আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

মিয়ানমার থেকে ছাড়া পেয়েছে বাংলাদেশি জেলেরা

মিয়ানমার থেকে ছাড়া পেয়েছে বাংলাদেশি জেলেরা। 'রিসেট বাটন' বিষয়ে প্রধান উপদেষ্টার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছে সরকার। প্রধান বিচারপতির রাষ্ট্রীয় বাসভবনকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করার উদ্যোগ। দিনের উল্লেখযোগ্য খবর জেনে নিন।

সার সংক্ষেপ

  • চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে চার শতাংশে দাঁড়াতে পারে, বিশ্বব্যাংকের পূর্বাভাস
  • বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে মিয়ানমার বাহিনীর গুলি বর্ষণে জেলে নিহত
  • 'রিসেট বাটন' সংক্রান্ত প্রধান উপদেষ্টার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছে সরকার
  • পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ আটজন নিহত
  • সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান কাং

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের অদূরে মাছ ধরতে বুধবার যাওয়া বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে মিয়ানমারের নৌবাহিনীর গুলি বর্ষণে এক জেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। ছয়টি ট্রলারসহ ৫৮ বাংলাদেশি জেলেকে নিয়ে যায় মিয়ানমার নৌ বাহিনী। রাতে তাদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
    • প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘রিসেট বাটন’ চাপার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি এ কথাটি উল্লেখ করে দুর্নীতিগ্রস্ত রাজনীতি, যা বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবং কোটি মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার হরণ করেছে, সেটি থেকে বের হয়ে এসে নতুনভাবে শুরু করার কথা বুঝিয়েছেন।
    • এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং।
    • বাংলাদেশের প্রধান বিচারপতির রাষ্ট্রীয় বাসভবনকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
    • দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরের সদর উপজেলার কদমতলায় একটি প্রাইভেট কার খালে পড়ে দুই পরিবারের মোট আট সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই শিশু, যাদের বয়স দুই থেকে ১২ বছরের মধ্যে।
    • চলতি অর্থবছরে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এটি মোটামুটি ৪ শতাংশের মতো হতে পারে বলে মনে করছেন তারা। তবে দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি তাদের পূর্বের পূর্বাভাসের চেয়েও বেশি হবে বলে মনে করছে সংস্থাটি।
    • ডেঙ্গু পরিস্থিতি অবনতি হওয়ায় চট্টগ্রাম শহরের ছয় এলাকাকে ‘রেড জোন’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

    আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. মিয়ানমার থেকে ছাড়া পেয়েছে বাংলাদেশি জেলেরা

    মিয়ানমার থেকে ছাড়া পেয়েছে বাংলদেশি জেলেরা। তাদের ছয়টি ট্রলারের সবগুলো ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আদনান চৌধুরী।

    নিহত ব্যক্তির মরদেহসহ মোট ৫৮ জনের সবাইকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মি. চৌধুরী।

    এ মুহূর্তে সবাই শাহপরীর দ্বীপ জেটিতে অবতরণ করছেন বলে জানান তিনি।

    বুধবার বিকেলে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের অদূরে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে গুলি বর্ষণ করে মিয়ানমারের নৌবাহিনী। এ ঘটনায় এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হয়েছেন আরো দুজন।

    পরে মিয়ারমারের নৌবাহিনীর সদস্যরা ছয়টি ট্রলারসহ ৫০ থেকে ৬০ জন জেলের সবাইকে আটক করে। পরবর্তীতে তাদের মধ্যে নিহত ও আহতসহ ১১ জনকে তারা ফেরত পাঠিয়েছে।

    মি. চৌধুরী জানান, মাছ শিকারে ওই জেলেরা ছয়টি ট্রলার নিয়ে সমুদ্রে যায়। আনুমানিক দুপুর থেকে বিকেলের কোনো একটা সময়ে মিয়ানমারের নৌবাহিনী তাদের ধাওয়া করে গুলি চালাতে শুরু করে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

  3. শেখ হাসিনা, ইনুসহ ৪৭ জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের হত্যাচেষ্টা মামলা

