ্ধারকর্মীরা
  19. ইরানের সামরিক স্থাপনার আশেপাশের এলাকা ছাড়তে বাসিন্দাদের আহ্বান জানিয়েছে আইডিএফ

    ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের তেল ডিপো

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের তেল ডিপো

    ইরানের সামরিক স্থাপনার আশেপাশের এলাকা থেকে সরে যাওয়ার জন্য সাধারণ ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

    রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে এ আহ্বান জানানো হয়েছে।

    "যে সকল ব্যক্তি... (ইরানের) সামরিক অস্ত্র উৎপাদন কারখানা বা এতে সহায়তাকারী প্রতিষ্ঠান বা সেগুলোর আশেপাশের এলাকায় অবস্থান করছেন, তাদের অবিলম্বে ওই এলাকাগুলো ছেড়ে যাওয়া উচিৎ," পোস্টে উল্লেখ করেছে আইডিএফ।

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব এলাকায় তাদেরকে ফিরে না আসারও আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

    কারণ হিসেবে তারা বলছে, ওইসব স্থাপনার আশেপাশে অবস্থান করা সাধারণ ইরানিদের জীবনকে 'ঝুঁকির মধ্যে ফেলবে'।

  20. ইরানের পূর্ব আজারবাইজানে ৩১ জন নিহত হয়েছে বলে দাবি কর্মকর্তাদের

    তেহরানে ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত আবাসিক ভবন

    ছবির উৎস, Nur Photo via Getty Images

    ছবির ক্যাপশান, তেহরানে ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত আবাসিক ভবনে কাজ করছেন একজন ইরানি অগ্নিনির্বাপক কর্মী

    ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর - পশ্চিমে ৩১ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ৩০ জন সামরিক কর্মী এবং একজন ইরানি রেড ক্রিসেন্টের সদস্য বলে জানিয়েছেন ওই প্রদেশের গভর্নর বাহরাম সারমাস্ত।

    তিনি আরও জানিয়েছেন, হামলায় এখন পর্যন্ত ৫৫ জন আহত হয়েছে।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানের একটি ভবনে ইসরায়েলি হামলায় ২০ জন শিশুসহ ৬০ জন নিহত হয়েছেন।

    এখনও পর্যন্ত হতাহতের মোট সংখ্যা প্রকাশ করেনি ইরান।

    ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, পশ্চিম আজারবাইজান প্রদেশের উত্তর – পশ্চিমে হামলায় একটি অ্যাম্বুলেন্সে দুই জন নিহত হয়েছেন।

    জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গতকাল জানিয়েছেন ইসরায়েলি হামলায় ৭৮ জন নিহত এবং ৩২০ জনেরও বেশি আহত হয়েছে।

    তবে বিবিসি স্বাধীনভাবে এই দাবিগুলোর সত্যতা নিশ্চিত করতে পারেনি।