আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইরান চুক্তি না করলে ‘একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হবে’- ট্রাম্পের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না এলে "আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।" এদিকে বাংলাদেশের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড চাইলেও তাকে কারাগারে পাঠিয়েছে ঢাকার আদালত। অন্যদিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

সরাসরি কভারেজ

  1. ইরানে আরও একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের তৃতীয় একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে।

    দক্ষিণ-পশ্চিম ইরানের শিরাজে অবস্থিত ওই স্থাপনাটি লক্ষ্য করে সোমবার আঘাত হানার দাবি করেছে তারা।

    আইডিএফ বলছে, এটি এমন একটি কারখানা ছিল, যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হতো।

    তারা আরও জানায়, এই তৃতীয় হামলাটি সোমবারই পেট্রোকেমিক্যাল স্থাপনায় এর আগে চালানো দুটি পৃথক হামলার পর ঘটে। ওই হামলাগুলো চালানো হয়েছিল ইরানের দক্ষিণে আসালুইয়েহে অবস্থিত সাউথ পার্স পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে এবং ফারস প্রদেশের মার্ভদাশত পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে।

  2. ইরান যুদ্ধ শুরুর পর থেকে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

    ইরান যুদ্ধ শুরুর পর থেকে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

    ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তারা জানিয়েছে, এ পর্যন্ত ইরানের ১৫৫টির বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে।

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সাংকেতিক নাম ‘অপারেশন এপিক ফিউরি’।

    এ বিষয়ে হালনাগাদ তথ্য দিয়ে সেন্টকম জানায়, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদর দপ্তর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং ইরানের নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিন।

    এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে তিন হাজার পাঁচশোর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত এক হাজার ৬৬৫ জন বেসামরিক নাগরিক।

  3. ইরানিদের ট্রেনে ভ্রমণ না করার সতর্কতা দিলো ইসরায়েলি সেনাবাহিনী

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ ইরানে বসবাসকারীদের আজ ট্রেনে ভ্রমণ না করার বিষয়ে সতর্ক করে বার্তা দিয়েছে।

    সেনাবাহিনীর ফারসি ভাষার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় আইডিএফ ইরানের মানুষকে “নিজেদের নিরাপত্তার স্বার্থে” সারা দেশে “ইরান সময় রাত ৯টা পর্যন্ত” ট্রেন ব্যবহার ও ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে।

    তারা আরও জানিয়েছে, “ট্রেনে এবং রেললাইনের আশপাশে অবস্থান করলে জীবন ঝুঁকির মধ্যে পড়বে”।

    এ সতর্কতা এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন—ইরানের শাসকগোষ্ঠী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টার মধ্যে (ব্রিটিশ সময় বুধবার রাত ১টা) হরমুজ প্রণালী দিয়ে মুক্ত চলাচলের অনুমতি না দিলে তিনি দেশটির বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবেন।

    রাতভর প্রকাশিত হালনাগাদ তথ্যে ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা শাসকগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট তেহরানের “অবকাঠামো লক্ষ্য করে” ব্যাপক আকাশ হামলার একটি ধাপ সম্পন্ন করেছে এবং যাদের তারা হেজবুল্লাহর সদস্য বলে দাবি করেছে, এমন কয়েকজনকে হত্যা করেছে।

    এছাড়া আলাদাভাবে সেনাবাহিনী জানিয়েছে, ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে আসার পথে তারা প্রতিহত করেছে।

  4. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেছেন, ''যদি আমার ওপর নির্ভর করত, আমি ইরানের সব তেল নিয়ে নিতাম। সেটি নিজের কাছে রাখতাম। অনেক অর্থ উপার্জন করতাম। ইরানের জনগণের দেখভালও করতাম। কিন্তু আমেরিকান জনগণ চায় আমরা ফিরে আসি।''
    • ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের আধা সরকারি গণমাধ্যম ইরনার খবরে এই তথ্য জানানো হয়েছে।
    • ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন।
    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার যে হুমকি দিয়েছে সেটি যদি সত্যিই বাস্তবায়ন করতে চায় তাহলে তার কঠোর পাল্টা জবাব দিতে প্রস্তত ইরান।
    • ইসরায়েলের হাইফার একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। সেখানের বিধ্বস্ত একটি ভবন থেকে উদ্ধারকারী দল চারজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
    • সোমবার ইরানের একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে এই তথ্য জানান।
    • লেবাননে হেজবুল্লাহ নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই হামলা লক্ষ্যভ্রষ্ট হলে এতে বিরোধী একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা নিহত হন।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ।
    • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর সন্দেহভাজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত তিনজন সদস্যের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত।
    • ত্রয়োদশ জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
    • ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ ১২ই মে অনুষ্ঠিত হবে। আটই এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন।
  5. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে