ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বা সি আর আবরার অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে কাল শপথ নেবেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, বুধবার বেলা এগারটায় শপথ নেয়ার পর মি. আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন।
বর্তমানে এ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।
“প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলছিলেন যে উনি একসঙ্গে দুটি মন্ত্রণালয়ে কাজ করতে পারছেন না। যেহেতু উনি অ্যাডভান্সড স্টেজে, প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব ওনার। এজন্য অধ্যাপক সি আর আবরার যুক্ত হচ্ছে উপদেষ্টা পরিষদে,” বলছিলেন মি.আলম।
দীর্ঘদিন ধরে মানবাধিকার, শ্রমিক অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ হিসেবে কাজ করে আসছিলেন ১৯৫২ সালের অগাস্টে ফরিদপুরে জন্ম নেয়া মি. আবরার।
ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে তিনি যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় যথাক্রমে মাস্টার্স ও পিএইচডি করেছেন। পরে ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।
বাংলাদেশে শরণার্থী ও অভিবাসন বিষয়ক সুপরিচিত প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) নির্বাহী পরিচালক তিনি। অনেক দিন ধরেই রোহিঙ্গা শরণার্থীদের নিয়েও কাজ করে আসছিলেন তিনি।
সি আর আবরার আবরার উর্দু ভাষাভাষী তরুণদের বাংলাদেশের নাগরিকত্ব প্রতিষ্ঠার জন্য ক্যাম্প সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
একই সঙ্গে মানবাধিকার সংগঠন অধিকার -এর সভাপতির দায়িত্ব পালন করছেন মি. আবরার। তিনি অভিবাসন ও অধিকার বিষয়ে লেখালেখি করেন।
বুধবার উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে তার শপথ গ্রহণ সম্পন্ন হলে উপদেষ্টা পরিষদের সদস্য হবে মোট ২২ জন। গত বছর আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আটই অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করেছিল। তখন ১৬ জন উপদেষ্টার নাম ঘোষণা করা হয়েছিলো।
তাদের মধ্যে আছেন-ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ফারুকী আযম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, ফরিদা আখতার, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পরে ওই বছরের ১৬ই অগাস্ট ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ফাওজুল কবির খান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন।
এরপর নভেম্বরে শপথ নেন আরও তিন জন- শেখ বশির উদ্দিন, মোস্তফা সরোয়ার ফারুকী এবং মাহফুজ আলম। এর মধ্যে উপদেষ্টা হাসান আরিফ মৃত্যুবরণ করেছেন আর নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়েছেন।