অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

গত কয়েকদিনের মতো মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। অনেক স্থানে ছাত্রলীগ ও পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সহিংসতায় ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ছয় জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামলাতে কয়েকটি শহরে বিজিবি মোতায়েন।

সার সংক্ষেপ

  • ঢাকা, রংপুর ও চট্টগ্রামে ছাত্রলীগ ও পুলিশের সাথে সংঘর্ষে ছয় জনের মৃত্যু
  • অনির্দিষ্টকালের জন্য দেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল-সমাবেশ, অন্যদিকে পাল্টা সমাবেশ ছাত্রলীগের
  • ঢাকা ময়মনসিংহ, বগুড়া, রংপুরসহ সারাদেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সড়ক, মহাসড়ক অবরোধ
  • অনেক স্থানে ছাত্রলীগ ও পুলিশের সাথে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ
  • পরিস্থিতি সামলাতে কয়েকটি শহরে বিজিবি মোতায়েন

সরাসরি কভারেজ

  1. আন্দোলনকারীদের দখলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগের কোনও অবস্থান দেখা যায়নি

    গতরাতের হামলার ঘটনার পর ক্যাম্পাসে অবস্থান নিয়ে ফের বিক্ষোভ শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা।

    বিশ্ববিদ্যালয়ের আশেপাশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শ’ শিক্ষার্থীও তাদের সঙ্গে যোগ দিয়েছেন।

    ক্যাম্পাস ঘুরে বিবিসি বাংলার প্রতিবেদন আবুল কালাম আজাদ জানিয়েছেন, সকাল থেকেই আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রবশেদ্বারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে আছেন।

    কোটা সংস্কারের দাবি মেনে নেওয়ার পাশাপাশি সোমবার রাতে আন্দোলনকারীদের উপর হামলাকারীদের শাস্তির দাবি করেছেন তারা।

    অন্যদিকে, ক্যাম্পাসে ছাত্রলীগের কোনও অবস্থান দেখা যায়নি।

    মঙ্গলবার আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকের হাতে লাঠি-সোটা দেখা গেছে।

    তারা বলছেন যে, আত্মরক্ষার্থেই তারা নিজেদের কাছে লাঠি রেখেছেন।

    উল্লেখ্য যে, সোমবার মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

    আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, মধ্য রাতে ছাত্রলীগ এবং বহিরাগতরা মিলে তাদের উপর দফায় দফায় হামলা করেছে।

    এতে অনেক শিক্ষার্থীর পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষকও আহত হয়েছেন।

    জাবি
    ছবির ক্যাপশান, গতরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনেও ভাংচুরের ঘটনা ঘটে
    জাবি
    ছবির ক্যাপশান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান
  2. শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন সালমান মুক্তাদির

    সুপরিচিত ইউটিউবার সালমান মোহাম্মদ মুক্তাদির শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।

    তিনি তার অফিশিয়াল ফেইসবুক পেইজে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে লিখেছেন যে থাকার জায়গা বা চিকিৎসা সংক্রান্ত কোনও সহায়তার প্রয়োজন হলে তিনি শিক্ষার্থীদের পাশে থাকবেন।

    শিক্ষার্থীদের ওপর করা হামলার ভিডিওগুলো তাকে মর্মাহত করেছে, তিনি সেকথাও জানিয়েছেন।

    সালমান মুক্তাদিরের ফেইসবুক পোস্ট

    ছবির উৎস, Facebook/Salman Mohammad Muqtadir

  3. 'টেন মিনিট স্কুলে' সরকারের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল

    জুনাইদ আহমেদ পলকের স্ট্যাটাস

    ছবির উৎস, Facebook

    দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করার ঘোষণা দিয়েছে সরকার।

    তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন সরকারি কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড মঙ্গলবার একটি ফেসবুক স্ট্যাটাসে ঘোষণা দিয়েছে, ''টেন মিনিট স্কুল-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।''

    ঠিক একই বক্তব্য নিজের ফেসবুক পাতায়ও একটি স্ট্যাটাসে শেয়ার করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

    বিনিয়োগ প্রস্তাব বাতিল করার কোন কারণ উল্লেখ করা হয়নি।

    তবে সম্প্রতি কোটা সংস্কারের সমর্থনে কয়েকটি পোস্ট দিয়েছেন টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে ফেইসবুকে একটি পোস্ট দেন।

    একটি পোস্টের ক্যাপশনে লেখা, “আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।” দুই দিন আগে তিনি ফেসবুকে আরেকটি পোস্টে লিখেছিলেন, ‘কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা।’

    আয়মান সাদিকের স্ট্যাটাস

    ছবির উৎস, Facebook

  4. কোটা সংস্কারে নিয়ে অ্যামনেস্টির বিবৃতি

    মনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি

    ছবির উৎস, Facebook/AmnestySouthAsia

    ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

    সোমবার সংস্থাটির সাউথ এশিয়া বিষয়ক ভেরিফায়েড ফেইসবুক পেইজে একটি পোস্ট করা হয়। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের অবিলম্বে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

  5. পাল্টাপাল্টি কর্মসূচিতে থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয়, সতর্ক অবস্থানে পুলিশ

    টিএসসিতে সমবেত হচ্ছেন কোটা আন্দোলনকারীরা
    ছবির ক্যাপশান, টিএসসিতে সমবেত হচ্ছেন কোটা আন্দোলনকারীরা

    গতকালের সহিংসতার পর কোটা আন্দোলনকারী এবং ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

    বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে বিবিসি সংবাদদাতা জানিয়েছেন যে, পাল্টাপাল্টি কর্মসূচির মুখে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় উপাচার্যের বাসভবন ছাড়াও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের সদস্যরা।

    ফলে সকাল থেকে কলাভবন, টিএসসি, কার্জন হলসহ কোথাও শিক্ষার্থীদেরকে অবস্থান নিতে দেখা যায়নি।

    তবে বেলা দুইটার পর রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিতে দেখা গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের।

    এ সময় তাদের অনেকের হাতে লাঠি-সোটা এবং রড দেখা গেছে।

    অন্যদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী, বেলা আড়াইটার দিকে ছোট ছোট মিছিল নিয়ে টিএসসির দিকে যেতে দেখা গেছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের।

    উল্লেখ্য যে, গতকালের হামলার প্রতিবাদে মঙ্গলবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যসহ সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দেয় কোটা আন্দোলনকারীরা।

    এর বিপরীতে একইদিন বেলা দেড়টাই বিভিন্ন ক্যাম্পাসে সমাবেশ করার ঘোষণা দেয় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

  6. রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা

    রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা
    রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা
    রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা
  7. ঢাকার বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবস্থান

    শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে বনানীর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়
    ছবির ক্যাপশান, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে বনানীর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
    ছবির ক্যাপশান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ
    বনানীতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের
    ছবির ক্যাপশান, বনানীতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের
    কুড়িল এলাকার রাস্তাঘাট আটকে দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা
    ছবির ক্যাপশান, কুড়িল এলাকার রাস্তাঘাট আটকে দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা
  8. গুগল ম্যাপে ঢাকার অনেক রাস্তা বন্ধ দেখাচ্ছে

    দুপুর ২টা ১৫ মিনিটে গুগল ম্যাপে দেখা যাচ্ছে ঢাকার অনেক রাস্তা বন্ধ হয়ে পড়েছে। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেসব এলাকায় রয়েছে তার সামনের রাস্তাগুলোতে যান চলাচল স্থবির হয়ে পড়েছে।

    গুগল ম্যাপ
    ছবির ক্যাপশান, গুগল মানচিত্রে ঢাকা
  9. ঢাকার বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ, প্রগতি সরণি বেশ কিছু সড়কে যান চলাচল বন্ধ

    কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার দুপুরে ঢাকার বেশ কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

    এতে প্রগতি সরণিসহ বেশ কিছু সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

    একইসঙ্গে, আশেরপাশের সড়কগুলোতেও তীব্র যানজট দেখা যাচ্ছে।

    ঘটনাস্থল থেকে বিবিসি বাংলার প্রতিবেদকরা জানাচ্ছেন যে, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বনানী মোড়, কুড়িল মোড়, নতুন বাজার এবং মেরুল বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    এর মধ্যে মেরুল বাড্ডায় সড়ক অবরোধ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    নতুন বাজার এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    আর কুড়িল বিশ্বরোড় মোড় এবং বসুন্ধরা আবাসিক এলাকায় সড়ক অবরোধ করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    এতে কুড়িল মোড় থেকে রামপুরা মোড় পর্যন্ত অংশে প্রগতি সরণিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

    অন্যদিকে, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বনানী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষাভ করতে দেখা গেছে।

    এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

    সড়ক অবরোধ
    ছবির ক্যাপশান, বনানী মোড়ে অবস্থান নিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১২টার ছবি।
    সড়ক অবরোধ
    ছবির ক্যাপশান, ঢাকার নতুন বাজার মোড়ে সড়ক অবরোধ করেছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা
  10. , কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিবিসি বাংলার লাইভ

    বাংলাদেশের কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিনের মতো মঙ্গলবার ঢাকায় সড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার রাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের কর্মীদের সাথে শিক্ষার্থীদের সহিংসতার ঘটনাও ঘটেছে।

    এ নিয়ে সর্বশেষ সব তথ্য জানাতে বিবিসি বাংলার সরাসরি আয়োজনে আপনাকে স্বাগতম।