অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

গত কয়েকদিনের মতো মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। অনেক স্থানে ছাত্রলীগ ও পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সহিংসতায় ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ছয় জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামলাতে কয়েকটি শহরে বিজিবি মোতায়েন।

সার সংক্ষেপ

  • ঢাকা, রংপুর ও চট্টগ্রামে ছাত্রলীগ ও পুলিশের সাথে সংঘর্ষে ছয় জনের মৃত্যু
  • অনির্দিষ্টকালের জন্য দেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল-সমাবেশ, অন্যদিকে পাল্টা সমাবেশ ছাত্রলীগের
  • ঢাকা ময়মনসিংহ, বগুড়া, রংপুরসহ সারাদেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সড়ক, মহাসড়ক অবরোধ
  • অনেক স্থানে ছাত্রলীগ ও পুলিশের সাথে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ
  • পরিস্থিতি সামলাতে কয়েকটি শহরে বিজিবি মোতায়েন

সরাসরি কভারেজ

  1. কোটা সংস্কার আন্দোলনে সারাদিন যা যা হলো

    ঢাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ঢাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ

    মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। সারাদিন যা যা হয়েছে, এখানে সংক্ষেপে উল্লেখ করা হলো:

    সকাল এগারোটার দিকে বেসরকারি ব্র্যাক, ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড্ডা রামপুরা সড়ক অবরোধ করে। তাদের এই আন্দোলনে যোগ দেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

    একই সময় ময়মনসিংহ, বগুড়া, বরিশাল, রাজশাহী, রংপুরসহ সারাদেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সড়ক, মহাসড়ক অবরোধ করে। অনেক স্থানে ছাত্রলীগ ও পুলিশের সাথে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।

    দুপুরে রংপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ মারা যায়।

    বিকেলে পরিস্থিতি খারাপের দিকে গেলে ঢাকা, রাজশাহী, বগুড়া ও চট্টগ্রামে বিজিবি মোতায়ন করা হয়।

    ঢাকার মহাখালীতে রেললাইন অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দেয়। দুপুরের পর তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক শ’ শিক্ষার্থীও তাদের সঙ্গে যোগ দেয়।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছ থেকে লাঠি সোটা নিতে আসলে বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর ড. আব্দুল মুহিতকে মারধর করে শিক্ষার্থীরা।

    বিকেলে ঢাকা সায়েন্স ল্যাবের মোড়ে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। পরে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাদেরকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

    দুপুরে চট্টগ্রামের মুরাদনগর কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। চট্টগ্রামে গাছের গুড়ি ফেলে রেলপথ অবরোধ করে চট্টগ্রামের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

    কোটা সংস্কারে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য দেশের স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। স্থগিত করা হয়েছে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও।

    কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবারের কর্মসূচি শেষ করে রাত আটটার দিকে হলে ফিরে গেছে। পরবর্তীতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

    ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    ছবির ক্যাপশান, ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
  2. ছয় ঘণ্টা পর হলে ফিরলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারীরা

    রাতে শিক্ষার্থীদের সমাবেশ
    ছবির ক্যাপশান, রাতে শিক্ষার্থীদের সমাবেশ

    কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবারের কর্মসূচি শেষ করে রাত আটটার দিকে কর্মসূচি শেষ করে হলে ফিরে গেছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে দুপুরে দুইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে শুরু করে।

    আগের দিন সংঘর্ষে অনেকে আহত হওয়ার পর এদিন আন্দোলনরত শিক্ষার্থীদের অনেকেই কর্মসূচিতে অংশ নেয় হাতে লাঠিসোঠা নিয়ে।

    এ সময় বিভিন্ন আবাসিক হল থেকে ছাত্রীরাও যোগ দেন এই বিক্ষোভ কমসূচিতে।

    এ সময় কোটা বাতিল ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন তারা।

    কোটা সংস্কার আন্দোলনকারীরা যখন শহীদ মিনার এলাকায় অবস্থান নেন, একই সময় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

    সহিংসতা এড়াতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

    রাত সাড়ে সাতটার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে উপাচার্যের সামনে জড়ো হয়।

    পরে সেখানে থাকা আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাদেরকে রাজু ভাষ্কর্যের যেতে বাঁধা দেয়।

    তখন আন্দোলনকারীরা উপাচার্য ভবনের সামনেই মঙ্গলবারের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে।

    এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন, “বুধবার পবিত্র আশুরার বন্ধ থাকায় সবার সাথে আলোচনা করে কালকের কর্মসূচি ঘোষণা করা হবে”।

    পরে আন্দোলনরত শিক্ষার্থীরা সেখান থেকে হলে হলে ফিরে যায়।

    মাইকিং করে তাদের দলবদ্ধ হয়ে হলে ফিরে যেতে ঘোষণা দেয়া হয় সমন্বয়কদের পক্ষ থেকে।

    কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা
    ছবির ক্যাপশান, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা
  3. অনির্দিষ্টকালের জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

    কোটা সংস্কারে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য দেশের স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। স্থগিত করা হয়েছে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও।

    মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এম খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউট সমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

    একই সময় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা।

    বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে আরো জানান হয়েছে, বৃহস্পতিবারের পরীক্ষা বন্ধ থাকলেও আগামী ২১ তারিখ থেকে আগের রুটিনেই চলবে পরীক্ষা।

  4. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাদের হলের রুম ভাঙচুর

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে মঙ্গলবার ছাত্রলীগ নেতাকর্মীদের রুম ভাঙচুর করে কোটা সংস্কার আন্দোলনকারীরা
    ছবির ক্যাপশান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে মঙ্গলবার ছাত্রলীগ নেতাকর্মীদের রুম ভাঙচুর করে কোটা সংস্কার আন্দোলনকারীরা
    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে ছাত্রলীগ নেতাকর্মীদের রুম ভাঙচুরের ছবি
    ছবির ক্যাপশান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে ছাত্রলীগ নেতাকর্মীদের রুম ভাঙচুরের ছবি
    কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগ নেতাদের রুম ভাঙচুর করে
    ছবির ক্যাপশান, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগ নেতাদের রুম ভাঙচুর করে
    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগ নেতাকর্মীদের রুম ভাঙচুরের চিত্র
    ছবির ক্যাপশান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগ নেতাকর্মীদের রুম ভাঙচুরের চিত্র
  5. মঙ্গলবার সারাদেশের বিক্ষোভ ও সহিংসতার চিত্র

    রাজশাহীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে

    ছবির উৎস, Mir Qadir

    ছবির ক্যাপশান, রাজশাহীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে
    চট্টগ্রামে গাছের গুড়ি ফেলে রেলপথ অবরোধ করে চট্টগ্রামের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা

    ছবির উৎস, Kamol Das

    ছবির ক্যাপশান, চট্টগ্রামে গাছের গুড়ি ফেলে রেলপথ অবরোধ করে চট্টগ্রামের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা
    রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

    ছবির উৎস, Joynal Abedin

    ছবির ক্যাপশান, রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    ঢাকা বাড্ডা-রামপুরার রাস্তা অবরোধ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
    ছবির ক্যাপশান, ঢাকা বাড্ডা-রামপুরার রাস্তা অবরোধ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
  6. ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিষেধ, শিক্ষার্থীদের সঙ্গে বৈধ পরিচয়পত্র রাখার পরামর্শ

    কোটাবিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে নতুন এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি জরুরি বৈঠকে বসে।

    বৈঠকে বহিরাগতদেরকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত হয়।

    একইসঙ্গে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের সঙ্গে বৈধ পরিচয়পত্র রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

    পাল্টাপাল্টি অবস্থানে থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয়
    ছবির ক্যাপশান, কোটা আন্দোলনকারী এবং ছাত্রলীগের পাল্টাপাল্টি অবস্থানে থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয়
  7. চট্টগ্রামে আরও একজনের মৃত্যুর খবর

    চট্টগ্রামের মুরাদপুরে সহিংসতার সময় ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশনের ছবি

    ছবির উৎস, Komol Das

    ছবির ক্যাপশান, চট্টগ্রামের মুরাদপুরে সহিংসতার সময় ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশনের ছবি

    চট্রগ্রামের সাংবাদিকরা জানাচ্ছেন, সেখানে সহিংসতায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শহরটিতে মোট তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বিবিসি বাংলাকে বলেছেন, মঙ্গলবারের সহিংসতায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে।

    স্থানীয় সাংবাদিক এমদাদুল হক বিবিসি বাংলাকে জানিয়েছেন, হাসপাতালের খাতায় তার নাম ফয়সাল আহমেদ হিসাবে লেখা করা হয়েছে। তিনি চট্টগ্রামের এমইএস কলেজের ছাত্র বলে জানা গেছে।

    এ নিয়ে চট্টগ্রামে সহিংসতায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে দুইজনের মৃত্যুর খবর জানিয়েছিল চট্টগ্রামের পুলিশ।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

