ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আমরা জানি, কিন্তু এখনই তাকে মারবো না: ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, "আমরা ঠিক জানি তথাকথিত 'সর্বোচ্চ নেতা' কোথায় লুকিয়ে আছেন।" তবে এখনই তাকে ‘হত্যা’ করা হবে না বলেও তিনি যোগ করেন। এদিকে, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান বা এইচআরএএনএ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে ইরানে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানেও চলছে আইডিএফ-এর অভিযান

    ইসরায়েলিরা আশ্রয়কেন্দ্রে ভিড় করেছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর আজ সকালে আশ্রয়কেন্দ্রে ভিড় করেছে ইসরায়েলিরা

    বিবিসি'র মধ্যপ্রাচ্য সংবাদদাতা হুগো বাচেগা জেরুজালেম থেকে জানাচ্ছেন, ইসরায়েলের বিভিন্ন এলাকায় মঙ্গলবার সকালেও সাইরেনের শব্দে মানুষের ঘুম ভেঙ্গেছে।

    কারণ ইসরায়েলের পাল্টা অভিযানের জবাবে ইরানও ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

    জেরুজালেম ও তেল আভিভে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    হামলা প্রতিহত করতে সক্রিয় হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির জরুরি সেবা বিভাগ এখনও হামলার শিকার এলাকাগুলোয় উদ্ধারকাজ চালাচ্ছে।

    অন্যদিকে, ইরানের রাজধানী তেহরানেও এখন বিস্ফোরণ এবং আকাশ প্রতিরক্ষার গুলির শব্দ শোনা যাচ্ছে।

    দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুযায়ী, গতকাল ইসরায়েলি বাহিনী আইআরআইবি ভবনে হামলা চালালে সেখানে অন্তত তিনজন কর্মী নিহত হন।

    এদিকে, এক টেলিভিশন সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ‘চরম ক্ষতি’ করেছে ইসরায়েলি বাহিনী।

    তবে তিনি এও যোগ করেন যে তার বাহিনীর অভিযান শেষ হয়নি।

    "আরও অনেক সময় প্রয়োজন।"

  2. ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে হামলার ঘটনায় আরও একজন নিহত

    আইআরআইবি'র ভবনে হামলার সময়
    ছবির ক্যাপশান, আইআরআইবি'র ভবনে হামলার সময়

    সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তেহরানে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর প্রধান কার্যালয়ের ভবনে গতকালের ইসরায়েলি হামলায় আরও একজন ্নিহত হয়েছেন।

    এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো তিন, জানাচ্ছে দেশটির গণমাধ্যম। এর আগে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছিলো যে আইআরআইবি'র একজন নিউজ এডিটর ও একজন কর্মী নিহত হয়েছেন।

    গতকালের ওই হামলার বিভিন্ন ফুটেজ প্রকাশ হয়েছে। একটিতে দেখা গেছে, আইআরআইবি'র ভবনে হামলার সময় একজন নারী উপস্থাপিকা ডেস্কের পেছনে বসে খবর পড়ছিলেন।

    হঠাৎ বিস্ফোরণের শব্দ চমকে উঠে যান তিনি এবং এরপর তাড়াহুড়ো করে ক্যামেরার বাইরে চলে যান। মুহূর্তের মাঝেই গোটা স্টুডিও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং, বাতাসে উড়ে বেড়ায় ভবনের ধ্বংসাবশেষ।

    হামলার পর প্রায় এক ঘণ্টা আইআরআইবি'র সম্প্রচার বন্ধ ছিল।

  3. ইরানের চালানো নতুন হামলায় পাঁচজন সামান্য আহত – ইসরায়েলের জরুরি সেবা বিভাগ

    ইরান নতুন করে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তাতে পাঁচজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’।

    সংস্থা'র একজন মুখপাত্র জানান, ইসরায়েলের মধ্যাঞ্চলে একটি বাস পার্কিং এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।

    ক্ষেপণাস্ত্রের শ্রাপনেলে (ছিটকে পড়া ধাতব টুকরো) ওই পাঁচজন সামান্য আহত হন।

    ক্ষেপণাস্ত্র হামলা চালানো অন্যান্য এলাকায় কেউ আহত হননি বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছ।

  4. ইসরায়েলের দিকে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান – দাবি ইসরায়েলি বাহিনীর

    জেরুজালেমের আকাশে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, জেরুজালেমের আকাশে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র

    ইরান ইসরায়েলের ওপর ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

    নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে জনগণকে সতর্ক করার জন্য পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে।

    আইডিএফ সকলকে হোম ফ্রন্ট কমান্ডের দেওয়া নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলেছে।

    জেরুজালেম থেকে বিবিসি সংবাদদাতা টম বেনেটো জানিয়েছেন, ইসরায়েলের মধ্যাঞ্চলে অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে।

    তার ভাষায়, "আমি জেরুজালেমে একের পর এক বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি। তেল আভিভের সহকর্মীরাও একই ধরনের শব্দ শুনতে পাচ্ছেন।"

  5. ইরান থেকে নিজের নাগরিকদের সরাতে শুরু করল ভারত

    তেহরানে ইসরায়েলি হামলা

    ছবির উৎস, Getty Images

    ইরান-ইসরাইল সংঘর্ষের মধ্যে নিজের দেশের নাগরিকদের ইরান থেকে সরিয়ে নিতে শুরু করেছে ভারত।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে মঙ্গলবার সকালে জানিয়েছে, “তেহরান থেকে ভারতীয় ছাত্রছাত্রীদের নিরাপত্তার কারণে দূতাবাসের ব্যবস্থাপনায় সরিয়ে নেওয়া হয়েছে। অন্যান্য ভারতীয় নাগরিক, যারা নিজেদের যানবাহনের ব্যবস্থা করতে পারবেন, তাদেরও উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে শহর থেকে সরে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে।"

    মন্ত্রণালয় এটাও জানিয়েছে যে, কিছু ভারতীয়কে আর্মেনিয়ার সীমান্ত দিয়ে ইরান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে দূতাবাস।

    মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে ভারতের গণমাধ্যমে লেখা হয়েছে, ইরানের উর্মিয়া শহর থেকে ১১০জন ভারতীয় ছাত্রছাত্রী আর্মেনিয়ার সীমান্তে পৌঁছেছেন সোমবার সন্ধ্যায়।

    ইরানের আকাশ সীমা আগে থেকেই বন্ধ রয়েছে, তাই সেখান থেকে বিমানে করে ভারতীয়দের সরিয়ে আনা সম্ভব হবে না।

    সেজন্য আজারবাইজান, তুর্কমেনিস্তান আর আর্মেনিয়ার মতো ইরানের সীমান্তবর্তী অন্যান্য দেশে নিয়ে গিয়ে সেখান থেকে বিমানযোগে দেশে নিয়ে আসা হবে ওই ভারতীয়দের।

    অন্যদিকে, প্রায় ৬০০ ভারতীয় ছাত্রছাত্রীকে তেহরান থেকে সরিয়ে নিয়ে কুমে নিয়ে যাওয়া হয়েছে।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতো ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় রয়েছেন, যাদের মধ্যে প্রায় ছয় হাজার সেখানে পড়াশোনা করেন।

    ভারতের যত নাগরিক তেহরানে আছেন, তারা যেন দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের অবস্থান আর যোগাযোগের নম্বর জানিয়ে রাখেন, এই অনুরোধ জানিয়েছে তেহরানের ভারতীয় দূতাবাস।

    ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরো পড়তে পারেন:

  6. তড়িঘড়ি জি-সেভেন ছেড়ে দেশে ফেরার কারণ ইরান-ইসরায়েলের 'যুদ্ধবিরতি না, আরও বড় কিছু': ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    তড়িঘড়ি করে কানাডায় চলমান জি-সেভেন সম্মেলন ছেড়ে যাওয়ার কারণ ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি নয়, বরং আরও বড় কিছু বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ বলেছিলেন, মি. ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি সংক্রান্ত কোনও আলোচনায় অংশগ্রহণ করার জন্য ওয়াশিংটন ফিরে গেছেন।

    তবে, এমানুয়েল ম্যাক্রঁ 'ভুল' বলেছেন উল্লেখ করে মি. ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, "আমি কেন ওয়াশিংটন ফিরে যাচ্ছি, তার (ম্যাক্রঁ) সে ব্যাপারে কোনও ধারণাই নেই।"

    "তবে, এটা নিশ্চিত যে এর সাথে যুদ্ধবিরতির কোনও সম্পর্ক নেই। এটির তার থেকেও বড় কিছু।"

    যদিও সেই 'বড়' ব্যাপারটি ঠিক কী - তার বিস্তারিত কিছু বলেননি পোস্টে মি. ট্রাম্প।

    তবে, তিনি পোস্ট শেষ করেছেন রহস্যময়ভাবে "স্টে টিউনড" বা 'সাথেই থাকুন' শব্দবন্ধ লিখে।

    ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরো পড়তে পারেন:

  7. ট্রাম্প কেন তড়িঘড়ি জি-সেভেন সম্মেলন ছেড়ে দেশে ফিরলেন?

    তড়িঘড়ি করে কানাডা ছেড়েছেন ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, তড়িঘড়ি করে কানাডা ছেড়েছেন ডোনাল্ড ট্রাম্প

    মধ্যপ্রাচ্যে যখন ইরান-ইসরায়েলের মাঝে টানটান উত্তেজনা চলছে, তখন হঠাৎ মাঝপথে কানাডায় চলমান জি সেভেন সম্মেলন ছেড়ে ওয়াশিংটন ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    বিমানে ওঠার আগে তিনি সাংবাদিকদের সাথেও কথা বলেননি।

    বিবিসি'র মধ্যপ্রাচ্য সংবাদদাতা জেমস ল্যান্ডেল এক রিপোর্টে লিখেছেন, মি. ট্রাম্পের তড়িঘড়ি করে জি সেভেন ছাড়ার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

    মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণেই ডোনাল্ড ট্রাম্প আগেভাগে সম্মেলন ছেড়েছেন।

    কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন, 'খুব গুরুত্বপূর্ণ' কারণে তাকে ওয়াশিংটনে ফিরতে হচ্ছে। বিস্তারিত কিছু না বলে যাওয়ার কারণকে তিনি 'বড় কিছু' (বিগ স্টাফ) হিসাবে অভিহিত করেছেন।

    এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ইরানের নাগরিকদের উদ্দেশ্যে দ্রুত তেহরান ছাড়ার আহ্বান জানান, যা বিশ্বব্যাপী ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনার জন্ম দেয়।

    ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে সরাসরি অংশ নিবে কিনা, এই নিয়ে শুরু থেকেই হিসাব নিকাশ চলছে।

    তবে হোয়াইট হাউজ ও পেন্টাগনের কর্মকর্তারা এই সম্ভাবনাকে নাকচ করে দেন।

    এদিকে, ডোনাল্ড ট্রাম্প কানাডা ছাড়ার সময় জি সেভেন নেতারা এক যৌথ বিবৃতি দেন। তবে সেখানে যুদ্ধবিরতির কোনও আহ্বান জানানো হয়নি।

    বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে এবং ইরানকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদের উৎস হিসাবে সংজ্ঞায়িত করা হয় এবং বলা হয়, ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না।

    ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরো পড়তে পারেন:

  8. ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দুই

    ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর প্রধান কার্যালয়ে

    ছবির উৎস, IRIB

    তেহরানে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর প্রধান কার্যালয়ের ভবনে ইসরায়েলি হামলায় প্রতিষ্ঠানটির একজন নিউজ এডিটর ও আরেকজন কর্মী নিহত হয়েছেন।

    ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ মৃত্যূর এই খবর নিশ্চিত করেছে।

    সোমবার, অর্থাৎ হামলার দিন দেশটির গণমাধ্যম জানিয়েছিলো যে ওই হামলা একজন কর্মী নিহত হয়েছেন। তবে আজ ওই নিউজ এডিটরের মৃত্যূতে সংখ্যা বেড়ে দুইজন হলো।

    গতকাল ওই ভবনের ইসরায়েলি হামলার ফুটেজে দেখা গিয়েছিলো যে আইআরআইবি'র ভবনে বিস্ফোরণ হওয়ার সাথে সাথে স্টুডিওর আলো নিভে যায় এবং কর্মরতদের মাথার ওপর ছাদ থেকে ধ্বংসাবশেষ ভেঙ্গে পড়ে।

    এরপর মুহূর্তেই সম্প্রচার বন্ধ হয়ে যার।

    ফের সম্প্রচার চালু হয়ে এক ঘণ্টা লেগে গিয়েছিলো।

    ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরো পড়তে পারেন:

  9. আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়িয়েছে ইরান

    ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, যাত্রী ও বিমানের সুরক্ষায় দেশটির আকাশসীমা স্থানীয় সময় বেলা দুইটা পর্যন্ত বন্ধ থাকবে।

    শুক্রবার ইসরায়েল ইরানের পরমাণু এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পর থেকে দেশটির আকাশসীমা বন্ধ রয়েছে।

    সেসময় থেকে বিকল্প রুটে বিমান চলাচল করছে।

    আইআরএনএ আরও বলেছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া আকাশসীমা বন্ধ থাকবে।

  10. মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে জি-৭ এর যৌথ বিবৃতি

    জি সেভেন নেতারা

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, কানাডায় জি সেভেন নেতৃবৃন্দের গ্রুপ ছবি

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়েছে বিশ্বের সাতটি শিল্পোন্নত দেশের জোট জি সেভেন। আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তারা জানায়, তারা ওই দুই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

    নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বিবৃতিতে বলা হয়, "এই প্রেক্ষাপটে আমরা আবারও বলছি যে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। একই সঙ্গে দেশটির নিরাপত্তার প্রতিও আমাদের সমর্থন অব্যাহত থাকবে।”

    জি সেভেন নেতারা বিবৃতিতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরেন।

    মধ্যপ্রাচ্যে 'অস্থিরতা ও সন্ত্রাসের' প্রধান উৎস হিসাবে ইরানকে চিহ্নিত করেন জি সেভেন নেতারা।

    "আমরা ধারাবাহিকভাবে স্পষ্ট করে বলছি যে ইরান কখনও পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।। আমরা চাই, ইরান ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়েই পুরো অঞ্চলের অস্থিরতা হ্রাস পাক।

    এর মধ্যে গাজায় যুদ্ধবিরতিও অন্তর্ভুক্ত," বলা হয় জি সেভেন-এর ওই বিবৃতিতে।

    পাশাপাশি, বিশ্ববাজারে জ্বালানি নিয়ে যে অস্থিতিশীল অবস্থা চলছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।

  11. ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সরানোর সুযোগ নেই – মার্কিন দূতাবাস

    ইসরায়েলে ইরানের হামলা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলে ইরানের হামলা চলছে

    ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের এখনই সরিয়ে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস।

    মঙ্গলবার এক বিবৃতিতে দূতাবাস জানায়, "মার্কিন দূতাবাস এই মুহূর্তে ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে বা আমেরিকানদের সরাসরি সহায়তা করতে সক্ষম নয়।"

    এছাড়াও, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাসের কর্মীদের নিজ নিজ বাসভবনের আশপাশেই অবস্থান করতে বলা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে যে আজ মঙ্গলবার দূতাবাসটি বন্ধ থাকবে।

    অন্যদিকে, ইসরায়েল-ইরানের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চীনা দূতাবাস দেশটিতে থাকা তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব জর্ডানের স্থল সীমান্ত দিয়ে ইসরায়েল ছাড়ার আহ্বান জানিয়েছে।

  12. তেহরানের মানুষকে 'অতিসত্বর' সরে যেতে বললেন ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, EPA

    আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মন্তব্য করেছেন যে সবার 'অতিস্বত্তর' তেহরান ছেড়ে যাওয়া উচিৎ।

