আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

'ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধ ২০০ কেজির বেশি ইউরেনিয়াম ইসফাহানে রয়েছে'

ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধ ২০০ কেজির বেশি ইউরেনিয়াম ইসফাহানে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক সংস্থা। শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় ভারতে গ্রেফতারকৃতদের সাথে কথা বলতে কনস্যুলার এক্সেস চেয়েছে বাংলাদেশ। অপরিশোধিত তেলের দাম ২০২২ সালের পর ব্যারেল প্রতি আবার ১০০ ডলার ছাড়িয়ে গেছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. যৌথ বাহিনীর অভিযান চলছে জঙ্গল সলিমপুরে

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় আজ সোমবার সকাল থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে।

    এই অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের তিন হাজারের বেশি সদস্য অংশ নিয়েছে।

    ড্রোন, হেলিকপ্টার ইত্যাদি ব্যবহার করে ওই এলাকায় অভিযান কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, অভিযানের কৌশল হিসেবে জঙ্গল সলিমপুরের প্রতিটি প্রবেশ ও বাহিরের পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে স্থায়ী তল্লাশিচৌকি, যাতে অভিযান চলাকালে কোনো চিহ্নিত অপরাধী এলাকা ছেড়ে পালিয়ে যেতে না পারে।

    এর আগে, গত ১৯শে জানুয়ারি কয়েকজন 'অস্ত্রধারী সন্ত্রাসীকে' গ্রেফতারের উদ্দেশ্যে র‍্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করতে গেলে হামলার শিকার হয়ে র‍্যাবের এক সদস্য নিহত ও তিনজন আহত হন।

  2. ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়ে ‘খুশি নন’ ট্রাম্প - ফক্স নিউজ

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচন করায় খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জানিয়েছে ফক্স নিউজ।

    ফক্স নিউজের একটি অনুষ্ঠানের উপস্থাপক ব্রিয়ান কিলমেড বলেন যে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণার পর তিনি কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে। তখন ডোনাল্ড তাকে বলেন, "আমি খুশি নই।"

    তবে মার্কিন প্রেসিডেন্টের সাথে কথোপকথন নিয়ে বিস্তারিত আর কিছু জানাননি ওই উপস্থাপক এবং ডোনাল্ড ট্রাম্প নিজেও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

  3. বাহরাইনে ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত - রাষ্ট্রীয় গণমাধ্যম

    বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির রাজধানী মানামার কাছে ইরানের ড্রোন হামলায় কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আহতদের সবাই বাহরাইনের নাগরিক। আহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক মেয়ে রয়েছে, যার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে। আহতদের মধ্যে একজন দুই মাস বয়সী শিশুও রয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, আহতদের মাঝে চারজনের অবস্থা গুরুতর। কোনো কোনো শিশুর অস্ত্রোপাচারও করতে হয়েছে।

  4. মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা

    ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস মোজতবা খামেনিকেই দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

    ১৯৬৯ সালের আটই সেপ্টেম্বর ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন মোজতবা।

    তিনি খামেনির ছয় সন্তানের মধ্যে দ্বিতীয়। তেহরানের ধর্মীয় আলাভি স্কুলে তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করেন।

    ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৭ বছর বয়সে ইরান-ইরাক যুদ্ধ চলাকালে তিনি স্বল্প সময়ের জন্য বেশ কয়েকবার সেনাবাহিনীতে কাজ করেছিলেন।

    গত ২৮শে ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন ও কার্যালয় কম্পাউন্ড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

    এরপর থেকেই আলোচনায় ছিল যে কে হতে যাচ্ছেন ইরানের নতুন নেতা?

    এই খবরের বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

  5. ২০২২ সালের পর প্রথমবার ব্যারেলপ্রতি তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকায় ২০২২ সালের পর প্রথমবারের মতো অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার (৭৫ পাউন্ড) ছাড়িয়েছে।

    আশঙ্কা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলমান থাকায় হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন আরও দীর্ঘ সময় ধরে বন্ধ থাকলে পেট্রলের দাম আরও বাড়তে পারে।

    এদিকে, দাম বাড়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বে শান্তি আনার জন্য এটি "খুবই সামান্য একটি মূল্য।"

    উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ সাধারণত হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। কিন্তু সপ্তাহখানে আগে ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সরু নৌপথ দিয়ে চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

  6. গতকালের কিছু উল্লেখযোগ্য খবর:

    • যুদ্ধ শুরুর পর থেকে ইরানসহ বিভিন্ন দেশে রবিবার পর্যন্ত অন্তত ১ হাজার ৭৫১ জন নিহত হয়েছেন বলে জানান যাচ্ছে।
    • ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার সাথে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স।
    • ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে, বলছে ইরানি গণমাধ্যম।
    • পাঁচ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যসহ, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপ।
    • প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের তরফ থেকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
    • ইরানে স্কুল, হাসপাতাল এবং ঐতিহাসিক বেশ কিছু স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি ভেরিফাই।
    • ইসরায়েলের হামলায় তেহরানের জ্বালানি মজুতের ট্যাংকগুলো থেকে বিষাক্ত ধোঁয়ায় 'অ্যাসিড বৃষ্টি'র শঙ্কা জানাচ্ছে দেশটির রেড ক্রিসেন্ট।
    • হেজবুল্লাহর সাথে সংঘর্ষে ইসরায়েলি দুই সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
    • ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা অব্যহত রেখেছে। ইসরায়েল ‘প্রতিহত করার কথা বললেও তেল আভিভে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে।
    • বাংলাদেশে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র মরণোত্তর পুরস্কার দেওয়া হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান।
  7. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে