আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

পদত্যাগ করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট

পদত্যাগপত্র জমা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট, বুধবার সকালের মধ্যে হল ত্যাগের নির্দেশ। পুলিশের ১২ ডিআইজিসহ ৮২ কর্মকর্তাকে ওএসডি। ইউক্রেন ইস্যুুতে জাতিসংঘে রাশিয়ার পক্ষে ভোট যুক্তরাষ্ট্রের। নিজেরা মারামারি করলে স্বাধীনতা বিপন্ন হবে- সেনাপ্রধানের 'সতর্কবার্তা'।

সরাসরি কভারেজ

  1. জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি মুলতুবি

    মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতুবি করেছে আপিল বিভাগ। কাল কার্যতালিকার প্রথমেই এ আবেদনটি থাকবে বলে জানিয়েছে আপিল বিভাগ।

    আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।

    জামায়াত নেতা এটিএম আজহারের আইনজীবী এহসান এ সিদ্দিকি রিভিউ আবেদন মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

    একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবধাবিরোধী অপরাধের জন্য ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে ২০১৯ সালের ৩১শে অক্টোবর ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। পরে ২০২০ সালের ১৯শে জুলাই খালাস চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন মি. ইসলাম।

    পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর নেতারা আজহারুল ইসলামকে মুক্তির দাবিতে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ সমাবেশ করছে।

    জামায়াতের আমির শফিকুর রহমান গত সপ্তাহে ঘোষণা দেন যে আজ মঙ্গলবার আদালতে অবস্থান করে তিনি স্বেচ্ছায় গ্রেপ্তার হতে চান। এরই মধ্যে গত বৃহস্পতিবার রিভিউ আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসে। পরে আজ মঙ্গলবার শুনানির দিন ঠিক করা হয়।

    গতকাল সোমবার রাতেই আদালতে অবস্থান করে স্বেচ্ছা গ্রেপ্তারের কর্মসূচি স্থগিত করেন জামায়াতের আমির।

  2. ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

    ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে।

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের পেশাগত সহকারী নিজামউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক এক।

    আজ সকাল ৬টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে বাংলাদেশের বিভিন্ন স্থান ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশাতে এই কম্পন অনুভূত হয়।

    মি. আহমেদ জানান, ভূমিকম্পটির উৎপত্তি ঢাকা থেকে ৫১০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে।

  3. বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন

    বর্ষীয়ান বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন। ৮২ বছর বয়সী এই নেতা দলটির ভাইস চেয়ারম‍্যান পদে ছিলেন।

    মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার ধানমন্ডিতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং। তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো। তখন সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    বিএনপি’র ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, আজ বিকেলে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

    বিএনপির সর্বশেষ শাসনামলে মি. নোমান মন্ত্রিত্ব পান।