    ছয় বছর আগে কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণে হামলার শিকার হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ ৪৭ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেছেন সাংবাদিক মাহমুদুর রহমান।

    বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মডেল থানায় এজাহার দায়ের করেন তিনি।

    অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে মামলায়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী।

    ২০১৮ সালের ২২শে জুলাই কুষ্টিয়ার আদালত প্রাঙ্গনে হত্যা করার উদ্দেশ্যে হামলা করার অভিযোগ আনা হয়েছে এজাহারে।

    তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাসদ সভাপতি ও তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি এ হামলার নির্দেশ দেয় বলে উল্লেখ করা হয়েছে এজাহারে।

  4. চট্টগ্রামে ছয় এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা

    ডেঙ্গু পরিস্থিতি অবনতি হওয়ায় চট্টগ্রাম শহরের ছয় এলাকাকে ‘রেড জোন’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

    জেলা সিভিল সার্জনের কার্যালয় ডেঙ্গু সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে এ তালিকা করেছে।

    কোতোয়ালি, বাকলিয়া, বায়েজিদ বোস্তামী, বন্দর, পাহাড়তলী ও খুলশীকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে গত আটই অক্টোবর প্রতিবেদন প্রকাশ করে সিভিল সার্জন কার্যালয়।

    চট্টগ্রামে সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গু আক্রান্তের হার বেড়ে যায়।

    এ প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই শহরের ২৩টি এলাকায় মোট ৫১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে।

    ঝুঁকিপূর্ণ রেড জোন হিসেবে তালিকাভুক্ত এলাকাগুলোর মধ্যে কোতোয়ালিতে সর্বোচ্চ ১০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

    এছাড়া বাকলিয়ায় ১০৩ জন, বায়েজিদ বোস্তামীতে ৭৬ জন, বন্দরে ৩৩ জন, পাহাড়তলীতে ৩২ জন এবং খুলশীতে ২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

    একইসাথে সংক্রমণের মাঝারি উচ্চ ঝুঁকি রয়েছে এমন পাঁচটি এলাকাকে ‘ইয়েলো জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    মৃদু ঝুঁকি রয়েছে এরকম সাতটি এলাকাকে ‘ব্লু জোন’ এবং ডেঙ্গু আক্রান্তে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ হিসেবে শহরের চারটি এলাকাকে ‘গ্রিন জোনে’ তালিকাভুক্ত করা হয়েছে।

  5. মালয়েশিয়ায় বাংলাদেশি নির্মাণ শ্রমিককে হত্যা

    মালয়েশিয়ার ইপুহ জেলায় বাংলাদেশি এক নির্মাণ শ্রমিককে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে দেশটির ইপুহ জেলার তেলুক ইন্তানের কাছে একটি জঙ্গল থেকে বাংলাদেশি এক নির্মাণ শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

    মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক আহমাদুল কবির বিবিসি বাংলাকে বলেন, এ ঘটনায় সন্দেহভাজন তিন বাংলাদেশি শ্রমিককে আটক করে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

    তবে তদন্তের স্বার্থে নিহত ওই বাংলাদেশি এবং এ ঘটনায় আটক তিনজনের নাম ঠিকানা প্রকাশ করেনি পুলিশ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পেরাক পুলিশের প্রধান দাতুক আজিজি মাত আরিস।

    বৃহস্পতিবার ভোরে স্থানীয়দের একটি ফোন কল পেয়ে ওই মরদেহ উদ্ধার করা হয়।

    পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গেছে গতকাল রাত সাড়ে আটটার দিকে ভিকটিমের তিনজন সহকর্মী নিখোঁজ ছিল।

    মি. আরিস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, নিহত ব্যক্তিকে তার সহকর্মী বন্ধুদের সাথে গতকাল রাত সাড়ে ৮টার সময় রাতের খাবার খেতে ও একসময় জামাতে নামাজ পড়তে দেখা গেছে।

    তিনি বলেন, "এই এলাকায় প্রায় ৩৪ জন বিদেশি পৃথক পৃথক ছোট ছোট রুমে বাস করতো। তদন্তে সহায়তা করার জন্য পুলিশ ৩২ থেকে ৩৯ বছর বয়সী তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। ঘটনার পেছনের উদ্দেশ্য শনাক্ত করতে আমরা তিনটি মোবাইল ফোনও জব্দ করেছি।"

