বৃহস্পতিবার সারাদিন যা যা হলো
- ভেনেজুয়েলায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম চলছে। প্রাণহানি অনেক বেশি হতে পারে বলে বলা হচ্ছে।
- ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। একইসাথে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭১ জনে।
- ভেনেজুয়েলাকে কাঁপিয়ে দেওয়া পরপর দুটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রমে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে।
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে কারাকাসের উত্তরে লা গুয়াইরা রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন দেশটির অন্তর্বতী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। শহরটিতে একশোরও বেশি ভবন ভূমিকম্পে ধসে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়।
- ভেনেজুয়েলায় গত সন্ধ্যায় দুইটি ভূমিকম্পের পরে আরো ৩০টি আফটারশক বা ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।
- ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় আঘাত হানা দুইটি ভূমিকম্পের পর দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীরা আবারো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ প্রবেশাধিকার ফিরে পেয়েছেন।
- ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেছেন, অগ্রাধিকার হলো “জীবন রক্ষা করা”। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।
- ভেনেজুয়েলার ভূমিকম্পের পরবর্তী পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডসসহ বিশ্বের বিভিন্ন দেশ সহায়তা পাঠানোর কথা জানিয়েছে।
- ভেনেজুয়েলা এমন একটি ভূকম্পন সক্রিয় অঞ্চলে অবস্থিত, যেখানে ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান– এই দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থল রয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বুধবার আঘাত হানা দুটি ভূমিকম্পের মধ্যে দ্বিতীয় এবং তুলনামূলকভাবে বড় ভূমিকম্পটি এই প্লেটগুলোর সীমান্তসংলগ্ন অঞ্চলে “অগভীর স্ট্রাইক-স্লিপ ফল্টিং”-এর ফলে ঘটেছে।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে তার সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়।
- বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় দুই বছর পর আবার টুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত।
- ইমেরিটাস অধ্যাপক হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর নিয়োগ বাতিল করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় অধ্যাপক আব্দুল্লাহ বলেছেন, “এটা অত্যন্ত অসম্মানজনক, নিন্দনীয়।"
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।