    ছবির উৎস, Emdadul Haque

    ছবির ক্যাপশান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
  8. ‌আন্দোলনকারীদের ‘বীর মুক্তিসেনা’ আখ্যা জাতীয় পার্টির, কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিলো জাতীয় পার্টি

    চলমান কোটা সংস্কারের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

    মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন দলটির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের।

    "ছাত্রছাত্রীদের অহিংস কোটা সংস্কারের আন্দোলনের প্রতি আমরা সমর্থন জ্ঞাপন করছি এবং এই যৌক্তিক আন্দোলনে সশস্ত্র বাঁধাদানের ঘটনার নিন্দা জানাচ্ছি," বিবিসি বাংলাকে বলেন মি. কাদের।

    তিনি আরও বলেন, "বর্তমান শাসকশ্রেণি, সরকারসৃষ্ট এই সুবিধাভোগী গোষ্ঠীর মাধ্যমে দেশের জনগণকে শাসন–শোষণ করে চলেছেন। সামনের দিনগুলোতেও এ উদ্দেশ্য আরও ব্যাপকভাবে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে।"

    "কোমলমতি তরুণসমাজ এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে। সেই কারণে আমি তাদের বৈষম্যমুক্তির এ সংগ্রামের বীর যোদ্ধা বা বীর মুক্তিসেনা বলে মনে করছি," বিবিসি বাংলাকে বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

    জাতীয় পার্টি

    ছবির উৎস, JATIYA PARTY

    ছবির ক্যাপশান, কোটা সংস্কারের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি
  9. চার শহরে বিজিবি মোতায়েন

    চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের চারটি শহরে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে।

    বিজিবি সদর দপ্তর থেকে জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

    মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

    এর মধ্যে ঢাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

    টহলরত বিজিবির সদস্যরা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, টহলরত বিজিবির সদস্যরা (ফাইল ফটো)
  10. ঢাকা কলেজের সামনে দুইজনের মৃত্যু

    রাজধানীর ঢাকা কলেজের সামনে সহিংসতায় দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    বিকালে ঢাকা কলেজের সামনের এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।

    তবে, তার পরিচয় কিংবা মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায় নি।

    প্রত্যক্ষদর্শীরা বিকেলে ওই যুবককে ঢাকা কলেজের সামনে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

    সন্ধ্যার পরে ওই এলাকা থেকে আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ব্যক্তির নাম শাহজাহান, নিউমার্কেটে একটি ব্যবসা করতেন বলে জানা গেছে।

  11. এই প্ল্যাটফর্মে আর সাধারণ শিক্ষার্থীরা নেই, আছে জামায়াতের প্রেতাত্মা: ছাত্রলীগ

    কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ''এই প্ল্যাটফর্মে আর সাধারণ শিক্ষার্থীরা নেই। এখানে আছে জামায়াতের প্রেতাত্মা।''

    ''ওপেন চ্যালেঞ্জ দিতে বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষে তারা ভাঙচুর করেছে। শহীদুল্লাহ হলে আপনারা গিয়ে দেখেন আপনারা। ''

    তিনি ঘোষণা দেন, সাধারণ শিক্ষার্থীদের আক্রমণ করা হলে বাংলাদেশ ছাত্রলীগ রক্ত দিয়ে হলেও তা প্রতিরোধ করবেন। যারা বাড়াবাড়ি করছেন, যারা আমি রাজাকার বলছেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, তাদের উদ্দেশে বলছি আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে।''

    ''সব কিছু মনে রাখা হবে। একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না। সবকিছু দেখা হচ্ছে। যা করবেন বুঝে শুনে করবেন। সকল সাধারণ শিক্ষার্থীকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি দেয়ার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ যৌক্তিক সমাধান চায়।''

  12. চট্টগ্রামে সহিংসতায় দুইজনের মৃত্যু: পুলিশ

    চট্টগ্রামের মুরাদপুরে বিক্ষোভের ছবি

    ছবির উৎস, Kamol Das

    ছবির ক্যাপশান, চট্টগ্রামের মুরাদপুরে বিক্ষোভের ছবি

    চট্টগ্রামে সহিংসতায় আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষের সময় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানিয়েছেন, নিহত ওই দুইজনের মধ্যে একজন চট্টগ্রাম কলেজের ছাত্র। তার নাম আকরাম হোসেন। তবে, অপর পথচারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায় নি।

    পুলিশ কমিশনার মি. ইসলাম বলেন, চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের সাথে নগরীর তিনটি জায়গায় সংঘর্ষ হয়েছে। তবে, কোন জায়গার সংঘর্ষে তারা মারা গেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায় নি।

    তিনি বলেন, নিহত পথচারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেলেও, চট্টগ্রাম কলেজের নিহত ওই ছাত্রের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।

    পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পুলিশ কোথাও কোন গুলি চালায় নি।

    কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ঢাকায় সহিংসতার ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ঢাকায় সহিংসতার ছবি
  13. ঢাকার সায়েন্স ল্যাবে সংঘর্ষ, বেশ কয়েকজন আহত

    ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    এতে পথচারীসহ বেশ কয়েক আহত হয়েছেন বলে জানা গেছে।

    চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর একটার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

    এতে মিরপুর সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

    দুপুর দু্ইটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

    তারা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করলে পথচারীসহ বেশ কয়েকজন আহত হন।

    গতকালও ঢাকার বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছিল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, গতকালও ঢাকার বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছিল
  14. লাঠিসোটা নিতে এসে মারধর

    শহীদ মিনারের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছ থেকে লাঠি সোটা নিতে আসলে সহকারি প্রক্টর ড. আব্দুল মুহিতকে মারধর করে শিক্ষার্থীরা।

    প্রক্টোরিয়াল বডির বেশ কয়েকজন সদস্য ক্যাম্পাসে বহিরাগতদের বের হয়ে যাবার নির্দেশ দিয়ে হ্যান্ড মাইকিং করছিলেন

    এ সময় শহীদ মিনারে থাকা কোটা আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে উঠে প্রথমে ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকেন এবং পরে মারধর শুরু করেন।

    কোটা আন্দোলনকারীদের দাবি, ছাত্রলীগ গতকাল প্রচুর বহিরাগত নিয়ে এসেছিল। কিন্তু তাদের কিছু না বলে প্রশাসন আজ প্রকৃত ছাত্রদের কাছে এসেছে।

  15. কোটা সংস্কার, আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না: আইনমন্ত্রী

    বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক
    ছবির ক্যাপশান, বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক

    কোটা সংস্কারের বিষয়ে সরকার সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

    প্রশ্ন উঠেছে কোটা আদালতের বিষয় নয়, সরকারের বিষয়- একথা উল্লেখ করে তিনি বলেন, ''আদালতে যখন একটি বিষয় যায়, তখন সরকার অপেক্ষা করে আদালত কি বলে, তারপর সরকারের পদক্ষেপ নেওয়ার সময় হয়। তাই কোটার বিষয়ে সরকার আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করবে।''

    ''সরকার বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে সম্মান করবে। কোটার বিষয়ে সর্বোচ্চ আদালত যে রায় দিবে সরকার সেটা বিবেচনা করবে। সেটা প্রতিপালন করার চেষ্টা করবে। সরকার কোটার বিষয়ে সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না।''

    ঢাকায় একটি সেমিনারে আইনমন্ত্রী বলেন, ''প্রধানমন্ত্রী ২০১৮ সালে কোটা বাতিল করেন। এরপর ৭ থেকে ৮ জন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে মামলা করেন। আজ যারা কোটা আন্দোলন করছেন, তারা তো হাইকোর্টে যাননি। হঠাৎ একদিন যখন হাইকোর্টের রায়ের কথা পত্রিকায় বের হয়েছে, তখন তারা আন্দোলনে নেমে পড়েছেন। পরে তারা হাইকোর্টে না গিয়ে রাস্তায় আন্দোলনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।''

    তিনি বলেন, ''স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী ছাত্রছাত্রীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরতে পারেন। আদালত মূল দরখাস্ত বিবেচনা, নিষ্পত্তিকালে তাদের বক্তব্য বিবেচনায় নেবেন। সর্বোচ্চ আদালত তাদের এ আশ্বাস পর্যন্ত দিয়েছেন। তারপরও এ আন্দোলন করার কোনো প্রয়োজনীয়তা আছে? আন্দোলনের যে স্লোগান দেওয়া হচ্ছে, এর প্রয়োজনীয়তা থাকে?''

  16. ধংসাত্মক কাজ করলে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষার্থীদেরকে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

    কোটা সংস্কার আন্দোলনকারীরা ধংসাত্মক কোনও কাজ করলে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

    মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

    "চাকরিতে কোটা নিয়ে আন্দোলন করা হচ্ছে, তা নিয়ে বলার কিছু নেই। কিন্তু তারা যদি ভাঙচুর করেন, কারও পরামর্শে-নেতৃত্বে ধংসাত্মক কাজ করেন, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না," বলেন মি. কামাল।

    তিনি আরও বলেন, "ধ্বংসাত্মক কিছু করলে, জনদুর্ভোগ সৃষ্টি করলে, রক্ত ঝরালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজটি করবে। তাদের (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর) প্রতি তা-ই নির্দেশ দেওয়া হয়েছে।"

    "যেখানেই ভাঙচুর হবে, রক্তপাত হবে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দায়িত্ব পালন করবে," বলেন মি. কামাল।

    রাস্তা অবরোধ দাবি আদায় সঠিক পন্থা নয় মন্তব্য করে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

  17. সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে: ওবায়দুল কাদের, কোটা আন্দোলনের পেছনে মতলবি মহল আছে বলে দাবি

    কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকার সময় মতো অ্যাকশনে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    মঙ্গলবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

    বর্তমানে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছে, সেটি নিয়ে বিএনপি রাজনীতি করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

    "কোটা সংস্কার আন্দোলন যা বাংলাদেশে চলছে এর নেতৃত্ব নিয়েছেন লন্ডনের দণ্ডপ্রাপ্ত তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে। একটি অরাজনৈতিক আন্দোলনকে সমর্থন দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে," বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মি. কাদের।

    "আমরা জোর করে আন্দোলনের ওপর চড়াও হবো, তখন আপনি কি বলবেন? সময় মতো সব কিছুই দেখবেন, সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে," সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন মি. কাদের।

    কাদের
    ছবির ক্যাপশান, সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
  18. ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ, মহাখালী রেললাইনের দু'পাশে দু'টি ট্রেন আটকে আছে

    ঢাকার মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

    দুপুর দুইটার দিকে সরকারি তিতুমীর কলেজ, বিএএফ শাহীন কলেজ, সাউথ ইস্ট ইউনিভার্সিটিসহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মহাখালীতে সমবেত হতে শুরু করেন।

    এসময় তারা মহাখালী রেললাইনের উপর অবস্থান নিলে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

    শেষ খবর পাওয়া পর্যন্ত মহাখালী রেললাইনের দু'পাশে দু'টি ট্রেন আটকে পড়েছে।

    সড়ক অবরোধ
    ছবির ক্যাপশান, ঢাকার বিভিন্ন পয়েন্ট সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা
  19. রংপুরে পুলিশের সাথে সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু

    রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী আবু সাঈদ
    ছবির ক্যাপশান, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী আবু সাঈদ

    রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ ইউনুস আলী বিবিসি বাংলাকে জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে আবু সাঈদ নামের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মারা গেছে। তার বাড়ি গাইবান্ধায়।

    স্থানীয় সাংবাদিক ফেরদৌস জয় বিবিসি বাংলাকে জানিয়েছেন,দুপুর আড়াইটা থেকে তিনটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সহিংসতার ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে ও গুলি করে।

    এ সময় বেশ কয়েকজন আহত হলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    নিহত আবু সাইদ ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

  20. কোটা আন্দোলন ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্য ও বাংলাদেশের হতাশা

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলার যে বক্তব্য দিয়েছেন, তাতে হতাশা জানিয়েছে বাংলাদেশ।

    ম্যাথু মিলার বলেছেন,“আমরা ঢাকা ও বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়া শিক্ষার্থী বিক্ষোভের বিষয়ে সচেতন ও পর্যবেক্ষণ করছি, যেখানে দুজন নিহত হয়েছে এবং শত শত আহত হয়েছে,” বলছিলেন তিনি।

    তবে মি. মিলার দুইজন নিহত হবার যে তথ্য দিয়েছেন, তা বিবিসি নিশ্চিত করতে পারেনি।

    তিনি বলেন, “মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যেকোনো ক্রমবিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য বিষয়। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে যেকোনো সহিংসতার নিন্দা জানাই।”

    তবে তার এই বক্তব্যে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর।

    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেছেন, ম্যাথু মিলারের বক্তব্যে তারা অত্যন্ত হতাশ।

    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে বলেছেন, "মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র চলমান কোটা সংস্কার আন্দোলনে দুইজনের মৃত্যুর যে দাবি করেছেন, তার স্বপক্ষে কোনো প্রমাণ নেই।"

    "যাচাই না করে ভিত্তিহীন তথ্যের ওপর যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য সহিংসতাকে উসকে দিতে পারে," বলেন মিজ সাবরিন।