চুক্তি করতে দেরি করার খেসারত দিতে হবে ইরানকে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে অনেক বেশি সময়ক্ষেপণ করেছে ইরান এবং এখন ইরানকে এর খেসারত দিতে হবে। এদিকে, বাংলাদেশে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকার দলীয় নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়া নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরাসরি কভারেজ

  1. আজ বুধবার যা যা হলো:

    • ঢাকার চানখাঁরপুল এলাকায় দুই বাসের চাপায় একজনের মৃত্যু হয়েছে।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে অনেক বেশি সময়ক্ষেপণ করেছে ইরান এবং এখন ইরানকে এর খেসারত দিতে হবে।
    • বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকার দলীয় নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • আজ রাতের মধ্যে ঢাকাসহ বাংলাদেশের মোট ১২টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।
    • বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য জাতীয় বাজেট আগামীকাল ১১ই জুন জাতীয় সংসদে উপস্থাপন করবেন।
    • ব্যাভিচার ও মানহানির অভিযোগে মামলায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাকে খালাস দিয়েছেন আদালত।
    • সীমান্ত দিয়ে একের পর এক ভারত থেকে বাংলাদেশে 'পুশইন' বন্ধের দাবিতে দুই দিনের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
    • লোকসভায় ২০ জন তৃণমূল কংগ্রেস সংসদ সদস্যের 'বিদ্রোহের' মধ্যেই রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন আরও এক তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য।
    • আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কয়েক মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর এই হামলায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক

    ইসলামী ব্যাংকে চেয়ারম্যান নিয়োগ নিয়ে গত কয়েকদিন ধরেই অস্থিরতা চলছে

    ছবির উৎস, Bloomberg via Getty Images

    ছবির ক্যাপশান, ইসলামী ব্যাংকে চেয়ারম্যান নিয়োগ নিয়ে গত কয়েকদিন ধরেই অস্থিরতা চলছে

    চেয়ারম্যান নিয়োগ নিয়ে চলমান অস্থিরতার মধ্যেই ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসালো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।

    বুধবার বাংলাদেশ ব্যাংকের এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

    ওই বার্তা অনুযায়ী, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১- অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

    ইসলামী ব্যাংকের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    পর্যবেক্ষক হিসেবে মো. আশ্রাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ প্রাসঙ্গিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ বাংলাদেশ ব্যাংককে জানাবেন।

  3. ঢাকায় দুই বাসের চাপায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

    ঢাকার একটি রাস্তায় যান চলাচল (ফাইল ছবি)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ঢাকার একটি রাস্তায় যান চলাচল (ফাইল ছবি)

    ঢাকার চানখাঁরপুল এলাকায় দুই বাসের চাপায় একজনের মৃত্যু হয়েছে।

    শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিবিসি বাংলাকে খবরটি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, আজ বুধবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।

    স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, নিহত ওই ব্যক্তি বাসে ওঠার সময় দুই বাসের মাঝে চাপা পড়েছেন। তখন তিনি গুরুতর আহত হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    বাস দু'টোকে আটক করা হলেও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হননি।

    এছাড়া, এখন পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো মামলাও দায়ের হয়নি বলে জানিয়েছেন ওসি।

  4. বিশেষ অভিযানে ৪০ দিনে ১৮ হাজারের বেশি গ্রেফতার

    পুলিশের বিশেষ অভিযানে গত পহেলা মে থেকে এ পর্যন্ত দেশব্যাপী ১৮ হাজার ৩২৮ জন গ্রেফতার হয়েছে।

    আজ বুধবার বাংলাদেশ পুলিশের প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

    পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়াদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে এক হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারী ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা-ডাকাতির সঙ্গে জড়িত দুই হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন।

  5. চুক্তি করতে দেরি করার খেসারত দিতে হবে ইরানকে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে অনেক বেশি সময়ক্ষেপণ করেছে ইরান এবং এখন ইরানকে এর খেসারত দিতে হবে।

    বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, "ইরানের সামরিক বাহিনী এখন অগোছালো অবস্থায় আছে। তাদের নৌবাহিনী ও বিমানবাহিনীর বড় অংশ এখন আর কার্যত নেই। তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।”

    তিনি আরও লেখেন, "ইরান কেবল কথা বলে এবং কিছু করে না। মধ্যপ্রাচ্যের বুলি এখন পরাজিত।"

    পোস্টের শেষ দিকে তিনি লেখেন, "ইরানের জন্য খুবই ভালো সুযোগ ছিল একটি চুক্তি করার। কিন্তু তারা আলোচনায় অনেক বেশি সময় নিয়েছে। এখন এর খেসারত দিতে হবে।"

    একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলার একদিন পর ট্রাম্প এসব মন্তব্য করেন।

  6. রাতের মধ্যে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

    বাতাসের গতিই মূলত ঋতুকে পরিবর্তন করে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাতাসের গতিই মূলত ঋতুকে পরিবর্তন করে

    আজ রাতের মধ্যে ঢাকাসহ বাংলাদেশের মোট ১২টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।

    বুধবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বলা হয়েছে, বিকাল তিনটা থেকে দিবাগত রাত একটা পর্যন্ত এ অবস্থা থাকতে পারে।

    আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ওই সময়ের মধ্যে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    একই সাথে, এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে।

  7. কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

    অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)

    ছবির উৎস, bss

    বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য জাতীয় বাজেট আগামীকাল ১১ই জুন জাতীয় সংসদে উপস্থাপন করবেন।

    প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে নয় লাখ ৩৮ হাজার কোটি টাকা, বলা হচ্ছে এটিই দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।।

    গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট।

    অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।

    প্রস্তাবিত বাজেটে অবকাঠামো উন্নয়নের তুলনায় মানবসম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

    আসন্ন বাজেটে উদ্যোক্তা উন্নয়ন তহবিলে ২২৫ কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য দুই হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব থাকতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের ঘোষণাও আসতে পারে।

    এছাড়া, ২৫ লাখ নাগরিকের জন্য ‘ই-হেলথ কার্ড’ কর্মসূচি চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।

    সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বেশ কয়েকটি নতুন কর্মসূচি যুক্ত করার পাশাপাশি বিদ্যমান কর্মসূচিগুলোতে বরাদ্দ বাড়ানো হতে পারে।

  8. আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, ফের উত্তেজনা বৃদ্ধি

    আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত

    আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কয়েক মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর এই হামলায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

    বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার বলেন, "সতর্কভাবে পরিচালিত ওই হামলায় চারটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে এবং এতে মোট ২৬ জন জঙ্গি নিহত হয়েছে।"

    তবে এর আগে আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছিল, পাকিস্তানের হামলায় আফগানিস্তানের তিনটি প্রদেশে ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনই শিশু।

    পাকিস্তান দীর্ঘদিন ধরেই আফগানিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে আফগানিস্তান এমন 'সন্ত্রাসীদের' আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানের ভেতরে হামলা চালায়।

    তবে আফগানিস্তানের তালেবান সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। গত বছর কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ হয়।

    সেই সংঘর্ষে অনেক মানুষ নিহত হয়। এরপর গত অক্টোবর মাসে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে আবার সীমান্ত সংঘর্ষে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটে।

    ফেব্রুয়ারির পর কয়েক মাস পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। বুধবারের এই বিমান হামলার ফলে আবারও দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

  9. বিরোধী এমপিদের এলাকায় উন্নয়ন তদারকিতে নারী এমপিদের দায়িত্ব, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

    ছবির উৎস, PMO

    ছবির ক্যাপশান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকার দলীয় নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

    আজ বুধবার সংসদ অধিবেশনে ঢাকা-১৪ আসনের জামায়াতের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন তোলেন।

    তিনি বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সরকার দলীয় নারী এমপিদের বিরোধী দলের এমপিদের এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড তদারকি এবং জিও লেটার ইস্যুর দায়িত্ব দেওয়া হয়েছে।

    এই সংসদ সদস্যের প্রশ্ন, "এই তথ্য থেকে আমাদের মনে হচ্ছে, তাদেরকে এই কাজ কি এইজন্য দেওয়া হচ্ছে যাতে আমরা যারা বিরোধীদলীয় এমপি আছি, আমাদের এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের কোনো হাত থাকবে ননা?"

    এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, "আপনি বোধহয় জানেন, আমাদের বা আপনাদের দল থেকে যেসব নারী সদস্যকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে, সংবিধানে বা আইনে নির্দিষ্টভাবে তাদের কোনো আসন নেই।"

    সে কারণেই "খুব স্বাভাবিকভাবে আমাদের যে রাজনৈতিক বা সাংগঠনিক কাঠামো আছে, তার ভিত্তিতে আমরা দলীয় অবস্থান থেকে তাদের জন্য কিছু জায়গা নির্দিষ্ট করেছি যে তারা কোথায় কোথায় কাজ করবে।"

    এরপর প্রধানমন্ত্রী আরও বলেন, "একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার নির্বাচনি এলাকায় আপনার সম্পূর্ণ হক আছে যে আপনি আপনার এলাকার উন্নয়নের ব্যাপারে কীভাবে ভূমিকা রাখতে চান। কিন্তু যেহেতু এই সংসদ এই নারী নেতৃবৃন্দকে নির্বাচিত করেছে, সেহেতু খুব স্বাভাবিকভাবেই তাদেরও একইরকমভাবে হক আছে।"

    সেই চিন্তা থেকেই "সরকারের নিয়ম অনুযায়ী আমরা খুব স্বাভাবিকভাবে" এগোচ্ছি বলে জানান তিনি।

    তিনি বিরোধী দলের এমপিদের আশ্বস্ত করে বলেন, "আপনার এলাকার উন্নয়নে যদি আমার কোনো সহযোগিতা করা লাগে, আপনি জানাবেন, আমি সরাসরি সহযোগিতার চেষ্টা করবো।"

    উল্লেখ্য, জিও লেটার বা গভ. অর্ডার লেটার হলো কোনো জনপ্রতিনিধি (এমপি, মন্ত্রী বা অন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি) কর্তৃক সরকারি দপ্তরের কাছে দেওয়া একটি সুপারিশ বা অনুমোদনপত্র।

    সাধারণত কোনো এলাকায় উন্নয়ন প্রকল্প, রাস্তা-মেরামত, স্কুল-কলেজের অবকাঠামো, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বা অন্যান্য সরকারি সুবিধা বরাদ্দের ক্ষেত্রে সংশ্লিষ্ট জনপ্রতিনিধির জিও লেটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  10. তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভার সংসদ সদস্যের ইস্তফা

    সুস্মিতা দেব - ফাইল ছবি

    ছবির উৎস, Mohd Zakir/Hindustan Times via Getty Images

    ছবির ক্যাপশান, সুস্মিতা দেব - ফাইল ছবি

    লোকসভায় ২০ জন তৃণমূল কংগ্রেস সংসদ সদস্যের 'বিদ্রোহের' মধ্যেই রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন আরও এক তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য।

    রাজ্যসভার সংসদ সদস্যের পদ থেকে সুখেন্দু শেখর রায়ের ইস্তফার পরে বৃধবার পদত্যাগ করলেন সুস্মিতা দেব।

    সংসদের উচ্চকক্ষের পদ ছাড়ার পাশাপাশি সুখেন্দু শেখর রায়ের মতোই তিনিও দলের সদস্যপদ ছেড়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে।

    আসামের বরাক উপত্যকাতেই রাজনৈতিক জীবনের শুরু মিজ. দেবের। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দেন ২০২১ সালে। তার বাবা সন্তোষমোহন দেব ছিলেন আসামের বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার কংগ্রেস নেতা, কেন্দ্রীয় সরকারে মন্ত্রীও ছিলেন তিনি।

    মমতা ব্যানার্জী তাকে আসাম সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে তৃণমূল কংগ্রেসের সংগঠন বিস্তারের দায়িত্ব দেন।

    ২০২১ সালে রাজ্যসভার সংসদ সদস্য হন সুস্মিতা দেব। তারপর আবারও ২০২৪ সালে ফের তাকে রাজ্যসভায় পাঠান মমতা ব্যানার্জী। মেয়াদ শেষের আগেই তিনি নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষণনকে।

    সুস্মিতা দেবের ইস্তফাপত্র
    ছবির ক্যাপশান, সুস্মিতা দেবের ইস্তফাপত্র
  11. 'পুশইনের' বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

    জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

    ছবির উৎস, tv screen grab

    ছবির ক্যাপশান, ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

    সীমান্ত দিয়ে একের পর এক ভারত থেকে বাংলাদেশে 'পুশইন' বন্ধের দাবিতে দুই দিনের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

    আজ বুধবার ঢাকায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

    ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১২ই জুন দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় মানববন্ধন এবং ১৫ই জুন ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

    জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সংবাদ সম্মেলনে বলেন, পুশইন বন্ধে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

  12. বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

    নাসির হোসেন ও তামিমা সুলতানা

    ছবির উৎস, ScreenGrab

    ছবির ক্যাপশান, বুধবার আদালতে প্রবেশের সময় নাসির হোসেন ও তামিমা সুলতানা

    ব্যাভিচার ও মানহানির অভিযোগে মামলায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাকে খালাস দিয়েছেন আদালত।

    আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় দেন। সংশ্লিষ্ট আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

    রায় ঘোষণা উপলক্ষে নাসির ও তামিমা আজ আদালতে হাজির হন।

    মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছিল যে, তামিমা সুলতানা তার সাবেক স্বামী রাকিবের সাথে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই নাসির হোসেনকে বিয়ে করেছেন; যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ।

    ঐ অভিযোগে আরো উল্লেখ করা হয় যে, নাসির হোসেন তামিমা সুলতানাকে ‘প্রলুব্ধ’ করেছেন।

    রায়ের পর আদালতে উপস্থিত সাংবাদিকদের কাছে নাসির হোসেন ও তামিমা সুলতানার পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।

    বাদি রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান সাংবাদিকদের বলেন, এই রায়ে বাদিপক্ষ ‘সংক্ষুব্ধ’ ও তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

    চার বছর আগে ২০২১ সালে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেছিলেন রাকিব হাসান। মি. হাসান তামিমা সুলতানার সাবেক স্বামী।

    বাদির অভিযোগ ছিল, তামিমা সুলতানা তার সাথে বিবাহবিচ্ছেদ না করেই নাসির হোসেনকে বিয়ে করেছেন।

    মামলার আবেদনে বলা হয়েছিল রাকিব হাসান ও তামিমা সুলতানা ২০১১ সালের ২৬শে ফেব্রুয়ারি তিন লাখ এক টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

    পরবর্তীতে তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয় যার বয়স এখন আট বছর।

    ২০২১ সালের ১৪ই ফেব্রুয়ারি নাসির হোসেন ও পেশায় কেবিন ক্রু তামিমা সুলতানার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা বাদীর নজরে আসে বলে উল্লেখ করা হয় মামলার আবেদনে।

  13. মঙ্গলবার সারাদিন যা যা হলো

    • ইসলামী ব্যাংক নিয়ে জাতীয় সংসদে সরকার এবং বিরোধী দলের বক্তব্যে মঙ্গলবার বাংলাদেশের জাতীয় সংসদে উত্তেজনা ছড়িয়েছে।
    • স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে যেসব মানদণ্ড রয়েছে সেগুলো পূরণ করতে পারলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
    • ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা দেওয়ার একদিন পরই, লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ার খালি করার নির্দেশনা দেয় ইসরায়েল সামরিক বাহিনী। পরে শহরের উত্তর-পূর্বে অবস্থিত শহর আব্বাসিয়েতে হামলা চালানো হয়।
    • মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে জ্বালানি নিয়ে অস্থিরতার কারণে ২০২৫-২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
    • অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল ম্যাথডে অজিদেরকে ৮৬ রানে হারিয়েছে টাইগাররা।
    • তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, বিটিভির পাশাপাশি বেসরকারি টেলিভিশন টি স্পোর্টস এবং সময় টেলিভিশন বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করবে। এছাড়া গ্রামীণফোন, বাংলালিংক এবং রবির সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে।
    • কলকাতার কালীঘাট অঞ্চলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাড়ি সংলগ্ন তৃণমূল কংগ্রেসের দলীয় দফতরে মঙ্গলবার তল্লাশি চালায় রাজ্য পুলিশের সিআইডি-র তদন্তকারীদের একটি দল।
    • ফুটবল বিশ্বকাপে ইরানি সমর্থকদের উপস্থিতি বাধাগ্রস্ত করতে টিকিট নিয়ে অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইরান।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  14. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে