আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সংস্কারের বিষয়ে ঐকমত্য ও ভোটার তালিকা তৈরি হলেই নির্বাচন: অধ্যাপক ইউনূস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কার্যকর কোন সংস্কার বা নির্বাচন করা অসম্ভব। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশে ফেরত পাঠাতে চিঠি দিয়েছেন ব্রিটিশ এমপি। রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশের প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিলো এডিবি।

সরাসরি কভারেজ

  1. সারা দেশে বৃষ্টিপাতের আভাস

    আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বাংলাদেশের সকল বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

    কোথাও কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।

    আগামীকালের জন্যও একই পূর্বাভাস প্রযোজ্য হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

    তবে, এদিন দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে কিছুটা।

    এদিকে, বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। সেইসাথে, বাংলাদেশের ওপর দিয়ে মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে।

    আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা আজ দুপুর সাড়ে ১২টায় বিবিসি বাংলাকে বলেছেন, লঘুচাপটি দুর্বল হয়ে গেছে। এখন যে বৃষ্টিটা হচ্ছে, তা মূলত মৌসুমি বায়ুর প্রভাবে হচ্ছে।

    তিনি জানান, আজ সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র ঢাকাতেই ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

    অথচ, এর আগের ২৪ ঘণ্টায় সবমিলিয়ে ঢাকায় বৃষ্টি হয়েছিলো দুই মিলিমিটার।

    গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে রংপুরের ডিমলায়, ১০৭ মিলিমিটার।

  2. আজ থেকে সকল পোশাক কারখানা চালু

    মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় বুধবার সকাল থেকে খুলেছে সাভার, আশুলিয়া এবং গাজীপুর এলাকার প্রায় সব পোশাক কারখানা।

    আশুলিয়ার শিল্প পুলিশ ১–এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বিবিসিকে বলেছেন, শিল্পাঞ্চল এক, অর্থাৎ সাভার, আশুলিয়া ও ধামরাইতে প্রায় ৮০০টি পোশাক কারখানা আছে।

    সেগুলোর মাঝে ১১টি পোশাক কারখানা শুধু বন্ধ আছে, বাকি কারখানাগুলো খোলা।

    ওই কয়েকটি কারখানা বন্ধ থাকার কারণ জানতে চাইলে মি. আলম বলেন, “কেউ বেতন দিতে পারছে না, কারও হয়তো অন্য সমস্যা আছে। সেকারণে ওগুলা বন্ধ আছে আপাতত।”

    এদিকে, স্থানীয় সাংবাদিকরা বিবিসিকে জানিয়েছেন, কারখানা এলাকায় সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহল দলও রয়েছে।

    বিশেষ করে গুরুত্বপূর্ণ কারখানাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    মূলত, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সাভার, আশুলিয়া এবং গাজীপুরের কারখানায় ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ, শ্রম আইন সংশোধন, ইনক্রিমেন্ট চালুসহ ১৮ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়।

    গত দেড় মাসে কয়েক দফায় মালিক পক্ষের সাথে শ্রমিকদের আলোচনা চললেও, তা বস্তুত কার্যকর হয়নি।

    সবশেষ ২৪শে সেপ্টেম্বর শ্রমিকদের দাবি নিয়ে মালিকদের পাশাপাশি সরকার এবং শ্রমিকদের বৈঠক হয়, সেখানে শ্রমিকদের সব দাবি পূরনের আশ্বাস দেয়া হয়।

    মঙ্গলবার সচিবালয়ে ওই বৈঠকে অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান, স্বরাষ্ট্র, শিল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত চারজন উপদেষ্টা, পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    বৈঠকে শ্রমিকদের ১৮ দফা দাবিতে শ্রমিক-মালিক ঐকমত্য হয় এবং দাবি বাস্তবায়নে সম্মত হওয়ার বিষয়ে একটি যৌথ ঘোষণা দেওয়া হয়।

    এতে বলা হয়, ধীরে ধীরে শ্রমিকদের সব ন্যায্য দাবি পূরণ করা হবে।

  3. যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন জো বাইডেন

    জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের।

    মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হওয়া বৈঠক নিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস

    বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা দৃঢ়তার সাথে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদারত্বের বিষয়টি উল্লেখ করে বলেছেন, দুই দেশের সম্পর্কের মূলে রয়েছে পারস্পরিক গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের মধ্যকার শক্তিশালী বন্ধন।

    প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

  4. রোহিঙ্গাদের জন্য নতুন অনুদানের ঘোষণা যুক্তরাষ্ট্রের

    মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে নতুন করে ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

    মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড ইভেন্টে অংশগ্রহণের পর এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

    দেশটির স্টেট ডিপার্টমেন্ট থেকে দেয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এই অনুদানের ৭০ মিলিয়ন মার্কিন ডলার দিবে স্টেট ডিপার্টমেন্টের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন (পিআরএম) বিভাগ।

    বাকি ১২৯ মিলিয়ন মার্কিন ডলার দেবে ইউএসএআইডি। সংস্থাটির দেওয়া অনুদানের ৭৮ মিলিয়ন মার্কিন ডলার আসবে দেশটির কৃষি বিভাগ থেকে।

    যুক্তরাষ্ট্রের এই সহায়তা রোহিঙ্গাদের সহিংসতা এবং নিপীড়ন থেকে বাঁচতে সহায়তা করবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অনুদান শরণার্থীদেরকে দ্রুত দেশে ফেরার জন্য প্রস্তুত করবে।

    ২০১৭ সালের অগাস্ট থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য আড়াই বিলিয়ন মার্কিন ডলারের বেশি আর্থিক অনুদান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

    এর মধ্যে দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি অনুদান এসেছে বাংলাদেশে।

    অনুদানের এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলারই এসেছে দেশটির পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন (পিআরএম) বিভাগ থেকে।

  5. সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন গ্রেফতার

    সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

    র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বিবিসি বাংলাকে জানিয়েছেন, মি. হুমায়ূনকে মঙ্গলবার দিবাগত রাতে গুলশান থেকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারের পর মধ্যরাতেই নূরুল মজিদকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়।

    জানা গেছে, গত চৌঠা অগাস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে সেপ্টেম্বর মাসের নয় তারিখে দায়ের করা একটি মামলায় সাবেক শিল্পমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

    ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১২৭ জনকে আসামী করা হয়েছে।