আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

যারা গুপ্ত-সুপ্তভাবে আ.লীগের বোরকার নিচে থাকেনি, তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, অভিযোগ বিএনপির

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এদিকে, আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ছয় জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো:

    • ত্রয়োদশ নির্বাচনের পর "সবচেয়ে দ্রুততম সময়ে" ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তীকালীন সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
    • বাংলাদেশে বিগত জাতীয় সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর সুযোগ নেই- এমন কথা জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
    • জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
    • "যারা গুপ্ত ও সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরখার নীচে থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, তাদের বিরুদ্ধে আজকে সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করা হচ্ছে," বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
    • যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ানই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। কাজেই দ্বীপটিতে অস্ত্র পাঠাতে চাইলে ভেবেচিন্তে তা পাঠাতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
    • নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতির মধ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে জরুরি বৈঠক করেন নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
    • জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো ও একজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ছয় জনকে মৃত্যুদণ্ড এবং সাত জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত।
    • জাতিসংঘের অধীনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থকরা।
    • ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে চার বছর ধরে চলা যুদ্ধে দেশটির ৫৫ হাজার সৈন্য নিহত হয়েছে।
    • "বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না," বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম।
    • অমর একুশে বইমেলা সাধারণত পহেলা ফেব্রুয়ারি শুরু হলেও এ বছর বইমেলা শুরু হবে আগামী ২০শে ফেব্রুয়ারি থেকে।
    • বাংলাদেশ ব্যান্ড সংগীতের শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চু ও চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতাসহ নয় বিশিষ্ট ব্যক্তি এবং একটি ব্যান্ড দলকে এ বছর একুশে পদক দেওয়া হবে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলা'র মূল পাতায়

  2. জাতিসংঘের অধীনে ওসমান হাদির হত্যার তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের যমুনার সামনে অবস্থান

    জাতিসংঘের অধীনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থকরা।

    আজ বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে তারা সেখানে অবস্থান নিয়েছেন।

    কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের ফেসবুক পাতা থেকে একটি পোস্টে জানানো হয়, "চারপাশে শত-শত পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের দিয়ে আমাদেরকে ঘিরে রাখা হয়েছে। লাঠিসোঁটা নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে।"

    এদিকে, ঘটনাস্থল থেকে রমনা থানার এসআই মাজেদ আলী বিবিসিকে বলেন, "আন্দোলনকারীদের সংখ্যা আনুমানিক ২০-৩০ জন। তাদেরকে যমুনার সামনে থেকে সরানোর জন্য আমরা কথা বলছি।"

    তিনি বলেন, "আন্দোলনকারিরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। মাঝে মাঝেই স্লোগান দিচ্ছে।"

  3. রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ৫৫,০০০ সৈন্য নিহত, দাবি জেলেনস্কির

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে চার বছর ধরে চলা যুদ্ধে দেশটির ৫৫ হাজার সৈন্য নিহত হয়েছে। গত বুধবার ফ্রান্স টু টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি যুদ্ধে নিহতদের এই সংখ্যার কথা জানান।

    তবে, ধারণা করা হয়, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের প্রকৃত প্রাণহানির সংখ্যা জেলেনস্কির উদ্ধৃত করা সংখ্যার চেয়ে অনেক বেশি।

    ভলোদিমির জেলেনস্কি ফ্রান্সের এই টিভিতে আরো বলেন, এই যুদ্ধে অফিশিয়ালি নিখোঁজ রয়েছে ইউক্রেনের বিপুল সংখ্যক মানুষ।

    ছয় মাস আগে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে দেশটির ৭০ হাজারের বেশি লোক নিখোঁজ বলে জানিয়েছিলো।

    সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে ভলোদিমির জেলেনস্কি এ যু্দ্ধে তার দেশের ৪৩ হাজার প্রাণহানির কথা জানিয়েছিলেন।

    উল্লেখ্য, ২০২২ সালের ২২শে ফেব্রুয়ারি পার্শ্ববর্তী দেশ ইউক্রেনে রাশিয়া আগ্রসান চালালে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। আর এই যুদ্ধের অবসানে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

  4. বাংলাদেশে দিল্লির দাদাগিরি চলবে না: নাহিদ ইসলাম

    "বাংলাদেশের সরকার কে গঠন করবে, তা নির্ধারণ করবে এদেশের জনগণ। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না এবং বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না," বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর এক খবরে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদের সমর্থনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এ সব কথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, "পাঁচই অগাস্টের পরে যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছে, তারাই বাংলাদেশের নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। এই জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি।"

    তিনি বলেন, "আমাদের এই নির্বাচনী লড়াই শুধু কক্সবাজার-২ আসনের জন্য নয়, বরং পুরো বাংলাদেশে ১১ দলীয় ঐক্যজোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি – বাংলাদেশকে আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে দখলমুক্ত করার জন্য।"

  5. এ বছর বইমেলা শুরু হবে ভোটের পর ২০শে ফেব্রুয়ারি

    ভাষা শহীদদের স্মরণে মাসব্যাপী অমর একুশে বইমেলা সাধারণত পহেলা ফেব্রুয়ারি শুরু হলেও এ বছর বইমেলা শুরু হবে আগামী ২০শে ফেব্রুয়ারি থেকে, খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরি সভাকক্ষে বইমেলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, মাসব্যাপী এই বইমেলা আমাদের সংস্কৃতির ঐতিহ্যের অপরিহার্য অংশ। কিন্তু বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো এ বছর বইমেলা পহেলা ফেব্রুয়ারি শুরু করা সম্ভব হয়নি। ২০ ফেব্রুয়ারি এবারের বইমেলা শুরু হবে। এছাড়া, প্রকাশকদের দাবির প্রেক্ষিতে গত বছরের তুলনায় স্টলভাড়া ২৫ শতাংশ কমানো হয়েছে।

    তিনি আরো বলেন, ইতোমধ্যে বইমেলা সংক্রান্ত সকল আয়োজন সম্পন্ন হয়েছে। সরকারের কাছ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ পাওয়া গেছে। স্টল নির্মাণ কাজ চলছে। বইমেলার আলোচনা ও সাংস্কৃতিক কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে।

    বইমেলার স্টল বরাদ্দের বিষয়ে তিনি বলেন, গত বছর যে সকল প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে, তাদের মধ্য থেকে ৫২৭টি প্রতিষ্ঠান এবং নতুন ৫৩টি প্রতিষ্ঠান স্টল বরাদ্দের আবেদন করেছে। স্থান সংকুলানের বাস্তবতায় গত বছরের ৫২৭টি প্রতিষ্ঠান ও নতুন ২৪টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, যেহেতু এই মেলা রমজান মাসজুড়ে হবে, তাই মেলা প্রাঙ্গণে তারাবীর নামাজ পড়ার ব্যবস্থা, ইফতার করার জন্য ফুড স্টলগুলো সাজানো হয়েছে। এছাড়া, মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা থাকবে। প্রকাশকদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেই আমরা এসব ব্যবস্থাগুলো গ্রহণ করেছি।

  6. নির্বাচনের পর সবচেয়ে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর হবে: প্রেস সচিব

    ত্রয়োদশ নির্বাচনের পর "সবচেয়ে দ্রুততম সময়ে" ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তীকালীন সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    আজ বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    "যদি দেখা যায়, তিন দিনের মাঝে এমপিরা শপথ নিয়েছেন এবং নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানকে নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য ডাকা হচ্ছে, তাহলে তিন দিনের মাঝেও, অর্থাৎ ১৫ই ফেব্রুয়ারির মাঝেও ক্ষমতা হস্তান্তর হয়ে যেতে পারে।," বলেন শফিকুল আলম।

    তিনি আরও জানান, "আমার মনে হয় না এটা ১৭ বা ১৮ই ফেব্রুয়ারির পরে যাবে।"

  7. ১০ই ফেব্রুয়ারির ছুটি যে কোনো সময় পুষিয়ে নিতে পারবে কারখানাগুলো

    নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য আগামী ১০ই ফেব্রুয়ারি যে ছুটি ঘোষণা করা হয়েছে, পরবর্তীতে যেকোনো দিনে শ্রমিকদের দিয়ে একদিন কাজ করিয়ে সেই ছুটি পুষিয়ে নেওয়া যাবে।

    পোশাক কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি – বিজেএমইএ’র আবেদনের পরিপ্রেক্ষিতে আজ উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বলা হয়েছে, যেসব কারখানা ছুটি কার্যকর করবে, তারা চাইলে পরে শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে নিতে পারবে।

  8. তাইওয়ানকে অস্ত্র পাঠালে ভেবেচিন্তে: ট্রাম্পকে বললেন শি জিনপিং

    যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ানই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। কাজেই দ্বীপটিতে অস্ত্র পাঠাতে চাইলে ভেবেচিন্তে তা পাঠাতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই মন্তব্য করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

    সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেইর স্টারমারসহ পশ্চিমা নেতাদের চীন সফরের পর ট্রাম্প ও শির এই ফোনালাপ হলো।

    ফোনালাপে শি বলেন, স্বশাসিত দ্বীপ তাইওয়ান হলো “চীনের ভুখণ্ড” এবং দ্বীপটির সার্বভৗমত্ব ও আঞ্চলিক অখন্ডতা রক্ষা করবে তার দেশ।

    উল্লেখ্য, ট্রাম্পের সঙ্গে ফোনালাপের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদমির পুতিনের সঙ্গে ভার্চ্যুয়ালি কথা বলেছেন শি জিনপিং।

    আগামী এপ্রিল মাসে ট্রাম্পের চীন সফরে যাওয়ার কথা এবং এই সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন তিনি।

    ট্রাম্প ও শির সবশেষ কথোপকথন হয়েছিল গত নভেম্বরে। সে সময়ে ট্রাম্পকে চীন সফরে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন শি।

    চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ককে বেইজিং অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে এবং প্রেসিডেন্ট শি জিনপিং সেটি প্রকাশ করেন ট্রাম্পের সঙ্গে ফোনালাপে। সেই সাথে বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে চীনের মতপার্থক্য সুরাহা হওয়ার পথ খুঁজে পাবে বলেও শি জিনপিং আশাবাদ ব্যক্ত করেছেন।

  9. নির্বাচিত সংসদ সদস্যদেরকে কে শপথ পড়াবেন, যা জানালেন আইন উপদেষ্টা

    বাংলাদেশে বিগত জাতীয় সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর সুযোগ নেই- এমন কথা জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

    আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সম্ভাব্য কিছু উপায়ের কথা বলেছেন।

    "আমাদের স্পিকার বা ডেপুটি স্পিকারের মাঝে একজন নিখোঁজ। আরেকজন জেলে আছে। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে। তারা পদত্যাগও করেছে, বিশেষ করে স্পিকার। এই অবস্থায় উনাদের দ্বারা শপথ গ্রহণ করানোর কোনো ধরনের সুযোগ আছে বলে আমি মনে করি না," বলেন তিনি।

    এরপর তিনি বলেন, যে আইনে আছে, স্পিকার বা ডেপুটি স্পিকার যদি শপথ গ্রহণ করাতে না পারেন, তাহলে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, "বর্তমান প্রধান বিচারপতি রাজি থাকলে উনিও হতে পারেন।"

    এছাড়া নির্বাচিত হওয়ার তিন দিনের মধ্যে যদি শপথ গ্রহণ না করানো হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন জানিয়ে তিনি আরও বলেন, "এটি হলে আমাদের তিনদিন অপেক্ষা করতে হবে। আমরা আসলে অপেক্ষা করতে চাই না। নির্বাচন হওয়ার পরে আমরা যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই।"

    এক পর্যায়ে তিনি আরও জানান, "এখন এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত, এখনই চূড়ান্ত কিছু বলতে পারবো না।"

    এবং, "মন্ত্রীদেরকে রাষ্ট্রপতি-ই সবসময় শপথ গ্রহণ করান। তাহলে এবার রাষ্ট্রপতি নয় কেন?" সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমরা তো এমপি নিয়ে কথা বলছি ভাই। তারপর কী হবে, ওনারা নিজেরা বুঝবে।"

    উল্লেখ্য, জুলাই আন্দোলনের পর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। তার আগে অগাস্ট মাসে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেফতার হন।

  10. যারা গুপ্ত-সুপ্তভাবে আ.লীগের বোরকার নিচে থাকেনি, তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে: রিজভী

    "যারা গুপ্ত ও সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরখার নীচে থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, তাদের বিরুদ্ধে আজকে সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করা হচ্ছে," বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    আজ বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা'র উদ্যোগে নির্বাচনি প্রচারণা সঙ্গীতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে নানা চক্রান্ত, ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যাচার চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, "আজকে প্রযুক্তির মাধ্যমে প্রোপাগান্ডা বট বলে একটি জিনিস তৈরি হয়েছে। এই প্রোপাগান্ডা বট দিয়ে মানুষের চরিত্র হনন, কুৎসা রটনা, অপপ্রচারের যেন শেষ নেই। কিন্তু অশ্বথ বা বটগাছের শিকড় যতদূরে যায়, জাতীয়তাবাদী শক্তি তার চাইতেও অনেক গভীরে। এটিকে মিথ্যার ঝলকানি দিয়ে নুইয়ে ফেলা যাবে না।"

    কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, অভিনয়শিল্পী, সুরকারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন যে গান, নৃত্য ও অভিনয়ের মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে শিল্পীদের।

  11. নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা

    জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    বৃহস্পতিবার ঢাকার গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময়ে তিনি এই আহ্বান জানান।

    ওই মত বিনিময়ে সেনাপ্রধান তার দুটি মূল উদ্দেশ্যের কথাও তুলে ধরেন বলে জানান সেনাসদরের সামরিক অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন।

    প্রথম উদ্দেশ্য, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যে বেসামরিক প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদেরকে আস্বস্ত করা যে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাদের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যেকোনো দায়িত্ব পালন বা সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে।

    দ্বিতীয় উদ্দেশ্য, সাধারণ জনগণের মধ্যে নির্বাচন সম্পর্কে একটি আস্থার জায়গা তৈরি করা এবং একটি সুস্পষ্ট বার্তা দেয়া যে, বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সকলে সমন্বিতভাবে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর।

    মত বিনিময় সভায় সেনাবাহিনী প্রধান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ঢাকা মহানগর, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।

    সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে কথা হয়।

    পাশাপাশি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন থাকা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন সেনাপ্রধান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

  12. রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

    আসন্ন রমজানকে ঘিরে অফিসের সময় নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে রমজানের কর্মঘণ্টা সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

    রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস নতুন সময়সূচি অনুযায়ী চলবে।

    তবে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ছাড়াও সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান আসন্ন রমজানে নিজস্ব সুবিধা অনুযায়ী অফিসসূচি নির্ধারণ করবে বলেও জানিয়েছেন প্রেস সচিব।

    চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ বা ২০শে ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হতে পারে।

  13. বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা

    বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে না, "পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে এই দায় স্বীকার করতে রাজি না আমি। এটা দেশের দায়, পুরো সিস্টেমের দায়। পররাষ্ট্র মন্ত্রণালয়েরও না, ব্যক্তিগতভাবে আমারও না," বলে মন্তব্য করেছেন অচিরেই বিদায় নিতে যাওয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

    তার ওই কথার ব্যাখ্যায় তিনি বলেন যে, "পৃথিবীজুড়ে প্রচুর সুযোগ আছে। আমরা তা নিজেদের দোষে ব্যবহার করতে পারছি না। ভিসা দেয় না, এর জন্য সম্পূর্ণভাবে আমরা দায়ী। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, জালিয়াতিতে আমরা একেবারে সেরা। আপনি যখন জালিয়াতি করবেন, তখন আপনার কাগজ কেন বিশ্বাস করবে?" ''

    "ভিসা বলুন, অ্যাডমিশন বলুন, সবকিছু কাগজের ভিত্তিতে নির্ধারিত হয়। কাগজ দেখে বিশ্বাস করানোর দায়িত্ব আমাদের। যদি দেখা যায়, কোনো মহিলা কোনো দেশে মেইডের চাকরি করতে গেছেন, কিন্তু তার ভিসা হলো ফ্রন্ট অফিসার ম্যানেজার হিসেবে। চিন্তা করুন যে আমরা কী পরিমাণ ধাপ্পাবাজি করেছি। আমরা যতক্ষণ ঘর না গোছাবো, এই সমস্যার সমাধান হবে না। আরও দুঃসময়ও আসতে পারে," বলে সতর্কও করেন।

    এ সময় তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও মন্তব্য করেন।

    "ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ, এতে সন্দেহ নাই। আমরা তাদের সাথে গুড ওয়ার্কিং রিলেশন চেয়েছিলাম। এখানে সফল হয়েছি, তা বলতে পারি না। কারণ সম্পর্কটা থমকে আছে। আমি কাউকে দোষারোপ করতে চাই না। ভারত তাদের স্বার্থ চিন্তা করেছে, আমরাও আমাদের স্বার্থ চিন্তা করেছি। দুই পক্ষের নিজস্ব স্বার্থের ধারণায় তফাৎ থাকায় অনেকক্ষেত্রে এগোতে পারিনি," বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক 'মসৃণ ছিল না' স্বীকার করে নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে তার উত্তরাধিকারী, অর্থাৎ পরবর্তী সরকার নিশ্চয়ই ভারত-বাংলাদেশের সম্পর্ক 'মসৃণ' করবে।

    এদিকে, বিদায়ের সময়ও বিশ্বের বিভিন্ন দেশের সাথে অন্তর্বর্তী সরকার যেসব চুক্তি সই করছে, সেগুলো পরবর্তী সরকারের জন্য বোঝা হয়ে যাবে কি না, সাংবাদিকরা এমন এক প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন, "আমি উল্টোটা মনে করি। আমি মনে করি আমরা অনেক ইস্যু এগিয়ে দিচ্ছি, যাতে পরবর্তী সরকারের জন্য কাজ করা সহজ হয়।"

  14. আইয়ুব বাচ্চু, ববিতা, ওয়ারফেইজসহ যারা পাচ্ছেন এবারের একুশে পদক

    বাংলাদেশ ব্যান্ড সংগীতের শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চু ও চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতাসহ নয় বিশিষ্ট ব্যক্তি এবং একটি ব্যান্ড দলকে এ বছর একুশে পদক দেওয়া হবে।

    বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

    একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক।

    এছাড়াও ২০২৬ সালে এই পদক পেতে যাচ্ছেন, শিল্পী অধ্যাপক মো. আব্দুস সাত্তার, ভাস্কর তেজস হালদার, স্থপতি মেরিনা তাবাসসুম, নৃত্যশিল্পী অর্থি আহমেদ, নাট্যকার ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিক শফিক রেহমান এবং শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার।

    এছাড়া সঙ্গীতদল হিসেবে ওয়ারফেইজ এবারে একুশে পদক পেতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এই প্রথম কোনো রক ব‍্যান্ড কোনো জাতীয় পুরস্কারের জন‍্য বিবেচিত হলো।

    বাংলাদেশের চলচ্চিত্র, সংগীত, সাংবাদিকতা, স্থাপত্যশৈলী, ভাস্কর্য, শিল্পকলা, নৃত্য, নাট্যকলা, শিক্ষা এই কয়েকটি ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তাদের এই পুরস্কার দেওয়ার কথা রয়েছে।

    এর আগে, গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬ এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। একই বছরের ৩০শে অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ারও আহ্বান জানানো হয়।

  15. পল্লবীর বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চার জনের মরদেহ

    ঢাকার পল্লবী এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্প থেকে একই পরিবারের চার জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আশরাফুল ইসলাম এটি বিবিসিকে নিশ্চিত করেন।

    তিনি বলেন, আজ সকাল ১০-১২টার মাঝে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুপুরে খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেন।

    মৃতদের দুইজন শিশু। তাদের একজনের বয়স আনুমানিক দেড় বছর, আরেকজনের চার বছর।

    মৃত্যুর কারণ জানা গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়ে তদন্ত চলছে। তবে আমাদের প্রাথমিক ধারণা, বাবা প্রথমে তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেছেন।"

    "অভাবী পরিবার তো, উনি রিকশাচালক ছিলেন। হতেও পারে। কিন্তু এটা হলে উনি কেন এমন করেছেন, তা নিশ্চিত না। এরা বিহারি পরিবার, সবাই একসাথে থাকে। এদের পাশেই ভাই থাকে, মা থাকে। তাদের সাথে কথা বলে আমরা এখনো কোনো মোটিভ পাইনি," যোগ করেন পল্লবী জোনের এডিসি।

    তিনি আরও জানান, ওই দম্পতির আরও একটি সন্তান আছে, যার বয়স আনুমানিক ১১ বছর।

    "এই ঘটনা ঘটার সময় ওই বাচ্চাটা কাছে ছিল না। সে তার দাদীর কাছে ছিল।"

  16. আবারও কমতে পারে তাপমাত্রা

    সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

    বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস।

    এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এর বাইরে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

    বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ১১ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফি ৩০ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।

    পরবর্তী পাঁচ দিন আবহাওয়ার পরিস্থিতি অনেকটা একই থাকবে। শুক্রবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    তবে শনি ও রোববার সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    সোমবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানা গিয়েছে।

  17. পুরান ঢাকার একটি ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেট স্টাম্প উদ্ধার

    পুরান ঢাকার কাঠেরপুল এলাকার জন্য নির্ধারিত একটি ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেট স্টাম্প উদ্ধার করেছে পুলিশ।

    আজ বৃহস্পতিবার সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম বিবিসি বাংলাকে এটি নিশ্চিত করেন।

    তিনি জানান, অস্ত্র মজুত আছে- এমন খবর পেয়ে তারা গতকাল রাত একটার দিকে ম্যাজিস্ট্রেটসহ ওই ভোটকেন্দ্রে যান, "ভোটকেন্দ্রটি তখন বিএনপি'র স্থানীয় নেতাকর্মীরা ঘিরে রেখেছিলো"।

    সেখানে গিয়ে তারা ১৫২টি ক্রিকেট স্টাম্প পান এবং অভিযান শেষে সেগুলো থানায় নিয়ে আসেন।

    স্টাম্পগুলো কারা জড়ো করেছে, জানা গেছে কি না জানতে চাইলে তিনি না সূচক জবাব দেন এবং বলেন, এর পেছনে রাজনৈতিক কোনো কারণ বা উদ্দেশ্য ছিল কি না, সে বিষয়ে তারা এখনো নিশ্চিত না।

    উল্লেখ্য, কাঠেরপুল এলাকার কসমোপলিটন স্কুল ভবনটিই হলো সেই ভোটকেন্দ্র।

  18. গুম, নির্যাতনের ক্ষতিপূরণের বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

    রাষ্ট্রীয় নির্যাতন বা গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার নিশ্চিত করতে জাতিসংঘে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে বলে খবর প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা।

    এর ফলে, নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে জাতিসংঘ কনভেনশনের অনুচ্ছেদ ১৪(১)-এ দেওয়া বাংলাদেশের সংরক্ষণী শর্ত প্রত্যাহার হলো।

    এতে করে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিরা ক্ষতিপূরণ ও পুনর্বাসন পাওয়ার সুযোগ পাবেন। নির্যাতনের কারণে কেউ মারা গেলে, তার ওপর নির্ভরশীল ব্যক্তিরাও ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন।

    বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রস্তাব অনুমোদনের কথা জানায়।

    গত ২৯শে ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই সংরক্ষণী শর্ত প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

    প্রেস উইং এর বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্যাতনবিরোধী কনভেনশনটি ১৯৮৪ সালে গৃহীত হয় এবং বর্তমানে ১৭৩টি দেশ এটি সমর্থন করেছে।

    বাংলাদেশ ১৯৯৮ সালে কনভেনশনটিতে যোগ দেয়। তবে অনুচ্ছেদ ১৪(১) এর ক্ষেত্রে বাংলাদেশসহ পাঁচটি দেশ বাহামা, ফিজি, নিউজিল্যান্ড, সামোয়া ও যুক্তরাষ্ট্র চুক্তিতে যোগদানের সময় সংরক্ষণী শর্ত দিয়েছিল।

    এই সংরক্ষণী শর্তের কারণে এতদিন রাষ্ট্রীয় নির্যাতন বা গুমের শিকার ব্যক্তিদের ন্যায্য ও পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের অধিকার কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এখন সংরক্ষণী শর্ত প্রত্যাহার হওয়ায় সেই বাধা দূর হলো।

    উপদেষ্টা পরিষদ মনে করছে, এই সিদ্ধান্ত একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ। এতে মানবাধিকার সংরক্ষণে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও শক্তিশালী হবে।

    পাশাপাশি রাষ্ট্রের জবাবদিহিতা ও স্বচ্ছতাও বাড়বে। উল্লেখ্য, এটি বাংলাদেশের মানবাধিকার কর্মীদের দীর্ঘ প্রায় দুই দশকের পুরোনো দাবি ছিল।

  19. আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার মামলায় সাবেক এমপি সাইফুলসহ ছয় জনের মৃত্যুদণ্ড

    জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো ও একজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ছয় জনকে মৃত্যুদণ্ড এবং সাত জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত।

    বাকি আসামিদের মধ্যে দুই জনকে সাত বছরের কারাদণ্ড এবং রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া শেখ আবজালুল হককে ক্ষমার আদেশ দেওয়া হয়।

    বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণা শুরু করে।

    ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

    সাইফুল ইসলাম ছাড়া মৃত্যদণ্ডপ্রাপ্ত বাকি আসামিরা হলেন–– আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক এএফএম সায়েদ রনি (পলাতক), সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা (পলাতক), যুবলীগ কর্মী রনি ভূইয়া (পলাতক), এসআই আব্দুল মালেক, কনস্টেবল মুকুল চোকদার।

    যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন––ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম (পলাতক), ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন (পলাতক), সাবেক পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান (পলাতক), সাবেক পুলিশ পরিদর্শক নির্মল কুমার দাস (পলাতক), ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক মো. আরাফাত হোসেন।

    এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসানকে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

    সাবেক এমপি সাইফুলকে কয়েকটি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে। একইসঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভিকটিমদের পরিবারের মধ্যে বন্টনের নির্দেশও দেওয়া হয়েছে।

    গত বছরের ২১শে অগাস্ট ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল ২। আসামিদের মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন আটজন আসামি। বাকিরা পলাতক।

    অভিযোগে উল্লেখ করা হয়, পাঁচই অগাস্ট ওই ছয় জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। তবে সে সময়েও জীবিত ছিল একজন।

  20. চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি নিয়ে জরুরি বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে উত্তেজনা

    নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতির মধ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে জরুরি বৈঠক বসেছেন নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।

    এ বিষয়ে সমাধান খুঁজতে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে বন্দর ভবনে আসেন নৌপরিবহন উপদেষ্টা।

    তবে তার আসাকে কেন্দ্র করে আন্দোলনরতদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। প্রথমে তারা বন্দর ভবনের প্রবেশের পথে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেন।

    উপদেষ্টা বন্দর ভবনে ঢোকার সময় বিক্ষোভরত শ্রমিক-কর্মচারীরা ‘ডিপি ওয়ার্ল্ডের দালালেরা, হুঁশিয়ার সাবধান', 'গো ব্যাক অ্যাডভাইজার গো ব্যাক', 'মা-মাটি-মোহনা, বিদেশিদের দেব না’, 'ভুয়া, ভুয়া' এমন নানা স্লোগান দিতে থাকেন।

    দুবাইভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি বৃহস্পতিবার ষষ্ঠ দিনে গড়ালো।

    গত শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দৈনিক আট ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেন বন্দরের শ্রমিক-কর্মচারীরা।

    পরে মঙ্গলবার সকাল থেকে ২৪ ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি ও বুধবার সকাল থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণা করে বন্দর রক্ষা সংগ্রাম ঐক্য পরিষদ।

    বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকায় আটকা পড়েছে হাজার হাজার রপ্তানি পণ্যবাহী কনটেইনার।