সোমবার সারাদিন যা যা ঘটেছে:
- বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনে যে দলই বিজয় লাভ করে সরকার গঠন করুক, ভারত সরকার তাদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
- হত্যা মামলায় অভিযুক্ত সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি অভিযোগ করেছেন যে, শারীরিকভাবে অসুস্থ হওয়ার পরও কারাগারে ঠিকমত চিকিৎসা পাচ্ছেন না। কারা কর্তৃপক্ষ তাকে তার আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে দিচ্ছেন না বলেও অভিযোগ তুলেছেন তিনি।
- ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ী গোষ্ঠীর নামে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ১২টি আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার ও ল-ফার্মের সঙ্গে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) চুক্তি করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
- সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
- শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার ওপর গবেষণা করে এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন গবেষক। তারা হলেন: মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি।
- এক মাসেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। মন্ত্রিসভা ঘোষণার মাত্র একদিনেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করলেন তিনি।
- গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য হামাসের প্রতিনিধিরা মিশরের শার্ম এল-শেখে পৌঁছেছে। ইসরায়েলের প্রতিনিধিদেরও সেখানে পৌঁছানোর কথা রয়েছে। দু'পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে গাজা যুদ্ধের অবসান হবে বলে আশাবাদ যুক্তরাষ্ট্রের।
- গাজায় ত্রাণ বহনকারী নৌবহর সুমুদ ফ্লোটিলা থেকে আটক সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ ১৭১ জনকে মুক্তি দিয়ে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। গ্রেটা থুনবার্গকে ফেরত পাঠানো হয়েছে গ্রিসে।
- নিরুত্তাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের (পুরুষ) সাবেক সভাপিত আমিনুল ইসলাম বুলবুল। বোর্ড সহ-সভাপতি'র দু'টি পদেও ভোট হয়নি। সেখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ এবং শাখাওয়াত হোসেন।
- ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো, আরও তিন জনের মৃত্যু। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৫ তে।
- বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত সেনা সদস্যদের দায়মুক্তির বিষয়ে দেওয়া সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের দেওয়া একটি বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।
বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো।
মঙ্গলবার নতুন খবর নিয়ে পুনরায় লাইভ পাতা চালু হবে। ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।










