আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, বিয়ে বিতর্কে ক্রিকেটার নাসির ও তামিমা মামলা থেকে খালাস

আইন অনুযায়ী বিবাহবিচ্ছেদ ছাড়াই একজনের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ঢাকার সিএমএম আদালতে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে ২০২১ সালে মামলা দায়ের হয়েছিল। আজ সে মামলার রায় হলো। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভার সংসদ সদস্যের ইস্তফা

    লোকসভায় ২০ জন তৃণমূল কংগ্রেস সংসদ সদস্যের 'বিদ্রোহের' মধ্যেই রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন আরও এক তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য।

    রাজ্যসভার সংসদ সদস্যের পদ থেকে সুখেন্দু শেখর রায়ের ইস্তফার পরে বৃধবার পদত্যাগ করলেন সুস্মিতা দেব।

    সংসদের উচ্চকক্ষের পদ ছাড়ার পাশাপাশি সুখেন্দু শেখর রায়ের মতোই তিনিও দলের সদস্যপদ ছেড়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে।

    আসামের বরাক উপত্যকাতেই রাজনৈতিক জীবনের শুরু মিজ. দেবের। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দেন ২০২১ সালে। তার বাবা সন্তোষমোহন দেব ছিলেন আসামের বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার কংগ্রেস নেতা, কেন্দ্রীয় সরকারে মন্ত্রীও ছিলেন তিনি।

    মমতা ব্যানার্জী তাকে আসাম সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে তৃণমূল কংগ্রেসের সংগঠন বিস্তারের দায়িত্ব দেন।

    ২০২১ সালে রাজ্যসভার সংসদ সদস্য হন সুস্মিতা দেব। তারপর আবারও ২০২৪ সালে ফের তাকে রাজ্যসভায় পাঠান মমতা ব্যানার্জী। মেয়াদ শেষের আগেই তিনি নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষণনকে।

  2. 'পুশইনের' বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

    সীমান্ত দিয়ে একের পর এক ভারত থেকে বাংলাদেশে 'পুশইন' বন্ধের দাবিতে দুই দিনের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

    আজ বুধবার ঢাকায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

    ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১২ই জুন দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় মানববন্ধন এবং ১৫ই জুন ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

    জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সংবাদ সম্মেলনে বলেন, পুশইন বন্ধে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

  3. বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

    ব্যাভিচার ও মানহানির অভিযোগে মামলায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাকে খালাস দিয়েছেন আদালত।

    আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় দেন। সংশ্লিষ্ট আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

    রায় ঘোষণা উপলক্ষে নাসির ও তামিমা আজ আদালতে হাজির হন।

    মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছিল যে, তামিমা সুলতানা তার সাবেক স্বামী রাকিবের সাথে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই নাসির হোসেনকে বিয়ে করেছেন; যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ।

    ঐ অভিযোগে আরো উল্লেখ করা হয় যে, নাসির হোসেন তামিমা সুলতানাকে ‘প্রলুব্ধ’ করেছেন।

    রায়ের পর আদালতে উপস্থিত সাংবাদিকদের কাছে নাসির হোসেন ও তামিমা সুলতানার পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।

    বাদি রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান সাংবাদিকদের বলেন, এই রায়ে বাদিপক্ষ ‘সংক্ষুব্ধ’ ও তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

    চার বছর আগে ২০২১ সালে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেছিলেন রাকিব হাসান। মি. হাসান তামিমা সুলতানার সাবেক স্বামী।

    বাদির অভিযোগ ছিল, তামিমা সুলতানা তার সাথে বিবাহবিচ্ছেদ না করেই নাসির হোসেনকে বিয়ে করেছেন।

    মামলার আবেদনে বলা হয়েছিল রাকিব হাসান ও তামিমা সুলতানা ২০১১ সালের ২৬শে ফেব্রুয়ারি তিন লাখ এক টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

    পরবর্তীতে তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয় যার বয়স এখন আট বছর।

    ২০২১ সালের ১৪ই ফেব্রুয়ারি নাসির হোসেন ও পেশায় কেবিন ক্রু তামিমা সুলতানার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা বাদীর নজরে আসে বলে উল্লেখ করা হয় মামলার আবেদনে।

  4. মঙ্গলবার সারাদিন যা যা হলো

    • ইসলামী ব্যাংক নিয়ে জাতীয় সংসদে সরকার এবং বিরোধী দলের বক্তব্যে মঙ্গলবার বাংলাদেশের জাতীয় সংসদে উত্তেজনা ছড়িয়েছে।
    • স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে যেসব মানদণ্ড রয়েছে সেগুলো পূরণ করতে পারলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
    • ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা দেওয়ার একদিন পরই, লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ার খালি করার নির্দেশনা দেয় ইসরায়েল সামরিক বাহিনী। পরে শহরের উত্তর-পূর্বে অবস্থিত শহর আব্বাসিয়েতে হামলা চালানো হয়।
    • মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে জ্বালানি নিয়ে অস্থিরতার কারণে ২০২৫-২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
    • অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল ম্যাথডে অজিদেরকে ৮৬ রানে হারিয়েছে টাইগাররা।
    • তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, বিটিভির পাশাপাশি বেসরকারি টেলিভিশন টি স্পোর্টস এবং সময় টেলিভিশন বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করবে। এছাড়া গ্রামীণফোন, বাংলালিংক এবং রবির সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে।
    • কলকাতার কালীঘাট অঞ্চলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাড়ি সংলগ্ন তৃণমূল কংগ্রেসের দলীয় দফতরে মঙ্গলবার তল্লাশি চালায় রাজ্য পুলিশের সিআইডি-র তদন্তকারীদের একটি দল।
    • ফুটবল বিশ্বকাপে ইরানি সমর্থকদের উপস্থিতি বাধাগ্রস্ত করতে টিকিট নিয়ে অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইরান।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  5. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে