নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার, বাণিজ্য যুদ্ধের শঙ্কায় বিশ্বজুড়ে শেয়ার বাজারের পতন

ইউক্রেনে সামরিক সহায়তা দেয়া স্থগিত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দু'পক্ষ আপস করায় মোহাম্মদপুরের ঘটনায় ব্যবস্থা নেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন একজন উপদেষ্টা। সতেশোর বেশি অভিযোগ জমা পড়েছে গুম কমিশনে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর চীন ও কানাডার পাল্টা শুল্ক আরোপের ঘোষণা।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার যা যা হলো:

    • চীন,কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক কার্যকরের পর বিশ্বজুড়ে শেয়ার বাজারগুলোতে ব্যাপক দরপতন ঘটেছে। ট্রাম্প, কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এরপর চীন ও কানাডাও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
    • শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনের সময় আহত ও নিহত পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোটা সংরক্ষণ রাখার সিদ্ধান্তে পরিবর্তন এনেছে সরকার। সরকারের একজন উপদেষ্টা বলেছেন, এককালীন সুবিধা হিসেবে নিহত ও পরিবারের সদস্যরা স্কুলে ভর্তির ক্ষেত্রে এই সুবিধা পাবে।
    • বিশেষ জাতের গরু ছাগলের জন্য আলোচনায় উঠে আসা প্রতিষ্ঠান সাদিক এগ্রোর মালিক মোঃ ইমরান হোসেনের বিরুদ্ধে অর্থ পাচার সম্পর্কিত অপরাধের মাধ্যমে ১৩৩ কোটি টাকারও বেশি অর্জনের অভিযোগ এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। তিনি দেশিয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় গরু বা ছাগল বলে প্রচার করে উচ্চমূল্যে কোরবানির পশুর হাটে বিক্রয় করে অবৈধভাবে ১২১ কোটি টাকা আয় করেছেন বলে দাবি করেছে সংস্থাটি।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বা সি আর আবরার অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে কাল শপথ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মি. আবরার শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) নির্বাহী পরিচালক।
    • শনিবার লালমাটিয়ায় চায়ের দোকানে দুই তরুণীকে হেনস্থার ঘটনায় উভয় পক্ষ পুলিশের সামনে আপস নামায় স্বাক্ষর করায় আর কোন পদক্ষেপ নেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে তিনি বলেছেন কেউ মব জাস্টিসের মুখোমুখি হলে সরকার তার পক্ষে দাঁড়াবে।
    • ইউক্রেনে সামরিক সহায়তা দেয়া স্থগিত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ইউক্রেনে নেই যুক্তরাষ্ট্রের এমন সব সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়টিও স্থগিতের আওতায় পড়বে।
    • গুম সংক্রান্ত কমিশনে এ পর্যন্ত এক হাজার ৭৫২টি অভিযোগ জমা পড়েছে এবং সেগুলোর মধ্য থেকে এক হাজার অভিযোগের যাচাই-বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কমিশন সভাপতি মইনুল ইসলাম চৌধুরী।
    • চলতি বছর ডিসেম্বরে বাংলাদেশের জাতীয় নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একইসাথে করা যেতে পারে বলে মন্তব্য করেছেন সদ্য আত্মপ্রকাশ হওয়া জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম।
  2. বাণিজ্য যুদ্ধের শঙ্কায় বিশ্বজুড়ে শেয়ার বাজারের পতন

    বিশ্বজুড়ে শেয়ার বাজারের দরপতন ঘটেছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বিশ্বজুড়ে শেয়ার বাজারের দরপতন ঘটেছে

    চীন,কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক কার্যকরের পর বিশ্বজুড়ে শেয়ার বাজারগুলোতে ব্যাপক দরপতন ঘটেছে।

    ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

    জবাবে কানাডা ও চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।

    অন্যদিকে মেক্সিকো একই ধরনের পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

    এর জের ধরে যুক্তরাষ্ট্রে শীর্ষ তিন স্টক মার্কেটের সূচকের পতন হয়েছে।

    এশিয়া জুড়ে শেয়ার বাজারগুলোতেও একই ধারা দেখা গেছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের গৃহস্থালি ব্যয় বেড়ে যাবে এবং যুক্তরাজ্যসহ সারাবিশ্বেই ক্রেতাদের ওপর এর প্রভাব পড়বে।

    আগামী কয়েকদিনের মধ্যেই স্ট্রবেরি, অ্যাভোকাডো ও কলাসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

    ফোর্ডের প্রধান নির্বাহী জিম ফারলে ইন্ডাস্ট্রির ওপর বিলিয়ন বিলিয়ন ডলারের চাপ, চাকরি হারানোসহ বিভিন্ন ধরনের প্রভাব কমিউনিটির ওপর পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

  3. স্কুলে ভর্তির ক্ষেত্রে এককালীন সুবিধা দেয়া হবে, এটি কোটার সাথে তুলনীয় নয়: উপদেষ্টা

    শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনের সময় আহত ও নিহত পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোটা সংরক্ষণ রাখার সিদ্ধান্তে পরিবর্তন এনেছে সরকার।

    আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, একটা এককালীন সুবিধা দেয়ার কথা বলা হয়েছে যারা জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের স্কুলে ভর্তির ক্ষেত্রে।

    “১২ হাজার ৫শ মানুষের জন্য এটা এককালীন সুবিধা হিসেবে থাকবে শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে। এটা ক্ষতিগ্রস্ত পরিবারকে যে এককালীন সহায়তা দেয়া হয়েছে তারই অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে, এটা কোনো ভাবেই কোটার সাথে তুলনীয় নয়,” বলেছেন তিনি।

    এদিকে সরকারের আদেশে বলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধাতালিকা থেকে এই আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না। আগের নীতিমালায় ভর্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য ৫ শতাংশ কোটা ছিল।

    কিন্তু ২০শে ফেব্রুয়ারি এক আদেশের মাধ্যমে এই ৫ শতাংশের মধ্যে ‘জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের’ সদস্যদেরও যুক্ত করার কথা বলা হয়েছিল।

    তখন মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছিলো, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

    কিন্তু পরে এ নিয়ে বিতর্ক দেখা দেয়ার পর সরকার তার সিদ্ধান্তে পরিবর্তন আনলো।

    বাংলাদেশে গত বছরের জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহত হন অনেকেই

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশে গত বছরের জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহত হন অনেকেই
  4. দেশি গরু ছাগলকে বিদেশি ও বংশীয় বলে প্রচার করেছে সাদিক এগ্রো, সিআইডির দাবি

    বিশেষ জাতের গরু ছাগলের জন্য আলোচনায় উঠে আসা প্রতিষ্ঠান সাদিক এগ্রোর মালিক মোঃ ইমরান হোসেনের বিরুদ্ধে অর্থ পাচার সম্পর্কিত অপরাধের মাধ্যমে ১৩৩ কোটি টাকারও বেশি অর্জনের অভিযোগ এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি।

    সংস্থাটির অর্গানাইজড ক্রাইম টিমের অতিরিক্ত উপমহাপরিদর্শক একরামুল হাবিব মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সংঘবদ্ধ অপরাধ চক্রের সহযোগিতায় চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এ অর্থ অর্জন করেছে ইমরান হোসেন।

    মানি লন্ডারিং মামলায় সোমবার ঢাকার মালিবাগ থেকে মি. হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিলো। আজ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।

    সিআইডি জানিয়েছে, সাদিক এগ্রো লিমিটেড সংঘবদ্ধ অপরাধ চক্রের মাধ্যমে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানি ও সরকারি বিধি লঙ্ঘন করে অবৈধভাবে বিদেশে প্রায় ৮৬ লাখ টাকা পাচার করেছেন।

    “তিনি প্রতারণার মাধ্যমে দেশিয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় গরু বা ছাগল বলে প্রচার করে উচ্চমূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রয় করে অবৈধভাবে আয় করে ১২১ কোটি টাকার বেশি বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেছেন,” সিআইডি দাবি করেছে।

    সংস্থাটি বলছে প্রতারণার আশ্রয় নিয়ে কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা দিয়ে থাইল্যান্ড ও মায়ানমার হতে চোরাচালানের মাধ্যমে গরু ও মহিষ বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রয়, ভুটান ও নেপাল হতে চোরাচালানের মাধ্যমে ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে বিক্রয়ের অভিযোগ রয়েছে ইমরান হোসেনের বিরুদ্ধে।

    সিআইডির সংবাদ সম্মেলন

    ছবির উৎস, CID

    ছবির ক্যাপশান, সিআইডির সংবাদ সম্মেলন
  5. সামরিক সহায়তা বন্ধ করলেও ইউক্রেন যুক্তরাষ্ট্রকে সহযোগিতায় দৃঢ়প্রতিজ্ঞ, ইউক্রেনের প্রধানমন্ত্রী

    ইউক্রেনের প্রধানমন্ত্রী

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইউক্রেনের প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা স্থগিত করলেও ইউক্রেনের প্রধানমন্ত্রী বলেছেন, তার দেশ ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

    ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মিহাল বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তিতে স্বাক্ষর করতে ইউক্রেন প্রস্তুত। এই চুক্তি যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের বিরল খনিজ ভাণ্ডারে প্রবেশাধিকার দেবে।

    তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা গুরুত্বপূর্ণ এবং আমেরিকান সহায়তা হাজার হাজার ইউক্রেনীয়র জীবন বাঁচিয়েছে। তার মতে একটি শান্তি চুক্তিতে পৌঁছানো দরকার।

    “তবে সেখানে অবশ্যই ইউক্রেনকে ভিকটিম হিসেবে বিবেচনা করতে হবে এবং রাশিয়ার শাস্তি নিশ্চিত করা প্রয়োজন’'।

    তিন বছর ধরে অব্যাহত সমর্থনের জন্য তিনি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।

    ওদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন বলেছেন ইউরোপ এখন পুনরস্ত্রীকরণের যুগে এবং প্রতিরক্ষা জোরদারে প্রস্তুত।

    এদিকে রাশিয়া ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করায় ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন। দেশটি বলেছে এটি সত্যিকার অর্থেই কিয়েভের সরকারকে শান্তি প্রক্রিয়ায় আসতে বাধ্য করবে।

    যুক্তরাষ্ট্র এককভাবে ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক সরবরাহকারী। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সোমবার রাতে ফোনে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন।

  6. নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার, কাল শপথ

    অধ্যাপক সি আর আবরার

    ছবির উৎস, www.rmmru.org

    ছবির ক্যাপশান, অধ্যাপক সি আর আবরার

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বা সি আর আবরার অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে কাল শপথ নেবেন।

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, বুধবার বেলা এগারটায় শপথ নেয়ার পর মি. আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। বর্তমানে এ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।

    “প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলছিলেন যে উনি একসঙ্গে দুটি মন্ত্রণালয়ে কাজ করতে পারছেন না। যেহেতু উনি অ্যাডভান্সড স্টেজে, প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব ওনার। এজন্য অধ্যাপক সি আর আবরার যুক্ত হচ্ছে উপদেষ্টা পরিষদে,” বলছিলেন মি.আলম।

    দীর্ঘদিন ধরে মানবাধিকার, শ্রমিক অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ হিসেবে কাজ করে আসছিলেন ১৯৫২ সালের অগাস্টে ফরিদপুরে জন্ম নেয়া মি. আবরার। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে তিনি যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় যথাক্রমে মাস্টার্স ও পিএইচডি করেছেন। পরে ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।

