বৃহস্পতিবার সারাদিন যা যা হলো
- কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের অদূরে মাছ ধরতে বুধবার যাওয়া বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে মিয়ানমারের নৌবাহিনীর গুলি বর্ষণে এক জেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। ছয়টি ট্রলারসহ ৫৮ বাংলাদেশি জেলেকে নিয়ে যায় মিয়ানমার নৌ বাহিনী। রাতে তাদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
- প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘রিসেট বাটন’ চাপার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি এ কথাটি উল্লেখ করে দুর্নীতিগ্রস্ত রাজনীতি, যা বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবং কোটি মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার হরণ করেছে, সেটি থেকে বের হয়ে এসে নতুনভাবে শুরু করার কথা বুঝিয়েছেন।
- এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং।
- বাংলাদেশের প্রধান বিচারপতির রাষ্ট্রীয় বাসভবনকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
- দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরের সদর উপজেলার কদমতলায় একটি প্রাইভেট কার খালে পড়ে দুই পরিবারের মোট আট সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই শিশু, যাদের বয়স দুই থেকে ১২ বছরের মধ্যে।
- চলতি অর্থবছরে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এটি মোটামুটি ৪ শতাংশের মতো হতে পারে বলে মনে করছেন তারা। তবে দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি তাদের পূর্বের পূর্বাভাসের চেয়েও বেশি হবে বলে মনে করছে সংস্থাটি।
- ডেঙ্গু পরিস্থিতি অবনতি হওয়ায় চট্টগ্রাম শহরের ছয় এলাকাকে ‘রেড জোন’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট।









