জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত: আলী রীয়াজ

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। দুর্গাপূজায় প্রায় ৭৯৩টি মণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগানোর মাধ্যমে "ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা" দেশে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির "পাঁয়তারা" করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা ঘটেছে:

    • জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দল-ই একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
    • মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্ত শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • বাংলাদেশে এবছর দুর্গাপূজায় প্রায় ৭৯৩টি মণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগানো হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ঘটনার মাধ্যমে "ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা" দেশে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির "পাঁয়তারা" করেছিল বলে মন্তব্য করেছেন মি. চৌধুরী।
    • ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও কমপক্ষে ১০৪২ জন, চলতি বছর যা একদিনে সর্বোচ্চ বলে জানা যাচ্ছে।
    • জ্বর হলেই হাসপাতালে গিয়ে ডেঙ্গুর পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরীক্ষায় ডেঙ্গু জ্বর ধরা পড়লে দেরি না করে জরুরিভিত্তিতে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার অনুরোধ করা হয়েছে।
    • প্রবল বর্ষণে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে বড় ধরনের ভূমিধ্বসে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এর মধ্যে মিরিকে লোহার সেতু ভেঙে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুখিয়া সাতজন, বিজনবাড়িতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
    • বাংলাদেশ ও ভারতের বেশকিছু জেলায় ভারি বৃষ্টির ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামে বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
    • আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। নির্বাচনটিতে দেশটির "সব দল" অংশ নিবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
    • আগামীকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠানে স্থগিতাদেশ দেয়নি আদালত। ফলে সোমবার নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।
    • এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আববার।
    • কোরান অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেফতার ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
    • ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে চট্টগ্রামে থাকা ছয়টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে, তার মালিকানাধীন আরও আটটি কোম্পানির যন্ত্রাপাতি জব্দের আদেশও দেওয়া হয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো।

    সোমবার দিনের নতুন খবর নিয়ে পুনরায় লাইভপাতা চালু হবে। ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  2. আশা করি সব দল নির্বাচনে অংশ নিবে: জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস

    ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস

    আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। নির্বাচনটিতে দেশটির "সব দল" অংশ নিবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

    রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন গোয়েন লুইস।

    “আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে জাতিসংঘের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দেওয়া হবে। আশা করি সব দল এই নির্বাচন অংশ নিবে," বলেন তিনি।

  3. জ্বর হলেই ডেঙ্গুর পরীক্ষা করানোর পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের

    এবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৫০ হাজার ছুঁতে চলেছে
    ছবির ক্যাপশান, এবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৫০ হাজার ছুঁতে চলেছে

    জ্বর হলেই হাসপাতালে গিয়ে ডেঙ্গুর পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরীক্ষায় ডেঙ্গু জ্বর ধরা পড়লে দেরি না করে জরুরিভিত্তিতে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার অনুরোধ করা হয়েছে।

    রোববার ডেঙ্গুতে নয় জনের মৃত্যু হওয়ার পর এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মঈনুল আহসান।

    সেখানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া নয়জনের মধ্যে সাত জন হাসপাতালে ভর্তির দিনই মারা গেছেন।

    "মূলত হাসপাতালে আসতে দেরি হওয়ায় ডেঙ্গু রোগ জটিল আকার ধারণ করেছিল। এ কারণে তাদের চিকিৎসা দেওয়ার যথেষ্ট সুযোগ ছিল না"

    "দেরিতে হাসপাতালে বা চিকিৎসকের কাছে উপস্থিত হওয়ায় জটিল রোগীদের চিকিৎসা দেওয়া দুরূহ হয়ে পড়ছে। এমন অবস্থায সব জ্বরের রোগীকে জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করানোর অনুরোধ করা হচ্ছে," স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

  4. প্রবল বর্ষণে দার্জিলিংয়ে ভূমিধ্বস, ১৭ জন নিহত

    দার্জিলিংয়ে বড় ধরনের ভূমিধ্বস অন্তত ১৭ জন নিহত হয়েছে

    ছবির উৎস, NDRF INDIA

    ছবির ক্যাপশান, দার্জিলিংয়ে বড় ধরনের ভূমিধ্বস অন্তত ১৭ জন নিহত হয়েছে

    প্রবল বর্ষণে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে বড় ধরনের ভূমিধ্বসে অন্তত ১৭ জন নিহত হয়েছে।

    এর মধ্যে মিরিকে লোহার সেতু ভেঙে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুখিয়া সাতজন, বিজনবাড়িতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

    "এই দুর্যোগে প্রাণহানি, সম্পত্তির ক্ষতি ও অবকাঠামো ধ্বংস হয়েছে। আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি," সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।

    এদিকে, সোমবার আক্রান্ত এলাকা পরিদর্শনে যাওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগ পর্যন্ত কলকাতায় প্রশাসনিক সদর দপ্তর থেকে পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে জানিয়েছেন তিনি।

    "ভুটানে প্রবল বর্ষণের কারণে উত্তরবঙ্গের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এই বিপর্যয় দুর্ভাগ্যজনক। দুর্যোগ তো আমাদের কারও হাতে নেই। আমরা মর্মাহত।"

    "১২ ঘণ্টা ধরে টানা তুমুল বৃষ্টি হয়েছে। মোট সাতটি জায়গায় ধস নেমেছে। আমি পরিস্থিতির দিকে নজর রাখছি," বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  5. কুমিল্লায় বজ্রপাতে দুই বোন সহ তিনজনের মৃত্যু

    বজ্রপাতে বাংলাদেশ প্রতিবছর বহু মানুষ মারা যায়

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বজ্রপাতে বাংলাদেশ প্রতিবছর বহু মানুষ মারা যায়

    কুমিল্লায় বজ্রপাতে দুই বোন সহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার বিকালে হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    এতে জাকিয়া ও মমতাজ নামে দুই বোন নিহত হন। তারা তিতাস নদীর ভবানীপুর ঘাট থেকে ঝগড়ার চর যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

    এছাড়া বজ্রপাতে পাশের গ্রামের রাশেদ মিয়া নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে।

  6. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ছয়টি ফ্ল্যাট জব্দের আদেশ

    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী
    ছবির ক্যাপশান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে চট্টগ্রামে থাকা ছয়টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে, তার মালিকানাধীন আরও আটটি কোম্পানির যন্ত্রাপাতি জব্দের আদেশও দেওয়া হয়েছে।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ রোববার এই আদেশ দেন।

    আওয়ামী লীগ শাসনামলে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে।

    দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

    এরই প্রেক্ষিতে গত ২৮শে আগস্ট সাইফুজ্জামান চৌধুরীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির ১২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত।

    তার আগে, নয়ই জুলাই সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ২৬ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত।

  7. ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ

    কোরান অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেফতার ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

    শুনানি নিয়ে রোববার এই আদেশ দেন ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান।

    অভিযুক্ত মি. পালকে জামিনে মুক্তি দিলে তিনি পালিয়ে থাকতে পারেন বলে আবেদনে উল্লেখ করে পুলিশ। এজন্য জামিন নাকচ চেয়ে অপূর্ব পালকে কারাগার আটক রাখার প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

    এর আগে, গত শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে অপূর্ব পালের বিরুদ্ধে কোরান অবমাননার অভিযোগ তুলতে দেখা যায়। পরে মি. পালকে গ্রেফতারের দাবিতে মধ্যরাতে তার বাসার সামনে বিক্ষুব্ধরা জড়ো হতে থাকেন।

    খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মি. পালকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরের দিন পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে ভাটারা থানায় মামলা দায়ের করা হয়।

  8. জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত: আলী রীয়াজ

    জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ

    জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দল-ই একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

    রোববার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

    জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে এটি রাজনৈতিক দলগুলোর প্রথম পদক্ষেপ বলে উল্লেখ করে অন্যান্য বিষয়গুলোতেও দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক রীয়াজ।

    "রাজনৈতিক দলগুলোর এই প্রচেষ্টার মাধ্যমে কমিশন খুব শীঘ্রই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে সরকারের কাছে দিতে পারবে," বলেন অধ্যাপক রীয়াজ।

  9. অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ হবে এনটিআরসিএ'র মাধ্যমে: শিক্ষা উপদেষ্টা

    শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আববার

    ছবির উৎস, www.rmmru.org

    ছবির ক্যাপশান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আববার

    এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আববার।

    এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

    রোববার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান শিক্ষা উপদেষ্টা।

    এনটিআরসিএ'র অধীন পরীক্ষা ও সুপারিশের ভিত্তিতে বর্তমানে সহকারী শিক্ষক নিয়োগ হয়। তবে অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক এবং কর্মচারী পদে এতদিন পরিচালনা কমিটির মাধ্যমে নিয়োগ হয়ে আসছিল।

    এসব পদে নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ আছে। সম্প্রতি বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে এত দিন ধরে চলা নিয়মও পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়মে এ নিয়োগে পরিচালনা পর্ষদের সেই ক্ষমতা থাকছে না।

    জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে গঠিত একটি কমিটির মাধ্যমে এসব পদে নিয়োগে পরীক্ষা, মূল্যায়ন ও নিয়োগের জন্য সুপারিশ করা হবে বলে জানানো হয়েছে।

  10. ভারি বৃষ্টিতে উত্তরের চার জেলায় বন্যার পূর্বাভাস

    গত বছরের বন্যার ছবি

    ছবির উৎস, MASHUK HRIDOY

    ছবির ক্যাপশান, গত বছরের বন্যার ছবি

    বাংলাদেশ ও ভারতের বেশকিছু জেলায় ভারি বৃষ্টির ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামে বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের রংপুর বিভাগ এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে।

    এর মধ্যে পঞ্চগড়ে ১১৮ মিলিমিটার, নীলফামারীর ডালিয়ায় ৮৫ এবং কুড়িগ্রামের পাটেশ্বরীতে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

    অন্যদিকে, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ২৬১ মিলিমিটার, কোচবিহারে ১৯০ মিলিমিটার, জলপাইগুড়িতে ১৭২ মিলিমিটার, শিলিগুড়িতে ১৩৪ মিলিমিটার, অরুণাচল প্রদেশের পাসিঘাটে ৮৯ মিলিমিটার এবং সিকিমের গ্যাংটকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

    এর ফলে রোববার বিকাল তিনটা থেকে পরবর্তী ১২ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

  11. ডেঙ্গুতে একদিনে নয় জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি মানুষ

    চলতি বছর ডেঙ্গুতে ২১২ জনের প্রাণ গেলো

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, চলতি বছর ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ২১২ জনের মৃত্যু হয়েছে

    ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও কমপক্ষে ১০৪২ জন, চলতি বছর যা একদিনে সর্বোচ্চ বলে জানা যাচ্ছে।

    এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাতেই ডেঙ্গুতে সাতজন মারা গেছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন একজন এবং চট্টগ্রাম বিভাগে একজন প্রাণ হারিয়েছেন।

    এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২১২ জনের প্রাণ গেলো। অন্যদিকে, আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৫০ হাজার ছুঁতে চলেছে।

  12. আগামীকাল বিসিবির নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই

    আদালত

    ছবির উৎস, BSS

    আগামীকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠানে স্থগিতাদেশ দেয়নি আদালত। ফলে সোমবার নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।

    রোববার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম 'বাংলাদেশ সংবাদ সংস্থা'র (বাসস) খবরে এ কথা বলা হয়েছে।

    খবরে বলা হয়েছে, বিসিবি নির্বাচনে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলামের গত ১৮ই সেপ্টেম্বরের চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা বহাল থাকবে বলে রোববার আদেশ দিয়েছেন আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত।

    "হাইকোর্টের আদেশে স্থগিতা করে দেয়া আদেশটি চলমান থাকবে বলে আদেশ দিয়েছেন চেম্বার আদালত। ফলে ১৮ সেপ্টেম্বর দেওয়া চিঠি বহাল থাকল। আগামীকাল বিসিবির নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনগত বাধা নেই," সাংবাদিকদের বলেন বিসিবি'র আইনজীবী মাহিন এম রহমান।

  13. ঐকমত্য না হলে জুলাই সনদ বাস্তবায়নে একাধিক প্রক্রিয়া নিয়ে প্রস্তাব দেবে কমিশন: আলী রীয়াজ

    অধ্যাপক আলী রীয়াজ

    ছবির উৎস, Channel i

    ছবির ক্যাপশান, অধ্যাপক আলী রীয়াজ

    রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে একাধিক প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে জাতীয় ঐকমত্য কমিশন।

    রোববার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দিনের আলোচনার শুরুতে এসব কথা বলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

    ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐকমত্য হয়নি দলগুলোর।

    রোববার দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শেষ করার কথা রয়েছে। তবে শেষ করতে না পারলে আর এক দিন আলোচনা হতে পারে।

    আগামী ১৫ই অক্টোবরের মধ্যে দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে জুলাই সনদকে পূর্ণাঙ্গ রূপ দিতে চায় ঐকমত্য কমিশন।

    "নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক ব্যস্ততা আছে। নির্বাচনি প্রস্তুতি আছে। আপনারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, সেগুলো যেন বাধাবিঘ্ন না হয়, সেটা আমরা করতে চাই। তা ছাড়া মেয়াদের দিক থেকে ১৫ অক্টোবরই মেয়াদ শেষ হবে। তারও আগে আমরা এটা শেষ করতে চাই," বলেন অধ্যাপক আলী রীয়াজ।

  14. মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

    ICT

    মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্ত শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    শিগগিরই তদন্ত কাজটি শুরু হতে যাচ্ছে রোববার সাংবাদিকদের জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

    জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামের একটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে বলেও জানান তিনি।

    “আমাদের কাছে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে ক্রাইম এগেইনেস্ট হিউম্যানিটির (মানবতাবিরোধী অপরাধের) অভিযোগে এনডিএম (জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন) নামের একটি রাজনৈতিক দল আগেই একটি অভিযোগ দাখিল করেছে। আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট (শুরু) করছি। সুতরাং বলা যেতে পারে যে, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি,” সাংবাদিকদের বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মি. ইসলাম।

    তিনি আরও বলেন, “সেটা যদি পুরোদমে শুরু হয়, তখন আমরা বলতে পারবো আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কত দূর গড়াচ্ছে।”

    উল্লেখ্য যে, সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেছিলেন যে, আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিগগিরই উঠছে না।

  15. ফ্যাসিস্টরা অসুরের মুখে দাঁড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা
    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী (পুরনো ছবি)

    বাংলাদেশে এবছর দুর্গাপূজায় প্রায় ৭৯৩টি মণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগানো হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ঘটনার মাধ্যমে "ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা" দেশে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির "পাঁয়তারা" করেছিল বলে মন্তব্য করেছেন মি. চৌধুরী।

    "এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীর ইন্ধন ছিল," রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মি. চৌধুরী।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির ওই "চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছে" বলেও মন্তব্য করেছেন তিনি।

    ভারতের পশ্চিমবঙ্গে একটি পূজামণ্ডপে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মুখের আদলে অসুরের মুখ তৈরির ঘটনার প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয় উপস্থাপনের সংবাদ পাওয়া গেছে, তার সঙ্গে অসুরের মুখে দাড়ি বসিয়ে দেওয়ার কাজটি যোগসূত্রতা দেখা যাচ্ছে।"

    বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে সরকার। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    একইভাবে পার্বত্য চট্টগ্রামকেও অশান্ত করার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেন মি. চৌধুরী।

    "যে ধর্ষণের ঘটনাটি এত তুলকালাম কাণ্ড হয়েছে মেডিকেল রিপোর্টে তার কোনো আলামতই পাওয়া যায়নি," সাংবাদিকদের বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    "ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গোৎসবে মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদদ রয়েছে যা ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে," যোগ করেন তিনি।

  16. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন-

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে