আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে সমঝোতা, ১৩০ কোটি ডলার ঋণ পেতে পারে বাংলাদেশ

আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ থেকে ১৩০ কোটি ডলার ঋণের বিষয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে। তবে এই সমঝোতায় সংস্থার নির্বাহী পরিষদের অনুমোদন পেতে হবে। এদিকে, ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সরাসরি কভারেজ

  1. সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছেন ট্রাম্প

    বাশার আল আসাদের পতন ঘটায় এখন সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব সফরকালে মঙ্গলবার এ কথা জানিয়েছেন তিনি।

    “আমি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব, যাতে দেশটিকে শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ দেওয়া যায়,” সৌদি সরকারের আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেন মি. ট্রাম্প।

    তিনি আরও বলেন, “সেখানে (সিরিয়ায়) একটি নতুন সরকার এসেছে। আশা করি, তারা দেশকে স্থিতিশীল এবং শান্তি বজায় রাখতে সক্ষম হবে।”

    সিরিয়ার সাবেক শাসক বাশার আল আসাদ ক্ষমতায় থাকাকালে দেশটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন। গত বছরের ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠীর হাতে ক্ষমতাচ্যুত হয়ে মি. আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন।

    ট্রাম্পের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিরিয়ার বর্তমান সরকার।

    সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জনগণের বিরুদ্ধে বাশার আল আসাদ সরকার যে যুদ্ধাপরাধ করেছিল, সেটার প্রতিক্রিয়ায় নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্তকে সিরিয়ার জনগণ স্বাগত জানায়।

  2. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় তিন জন গ্রেফতার

    ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

    বুধবার সকালে গ্রেফতারদেরকে ঢাকার সিএমএম কোর্টে তোলা হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

    এদিকে, সাম্য হত্যার প্রতিবাদ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল।

    দাবি আদায়ে বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

    এর আগে, মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ করেন তারা।

    উল্লেখ্য যে, মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য।

    তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ছিলেন। ঘটনার পর মি. সাম্যের ভাই বাদি হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  3. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিদেশের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়। রিপোর্টিং করছেন তারেকুজ্জামান শিমুল।

    বিবিসি বাংলার অন্যান্য খবর জানতে ভিজিট করুন এই পাতায়