রোববার সারাদিন যা যা হয়েছে
- চব্বিশের জুলাই আন্দোলনের নেতা ও মাস্টারমাইন্ড কে? এমন প্রশ্নে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিএনপির সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তারেক রহমানের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। অন্যদিকে, "এই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না" বলেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।
- ভেনেজুয়েলায় দুই দফার ভূমিকম্পে অন্তত ১৪৩০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সেদেশের কর্তৃপক্ষ। এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ বলে ধারণা করছে উদ্ধার কার্যক্রমে জড়িত সংস্থাগুলো।
- জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে সরকার একদলীয় শাসন কায়েম করতে চায় নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এমন প্রশ্ন তুলেছেন দলটির নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।
- বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর দ্বারা 'প্রায় দশজন হত্যা হয়েছে' দাবি করে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেখতে চাই বিএনপি কিভাবে সীমান্ত হত্যা বন্ধ করে।
- জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও আরো দুইজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের মাঠে ফুটবল বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে কয়েকজন সাবেক শিক্ষার্থী হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের মধ্যে নারী শিক্ষার্থীও ছিল। ঘটনা তদন্তে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
- টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া এই আটটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।











