আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বন্যায় আক্রান্ত অন্তত দশ জেলা, সাবেক প্রধানমন্ত্রী-মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট প্রত্যাহার

ভারী বৃষ্টি আর উজান থেকে নামা ঢলে দেশের অন্তত দশ জেলা বন্যাকবলিত হয়েছে। এদিকে, ত্রিপুরার গোমতী নদীর পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা হচ্ছে এমন খবর নাকচ করে দিচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে সাবেক প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-এমপিদের কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করা হয়েছে। দিনের ঘটনাপ্রবাহ জানুন বিবিসি বাংলার এই লাইভ পাতায়...

সার সংক্ষেপ

  • নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রামসহ অন্তত ১০টি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি।
  • ত্রিপুরায় গোমতী নদীর ওপর দেয়া বাঁধের পানি ছাড়ায় বাংলাদেশে বন্যা হচ্ছে, এমন খবর নাকচ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
  • বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম।
  • সালমান এফ রহমান, আহমেদ আকবর সোবহানসহ শীর্ষ পাঁচ ব্যবসায়ীর কর ফাঁকির অনুসন্ধানে এনবিআর।
  • কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনা নিয়ে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল।

সরাসরি কভারেজ

  1. আখাউড়ার হাওড়া নদীর বাঁধ ভেঙে গেছে

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হাওড়া নদীর বাঁধ ভেঙ্গে গেছে।

    স্থানীয় সাংবাদিক মাসুক হৃদয় জানিয়েছেন, বাঁধ ভেঙ্গে সেখানকার সীমান্তবর্তী চারটি ইউনিয়নের ৩৪টি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

    তিনি জানিয়েছেন, বুধবার রাতভর ভারি বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের কারণে আখাউড়ার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

    বুধরাত রাত থেকেই ওই এলাকায় পানির পরিমান বাড়তে শুরু করে। এতে করে আখাউড়া উত্তর, দক্ষিণ, মোগড়া ও মনিয়ন্দ - এই চার ইউনিয়নের ৩৪টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

    এছাড়া ওইসব এলাকার ধান ও সব্জির জমিসহ মাছের ঘের তলিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতি হয়েছে।

    ব্রাহ্মণবাড়িয়া জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, হাওড়া নদী ও জাজী গাঙসহ বিভিন্ন নদীর পানি বিপদ সীমার কাছাকাছি রয়েছে। তা অতিক্রম করলে নতুন করে আরো এলাকা প্লাবিত হতে পারে।

  2. কুমিল্লার শত শত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছেন

    কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গ্রামগুলোতে হাজার হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।

    ঘটনাস্থল থেকে বিবিসি সংবাদদাতা আকবর হোসেন জানিয়েছেন, এসব গ্রামের কোথাও হাঁটু পানি, কোথাও আবার বুক অবধি পানি উঠে গেছে।

    ওই উপজেলার নালগড় গ্রামের শত শত মানুষ ভিটেমাটি ছেড়ে প্রয়োজনীয় জিনিসপত্র ও গবাদি পশু নিয়ে পায়ে হেঁটে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছেন।

    কিন্তু মহাসড়ক থেকে কয়েক কিলোমিটার ভেতরের ওই গ্রামে বাস্তবে এমন কোনও জায়গা নেই, যেখানে তারা নিরাপদে আশ্রয় নিতে পারবেন, জানিয়েছেন বিবিসি সংবাদদাতা।

    উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেনের কাছে তার গ্রামের অবস্থা জানতে চাইলে তিনি কাঁদতে কাঁদতে বলেন, “অবস্থা খুব খারাপ। আমার নতুন ঘর, ভাইঙ্গা সব শেষ।”

    মাথায় মুরগির খাঁচা নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে আরও অনেকের সাথে নিরাপদ আশ্রয়ের খোঁজে নিজের গ্রাম ছেড়ে কুমিল্লার লালমাইয়ের দিকে যাচ্ছিলেন আনোয়ার হোসেন।

    “আমার কিছু নাই এখন, আমার কিছু নাই এখন…ঘরের ভিত ভাইঙ্গা গেছে।”

  3. ফেনীর বন্যা দুর্গতদের সহায়তায় নৌবাহিনীর আরও দুই কন্টিনজেন্ট

    বাংলাদেশ নৌ বাহিনী জানিয়েছে, আজ সকালে ত্রাণ সামগ্রী নিয়ে দুইটি কন্টিনজেন্ট ঢাকা ও চট্টগ্রাম থেকে রওনা হয়েছে।

    এই দুইটি জাহাজ ফেনীতে বন্যা দুর্গত এলাকায় উদ্ধারকার্যে অংশ নিচ্ছে।

    বৃহস্পতিবার বাংলাদেশ নৌবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়েছে, উদ্ধারকাজের জন্য ডুবুরি সামগ্রী, লাইফ-জ্যাকেট, স্পিড বোট ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহৃত হচ্ছে।

    এছাড়া, ওই এলাকায় জরুরি চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি খাদ্য সামগ্রীও বিতরণ করা হচ্ছে।

    এর আগে গতকাল ডুবুরি ও চিকিৎসকসহ একটি দল এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে ফেনীতে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত একটি কন্টিনজেন্ট পাঠানো হয়েছিলো।

  4. আগামী কয়েকদিন বৃষ্টিপাত চলতে পারে: আবহাওয়া অধিদপ্তর

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বৃহস্পতিবারও বৃষ্টিপাত অব্যহত থাকতে পারে দেশের কিছু কিছু জেলায়।

    সকালে আবহাওয়া অধিদপ্তরের দেয়া পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

    এছাড়া, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায়ও একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    তবে কোনও কোনও স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের এ প্রবণতা শুক্রবার ও শনিবারও অব্যাহত থাকবে।

    গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায়, ১৮৮ মিলিমিটার। বর্তমানে বাংলাদেশের যে ছয়টি জেলা বন্যা কবলিত, তার মধ্যে কুমিল্লা অন্যতম।

    কয়েকদিনের টানা বৃষ্টিপাতকে বাংলাদেশে চলমান আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

  5. ছয় জেলা বন্যায় আক্রান্ত, ক্ষতিগ্রস্ত প্রায় ১৮ লক্ষ মানুষ

    বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, আকস্মিক বন্যায় বাংলাদেশের ছয়টি জেলার প্রায় ১৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, গত ২০শে অগাস্ট থেকে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী এবং মৌলভীবাজার জেলায় প্রায় দুই লাখ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

    পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেয়ার জন্য মোট এক হাজার ৩৫৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

    এছাড়া চিকিৎসা সেবা দিতে ৩০৯টি মেডিকেল টিম চালু হয়েছে বন্যা কবলিত এলাকায়।

  6. বাংলাদেশের বন্যা নিয়ে ভারতের বক্তব্য

    ভারত ও বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় চলমান বন্যা পরিস্থিতির জন্য ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খুলে দেওয়া নিয়ে যে আলোচনা চলছে, তা সঠিক নয় বলে বলছে ভারতের পররাষ্ট মন্ত্রণালয়।

    বৃহস্পতিবার ভারতের পররাষ্ট মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদী সংলগ্ন অঞ্চলে এ বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে।

    বাংলাদেশে বন্যার প্রাথমিক কারণ, বাঁধের ভাটি অংশের অববাহিকায় এই বিপুল পানিপ্রবাহ।

    ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধটির অবস্থান সীমান্ত থেকে বেশ দূরে। এই বাঁধের উচ্চতা প্রায় ৩০ মিটার।

    ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের এই বাঁধ থেকে যে শক্তি উৎপাদন হয়, তার সুবিধাভোগী বাংলাদেশও। বলা হচ্ছে, এখান থেকে বাংলাদেশ ৪০ মেগাওয়াট বিদ্যুৎ নেয়।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকায় দুই দেশের জন্যই বন্যা এমন একটি সমস্যা, যা জনগণের জীবনে দুর্ভোগ সৃষ্টি করে।

    এ সমস্যা সমাধানে দ্বিপাক্ষিক পরামর্শ প্রয়োজন বলেও এখানে উল্লেখ করা হয়।

  7. কুমিল্লার বন্যা পরিস্থিতি: বিবিসি সংবাদদাতা সরাসরি যা জানাচ্ছেন

    আকস্মিক বন্যার পানি ফেনী ছাপিয়ে এখন কুমিল্লার বহু এলাকা প্লাবিত করছে। বিশেষ করে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের চৌদ্দগ্রাম বাজার পানিতে তলিয়ে যাওয়াতে এই মহাসড়ক এখন কার্যত বন্ধ।

    এছাড়া, বন্যার পানিতে মহাসড়কের বিভিন্ন স্থান তলিয়ে যাওয়ায় সেগুলো হুমকির মুখে পড়েছে।

    বন্যার কারণে মহাসড়কের উভয় পাশে ২০ কিলোমিটারের মতো দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

    বিবিসি সংবাদদাতা আকবর হোসেন জানিয়েছেন, আজ ভোর ছয়টায় ঢাকা থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়ে পাঁচ ঘণ্টায়, মানে বেলা ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রাম পর্যন্ত যেতে পেরেছেন।

    তিনি জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশে এখন কানায় কানায় পানি আছে। আশেপাশের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে এবং সেখানে ভারী বৃষ্টিপাত এখনও অব্যাহত আছে।

    সেখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন, বুধবার বিকাল থেকে আজ সকাল পর্যন্ত কুমিল্লায় বন্যার পানি আসছে এবং পানি বৃদ্ধি এখনও অব্যাহত আছে।

    পানি যেরকম দ্রুত গতিতে বাড়ছে, তা অব্যাহত থাকলে মহাসড়কের আরও কিছু অংশ তলিয়ে যেতে পারে বলে তাদের আশংকা।

    কুমিল্লার চৌদ্দগ্রামের মীরশানি বাজার এলাকা থেকে মোহাম্মদ সেলিম রেজা বিবিসি বাংলাকে বলেছেন, “গত চারদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে এলাকার সবকিছু তলায়ে গেছে, এলাকার লোকজন ঘরবন্দী হয়ে আছে। মানুষজন কোনও খাবার খেতে পারছেন না।”

    বিবিসি সংবাদদাতা আকবর হোসেন জানিয়েছেন, কুমিল্লায় ইন্টারনেট নাই বললেই চলে এবং মোবাইল ফোনে যোগাযোগ করাটাও কঠিন হয়ে যাচ্ছে।

    বিভিন্ন জায়গায় সেনাবাহিনী ও শিক্ষার্থীরা মিলে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলেও তাতে খুব একটা লাভ হচ্ছে না বলেও জানান বিবিসি সংবাদদাতা।