আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, ভেনেজুয়েলায় দুই দফার ভূমিকম্পে অন্তত ১৪৩০ জনের মৃত্যু, বহু মানুষ এখনো নিখোঁজ

ভেনেজুয়েলায় দুই দফার ভূমিকম্পে অন্তত ১৪৩০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় ঢাকার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. ৪৭তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশ

    ৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। চাকরিতে নিয়োগের জন্য মনোনয়ন পেয়েছেন মোট এক হাজার পাঁচশ ২১ জন।

    রোববার বিকেলে এই ফল প্রকাশ করে পিএসসি।

    এক প্রেস বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, এক হাজার ৩২০ জনকে বিভিন্ন ক্যাডারে এবং নবম, দশম ও ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে ২০১ জন প্রার্থীকে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

    এই বিসিএসে প্রথমবারের মতো আবেদনের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়।

    পরে ওই বছরের ২৯শে ডিসেম্বর থেকে শুরু হয় বিসিএসের আবেদন। ২০২৫ সালের ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলে।

    এই বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানো হয়। এ বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়। ফলে মোট নম্বর ১১০০ থেকে পরিবর্তন করে ১০০০ করা হয়।

    ২০২৪ সালের ২৮শে নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

  2. জুলাই আন্দোলনের নেতা ও মাস্টারমাইন্ড নিয়ে সংসদে পাল্টাপাল্টি বক্তব্য

    চব্বিশের জুলাই আন্দোলনের নেতা ও মাস্টারমাইন্ড কে? এমন প্রশ্নে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা।

    রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিএনপির সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে উদ্ধৃত করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে।

    তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পরপরই বিরোধী দলীয় নেতা একটি কথা বলেছিলেন, আমাদের সাথে আন্দোলনের প্রধান নায়ক, আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, জনাব তারেক রহমান, আজকে সংযুক্ত হয়েছেন। তিনি দূরে থেকেও জাতিকে আমি বলবো, অত্যন্ত বুদ্ধিবৃত্তিকভাবে, অত্যন্ত সফলভাবে নেতৃত্ব দিয়েছেন।”

    “অর্থাৎ তিনি নেতৃত্ব দিয়ে এই গণ অভ্যুত্থানটাকে সফল করে আজকে আমরা এই জায়গায় এসছি, এটা তার মুখের কথা। কাজেই বাজেট নিয়ে বিরোধী দলীয় নেতারা যে চিন্তিত আছেন আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই” বলেন তিনি।

    তার বক্তব্যের পরে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড মানি না।

    “আগস্টের পাঁচ তারিখের পরে আমার এই বক্তব্য। ওই সময়ে যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান সফল হয়েছে আমার মনে আমরা সবাই অন্তর থেকে তাদেরকে সম্মান করি, ভালোবাসি। তাদের এই জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে” বলেন মি. রহমান।

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালীন অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে বলেছিলেন, বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড মাহফুজ আলম। যিনি ওই সরকারে একজন উপদেষ্টা ছিলেন।

    মি. রহমান বলেন, “এমনকি ড. ইউনূস অ্যামেরিকায় গিয়ে একজনকে তিনি মাস্টারমাইন্ড বলেছিলেন। আমিই সেই ব্যক্তি প্রথমে প্রতিবাদ করে বলেছি, এই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না। আমাদের যুবসমাজকে কৃতিত্ব দিতে চাই। আর মাস্টারমাইন্ড হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি মানুষ।”

  3. ঢাবি হলের মাঠে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে হেনস্তা হওয়ার অভিযোগ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের মাঠে ফুটবল বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে কয়েকজন সাবেক শিক্ষার্থী হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের মধ্যে নারী শিক্ষার্থীও ছিল।

    শুক্রবার রাতে হলের মাঠে খেলা দেখতে যাওয়া সাবেক ছয় শিক্ষার্থীকে হেনস্তা করে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। নরওয়ে - ফ্রান্সের ম্যাচ দেখতে তারা হলে যান।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বিবিসি বাংলাকে জানিয়েছেন, এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছেন তিনি।

    একইসঙ্গে, ঘটনা তদন্তে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    অধ্যাপক রতন জানিয়েছেন, যারা ভুক্তভোগী তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।

    “সংক্ষুব্ধ যার হওয়ার কথা তারা আবেদন করেনি। তাদের বন্ধুরা অথবা অপরাপর সংগঠনগুলো আবেদন করেছে। আবার যার বিরুদ্ধে অভিযোগ তারাও আবেদন করেছে। আমরা খতিয়ে দেখছি আসলে ঘটনাটি কী?”

    অধ্যাপক রতন বলেন, হলের ভেতরের ঘটনার জন্য প্রভোস্টের কাছে আবেদন করার কথা থাকলেও তারা সেখানে না করে সরাসরি প্রক্টর কার্যালয়ে আবেদন করেছে।

    “যারা রাজনৈতিক সচেতন তারা কোন কোন পক্ষ থেকে মূলত আসছে, শিবির বাদে সব আদর্শের মিশ্রণ ভুক্তভোগীদের পক্ষে যারা যারা অভিযোগ করেছে” বলেন প্রক্টর।

    একইসঙ্গে যার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ সেই ব্যক্তি নিজেও বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছেন প্রক্টর কার্যালয়ে।

    “উনি এটা অসত্য ঘটনা উল্লেখ করে সঠিক বিচার চেয়েছেন। তার নামে যে কমপ্লেইনটা করা হয়েছে সেটা অসত্য এটা বলেছে” বলেন প্রক্টর অধ্যাপক রতন।

    উল্লেখ্য, হেনস্তার অভিযোগকারীরা লিখিত আবেদনে জানিয়েছেন, হল রেজিস্ট্রারে নাম লিখে বৈধভাবে প্রবেশ করার পরেও হলের কয়েকজন শিক্ষার্থী তাদের মাঠ ছেড়ে যেতে বলেন। তাদের সাথে থাকা একজন সাবেক নারী শিক্ষার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

  4. টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোরসহ আট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

    টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া এই আটটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    রোববার আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুত চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আগামী পাঁচদিন ওই সাত বিভাগে এমন আবহাওয়া বিরাজমান থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

  5. ভেনেজুয়েলায় দুই দফার ভূমিকম্পে অন্তত ১৪৩০ জনের মৃত্যু, বহু মানুষ এখনো নিখোঁজ

    ভেনেজুয়েলায় দুই দফার ভূমিকম্পে অন্তত ১৪৩০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সেদেশের কর্তৃপক্ষ। এখনো বহু মানুষ ধ্বংসস্তুপের মধ্যে আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

    গত বুধবার দেশটিতে ৭.২ ও ৭.৫ মাত্রার দুই দফা ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে দেশটির অসংখ্য ভবন ধসে পড়ে। এরপর থেকেই ঘণ্টায় ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করে।

    জাতিসংঘের হিসাবে, এখনো দেশটিতে ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে। অনেক মানুষ এখন ধ্বংসস্তুপের মাঝে তাদের স্বজনদের খুঁজছেন।

    ভেনেজুয়েলার উদ্ধার কর্মীদের পাশাপাশি মেক্সিকো, স্পেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে কর্মীরা উদ্ধার কাজে যোগ দিয়েছেন।

    বিবিসির সংবাদাতারা জানাচ্ছেন, রাজধানী কারাকাস থেকে শুরু করে অন্যসব শহরেও যেখানে চোখ যায়, সেখানেই ধ্বংসের ছাপ দেখা যাচ্ছে।

  6. কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড

    জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও আরো দুইজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    এছাড়া অন্য দুই আসামির একজনের যাবজ্জীবন এবং আরেকজনের ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই দুইজনই পুলিশ সদস্য।

    রোববার এ মামলার রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুইজন হলেন, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান।

    একই থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়ার যাবজ্জীবন এবং রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    আসামিদের মধ্যে শুধুমাত্র চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার রয়েছেন। বাকিরা পলাতক।

    রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়। রায়ের পরে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয় তাকে।

    এই মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে, ২০২৪ সালের আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি নির্দেশনায় এবং তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের আদেশে আসামিরা নিজেদের দায়িত্বপ্রাপ্ত এলাকার বাইরে গিয়ে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলা চালায়।

    চব্বিশের ১৯শে জুলাই দুপুর আড়াইটার দিকে বনশ্রী এইচ ব্লকে জামে মসজিদের সামনের গলিতে পুলিশ এলোপাতাড়ি গুলি চালায়। সেসময় মো. নাদিম নামে এক ব্যক্তির গায়ে গুলি লাগে এবং ঘটনাস্থলেই মারা যান তিনি।

    আরেকটি অভিযোগে, কার্নিশে ঝুলে থাকা ১৮ বছরের তরুণ আমির হোসেনকে হত্যার উদ্দেশ্যে গুলি ও গুরুতর জখম করার ঘটনার কথা বলা হয়েছে।

  7. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন: