আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সারা দেশে সংঘর্ষে অন্তত ২৫ জনের মৃত্যু, ইন্টারনেট সেবা বন্ধ

কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের ডাকা 'শাটডাউন' কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাপক সংঘাত-সহিংসতা হয়েছে। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। রাজধানীর উত্তরায় পাঁচ জনের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশের অন্যান্য স্থান থেকেও আসছে ক্ষয়ক্ষতির খবর।

সার সংক্ষেপ

  • কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে চলা 'শাটডাউন' কর্মসূচি ঘিরে সারাদেশে অন্তত ২৫ জনের মৃত্যু
  • এর মধ্যে, রাজধানীর উত্তরায় সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে বলে জানা গেছে।
  • কোটা সংস্কারের পক্ষে সরকার নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছে বলে বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
  • বুধবার দিনভর ও রাতে রাজধানীর শনির আখড়ায় পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এতে শত শত যানবাহন আটকা পড়েছে।
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
  • বুধবার রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধারণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছিলেন।
  • কোটা আন্দোলনকারীদের কর্মসূচি ঘিরে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ঢাকায় দেশটির দূতাবাস বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

সরাসরি কভারেজ

  1. মেট্রোর চার স্টেশন বন্ধ

    মিরপুরে ১০’এ পুলিশ বক্সে আগুনের ঘটনায় চারটি স্টেশন বন্ধ রেখেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

    উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নিয়মিত চলাচল রুটের মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশন বন্ধ রাখা হয়েছে।

    এই স্টেশনগুলোতে মেট্রোর দরজা খুলছে না।

    এর আগে আন্দোলনকারী ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে মিরপুর ১০’এ সংঘর্ষের ঘটনা ঘটে।

  2. মাদারীপুরে আন্দোলনকারীদের ওপর ত্রিমুখী হামলা, পানিতে ডুবে নিহত ১

    মাদারীপুর সদরে কোটাবিরোধী আন্দোলনকারী- পুলিশ- ছাত্রলীগ, যুবলীগের ত্রিমুখী সংঘর্ষে সৃষ্ট পরিস্থিতিতে এক শিক্ষার্থী পানিতে ডুবে নিহত হন।

    প্রত্যক্ষদর্শীদের সূত্রে ফায়ার সার্ভিস জানিয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে মিছিল করলে ডিসি ব্রিজ এলাকায় পুলিশ তাদের বাধা দেয়।

    এ সময় ছাত্রলীগ ও যুবলীগ শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে।

    এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে আন্দোলনরত অনেক শিক্ষার্থী প্রাণভয়ে পাশের একটি লেকে ঝাঁপ দেন। পরে অনেকে উঠেও আসেন।

    একজন ছাত্র নিখোঁজ এমন খবর পেয়ে ফায়ার সার্ভিস লেকে ডুবুরি দিয়ে অভিযান চালায়।

    পরে তারা দীপ্ত দে নামে ২১ বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

    ওই শিক্ষার্থী মাদারীপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গিয়েছে।

    এদিকে সংঘাতের কারণে মাদারীপুর, শরিয়তপুর, চাঁদপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

  3. বিটিভি ভবন এবং রামপুরা পুলিশ ফাঁড়িতে আগুন

    বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন- বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ভবনে আগুনের ঘটনা ঘটেছে।

    তবে কে বা কারা এই আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    এসময় সেখানে কিছু আন্দোলনকারীকে দেখা গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ ছিল না।

    এছাড়াও ভবনের সামনে পার্কিং স্টেশনে কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে আগুন দেয়া হয়।

    এদিকে রামপুরা পুলিশ ফাঁড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

    সেখানে অন্তত ১০টি মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছেন বিবিসি সংবাদদাতা মুকিমুল আহসান।

  4. কোটা সংস্কারের পক্ষে নীতিগত ঐকমত্যে পৌঁছানোর কথা জানিয়েছেন আইনমন্ত্রী

    কোটা সংস্কারের পক্ষে সরকার নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

    বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    মন্ত্রী বলেছেন, কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের সঙ্গে আজকেই আলোচনায় বসতে রাজি সরকার।

    তিনি বলেছেন, “প্রথমত আমরা জানতে পেরেছি যারা আন্দোলন করছে তারা আলাপ আলোচনা করতে আগ্রহী। প্রধানমন্ত্রী তাদের অভিবাদন জানিয়েছেন। তাদের সাথে আলোচনা করার জন্য আমাকেও মহিবুল হাসান চৌধুরীকে (শিক্ষামন্ত্রী) দায়িত্ব দিয়েছেন। তারা আজকে চাইলে আজই বসতে রাজি আছি। ”

    মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী বলেছেন, ৭ই আগস্ট মামলাটি শুনানির কথা ছিল সেটা এগিয়ে আনার ব্যবস্থা নিতে।

    “আমি অ্যাটনি জেনারেলকে নির্দেশ দিয়েছি রোববার মামলা শুনানির তারিখ এগিয়ে আনার আবেদন করতে।”চলমান ইস্যুকে ঘিরে প্রধানমন্ত্রী বিচার বিভাগীয় তদন্ত কমিটির ঘোষণা দিয়েছেন জানিয়ে আইনমন্ত্রী বলেন, “হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে এই কমিটির দায়িত্ব দেয়ার জন্য তৈরি করা হয়েছে। এ প্রস্তাব প্রধান বিচারপতির কাছে যাবে। আমার বিশ্বাস তিনি পদক্ষেপ নেবেন।”।আইনমন্ত্রী জানান, এই আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি ছিল সরকারের সাথে আলোচনা করা। সরকার এতে রাজি হয়েছে। তিনি বলেন, “সরকার রাজি হয়েছে। আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর প্রয়োজন নেই। পিতৃতুল্য নাগরিক হিসেবে অনুরোধ করছি তারা যেন এ সহিংসতা বন্ধ করে।” আইনমন্ত্রী বলেন, “মামলাটি সর্বোচ্চ আদালতে আছে। যখন মামলার শুনানি শুরু হবে তখন সরকার পক্ষ প্রস্তাব দেবে। আমরা যেহেতু সংস্কারের পক্ষে এই প্রস্তাব দিব সেজন্য আপনারা বলতে পারেন আমরা কোটা সংস্কারের পক্ষে।”

  5. চট্টগ্রামে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

  6. তেজগাঁও, নাবিস্কো মোড়ে শিক্ষার্থীদের অবস্থান

    কোটা সংস্কারের দাবিতে কয়েকশ শিক্ষার্থী বৃহস্পতিবার বেলা একটার দিকে ঢাকার তেজগাঁও, নাবিস্কো মোড় এলাকায় অবস্থান নেয়।

    এসময় তারা রাস্তা অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিয়ে থাকে।

    শিক্ষার্থীরা নাবিস্কো মোড় থেকে তেজগাঁওয়ের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্টা করে।

    এতে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশও কিছুটা ধাওয়া দেয়।

    তবে কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। শিক্ষার্থীরা এরপর বিজয় সরণি - তেজগাঁও সংযোগ সড়ক কিছুক্ষণ অবরোধ করে। পরে আবার তারা নাবিস্কো মোড়ে অবস্থান নেয়।

  7. সায়েন্স ল্যাব, উত্তরা ও মিরপুরে পাল্টাপাল্টি সংঘর্ষ

    রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব মোড়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

    এসময় পান্থপথের মোড়েও অবস্থান নেন কিছু শিক্ষার্থী। ফলে দুই পাশ থেকেই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে আন্দোলনকারীরা।

    এসময় আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।

    ওদিকে কাঠালবাগান রোডের মোড়ে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা কর্মী বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

    তাদের সঙ্গেও শিক্ষার্থীদের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুরো সায়েন্স ল্যাব এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

    এর কিছুক্ষণ আগে কলাবাগান বাসস্ট্যান্ডের সামনেও সংঘর্ষের ঘটনা ঘটে।

    উত্তরার রাজলক্ষ্মী কুশল সেন্টারের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।

    সেখানে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা দুই পাশ থেকে এবং মাঝখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করেছে।

    এসময় পুলিশের একটি বাহিনীকে এগিয়ে আসতে দেখা যায়।

    আন্দোলনের সময় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদেরও যুক্ত হতে দেখা গেছে। কিছু স্থানে আগুনও দেয় আন্দোলনাকারীরা।

    তাদের লক্ষ্য করে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। এতে কয়েকজন আহত হবার খবর পাওয়া গেছে।

    এদিকে বৃহস্পতিবার মিরপুরের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে নামার ঘোষণা দেয়।

    তার আগেই মিরপুর ১০’এ অবস্থান নেয় আওয়ামী লীগের কয়েকটি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

    রাতে শিক্ষার্থীদের নামার ঘোষণার পরই আন্দোলনকারীদের রুখে দিতে পাল্টা কর্মসূচি দেয় তারা। সকাল থেকেই সেখানে অবস্থান নেন তারা।

  8. “ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছি, আট জন আহত”

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ জানিয়েছেন সেখানে অন্তত আট জন আহত হয়েছেন।

    বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেরুল বাড্ডায় তাদের ক্যাম্পাসের সামনে অবস্থান নেয়।

    এক পর্যায়ে পুলিশের সাধে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে পুলিশ আন্দোলকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে।

    বৃহস্পতিবার সোয়া একটার দিকে নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন।

    তিনি সেখানে লেখেন, “ইউনিভার্সিটি কতৃপক্ষের সাথে কথা বলে জেনেছি যে আট জন আহত হয়েছেন।এর মধ্যে দুইজন রাবার বুলেটবিদ্ধ।

    তবে আহতদের মধ্যে কতজন ইউনিভার্সিটির ছাত্র তা এখনও নিশ্চিত করা যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

    আহতদের অ্যাম্বুলেন্সের মাধ্যমেহাস্পাতালে পাঠানো হয়েছে।

    মি সালেহ তার স্ট্যাটাসে লেখেন, “এখন আশেপাশের ইউনিভার্সিটির অনেক ছাত্র জড় হয়েছেন ক্যাম্পাসের সামনে। খুবই উত্তেজনাময় পরিস্থিতি”।

    ওই সংঘাতের ঘটনায় একজন নিহত হওয়ার যে খবর ছড়িয়ে পড়েছে তার কোন সত্যতা নেই বলেও তিনি তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, “অনলাইনে একটি খবর বেরিয়েছে যে ইউনিভার্সিটির একজন ড্রাইভার গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। এটি ইউনিভার্সিটিকর্তৃপক্ষের জানা মতে সত্য নয়। গুজব ছড়ানোর সময় না এখন”।

  9. মোবাইল ইন্টারনেট বন্ধ করা নিয়ে যা বললেন আইসিটি প্রতিমন্ত্রী

    মোবাইল ইন্টারনেট বন্ধ করা নিয়ে আগের কোনো ঘোষণা ছিল না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

    পরিস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তিনি।

    'দীক্ষা-দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে' প্রকল্পের আওতায় নির্মিত কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, “পূর্বের কোনো ঘোষণা ছিল না। পরিবেশ পরিস্থিতির প্রয়োজনীয়তার প্রেক্ষিতে গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার স্বার্থে আমরা ব্যক্তিগত সহায়তা দিচ্ছি।”

    “পরিবেশটা নিয়ন্ত্রণে আসবে, আইনশৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং আমরা এই আশঙ্কা থেকে মুক্ত থাকবো,” বলেন তিনি।

    এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, “আমরা লক্ষ্য করছি কোথা থেকে কারা এই কন্টেন্টগুলো তৈরি করছে, তার জন্য আমরা ফিজিক্যাল এবং ডিজিটাল ইন্টিলিজেন্স ব্যবস্থা জোরদার করছি। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারবো।”

  10. ইসিবি চত্বরে শিক্ষার্থীদের গাড়ি ভাঙচুর, প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে আপত্তি

    ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা সংলগ্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত কয়েক হাজার শিক্ষার্থী ইসিবি চত্বর অবরোধ করে রেখেছে।

    এ সময় তারা কোটা সংস্কারের পক্ষে স্লোগান দিতে থাকে। এসময় শিক্ষার্থীরা কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

    বুধবার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে যা বলেছেন তা নিয়ে আপত্তি প্রকাশ করেন শিক্ষার্থীদের কয়েকজন।

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেয়া আলিম খান বিবিসি বাংলাকে জানান, প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন তা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। কারণ এই ভাষণে তিনি কোটা বাতিল হবে এমন কোন ঘোষণা দেননি।

    আলিম খান বলেন, “প্রধানমন্ত্রী একদিকে বলছেন শিক্ষার্থীদের শান্ত থাকতে, অন্যদিকে পুলিশ, বিজিবি, ছাত্রলীগ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা সরকারের ডবল স্ট্যান্ডার্ড।”

  11. জয়পুরহাটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া- পাল্টা ধাওয়া

    জয়পুরহাটের সদরে রেলগেটে এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে কোটা আন্দোলনকারীরা মিছিল নিয়ে বের হয়।

    এসময় জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন তাদের কার্যালয়ের সামনে জড়ো হলে তাদের ধাওয়া দেয় আন্দোলনকারীরা।

    পরে সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

    এতে জেলা আওয়ামী লীগের সভাপতিসহ চার থেকে পাঁচ জন আহত হবার খবর পাওয়া গেছে।

    শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং গোট এলাকায় থমথমে অবস্থা বিরাজ রয়েছে।

  12. সারারাত বিদ্যুৎ বিচ্ছিন্ন জাবি, সকালেও পরিস্থিতি থমথমে

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পুরো ক্যাম্পাস সারারাত ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল এছাড়া মোবাইল ইন্টারনেটের সংযোগ এক প্রকার ছিল না বললেই চলে।

    তবে সকালে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়। কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া জাবির শিক্ষার্থী তৃপ্তি তাপসী একথা জানান।

    রাত থেকেই পুরো ক্যাম্পাসে কড়া প্রহরায় রয়েছে পুলিশ। ইতিমধ্যে অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়ে গিয়েছেন। রাতে যারা অবস্থান নিয়েছিলেন সকালে তারাও একে একে হল ত্যাগ করতে থাকেন।

    এমন অবস্থায় পুরো ক্যাম্পাস জুড়েই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কয়েকটি হলে এখনও হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী রয়েছেন। মূলত মেয়েদের হলগুলোতেই কিছু শিক্ষার্থী রয়ে গেছেন।

    তৃপ্তি তাপসী বিবিসি বাংলাকে বলেন, “আমরা যারা হলে থেকে পড়াশোনা করি। এটাই আমাদের একমাত্র থাকার জায়গা।বিনা নোটিশে হল ছাড়ার নির্দেশ দেয়া হল। আমরা এখন কোথায় যাবো। হলে থাকলেও পুলিশ হামলা চালাতে পারে।”

    এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কেউ শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়নি অভিযোগ তুলে তিনি বলেন, “আমাদের ওপর যখন হামলা চলছিল, যখন আমাদেরকে বের করে দিচ্ছে আমাদের ভিসি, প্রোক্টর কেউ কোন খোঁজ নেয়নি। আমাদের কোন অভিভাবক পাশে ছিল না।”

    ক্যাম্পাসে আন্দোলন স্তিমিত মনে হলেও শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে ভেতরে ভেতরে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে তিনি জানান।

  13. ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেট সংযোগ বন্ধ

    বাংলাদেশের রাজধানী ঢাকা ও এর বাইরে বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেটের সংযোগ বন্ধ রয়েছে।

    এর মধ্যে সকাল থেকে মাদারীপুরে মোবাইল ইন্টারনেট স্বাভাবিক থাকলেও সংঘর্ষের পর থেকে সেখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় প্রতিনিধি। একই পরিস্থিতি চট্টগ্রাম, রাজশাহী, রংপুর এবং নাটোরেও।

  14. দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ

    দেশের কয়েকটি স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

    এরমধ্যে চট্টগ্রামের বশরুজ্জামান চৌধুরী চত্বরে, নাটোরের কানাইখালিতে এবং মাদারীপুরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ চলছে।

    মাদারীপুরের খালপাড় এলাকায় সকাল সাড়ে ৯টায় কোটা আন্দোলনের শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসলে তাদের বাধা দেয় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ।

    পরে সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

    পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এসময় চার থেকে পাঁচজন আহত হলে তাদের হাসপাতালে নেয়া হয়।

    সেখানে এখনও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

    এদিকে রাজশাহীর সাহেব বাজার জিরোপেয়েন্টে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠন। তাদের হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে।

  15. ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনে পুলিশের টিয়ার সেল, গুলি

    ঢাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করলে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। ওই আন্দোলনে শিক্ষার্থীদের সাথে স্থানীয় আরও অনেকে যোগ দেয়।

    মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে কোটা সংস্কারের দাবিতে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

    এর কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থীদের ধাওয়া দেয় পুলিশ।

    এসময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়লে শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে।

    ঘটনাস্থল থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানাচ্ছেন, এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ছুড়লে বেশ কয়েকজন আহত হন, তাদের মধ্যে একজন বয়স্ক পথচারীও আছেন।

    আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশকে ধাওয়া দিলে পুলিশ সদস্যরা পাশের কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভেতরে ঢুকে যায়।

    বেলা সাড়ে ১১টা বাজেও পুলিশ সেখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে।

    তবে কানাডিয়ান ইউনিভার্সিটির বাইরে অবস্থান নিয়ে আছে আন্দোলনকারীরা। তারা দফায় দফায় ফটকের বাইরে থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে।

    এদিকে বাড্ডা আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আশেপাশে অবস্থান নিয়েছে।

  16. দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সড়ক অবরোধের আহ্বান আন্দোলনকারীদের

    বৃহস্পতিবার দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসের নিকটস্থ সড়ক অবরোধের আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

    সংগঠনটির সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয়েছে তাদের জায়গা থেকে এই আন্দোলনকে সফল করতে। যেন হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া কোন প্রতিষ্ঠান চালু না থাকে।

    তবে সড়কে অ্যাম্বুলেন্স, গণমাধ্যমের গাড়ি চলাচলে কোন বাধা থাকবে না।

    এই আন্দোলন চলাকালে যদি কোন জানমালের ক্ষতি হয় এর দায় সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন মি. আলম।

  17. চট্টগ্রামে কর্ণফুলী সেতুর কাছে সংঘর্ষ

    সকাল ১০টা থেকে চট্টগ্রামের প্রবেশ পথ শাহ আমানত তৃতীয় কর্ণফুলী সেতুর শহীদ বশরুজ্জামান চৌধুরী চত্বরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শাহ আমানত সেতুর বশরুজ্জামান চত্বরে সংঘর্ষের শুরু হয়। পরে শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে কালামিয়া বাজারের দিকে নিয়ে যাওয়া হয়।

    এতে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

    এই প্রবেশপথ দিয়ে চট্টগ্রামের সাতটি উপজেলা, কক্সবাজার ও বান্দরবানের বাসিন্দারা যাতায়াত করে।

    ঘটনাস্থলের পাশে বিজিবি ও পুলিশ অবস্থান নিয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ক্ষমতাসীন দলের কোন সংগঠনের নেতাকর্মীদের অবস্থান এখনো দেখা যায়নি।

  18. মীরপুরের ‘জয় বাংলা’ স্লোগানধারীদের ধাওয়া

    মীরপুরের দারুসসালামে মেডিকেল শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাদের ধাওয়া দিতে দেখা যায় ‘জয় বাংলা’ স্লোগানধারীদের।

    বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ডেলটা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের পাশের সড়ক অবরোধ করে এবং কোটা সংস্কারের পক্ষে স্লোগান দিতে থাকে।

    এ সময় ডেলটা মেডিকেল থেকে আনুমানিক আড়াইশ মিটার দূরে বাংলা কলেজের সামনে থেকে একটি দল লাঠিসোটা নিয়ে শিক্ষার্থীদের দিকে ধেয়ে আসে।

    এমন অবস্থায় মেডিকেল শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে আশ্রয় নেয় এসময় মেডিকেল কলেজের মূল ফটক বন্ধ করে দেয়া হয়।

    এ সময় বাইরে থেকে লাঠিসোটা হাতে নিয়ে আসা তরুণরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে এবং কলেজ গেইট বরাবর ইট পাটকেল, ডাবের খোল নিক্ষেপ করতে থাকে।

    যারা ওই ঘটনার ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করেছে তাদেরও ধাওয়া দেয়া হয়।

    আশেপাশে পুলিশ অবস্থান নিলেও এই বিশৃঙ্খল পরিস্থিতি নিবৃত্ত করতে তাদের কোন ভূমিকা নিতে দেখা যায়নি।

    এদিকে আরেকটি গ্রুপ মীরপুর এক নম্বর চত্বরে ক্ষমতাসীনদের পক্ষে স্লোগান দিয়ে ওই স্থানটির নিয়ন্ত্রণ নিয়েছে।

  19. সকালে 'শাটডাউনে'র যে চিত্র দেখা গেলো

    বৃহস্পতিবার দিনের শুরু থেকেই বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে যানচলাচল খুবই সীমিত ছিল।

    সাধারণ দিনে ঢাকার অফিস আদালত খোলা থাকলে সকাল সাড়ে সাতটা থেকেই সড়কগুলোতে যানজট শুরু হয়। কিন্তু আজ সড়কে তেমন কোনও ব্যস্ততা লক্ষ করা যায়নি। বরং, রাস্তায় যানবাহন ও মানুষ, উভয়ের উপস্থিতিই লক্ষ্যনীয় মাত্রায় কম ছিল।

    এর আগে বুধবারই দেশের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা এসেছে। তার মাঝে, ঢাকার অনেক বেসরকারি অফিসও ‘ওয়ার্ক ফ্রম হোম’ পদ্ধতিতে অফিস করছেন বলে জানা গেছে।

    তবে শাটডাউনের সময় জরুরি পরিবহন ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার কথা বলা হলেও, গতকাল রাতে বাংলাদেশ সড়ক পরিবহন ও মালিক সমিতি জানিয়েছে যে বৃহস্পতিবার গাড়ি চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ আছে তাদের প্রতি।

    যদিও সকাল নয়টায়ও রাস্তাঘাটে বাসের আধিক্য চোখে পড়েনি। রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে কিছু ভাড়ায় চালিত মোটর সাইকেল, কিছু সংখ্যক সিএনজি এবং ব্যক্তিগত গাড়ি দেখা দেছে।

    বিবিসি সংবাদদাতা শাহনেওয়াজ রকি জানিয়েছেন, বনানী, নতুন বাজার, প্রগতি সরণী, কুড়িল, বনানীতে যান চলাচল স্বাভাবিক দিনের তুলনায় খুবই কম এবং ব্যক্তিগত গাড়িও নেই বললেই চলে।

    রাস্তাঘাটে দুই একটা বাস চলতে দেখা গেলেও যাত্রীরা তাতে উঠতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

    অ্যামেরিকান অ্যাম্বাসি ও রাস্তার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বাড়তি পুলিশ দেখা গেছে।

    এছাড়া, ঢাকার আজিমপুর, নীলক্ষেত, শ্যামলী, মহাখালী, গুলশান এলাকায়ও একই দৃশ্য দেখা গেছে। বিবিসি সংবাদদাতারা জানিয়েছেন, নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে পুলিশের অবস্থান আছে।

  20. শনির আখড়ায় আবার সংঘর্ষ

    বৃহস্পতিবার সকালে ঢাকার শনির আখড়ায় নতুন করে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানার পুলিশ। সেখানে বুধবার মধ্যরাত পর্যন্ত পুলিশের সাথে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া চলেছে।

    যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকায় সেসময় পুলিশের সাথে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয় এবং হানিফ ফ্লাইওভারের টোল প্লাজাসহ শনির আখড়ার অন্তত ২০টি জায়গায় আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দিয়েছেন বলে বলছে পুলিশ।