ভারত-পাকিস্তানকে 'উত্তেজনা কমানো' এবং 'কূটনৈতিক সমাধানের' আহ্বান

ভারত শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তীব্র বিস্ফোরণের খবর আসার পর ভারতে কোনও হামলা চালানোর কথা অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। দিনের উল্লেখযোগ্য সব খবর রয়েছে এই পাতায়।

সরাসরি কভারেজ

  1. ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে সরগরম যুক্তরাজ্যের পার্লামেন্ট

    বুধবার হাউস অফ কমন্সে বক্তব্য রাখেন পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী হামিশ ফ্যালকনার

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বুধবার হাউস অফ কমন্সে বক্তব্য রাখেন পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী হামিশ ফ্যালকনার

    যুক্তরাজ্যের পার্লামেন্টে বুধবার ভারত-পাকিস্তানের উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে; যেখানে বিভিন্ন দলের সদস্যরা এই অঞ্চলে উত্তেজনা কমাতে যুক্তরাজ্যকে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

    পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী হামিশ ফ্যালকনার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে বলেছেন যে "ভারত ও পাকিস্তান উভয়ের প্রতি আমাদের ধারাবাহিক বার্তা হলো সংযম প্রদর্শন করা"।

    দ্রুত, কূটনৈতিক পথ খুঁজে বের করার জন্য তাদের সংলাপে অংশ নেওয়া উচিত বলে ফ্যালকনার জানান।

    "সাধারণ মানুষ প্রাণ হারানো সত্যিই হৃদয়বিদারক। যদি উত্তেজনা আরও বেড়ে যায়, তাহলে কেউই জিতবে না।”

    ফ্যালকনার আরো বলেন যে, “এবার প্রতিটি পক্ষকে জরুরি ভিত্তিতে আঞ্চলিক স্থিতিশীলতা ফিরে আনা এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেয়ার ব্যাপারে মনোযোগ দিতে হবে।”

    তিনি আরও বলেন যে যুক্তরাজ্য "উত্তেজনা কমাতে এবং কূটনীতিতে তার পূর্ণ ভূমিকা পালন করবে"।

  2. দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

    মো. আবদুল হামিদ, ফাইল ছবি
    ছবির ক্যাপশান, মো. আবদুল হামিদ, ফাইল ছবি

    জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের নয় মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি গতকাল বুধবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড গেছেন বলে জানা গেছে।

    ইমিগ্রেশন কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন, আবদুল হামিদ চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন। তার দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না। সেকারণে তাকে দেশ ছাড়তে বাধা দেওয়া হয়নি।

    আবদুল হামিদের সঙ্গে ছিলেন তার এক ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডা. নওশাদ খান।

    সাবেক এই রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি চিকিৎসকের পরামর্শেই চিকিৎসার জন্য বিদেশ গেলেন।

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন আবদুল হামিদ।

    জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ও স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পর আবদুল হামিদ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন ২০১৩ সালের ২৪শে এপ্রিল। তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পান ২০১৮ সালের ৭ই ফেব্রুয়ারি।

    তার দ্বিতীয় মেয়াদ শেষ হলে বঙ্গভবন ছেড়ে তিনি ঢাকায় নিকুঞ্জের বাসায় বসবাস করছিলেন।

    আবদুল হামিদের পরে ২০২৩ সালের ২৪শে এপ্রিল রাষ্ট্রপতি হন মো. সাহাবুদ্দিন।

    ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা হয় কিশোগঞ্জে। গত ১৪ই জানুয়ারি এই মামলাটি করা হয়েছে।

  3. ভারতীয় ড্রোনের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করার দাবি পাকিস্তানের

    আইএসপিআরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, আইএসপিআরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ

    পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে যে তারা ৭ থেকে ৮ই মে পর্যন্ত ভারত থেকে আসা ১২টি ড্রোন ধ্বংস করেছে।

    দেশটির আইএসপিআরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, গত রাতে ভারত আবারও পাকিস্তানের সীমান্ত লঙ্ঘন করেছে এবং বিভিন্ন স্থানে ড্রোন পাঠিয়েছে।

    তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত ১২টি ড্রোন ধ্বংস করেছে এবং বিভিন্ন স্থান থেকে তাদের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে।

    আইএসপিআর মুখপাত্র বলেছেন, ভারতীয় ড্রোনগুলো পাকিস্তানের লাহোর, গুজরানওয়ালা, চকওয়াল, অ্যাটক, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, ছোড় এবং করাচির দিকে পাঠানো হয়েছিল।

    ক্ষয়ক্ষতি সম্পর্কে বলতে গিয়ে, পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন যে লাহোরে একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে, যাতে চারজন পাকিস্তানি সেনা আহত হয়েছেন এবং সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

    আইএসপিআরের মুখপাত্রের মতে, সিন্ধুর মিয়ানওয়ালিতে একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

    লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ আরও বলেন যে ভারতীয় ড্রোনগুলোকে এখনও গুলি করে ভূপাতিত করা হচ্ছে এবং পাকিস্তানি সেনাবাহিনী সেগুলি ধ্বংস করছে।

    তিনি বলেন, "আমরা এই আগ্রাসনের মোকাবিলা খুব ভালোভাবে করতে জানি, আমরা এর মোকাবিলা করছি। আমরা কেবল দৃঢ় প্রতিজ্ঞই নই, এই আক্রমণকারীদের প্রতিহত করার ক্ষমতাও আমাদের রয়েছে।"

  4. পাকিস্তানের চারটি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক স্থগিত

    পাকিস্তানের চারটি বিমানবন্দর সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়েছে

    ছবির উৎস, AFP

    ছবির ক্যাপশান, পাকিস্তানের চারটি বিমানবন্দর সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়েছে

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ করাচি, লাহোর ও শিয়ালকোট বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।

    পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর কাছে যোগাযোগ বজায় রাখতে অনুরোধ করেছে।

    উল্লেখ্য, বুধবার রাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ভারত বিমান হামলা চালানোর পর দেশটির বিমান চলাচল বন্ধ হয়। যদিও পরে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানায়, পাকিস্তানের সব বিমানবন্দর এবং আকাশসীমা সম্পূর্ণরূপে চালু আছে।

    ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, ভারতের হামলার পর পাকিস্তানে মোট ১৩৫টি ফ্লাইট আর ভারতে ৪১৭টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে।

    অন্যদিকে, মিডিয়া রিপোর্ট এবং এয়ারলাইন্সের নির্দেশনায় জানা গেছে, ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর ১০মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

    তবে এই বিষয়ে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি।

    বুধবার পাকিস্তানে বিমান হামলার পর, ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ থাকার ফলে ক্ষতিগ্রস্ত নাগরিকদের জন্য প্রধান এয়ারলাইন্সগুলো একটি পরামর্শ জারি করেছিল।

  5. তুরস্কের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

    শাহবাজ শরীফ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শাহবাজ শরীফ তুর্কি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন যে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ানের সাথে কথা বলেছেন।

    ভারতের বিমান হামলায় নিহতদের জন্য তুরস্কের প্রার্থনার প্রশংসা করেন। এই সংকটময় সময়ে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য তিনি এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

    শাহবাজ শরীফ টুইটে লিখেছেন, "এই সংকটময় সময়ে পাকিস্তানের প্রতি তুরস্কের সংহতি এবং সমর্থনের জন্য তাকে (এরদোগান) ধন্যবাদ জানাই।"

    পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, "আমরা যেকোনো মূল্যে আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করব। দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে এবং শান্তি বজায় রাখার জন্য তুর্কিয়ের প্রচেষ্টার জন্য পাকিস্তান কৃতজ্ঞ।"

    ৭ই মে পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের বিমান হামলার পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করেছিল।

    ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, "আমরা যেকোনো উসানিমূলক কর্মকাণ্ড এবং বেসামরিক নাগরিক এবং বেসামরিক ভবনের ওপর হামলার নিন্দা জানাই। আমরা আশা করি উত্তেজনা কমাতে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নেওয়া হবে।"

    বিবৃতিতে উভয় পক্ষকে একতরফা পদক্ষেপ এড়াতে আহ্বান জানানো হয়েছে এবং আরও বলা হয়েছে যে পাহেলগাম হামলার তদন্তের জন্য পাকিস্তানের দাবিকে তুরস্ক সমর্থন করে।

  6. আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা

    ভারতের সর্বদলীয় বৈঠক

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, ভারতের সর্বদলীয় বৈঠক

    বিমান হামলা সম্পর্কে বিরোধী নেতাদের অবহিত করার জন্য ভারত সরকার স্থানীয় সময় সকাল ১১টার দিকে সর্বদলীয় বৈঠক শুরু করেছে।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ভারতে পৌঁছেছেন এবং দিনের শেষের দিকে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

    মিডিয়া রিপোর্ট অনুসারে, রাজস্থান ও পাঞ্জাবের ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের আশেপাশের এলাকা এবং জম্মু ও কাশ্মীরের কার্যত সীমান্তের বেশ কয়েকটি স্কুল আজও বন্ধ রয়েছে।