  6. ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৮৩ জন

    দেশে ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৩ জন।

    বৃহস্পতিবার সকাল আটটা থেকে আগের ২৪ ঘণ্টার এ পরিসংখ্যান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৯৯ জনের মৃত্যু হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় ৫৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে এমন রোগীর সংখ্যা ৪০ হাজার ৪০৫ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৪৯৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

    তাদের মধ্যে ঢাকায় আছেন এক হাজার ৭২৩ জন। ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৭৭২ জন।

  7. প্রধান বিচারপতির বাসভবনকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের উদ্যোগ

    বাংলাদেশের প্রধান বিচারপতির রাষ্ট্রীয় বাসভবনকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

    সুপ্রিম কোর্ট প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, ১৯, হেয়ার রোডের প্রধান বিচারপতির সরকারি বাসভবনটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করার জন্য কার্যক্রম শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

    বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি স্থায়ীভাবে সংরক্ষণের মাধ্যমে ভবনটির সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নেন।

    গত পাঁচই অগাস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাসভবনটির অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    এরই প্রেক্ষিতে ‘দ্যা এন্টিকিটিজ অ্যাক্ট, ১৯৬৮’ বিধান অনুযায়ী বাসভবনটির মালিকানা ও ব্যবহার স্বত্ব সুপ্রিম কোর্টের অনুকূলে অক্ষুনণ্ন রেখে দৃষ্টিনন্দন ও জাতীয় গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি সংরক্ষণ করা হলে স্থাপনাটি জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    ১৯০৫ সালে বঙ্গভঙ্গ ঘোষণার পর নবগঠিত পূর্ববঙ্গ ও আসামের রাজধানী ঢাকাতে স্থানান্তরিত হলে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য যে সব আবাসিক ভবন তৈরি করা হয়েছিল তার মধ্যে প্রধান বিচারপতির এই বাসভবন অন্যতম।

    ১৯০৮ সালে নির্মিত এ স্থাপনায় মুঘল ও ইউরোপীয় স্থাপত্য রীতির মিশ্রণ রয়েছে। ১৯৫০ এর দশক থেকে ভবনটি প্রধান বিচারপতির বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

  8. সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান কাং

    এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং।

    আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করে।

    নোবেল পুরস্কার কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষের জীবনের দুঃখ-কষ্টের কাব্যিক রূপায়নের স্বীকৃতি হিসেবে হান ক্যাংকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

    হান ক্যাংয়ের জন্ম ১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার শহর গোয়াংজুতে। তার বাবা হান সিউংয় য়ুনও একজন লেখক।

    লেখালেখির পাশাপাশি হান ক্যাং শিল্প ও সঙ্গীতের সঙ্গেও যুক্ত ছিলেন।

    ২০১৫ সালে 'দ্য ভেজিটেরিয়ান' উপন্যাসের জন্য আলোচনায় আসেন তিনি। ২০১৬ সালে এ বইটির জন্য ম্যান বুকার পুরস্কারে ভূষিত হন।

    ৫৩ বছর বয়সী হান কাংয়ের লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটে একটি দক্ষিণ কোরীয় সাময়িকীতে এক গুচ্ছ কবিতা প্রকাশের মধ্য দিয়ে। ১৯৯৫ সালে ছোট গল্পের সংকলন প্রকাশ করেন তিনি। পরবর্তীতে দীর্ঘ গদ্য লেখা শুরু করেন।

  9. দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি বাড়লেও বাংলাদেশের প্রবৃদ্ধি কমবে, বিশ্বব্যাংকের পূর্বাভাস

    চলতি অর্থবছরে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক এবং এটি মোটামুটি ৪ শতাংশের মতো হতে পারে বলে মনে করছেন তারা। তবে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি তাদের পূর্বের পূর্বাভাসের চেয়েও বেশি হবে বলে মনে করছে সংস্থাটি।

    বুধবার প্রকাশিত বিশ্বব্যাংকের সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেটে বলা হয়েছে, বাংলাদেশের প্রবৃদ্ধি শ্লথ হয়ে ৩ দশমিক ২ শতাংশ থেকে ৫ দশমিক ২ শতাংশের মধ্যে থাকবে।

    বিশ্বব্যাংকের হিসাবে, মধ্যবর্তী পয়েন্ট হবে ৪ শতাংশ। এর আগে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য বিশ্বব্যাংক এপ্রিলে ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।

    বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেলে সেটি হবে কোভিড মহামারির পর সবচেয়ে কম প্রবৃদ্ধি।

    বিগত আওয়ামী লীগ সরকার সবশেষ বাজেটে ৬ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।

    বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হচ্ছে, সাম্প্রতিক মাসগুলোয় নির্ভরযোগ্য পরিসংখ্যান না থাকা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক আভাস ঘিরে অনিশ্চয়তা তাদের পূর্বাভাসে প্রতিফলিত হচ্ছে।

    রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ ও শিল্প খাতে প্রবৃদ্ধি বাড়বে না। অন্যদিকে বন্যার কারণে কৃষি উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে তারা।

    তবে সরকার বিভিন্ন ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, তার ফলে প্রবৃদ্ধি বাড়বে বলে মনে করে সংস্থাটি। এক্ষেত্রে আর্থিক খাতে সংস্কার, অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব বাড়ানোর পদক্ষেপ, ব্যবসার পরিবেশের উন্নতির বিষয়গুলো উল্লেখ করেছে বিশ্বব্যাংক।

    সার্বিকভাবে দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে বলে মনে করে বিশ্বব্যাংক। প্রতিষ্ঠানটি বলছে, চলতি বছরে এই অঞ্চলে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ, যা তাদের আগে করা পূর্বাভাসের চেয়ে বেশি।

  10. বাংলাদেশি ট্রলারে মিয়ানমার নৌবাহিনীর গুলি, নিহত ১

    কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের অদূরে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে গুলি বর্ষণ করেছে মিয়ানমারের নৌ বাহিনী। এ ঘটনায় এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো দুজন।

    বুধবার বিকেলে বঙ্গোপসাগরে বাংলাদেশের মাছ ধরার ট্রলারে হতাহতের এ ঘটনা বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী।

    পরে মিয়ারমারের নৌবাহিনীর সদস্যরা ছয়টি ট্রলারসহ ৫০ থেকে ৬০ জন জেলের সবাইকে আটক করে। তাদের মধ্যে নিহত ও আহতসহ ১১ জনকে তারা ফেরত পাঠিয়েছে।

    মি. চৌধুরী জানান, মাছ শিকারে ওই জেলেরা ছয়টি ট্রলার নিয়ে সমুদ্রে যায়। আনুমানিক দুপুর থেকে বিকেলের কোনো একটা সময়ে মিয়ানমারের নৌবাহিনী তাদের ধাওয়া করে গুলি চালাতে শুরু করে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

    "ওই ছয়টি বোটে ৫০ থেকে ৬০ জন জেলে থাকতে পারেন। তাদের সবাইকে আটক করা হলেও পরে নিহত ও আহতসহ ১১ জেলেকে ফেরত পাঠানো হয়," যোগ করেন তিনি।

    বৃহস্পতিবার মিয়ানমার নৌবাহিনী বাংলাদেশ কোস্টগার্ডের কাছে একটি নৌকাসহ ওই জেলেদের হস্তান্তর করে। কোস্টগার্ডের তত্ত্বাবধানে নৌকাটি বৃহস্পতিবার দুপুরের দিকে শাহপরীর দ্বীপ জেটিতে অবতরণ করে।

    মিয়ানমার কর্তৃপক্ষ বাকি পাঁচটি বোটসহ অন্যান্য জেলেদের ছাড়েনি। তাদেরকে কূটনৈতিক উপায়ে ছাড়িয়ে আনার প্রচেষ্টা চালানো হবে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান আদনান চৌধুরী।

    এই জেলেদের বাংলাদেশের সমুদ্রসীমা অতিক্রম করায় গোলাগুলির মুখে পড়েছিল কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি।

    “জেলেদের দাবি তারা বাংলাদেশের সমুদ্রসীমার মধ্যেই ছিল। এসব মাছ ধরার নৌকায় আধুনিক নেভিগেশন সিস্টেম নেই। তবে দীর্ঘদিনের অভিজ্ঞতায় জেলেরা সীমানা সম্পর্কে ধারণা রাখেন। এখন কেন গুলি চালানো হয়েছে সেটা তদন্ত স্বাপেক্ষ বিষয়। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে,” বলছিলেন মি. চৌধুরী।

    ট্রলার মালিকদের দাবি, বুধবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগরের মোহনায় এই ঘটনা ঘটে।

    নিহত জেলে ওসমান টেকনাফে শাহপরীর দ্বীপের কোনাপাড়ার বাছা মিয়ার ছেলে বলে জানা গেছে।

  11. ভারতের শীর্ষ শিল্পপতি রতন টাটার শেষকৃত্য আজ সন্ধ্যায়

    ভারতের অন্যতম বড় শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটার শেষকৃত্য আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।

    বুধবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

    শেষকৃ্ত্যের আগে রতন টাটার মরদেহ মুম্বাইয়ের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে রাখা হয়েছে।

    মুম্বাই পুলিশের উর্ধতন কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

    এর আগে টাটা গ্রুপের বর্তমান চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিবৃতিতে রতন টাটার মৃতুর খবর নিশ্চিত করা হয়।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, রতন টাটা 'সত্যিই একজন অনন্য নেতা ছিলেন। তিনি শুধু টাটা গ্রুপই নয়, পুরো জাতি গঠনেও অবদান রেখেছেন'।

    রতন টাটা বেশ কিছুদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

    সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছিলেন, বয়সের কারণে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছে। এর বেশি কিছু নয়।

    রতন টাটা ছিলেন ভারতের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান। ১৯৯১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ২১ বছর ধরে তিনি এ গ্রুপের নেতৃত্ব দিয়েছিলেন।

  12. জেলা প্রশাসক নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন

    জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে।

    বুধবার মন্ত্রীপরিষদ সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা।

    পরে কমিটি গঠন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

    আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন- স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

    প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিষয়ে দৈনিক কালবেলাসহ বিভিন্ন দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গত তেসরা অক্টোবর প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে কমিটি এ সংক্রান্ত অভিযোগ তদন্তপূর্বক ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

  13. মিরপুরে চাদাঁবাজি ও প্রতারণা করে লুটের ঘটনায় গ্রেফতার ছয়জন

    ঢাকার মিরপুরে চাদাঁবাজি ও প্রতারণা করে টাকা লুট করে নেয়ার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারের সময় আটকদের থেকে ৫৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের।

    বৃহস্পতিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছেদুর রহমান।

    তিনি জানিয়েছে, ধানমন্ডির একজন বাসিন্দা একটি আবাসন প্রতিষ্ঠানের কাছ থেকে এক নির্মাণাধীন ভবনে তিন কোটি ৭৫ লাখ টাকা মূল্যের তিনটি ফ্লোর কেনার জন্য ৩০ লাখ টাকায় বায়না করেন।

    পরবর্তীতে বিভিন্ন সময়ে তিনি ওই প্রতিষ্ঠানকে এক কোটি ২৩ লাখ টাকা প্রদান করেন।

    পরে ওই কোম্পানীর ডিএমডি ও এমডি মোবাইল ফোনে তাকে জানায় যে, রেজিষ্ট্রেশনের জন্য বাকি টাকা সঙ্গে করে আনতে হবে।

    তখন বাদী বকেয়া টাকা পে-অর্ডারের মাধ্যেমে দিতে চাইলে তাকে নগদ টাকা নিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়।

    পরে তিনি কিছু টাকা নিয়ে ওই কোম্পানীর অফিসে গেলে হঠাৎ অজ্ঞাতনামা ২০/২৫ জন ব্যক্তি মুখে মাস্ক পরা অবস্থায় পিস্তল সদৃশ্য বস্তু দিয়ে গুলি করা ভয় দেখিয়ে ভিকটিমকে মারধর করে সাথে থাকা টাকা কেড়ে নেয় ও আটকে রাখে।

    তাছাড়া ভিকটিমের স্ত্রীর কাছে থাকা বাকি টাকা এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন পরিবারের সদস্যদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন কেড়ে নেয়।

    পরে ভিকটিমকে তার পরিবারের সাথে অফিস কক্ষের পাশের রুমে আটকে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যায়।

    তাদের চিৎকারে এক ব্যক্তি দরজা খুলে দিলে তারা রুম থেকে বের হয়ে আসেন। পরে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমদের উদ্ধার করে।

    পরবর্তীতে ঢাকায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেফতার করে পুলিশ। সেসময় তাদের কাছ থেকে নগদ ৫৭ লাখ ৫০ হাজার টাকা ও অন্যান্য আলামত উদ্ধার করার কথা জানায় পুলিশ।

    এ ঘটনায় মিরপুর মডেল থানায় নয়ই অক্টোবর একটি মামলা দায়ের করা হয়।

  14. পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই পরিবারের ৮ জন

    দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরের সদর উপজেলার কদমতলা এলাকায় একটি প্রাইভেট কার খালে পড়ে দুই পরিবারের মোট আট সদস্য নিহত হয়েছেন।

    নিহতদের মধ্যে চারজনই শিশু, যাদের বয়স দুই থেকে ১২ বছরের মধ্যে।

    পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    বুধবার রাত দুইটার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের নুরানি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ জানিয়েছে, মূলত দুইটি পরিবার প্রাইভেট কারে করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভ্রমণ শেষে পিরোজপুরের নাজিরপুর হয়ে ঢাকায় ফিরছিল। পথিমধ্যেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে পানিতে ডুবে যায়।

    পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় গাড়িটির ভেতর থেকে আটজনকে উদ্ধার করে আনে।

    পরে তাদেরকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আট জনকেই মৃত ঘোষণা করেন।

    মরদেহগুলো হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

  15. 'রিসেট বাটন' নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্যাখ্যা

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘রিসেট বাটন’ চাপার কথাটি উল্লেখ করে দুর্নীতিগ্রস্ত রাজনীতি, যা বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবং কোটি মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার হরণ করেছে, সেটি থেকে বের হয়ে এসে নতুনভাবে শুরু করার কথা বুঝিয়েছেন।

    বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে একটি বিবৃতি দেয়া হয়।

    সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে দেওয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এক সাক্ষাৎকারের পর তার বক্তব্যের সূত্র ধরে 'রিসেট বাটন' শব্দবন্ধটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

    বিষয়টি ফেসবুক সার্চের ক্ষেত্রে ‘পপুলার নাও’ ক্যাটাগরিতেও চলে আসে।

    বিবৃতিতে বলা হয়েছে, কিছু মানুষ তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছে।

    বিবৃতিতে আরো বলা হয়েছে, "তিনি কখনোই বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি। এখানে উল্লেখ্য যে, কেউ যখন কোনো ডিভাইসে রিসেট বোতাম চাপেন, তখন তিনি নতুন করে ডিভাইসটি চালু করতে সফটওয়্যার সেট করেন। এতে হার্ডওয়্যার পরিবর্তন হয় না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার।"

    বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ১৯৭১ সালে অধ্যাপক ইউনূস মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন।

    বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরপরই তিনি বাংলাদেশ সিটিজেনস কমিটি গঠন করেন এবং বাংলাদেশকে স্বীকৃতি দিতে মার্কিন সরকারকে রাজি করানোর জন্য যুক্তরাষ্ট্রব্যাপী প্রচারণা শুরু করেন।

    পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশে সংঘটিত গণহত্যা সম্পর্কে বিশ্বকে অবহিত করার জন্য তিনি বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করেছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

  16. লাইভ রিপোর্টিং

    বিবিসি বাংলার লাইভ পাতায় সবাইকে স্বাগত। রিপোর্ট করছেন সংবাদদাতা সানজানা চৌধুরী।