    মি ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। একইসাথে তেহরানের বাসিন্দাদের সরে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

    জি সেভেন সম্মেলনের জন্য সোমবার কানাডায় থাকলেও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের আগেই তিনি যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বলে জানা গেছে হোয়াইট হাউজের পক্ষ থেকে।

    ডোনাল্ড ট্রাম্প তেহরানের মানুষকে 'অতিসত্বর' সরে যেতে বলছেন

    ছবির উৎস, Truth Social/@realDonaldTrump

    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প তেহরানের মানুষকে 'অতিসত্বর' সরে যেতে বলছেন
  13. ইসরায়েল থেকে নাগরিকদের সরে যেতে বলল চীনা দূতাবাস

    ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সংঘাতের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ইসরায়েলে থাকা চীনা নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে বেইজিংয়ের দূতাবাস।

    এক বিবৃতিতে চীনা দূতাবাস উইচ্যাটে জানিয়েছে, "ইসরায়েলে থাকা চীনা নাগরিকদের নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার শর্তে যত দ্রুত সম্ভব স্থল সীমান্ত দিয়ে দেশটি ত্যাগ করার কথা মনে করিয়ে দিচ্ছে চীনা মিশন।"

    বিবৃতিতে আরও বলা হয়েছে, "জর্ডানের দিকে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।"

    বেইজিংয়ের দূতাবাস মঙ্গলবার জানিয়েছে, সংঘাত "ক্রমশ বাড়ছে"।

    "অনেক বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও গুরুতর হচ্ছে," বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

  14. ইরান-ইসরায়েল সংঘাতে মঙ্গলবার সকাল পর্যন্ত যা যা ঘটেছে

    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে চলে যেতে বলেছেন। এর কিছুক্ষণ পর থেকেই তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যেতে থাকে।
    • ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কিছুক্ষণের জন্য টেলিভিশনটির সম্প্রচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেলেও পরে সেটি পুনরায় চালু হয়। হামলায় কর্মীদের অনেকেই নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
    • ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, গণমাধ্যম কার্যালয়টি ইরান সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছিল।
    • ইরান উত্তেজনা নিরসনের বিষয়ে কথা বলতে চায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে 'সময় থাকতেই' ইরান ও ইসরায়েলের আলোচনার টেবিলে বসা উচিৎ বলে মনে করেন তিনি।
    • ইরানে নতুন করে ইসরায়েলি হামলার খবরে দলে দলে তেহরান ছাড়ছেন সেখানকার বাসিন্দারা।
    • তেহরানের একটি বড় অংশের বাসিন্দাদের এলাকা ছেড়ে "অবিলম্বে" অন্যত্র সরে যেতে বলেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ)।
    • ইরানের সঙ্গে সংঘর্ষে ইসরায়েল বিজয় অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
    • ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ইসরায়েল 'সরাসরি' হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
    • ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন এবং এরদোয়ান।
    • ইরান-ইসরায়েল পাল্টা-পাল্টি হামলা অব্যাহত থাকায় আপাতত ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
    • ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা জরুরি প্রয়োজনে যেন যোগাযোগ করতে পারেন, সেজন্য 'হটলাইন' চালু করেছে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস।
    • 'আয়রন ডোমে' আগের মতো ভরসা পাচ্ছেন না সাধারণ ইসরায়েলিরা।
    • ইরানের মিসাইল লঞ্চার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের 'এক তৃতীয়াংশ ধ্বংস' করে দেওয়ার দাবি করেছে ইসরায়েলের সেনা বাহিনী।
    • পরমাণু বিষয়ক আলোচনা অব্যাহত রাখতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আগে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
    • ইসরায়েলের বিরুদ্ধে ইরানিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের।
    • রোববার রাতে ইরানের হামলায় ইসরায়েলে আট জন নিহত হয়েছেন।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়। রিপোর্ট করছেন মরিয়ম সুলতানা।

    বিবিসি বাংলায় আরো খবর পেতে ক্লিক করুন এখানে