    এদিকে, পাকিস্তানের পার্লামেন্ট স্থানীয় সময় সকাল ১১টার দিকে পুনরায় বসার কথা রয়েছে।

  7. ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনার জন্য দিল্লিতে

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি (ডানে) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সাথে

    ছবির উৎস, MEA

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি (ডানে) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সাথে

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন। তিনি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন।

    ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন যে আরাঘচির আগমন "ভারত-ইরান মৈত্রী চুক্তির ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা ও প্রসারিত করতে একটি সুযোগ তৈরি করেছে।"

    ভারত পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে বেশ কয়েকটি বিমান হামলা চালানোর একদিন আগে আরাঘচি পাকিস্তানে ছিলেন।

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তিনি ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে বৈঠক করেছেন।

    সাম্প্রতিক সংঘর্ষের আগেই তিনি ইরান ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন।

  8. ভারতে ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ

    বুধবার থেকে বন্ধ আছে চন্ডিগড় বিমানবন্দর

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বুধবার থেকে বন্ধ আছে চন্ডিগড় বিমানবন্দর

    ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর আগামী ১০ই মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। মিডিয়া রিপোর্ট এবং বিমান সংস্থাগুলোর ট্রাভেল অ্যাডভাইজরিতে এমন তথ্য পাওয়া গেছে।

    বন্ধ হয়ে যাওয়া এসব বিমানবন্দরের বেশিরভাগই উত্তর ভারতে।

    তবে এ বিষয়ে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বা বিমানবন্দর নিয়ন্ত্রক সংস্থা থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

    বুধবার ভারতের প্রধান বিমান সংস্থাগুলো জানিয়েছে, পাকিস্তানে ভারত বিমান হামলা চালানোর পর কয়েকটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত যাত্রীদের কী করণীয় তা নিয়ে সতর্ক বার্তা জারি করা হয়েছে।

    বুধবার ভারতে ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়ে যায় এবং অনেক বিমানবন্দরে যাত্রীদের ফেরত পাঠাতে দেখা যায়।

  9. 'রাষ্ট্রদূত না থাকায়' ভারত-পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ভূমিকা বাধাগ্রস্ত

    ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনী যখন সংঘর্ষে লিপ্ত, এমন সময় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিশ্লেষণ চলছে। বিশ্লেষকরা বলছেন, উভয় দেশে এখন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত অনুপস্থিত।

    এমন উত্তপ্ত সময়ে স্থানীয়ভাবে কর্মরত রাষ্ট্রদূতেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন।

    “ওই ব্যক্তি দিল্লিতে উভয় পক্ষের সঙ্গে কাজ করতে পারতেন, কূটনীতিতে নীরব থাকতেন এবং একজন নীরব মধ্যস্থতাকারী হতেন,” প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম মেয়াদে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টিম রোমার বিবিসিকে এ কথা বলেন ।

    ভারত ও পাকিস্তানে রাষ্ট্রদূত নিয়োগ নিশ্চিত করা “আবশ্যক” বলেও উল্লেখ করেছেন তিনি।

    “আমাদের এমন রাষ্ট্রদূত রয়েছে যাদের ইসরায়েল, চীন এবং দক্ষিণ আমেরিকার জন্য মনোনীত বা নিশ্চিত করা হয়েছে... গুরুত্ব ও অগ্রাধিকার হিসেবে যুক্তরাষ্ট্রের জন্য ভারতের অবস্থান শীর্ষে,” তিনি বলেন।

    উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রদূতদের মার্কিন সেনেটে মনোনয়ন এবং নিশ্চিতকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় যার জন্য সময় লাগতে পারে - ট্রাম্প প্রশাসন সবেমাত্র ১০০ দিন অতিক্রম করেছে।

  10. ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমান হামলার পর থেকে যা ঘটেছে

    ভারতের হামলায় ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতের হামলায় ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান

    ভারত বুধবার রাতে প্রথম প্রহরে পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায়। ভারত বলেছে যে তারা পাকিস্তানে 'সন্ত্রাসীদের আস্তানা' লক্ষ্য করে হামলা চালিয়েছে।

    এদিকে, পাকিস্তান তাদের মাটিতে 'সন্ত্রাসী ঘাঁটি' থাকার ভারতের দাবি প্রত্যাখ্যান করেছে।

    এখন পর্যন্ত কী ঘটেছে?