    বাংলাদেশে শরণার্থী ও অভিবাসন বিষয়ক সুপরিচিত প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) নির্বাহী পরিচালক তিনি। অনেক দিন ধরেই রোহিঙ্গা শরণার্থীদের নিয়েও কাজ করে আসছিলেন তিনি। সি আর আবরার আবরার উর্দু ভাষাভাষী তরুণদের বাংলাদেশের নাগরিকত্ব প্রতিষ্ঠার জন্য ক্যাম্প সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

    একই সঙ্গে মানবাধিকার সংগঠন অধিকার -এর সভাপতির দায়িত্ব পালন করছেন মি. আবরার। তিনি অভিবাসন ও অধিকার বিষয়ে লেখালেখি করেন।

    গত বছর অগাস্টে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে
    ছবির ক্যাপশান, গত বছর অগাস্টে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে

    বুধবার উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে তার শপথ গ্রহণ সম্পন্ন হলে উপদেষ্টা পরিষদের সদস্য হবে মোট ২২ জন। গত বছর আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আটই অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করেছিল। তখন ১৬ জন উপদেষ্টার নাম ঘোষণা করা হয়েছিলো।

    তাদের মধ্যে আছেন-ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ফারুকী আযম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, ফরিদা আখতার, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    পরে ওই বছরের ১৬ই অগাস্ট ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ফাওজুল কবির খান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন।

    এরপর নভেম্বরে শপথ নেন আরও তিন জন- শেখ বশির উদ্দিন, মোস্তফা সরোয়ার ফারুকী এবং মাহফুজ আলম। এর মধ্যে উপদেষ্টা হাসান আরিফ মৃত্যুবরণ করেছেন আর নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়েছেন।

  7. দু'পক্ষ আপস করায় মোহাম্মদপুরের ঘটনায় ব্যবস্থা নেয়া যাচ্ছে না, ব্রিফিংয়ে উপদেষ্টা

    উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা।

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা।

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন মোহাম্মদপুরে উভয় পক্ষ পুলিশের সামনে আপস নামায় স্বাক্ষর করায় সেটাকে চূড়ান্ত বলে বিবেচনা করতে হচ্ছে।

    "যেহেতু এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থায় ফেরত আসেনি সেহেতু কোনো কোনো জায়গায় এমন মব জাস্টিস ও মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকার বারবার অবস্থান স্পষ্ট করেছে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের অবস্থান এদেশে নেই,"উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে বলছিলেন তিনি।

    তিনি বলেন, “কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা বা এ জাতীয় আচরণ সরকার সমর্থন করে না। এটা আগেও স্পষ্ট করেছি। আবারও ওই ঘটনার প্রেক্ষিতে আবারও আমাদের বার্তা সবার কাছে পৌঁছে দিচ্ছি"।

    শনিবার লালমাটিয়ায় চায়ের দোকানে দুই তরুণীকে হেনস্থার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তরুণীদের উদ্ধার করে মোহাম্মদপুর থানায় নেয়ার পর দু'পক্ষই আপস করেছে বলে পুলিশ দাবি করেছিলো। পরে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এক মন্তব্যের জের ধরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

    সোমবার এ ঘটনার প্রতিবাদে ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেছে একদল বিক্ষোভকারী।

    সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মব জাস্টিস বা মোরাল পুলিশিং- এগুলোর কোনো স্থান বাংলাদেশে নেই। এগুলো ঘটছে কিন্তু যখনি ঘটছে সরকার ব্যবস্থা নিচ্ছে। মোহাম্মদপুরের ঘটনায় যেহেতু উভয়পক্ষ আপস নামায় স্বাক্ষর করেছে সেহেতু আর পদক্ষেপ নেয়া যাচ্ছে না”।

    কিন্তু ফৌজদারি অপরাধের ক্ষেত্রে এ ধরনের আপস মীমাংসা কতটা আইনসিদ্ধ এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা নির্ভর করবে অপরাধের মাত্রার ওপর। এখানে যেহেতু দু'পক্ষই বলেছে যে তারা এটাকে ফৌজদারি মনে করছেনা এবং কথা কাটাকাটির এক পর্যায়ে ঘটেছে। তারা উভয় পক্ষ নিজেদের মধ্যে মীমাংসা করে নিয়েছে। সে কারণে কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছে না”।

    উপদেষ্টা বলেন, দলীয় সরকারের সময়েও মব জাস্টিস ও মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটেছে এবং এখনো ঘটছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন পূর্ণোদ্দমে কাজ করবে তখন এর মাত্রা কমে যাবে।

    “কেউ মব জাস্টিসের মুখোমুখি হলে সরকার তার পক্ষে দাঁড়াবে। কক্সবাজারে একজন পুলিশ সদস্যকেও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে । পুরো আইনশৃঙ্খলার উত্তরণের সাথে সাথে এগুলো কমে আসবে। আইনশৃঙ্খলার কাঙ্ক্ষিত মাত্রায় উন্নতির জন্য সময় লেগে যাচ্ছে,” বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এক প্রেস ব্রিফিং

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এক প্রেস ব্রিফিং
  8. যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন ও কানাডার পাল্টা শুল্ক আরোপের ঘোষণা

    যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা ও চীন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা ও চীন

    চীন ও কানাডা যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যের শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছিলেন তা আজ থেকে কার্যকর হওয়ার প্রেক্ষাপটে এ ঘোষণা দিলো চীন ও কানাডা।

    মি. ট্রাম্পের ঘোষণা অনুযায়ী কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রের সময় আজ মধ্যরাত থেকেই কার্যকর হওয়ার কথা।

    এছাড়া চীনের বিরুদ্ধে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন তিনি। পাল্টা পদক্ষেপ হিসেবে চীন যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের ওপর ১০-১৫শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। দেশটি বলেছে যুক্তরাষ্ট্র যদি বাণিজ্য অ্যাকশন অব্যাহত রাখে তাহলে দেশটি চূড়ান্ত পরিণতি পর্যন্ত লড়াই করবে।

    “যুক্তরাষ্ট্র যদি একটি শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্য যে কোন যুদ্ধ অব্যাহত রাখার চেষ্টা করে তাহলে চীনের দিক থেকেও চূড়ান্ত পরিণতি পর্যন্ত লড়াই করা হবে,” চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান নিয়মিত এক সংবাদ সম্মেলনে আজ বলেছেন।

    ওদিকে কানাডা আমেরিকার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় সরবরাহকারী। দেশটির গত বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এ ধরনের যত তেল আমদানি করেছে তার ৬১ শতাংশ কানাডা থেকে এসেছে।

    কানাডা জানিয়েছে পাল্টা পদক্ষেপ হিসেবে তারাও ১০৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ হারেই শুল্ক আরোপ করতে যাচ্ছে। এর মধ্যে সাড়ে তিন বিলিয়ন কানাডিয়ান ডলারের কসমেটিকস ও বডি কেয়ার ছাড়াও ৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের গৃহস্থালি সামগ্রী ছাড়াও জুস, বাদাম, ওয়াইন, বিয়ার ও কফির মতো পণ্যও আছে।

    মেক্সিকোর দিক থেকেও একই ধরনের ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।

  9. পতেঙ্গায় মব তৈরি করে পুলিশকে মারধরের ঘটনায় জড়িত সবাই আটক

    গত ২৮শে ফেব্রুয়ারি মব তৈরি করে চট্টগ্রামের পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে মারধরের ঘটনায় জড়িত সবাইকে আটক করেছে পুলিশ।

    আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    ঘটনার দিন-ই মব সৃষ্টিকারী দু'জনকে পুলিশের হাতে সোপর্দ করে সাধারণ মানুষ। এরপর গত পহেলা মার্চ রাতভর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আরও ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    সবমিলিয়ে এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হলো বলে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

    গ্রেফতারকৃতরা পতেঙ্গা সমুদ্র সৈকতে ভয় দেখিয়ে ইউসুফ আলীকে হেনস্তাসহ মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নিয়েছিলো। এছাড়াও, তারা মাদক সেবন ও ছিনতাইয়ে জড়িত।

    উল্লেখ্য, পুলিশকে হেনস্থার ঘটনায় পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে।

  10. কানাডা, মেক্সিকো ও চীনের পণ্য আমদানিতে আজ থেকে শুল্ক আরোপ করছে ট্রাম্প

    কানাডা, মেক্সিকো ও চীনের পণ্য আমদানিতে আজ থেকে শুল্ক আরোপ করছে ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর আজ মঙ্গলবার থেকে ২৫ শতাংশ শুল্ক কার্যকর করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সেইসাথে, চীন থেকে যে সব পণ্য আনা হবে, সেগুলোর আমদানিতে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রতিবেশী দেশ মেক্সিকো ও কানাডা’র সময় শেষ হয়ে গেছে।

    “মেক্সিকো বা কানাডার জন্য আর কোনও সুযোগ নাই। শুল্কের বিষয়টি সম্পূর্ণভাবে ঠিক করাই আছে। আগামীকাল থেকে এটি কার্যকর হবে,” সোমবার হোয়াইট হাউজে এ কথা বলেন তিনি।

    "সত্যি বলতে, তাদের যা করতে হবে তা হলো— গাড়ির কারখানা ও অন্যান্য জিনিস যুক্তরাষ্ট্রে নির্মাণ করা। সেক্ষেত্রে তাদের কোনও শুল্ক দিতে হবে না," তিনি যোগ করেন।

    মি. ট্রাম্পের ওই বক্তব্যেরে কারণে উত্তর আমেরিকায় একটি বাণিজ্য যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

    কারণ চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিবে।

    এদিকে, এই ঘটনায় সোমবার কানাডাও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক কার্যকর হলে তারা ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলারের সমপরিমাণ মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করবে।

    তবে এ বিষয়ে মেক্সিকো এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি।

  11. ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

    কয়েকদিন আগে হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, কয়েকদিন আগে হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে

    ইউক্রেনে সামরিক সহায়তা দেয়া স্থগিত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

    বর্তমানে ইউক্রেনে নেই যুক্তরাষ্ট্রের এমন সব সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়টিও স্থগিতের আওতায় পড়বে।

    এ তালিকার মধ্যে পোল্যান্ডের ডিপোগুলোতে মজুদ থাকা এবং পরিবহনরত অস্ত্রও অন্তর্ভুক্ত আছে।

    হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বিবিসির যুক্তরাষ্ট্রের অংশীদার সিবিএস নিউজকে বলেছেন, "প্রেসিডেন্ট স্পষ্টভাবেই বলেছেন শান্তি প্রতিষ্ঠাই তার মূল লক্ষ্য। আমাদের অংশীদারদেরও এই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকা প্রয়োজন। আমরা আমাদের সাহায্য স্থগিত করছি এবং পর্যালোচনা করছি যাতে আমাদের ভূমিকা সমাধানে অবদান রাখে সে বিষয়টি নিশ্চিত করা যায়।"

    এ নিয়ে বিস্তারিত প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন:

  12. বন্দর থেকে তিন দিনের মাঝে পণ্য না নিলে জরিমানা গুণতে হবে: সাখাওয়াত হোসেন

    ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন
    ছবির ক্যাপশান, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন

    বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিনগুণ জরিমানা গুণতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন।

    আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, “ফ্রি হলো তিন দিন। চতুর্থ দিন যদি না নেয়, তাহলে প্রতিদিন ৪৮ ডলার করে দিতে হবে।”

    এই বিষয়টি নৌ মন্ত্রণালয় শুরু থেকেই কঠোরভাবে দেখছে উল্লেখ করে তিনি আরও বলেন, “দেশে পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আসছে। এই কারণে এখন পর্যন্ত আকাশচুম্বী কোনও দাম হয় নাই। কিছু কিছুর দাম…যেমন— বেগুন, শশা, লেবু…এটা প্রতিবছরই এরকম করে।”

    “এখন যেহেতু সিজন শেষ… তারপরও ভোক্তা অধিকার ও অন্যান্য সংস্থাগুলো লেগে আছে। শাকসবজির দাম বাড়েনি। আমি নিজে কচুক্ষেতে গিয়ে বাজার করি,” যোগ করেন তিনি।

    পত্রিকায় ভোজ্য তেলের সংকট ও দাম নিয়ে লেখালেখি হচ্ছে, বিষয়টির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “ভোজ্য তেল…কিছু কিছু লুকিয়েছে। এটা সরকার সরকার দেখছে…সাপ্লাইতে কোনও ঘাটতি নাই।”

  13. ১,৭৫২টি অভিযোগ জমা পড়েছে গুম কমিশনে

    গুম সংক্রান্ত কমিশনে এ পর্যন্ত এক হাজার ৭৫২টি অভিযোগ জমা পড়েছে এবং সেগুলোর মধ্য থেকে এক হাজার অভিযোগের যাচাই-বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কমিশন সভাপতি মইনুল ইসলাম চৌধুরী।

    আজ মঙ্গলবার দুপুরে কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত দুই-আড়াই বছরে আটক এক হাজার ৬৭ জনের নাম-ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে বলেও জানান কমিশন সভাপতি।

    তিনি আরও জানান, গুমের শিকার ৩৩০ জনের অবস্থান জানার জন্য অনুসন্ধান চলছে। তাদের বেঁচে থাকার সম্ভাবনা “ক্ষীণ” উল্লেখ করে তিনি বলেন, “কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে।”

  14. গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একইসাথে করা যেতে পারে: নাহিদ ইসলাম

    নাহিদ ইসলাম

    চলতি বছর ডিসেম্বরে বাংলাদেশের জাতীয় নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একইসাথে করা যেতে পারে বলে মন্তব্য করেছেন সদ্য আত্মপ্রকাশ হওয়া জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম।

    আজ মঙ্গলবার সকালে দলের নেতাকর্মীদের নিয়ে ঢাকার রায়েরবাজার কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    গণপরিষদ নির্বাচন প্রসঙ্গে তার ভাষ্য, “বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের, এনসিপি’র, প্রস্তাবনা হাজির করেছি। আমরা মনে করি, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন একটি সংবিধান, একটি প্রকৃত গণতন্ত্রে উত্তরণ হতে আমাদের সহায়তা করবে। সেই জায়গায় আমাদের দাবি আমরা বলেছি। আমাদের যে জাতীয় নির্বাচন, সেটি গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে।”

    তিনি মনে করেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র ফিরতে পারে।

    তিনি তার বক্তব্যের শুরুতে জানান যে সাংগঠনিক কার্যক্রম শুরুর উদ্দেশ্যে এর আগে এনসিপি জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে মুক্তিযুদ্ধে নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী দিয়েছে।

    এসময় তাকে প্রশ্ন করা হয়, তারা একাত্তরকে কম গুরুত্ব দিয়ে চব্বিশকে বেশি গুরুত্ব দিচ্ছে কি না, উত্তরে তিনি বলেন, “এই ভূখণ্ডের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে, ‘৪৭ সাল থেকে ‘৭১ এবং পরবর্তীতে ‘২৪ সাল, সেই সকল লড়াইকেই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি।”

    “২০২৪ সালের জুলাই মাসে স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিলো, তাতে বাংলাদেশের নানান শ্রেণি-পেশার মানুষ জীবন দিয়েছেন” উল্লেখ করে মি. ইসলাম বলেন, “পুরো পৃথিবী জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সাক্ষী…আমরা অবিলম্বে তার বিচার কার্যক্রম দেখতে চাই।”

    “পুরো বাংলাদেশে না কেবল, পৃথিবীতেই কোনও স্বৈরাচারি, কোনও জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে, গণহত্যা করার আগে একবার ভেবে নেয়, এইরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এটা নির্দশন হিসাবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে,” যোগ করেন তিনি।