আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

গুমের শিকার হলে অভিযোগ জানাতে হবে সেপ্টেম্বরের মধ্যে, রাজনৈতিক প্রতিহিংসার মামলা প্রত্যাহারে কমিটি গঠন

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বামপন্থী দিসানায়েক। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে হবে প্রতি বছর। রাঙ্গামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, তিন জেলায় অবরোধ চলছে। ইসরায়েল-হেজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

সরাসরি কভারেজ

  1. তিন পার্বত্য জেলায় সবশেষ পরিস্থিতি

    পাহাড়ি-বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে চার জন নিহত এবং অগ্নিসংযোগের প্রতিবাদে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ৭২ ঘন্টার অবরোধ চলছে।

    বিবিসি বাংলার সংবাদদাতা মুকিমুল আহসান ঘটনাস্থল থেকে জানাচ্ছেন, অবরোধের দ্বিতীয় দিন রোববার খাগড়াছড়ির বিভিন্ন রাস্তায় গাছের গুড়ি ফেলে রাস্তা আটকে রেখেছে স্থানীয় বিক্ষোভকারীরা।

    অবরোধের কারণে তিনটি জেলায় দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

    তিন পার্বত্য অঞ্চলের বিভিন্ন জায়গায় চলছে সেনাবাহিনীর টহল।

    বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীকে তল্লাশি চালাতেও দেখা গেছে।

    শুক্রবার ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র–জনতার’ ব্যানারে ৭২ ঘণ্টার এই অবরোধের ডাক দেওয়া হয়।

  2. আড়াই মাসের বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু

    আড়াই মাসের বেশি সময় পর রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে। তবে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৩০শে সেপ্টেম্বর থেকে।

    গত ১২ই সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ডিনস কমিটির সুপারিশের আলোকে ওই সভায় ২২শে সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষ ছাড়া অন্য সব বর্ষের ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়।

    সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলন এবং শিক্ষকদের সর্বজনীন পেনশন কাঠামোর একটি স্কিম নিয়ে ডাকা কর্মসূচির কারণে গত পহেলা জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল।

    পরে সাতই জুলাই থেকে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেন।

    কোটা আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়লে উদ্ভূত পরিস্থিতিতে ১৭ই জুলাই আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

    এর আগে গত দোসরা জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হয়। ছুটি শেষে পহেলা জুলাই ক্লাস শুরুর কথা থাকলেও কোটা আন্দোলনের কারণে তখন থেকে ক্লাস বন্ধ ছিল।

    সে হিসেবে ১১২ দিন বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হল।