    ভারত বুধবার পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে বিমান হামলার তথ্য জানায়। ভারত এই অভিযানের নাম দিয়েছে 'অপারেশন সিন্দুর'।

    ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বলেছেন, "পহেলগাম হামলার তদন্তে পাকিস্তানের সাথে সন্ত্রাসীদের যোগসূত্রের বিষয়টি সামনে এসেছে।"

    তিনি বলেন, পাকিস্তান-ভিত্তিক "সন্ত্রাসী" মডিউলের উপর ভারতের গোয়েন্দা নজরদারি ইঙ্গিত দিয়েছে যে ভারতের বিরুদ্ধে আরো আক্রমণ হতে পারে এবং তাই এটি মোকাবিলা করা প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

    ভারত জানিয়েছে যে তারা পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরের নয়টি স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। যেখানে পাকিস্তান পরে বলেছে যে ছয়টি স্থানে হামলা হয়েছে।

    পাকিস্তান বারবার দাবি করেছে যে তারা পাঁচটি ভারতীয় জেট এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, যা ভারত এখনো নিশ্চিত করেনি।

    বুধবার জাতির উদ্দেশে ভাষণে এই দাবির প্রসঙ্গ টেনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান তার "প্রতিক্রিয়া" দিয়েছে। পাকিস্তান তার নাগরিকদের হত্যার "প্রতিশোধ নেবে" বলেও তিনি উল্লেখ করেন।

    পাকিস্তান জানিয়েছে যে ভারতের হামলায় ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছে।

    এদিকে, ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি গোলাগুলিতে কমপক্ষে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

    বিশ্বজুড়ে নেতারা ভারত ও পাকিস্তানকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যদি সাহায্য লাগে, তিনি তা করবেন।

  11. ভারত বুধবার দুই বা তিনবার কিছু শহরকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে, এর চরম মূল্য দিতে হবে: খাজা আসিফ

    পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

    পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন যে ভারত বুধবার কিছু শহরে দুই থেকে তিনবার হামলা চালানোর চেষ্টা করেছে এবং এখনো ভারতের আক্রমণের ঝুঁকি রয়েছে।

    পাকিস্তানের বেসরকারি চ্যানেল জিও টিভিতে 'আজ শাহজাইব খানজাদা কে সাথ' অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাজা আসিফ বলেন, "ভারত কিছু শহরকে দুই থেকে তিনবার টার্গেট করার চেষ্টা করেছে, অন্তত রাডারের ওপর দিয়ে, যাতে প্রয়োজন হলে এই শহরগুলোয় হামলা চালানো যায়।"

    তিনি আরো বলেন যে আক্রমণ ঠেকাতে কিছু শহরে আলো নিভিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, "আমরা এর জন্য প্রস্তুত, এর চরম মূল্য দিতে হবে।"

    "ভারত যা করছে তা আমরা সহ্য করব না, বরং তার জবাব দেব।"

    খাজা আসিফ বলেন, "দুই সপ্তাহ আগে শুরু হওয়া সংকট এখনো শেষ হয়নি।"

    তিনি বলেন, ভারত যদি কোনো কারণ বা প্রমাণ ছাড়াই পদক্ষেপ নিতে পারে, তাহলে আমরাও জবাব দেব। পাকিস্তানকে এর জবাব দিতে হবে।

    পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, "আমরা যদি এখন ভারতকে জবাব দেই, তাহলে আমাদের কাছে এর যুক্তিসঙ্গত যুক্তি আছে, কিন্তু আমরা ভারতে বেসামরিক নাগরিকদের টার্গেট করব না।"

  12. ভারত-পাকিস্তানকে ‘দীর্ঘমেয়াদি শান্তির জন্য’ কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের ঘটনা যুক্তরাষ্ট্র "নিবিড়ভাবে পর্যবেক্ষণ" করছে।

    মুখপাত্র বলেছেন, মার্কিন কর্মকর্তারা উভয় পক্ষের সাথে যোগাযোগ করছেন এবং দুটি দেশকেই "দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি দায়িত্বশীল সমাধানের দিকে কাজ করার" আহ্বান জানাচ্ছেন।

    এর আগে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবিসির সংবাদদাতা টম বেটম্যান বলেছিলেন যে ভারতীয় হামলার পর থেকে সংযমের জন্য আমেরিকার স্পষ্ট আহ্বানের অভাব সাম্প্রতিক বছরগুলিতে ভারতের সাথে আমেরিকার শক্তিশালী সম্পর্ক এবং পাকিস্তানের তুলনামূলকভাবে বিচ্ছিন্নতার প্রতিফলন।

    বুধবার রাতে যখন লড়াই শুরু হয়েছিল, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পের মন্তব্য পুনর্ব্যক্ত করে বলেছিলেন যে তিনি আশা করেন সংঘর্ষ "দ্রুত" শেষ হবে এবং "একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে" কাজ করবেন।

  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে